ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

বর্তমানে পোশাক শ্রমিকরা কত বেতন পান?


বর্তমানে পোশাক শ্রমিকরা কত বেতন পান?

দেশের পোশাকশ্রমিকদের জন্য বর্তমানে সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালের ১২ নভেম্বর সরকার সর্বশেষ মজুরি কাঠামো ঘোষণা করে এই বেতন নির্ধারণ করে। তবে, শ্রমিকরা বর্তমান মজুরি কাঠামো পরিবর্তন করে সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন কয়েক দিন ধরে। রাজধানীর মিরপুর ও গাজীপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

২০২৩ সালে ঘোষিত মজুরি কাঠামো অনুযায়ী, পোশাকশ্রমিকদের জন্য পাঁচটি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। প্রথম গ্রেডের শ্রমিকদের জন্য সর্বোচ্চ মাসিক মজুরি ১৪ হাজার ৭৫০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ১৫০ টাকা, তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা, চতুর্থ গ্রেডে ১৩ হাজার ২৫ টাকা এবং পঞ্চম গ্রেডে সর্বনিম্ন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, পোশাকশিল্পের কর্মচারীদের জন্য চারটি মজুরি গ্রেড রয়েছে। সর্বোচ্চ গ্রেডে মাসিক মজুরি ১৮ হাজার ৮০০ টাকা এবং শিক্ষানবিশ কর্মচারীদের জন্য নির্ধারিত মজুরি ৯ হাজার ৯৫০ টাকা।

আরও পড়ুন: সামিট এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস সরবরাহ ৪৯১ মিলিয়ন ঘনফুট কমেছে

শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ১৩৯ ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট শিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড সুপারিশ করে। সরকার বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করে এবং পরে গেজেট প্রকাশের মাধ্যমে তