০২:৪৫ পি.এম
ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এবং তার বোনের বিরুদ্ধে অভিযোগ করা ফৌজদারি মামলা খারিজ করেছেন দেশটির এক ফেডারেল বিচারক। অভিযোগে বলা হয়েছে, কথিত ক্রিপ্টোকারেন্সি কেলেঙ্কারির প্রচারে জড়িত থাকার কারণে বিনিয়োগকারীদের অন্তত ১০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, বিচারক মার্সেলো মার্তিনেস দে জর্জি শুক্রবার দেওয়া রায়ে মন্তব্য করেন, ‘অভিযোগে বর্ণিত ঘটনাগুলো কোনো ফৌজদারি অপরাধের আওতায় পড়ে না।’ এএফপি রায়ের অনুলিপি পর্যালোচনা করে এই তথ্য জানায়।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ‘লিব্রা’ নামের মিম কয়েনটির প্রশংসা করে বলেছিলেন, বিশ্ব আর্জেন্টিনায় লিব্রা বিনিয়োগ করতে চায়। কিন্তু ক্রিপ্টোকারেন্সিটির দাম ধসে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি পোস্টটি মুছে ফেলেন। পরে তিনি ওই ভার্চ্যুয়াল মুদ্রার প্রচার চালানোর কথা অস্বীকার করে বলেন, ‘প্রকল্পটির বিস্তারিত তথ্য আমি জানতাম না।’
আরও পড়ুন: এআইয়ের ঝুঁকি মোকাবিলায় যুক্তরাজ্যের আরও অর্থ বরাদ্দের ঘোষণা
ক্রিপ্টোকারেন্সি খাতের বিশেষজ্ঞরা এই ঘটনাটিকে ‘রাগ পুল’ হিসেবে চিহ্নিত করেছেন। এটি একটি প্রতারণার প্রক্রিয়া, যেখানে উদ্যোক্তারা প্রথমে একটি ক্রিপ্টো টোকেন চালু করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করেন এবং পরে দ্রুত নিজেদের অর্থ তুলে নিয়ে প্রকল্পটি থেকে সরে যান।
প্রেসিডেন্টের সম্পৃক্ততায় এ ঘটনায় সমন্বিত কোনো প্রতারণার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছিল। এই মামলায় তদন্তাধীন আরও নয়জনকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
বিচারক তার রায়ে উল্লেখ করেন, বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি এবং ক্রিপ্টোকারেন্সিটির দামের দ্রুত উত্থান-পতন— এই দুটি বিষয় একা প্রতারণা প্রমাণের জন্য যথেষ্ট নয়। তদন্তকারীরা আর কোনো প্রমাণ পাননি, যা নির্দেশ করে যে মিলেইয়ের বোন কারিনা মিলেই উদ্যোক্তাদের সঙ্গে তার ভাইয়ের বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার বিনিময়ে অর্থ পেয়েছিলেন। কারিনা দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী।
বিচারক মন্তব্য করেন, ‘কারও সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া বা একটি বৈঠকের আয়োজন করতে সহায়তা করা— এগুলো নিজে থেকেই প্রভাব খাটিয়ে সুবিধা আদায়ের অপরাধ হিসেবে গণ্য হয় না।’
আরও পড়ুন: ইতালির রোম ও মিলানে বিক্ষোভের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন