ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বব্যাংকের অগ্রাধিকার, নারীরা পাবে নতুন সুযোগ


কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বব্যাংকের অগ্রাধিকার, নারীরা পাবে নতুন সুযোগ

বাংলাদেশে আগামী পাঁচ থেকে সাত বছরের উন্নয়ন সহযোগিতার নতুন কৌশলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে যাচ্ছে বিশ্বব্যাংক। বিশেষ করে তরুণ ও নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং নতুন বিনিয়োগের পথ সুগম করার জন্য প্রয়োজনীয় সংস্কার ও বিনিয়োগে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

২০২৭ থেকে ২০৩৩ অর্থবছর পর্যন্ত সম্ভাব্য মেয়াদে বিশ্বব্যাংক গ্রুপের নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ) প্রণয়নের কাজ চলছে। এই কাঠামোর মাধ্যমে আগামী পাঁচ থেকে সাত বছরে বাংলাদেশে বিশ্বব্যাংকের তিনটি প্রতিষ্ঠান—ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এবং মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সির (এমআইজিএ) কার্যক্রম পরিচালিত হবে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেসমে এ তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জন্য নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক তৈরির কাজ শুরু হয়েছে। এই কাঠামো আগামী পাঁচ থেকে সাত বছরে বাংলাদেশে বিশ্বব্যাংক গ্রুপের সহযোগিতার ক্ষেত্র ও অগ্রাধিকার নির্ধারণ করবে। বাংলাদেশের জন্য কর্মসংস্থান সৃষ্টি বর্তমানে সবচেয়ে জরুরি উন্নয়ন অগ্রাধিকার হিসেবে চিহ্নিত হয়েছে। এ বিষয়ে ব্যাপক ঐকমত্য রয়েছে।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি প্রস্তাব সোমবার দিবে শ্রমিকপক্ষ

কর্মসংস্থানের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, গত এক দশকে প্রায় ১ কোটি ৪০ লাখ তরুণ বাংলাদেশি শ্রমবাজারে প্রবেশ করেছেন। বিপরীতে এ সময়ে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় ৮৭ লাখ। নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা আরও বেশি। ২০২২ সালে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ছিল ৪২ দশমিক ৮ শতাংশ, যা ২০২৪ সালে কমে ৩৮ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, এসব বাস্তবতা বিবেচনায় নতুন অংশীদারত্ব কাঠামোর মূল লক্ষ্য হবে কর্মসংস্থান সৃষ্টি। বাংলাদেশের নিজস্ব উন্নয়ন অগ্রাধিকার, বিশেষ করে সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোকে ভিত্তি করেই এ পরিকল্পনা সাজানো হবে।

নতুন কাঠামো প্রণয়নে দেশের বিভিন্ন পর্যায়ের অংশীজনের মতামত নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, বেসরকারি খাত, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা, নাগরিক সমাজ, গবেষণা প্রতিষ্ঠান এবং শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করা হচ্ছে।

জ্যঁ পেসমে বলেন, বড় পরিসরে বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টির জন্য যেসব মৌলিক প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করার বিষয়ে বিশ্বব্যাংকের বর্তমান পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে যেসব ক্ষেত্রে বিশ্বব্যাংক গ্রুপের সহায়তা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে, সেসব ক্ষেত্রেই অর্থায়ন ও কারিগরি সহযোগিতা কেন্দ্রীভূত করা হবে।

আরও পড়ুন: এনবিআর দুই ভাগ হলে রাজস্ব আদায়ের দক্ষতা বাড়বে কি?

তিনি বলেন, একদিকে বেসরকারি খাতের প্রবৃদ্ধি বাড়াতে প্রয়োজনীয় সংস্কার ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে, অন্যদিকে নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করা হবে।

জ্যঁ পেসমে বলেন, বিশেষ করে তরুণ ও নারীদের জন্য আরও বেশি এবং মানসম্মত কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বব্যাংক গ্রুপ কীভাবে বাংলাদেশকে সহায়তা করতে পারে, সে বিষয়ে বিভিন্ন পক্ষের পরামর্শ ও মতামত প্রত্যাশা করছে সংস্থাটি।

নতুন সিপিএফ প্রণয়নের অংশ হিসেবে বিশ্বব্যাংক গ্রুপ ইতোমধ্যে একটি পরামর্শ কার্যক্রম শুরু করেছে। এতে দেশের প্রধান উন্নয়ন চ্যালেঞ্জ ও অগ্রাধিকার সম্পর্কে বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হচ্ছে। সরকারি সংস্থা, বেসরকারি খাত, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, নাগরিক সমাজ, গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী এবং স্থানীয় জনগোষ্ঠী এ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এ ছাড়া ইংরেজি ও বাংলা—দুই ভাষায় একটি অনলাইন জরিপের মাধ্যমে সাধারণ মানুষের মতামত নেওয়ার উদ্যোগও রয়েছে বিশ্বব্যাংকের।

জরিপে মূলত তিনটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। এগুলো হলো—বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার কী হওয়া উচিত, অর্থায়ন, জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে বিশ্বব্যাংকের কোন কোন খাতে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং আরও বেশি ও মানসম্মত কর্মসংস্থান সৃষ্টিতে কী ধরনের সংস্কার প্রয়োজন।

আরও পড়ুন: বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৬০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়নের নির্দেশনা

কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক হলো কোনো দেশের সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের কয়েক বছর মেয়াদি সহযোগিতার একটি কৌশলগত রূপরেখা। এর মাধ্যমে জাতীয় উন্নয়ন লক্ষ্য অর্জনে অর্থায়ন, কারিগরি দক্ষতা, গবেষণা ও অংশীদারত্বের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করা হয়।

এদিকে নতুন সিপিএফ প্রণয়নের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা বলেন, আসন্ন সিপিএফে বর্তমান সরকারের অগ্রাধিকার ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে চাইবে বাংলাদেশ সরকার।

তিনি বলেন, বিশ্বব্যাংক নতুন সিপিএফের চূড়ান্ত খসড়া দিলে ইআরডি তা পর্যালোচনা করে দেশের অবস্থান ও মতামত তুলে ধরবে।

বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের ৩৭টি প্রকল্পে মোট ১ হাজার ১২০ কোটি ডলারের সহায়তা চলমান রয়েছে। এ ছাড়া বাংলাদেশে বিশ্বব্যাংকের আর্থিক প্রতিশ্রুতির পরিমাণ ২০২২ সালে ছিল ২২১ কোটি ৫০ লাখ ডলার, ২০২৩ সালে ২৩০ কোটি ডলার, ২০২৪ সালে ৩৩৭ কোটি ৬০ লাখ ডলার, ২০২৫ সালে ৩০৬ কোটি ৫০ লাখ ডলার এবং ২০২৬ সালে ১৬২ কোটি ডলার।

আরও পড়ুন: সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহ ৪৯১ মিলিয়ন ঘনফুট কমেছে

এদিকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মৌলিক নীতিগত বিষয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে বড় ধরনের কোনো মতপার্থক্য নেই। যৌথ কর্মপরিকল্পনার আওতায় আলোচনার মাধ্যমে চূড়ান্ত বিষয়গুলো নিষ্পত্তি করা হবে।

গত মাসে ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভার এক ফাঁকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইআরডির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী। সংস্থাটির অর্থায়ন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো নির্মাণ এবং জ্বালানি খাতের অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যবহৃত হচ্ছে।

আরও পড়ুন: বর্তমানে পোশাক শ্রমিকরা কত বেতন পান?

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নামের মিলের কারণে ১০ মাস কারাবাস, হাইকোর্টের নির্দেশে মুক্তি পাচ্ছেন আলমাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


নামের মিলের কারণে ১০ মাস কারাবাস, হাইকোর্টের নির্দেশে মুক্তি পাচ্ছেন আলমাস

হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অস্ত্র মামলায় নামের মিলের কারণে কারাগারে আটক থাকা নিরপরাধ মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে হবে। ভুক্তভোগী আলমাস দশ মাস ধরে জেলে রয়েছেন।

রোববার (৮ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশনা প্রদান করে।

অস্ত্র মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আলমাস পলাতক রয়েছেন। তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন। অন্যদিকে, একই নামের আরেক ব্যক্তি দশ মাস ধরে কারাগারে রয়েছেন।

হাইকোর্টের নির্দেশে গঠিত অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য প্রকাশ পায়। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে দুই শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে দুই শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে জয়পুরহাটের কালাইয়ে হাজারো দর্শক জড়ো হয়েছিলেন। এই বিশাল জনসমাগমের সুযোগ নিয়ে দুই শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাম রতন (৪৬) নামে একজনকে পুলিশ হাতেনাতে আটক করেছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ অনুষ্ঠিত হয়।

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ সংকেতের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি দেখতে সকাল থেকেই দর্শকরা দূর-দূরান্ত থেকে আসতে শুরু করেন। এক পর্যায়ে মাঠে প্রায় ৫-৭ হাজার মানুষের সমাগম ঘটে।

দর্শকদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আড়াই শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

তবে এত নিরাপত্তার মধ্যেও ভিড়ের সুযোগ নিয়ে পেশাদার চোর ও পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ উঠেছে। অনুষ্ঠান চলাকালে দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি হতে থাকে। অনুষ্ঠান শেষে অনেক দর্শক নিজেদের ফোন খুঁজে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী থানায় এসে মৌখিক অভিযোগ করেছেন। পুলিশের ধারণা, সব মিলিয়ে চুরি যাওয়া মোবাইল ফোনের সংখ্যা দেড়শ থেকে দুই শতাধিক হতে পারে।

তিনি আরও জানান, অনুষ্ঠানস্থল থেকে চুরির অভিযোগে গোলাম রতন নামে একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দরে ধর্মঘটের শঙ্কা কেটে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দরে ধর্মঘটের শঙ্কা কেটে গেছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দরে ধর্মঘটের সম্ভাবনা আপাতত দূর হয়েছে। শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন এবং বন্দর কর্তৃপক্ষের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা চলমান থাকায় আলোচনা করার সময়সীমা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সংশ্লিষ্ট নিয়োগকর্তাদের সংগঠন প্যাসিফিক মেরিটাইম অ্যাসোসিয়েশন এই তথ্য প্রকাশ করেছে। বন্দরের প্রায় ২৫০ জন নিরাপত্তাকর্মীর প্রতিনিধিত্বকারী শ্রমিক সংগঠনের সঙ্গে নতুন আলোচনা অনুষ্ঠিত হবে।

এই নিরাপত্তাকর্মীরা বন্দরের প্রবেশপথে পণ্যবাহী ট্রাক ও কর্মীদের প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনের ওপর নজরদারির কাজ করেন।

নিয়োগকর্তাদের সংগঠন জানায়, যদি এই কর্মীরা ধর্মঘটে যান, তাহলে লং বিচ বন্দরের প্রায় ৮৫ শতাংশ এবং লস অ্যাঞ্জেলেস বন্দরের ৩৩ শতাংশ পণ্য পরিবহন কার্যক্রম ব্যাহত হতে পারে।

সম্প্রতি, সেপ্টেম্বর মাসে দুই বন্দরে পণ্য পরিবহনে সর্বকালের রেকর্ড সৃষ্টি হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ছুটির মৌসুমের জন্য খুচরা পণ্য, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্যকেন্দ্র নির্মাণের সরঞ্জাম এবং গাড়ির যন্ত্রাংশ।

সূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়েস্ট ইন্ডিজের লিড দেড়শ ছাড়াল, হৃদয়ের ২৪২ রানের ইনিংস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


ওয়েস্ট ইন্ডিজের লিড দেড়শ ছাড়াল, হৃদয়ের ২৪২ রানের ইনিংস

লাঞ্চের পূর্বে বাংলাদেশ দুবার ব্রেকথ্রু পেলেও ওয়েস্ট ইন্ডিজ শক্ত অবস্থানে পৌঁছে গেছে। তাদের লিড দেড়শ ছাড়িয়েছে, কাভেম হজ এবং কেভিন উইকহ্যামের জুটিতে তারা বড় সংগ্রহের পথে হাঁটছে।

১১৯ রান উঠার পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। ৩৬ রান করা জশুয়া ডা সিলভাকে তাইজুল ইসলাম এবং ৬১ রান করা ব্রান্ডন কিংকে ফিরিয়ে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে ব্রেকথ্রু দেন। এরপর প্রতিরোধ গড়ে তোলেন হজ ও উইকহ্যাম।

বাংলাদেশ তাদের এই জুটি ভাঙতে পারছে না। হজ ইতোমধ্যে হাফসেঞ্চুরি করে ফেলেছেন এবং উইকহ্যামও সেই পথে এগিয়ে যাচ্ছেন। এই প্রতিবেদন লেখার সময় তারা ২ উইকেটে ১৮৮ রান নিয়ে ব্যাট করছেন। হজের রান ৫১ এবং উইকহ্যামের রান ৩৮। তাদের লিড এখন ১৫৮।

গতকাল বাংলাদেশ তাওহীদ হৃদয়ের বীরত্বসূচক ইনিংসে দিনটিকে নিজেদের করে নিয়েছিল। টাইগারদের ৩৮৬ রান করার দিনে হৃদয় একাই ২৪২ রান করেন। এই ইনিংসে হৃদয় অনেকগুলো রেকর্ড ভাঙেন। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস, ইনিংসে সর্বোচ্চ ছক্কা, এক দিনে সর্বোচ্চ রান; সবই এখন তার দখলে। বাংলাদেশি হিসেবে প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার হিসাবেও হৃদয় প্রথম।

বাংলাদেশের হয়ে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ছিল মুশফিকুর রহিমের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করা তার ২১৯ রানের রেকর্ড ইনিংস হৃদয় ভেঙে দেন জোমেল ওয়ারিক্যানকে চার হাঁকিয়ে। শেষ পর্যন্ত তিনি ২৪২ রানে অপরাজিত থাকেন।

এই ইনিংসে হৃদয় ১১টি ছক্কা মারেন। বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি তামিম ইকবালের, যিনি ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ৭ ছয় মেরেছিলেন।

গতকাল ২৯ রান নিয়ে অপরাজিত থাকা হৃদয় আজ করেছেন ২১৩ রান। এক দিনে সর্বোচ্চ রান করার আগের রেকর্ডটি সাকিব আল হাসানের। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে সাকিব ২১২ রান করেছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%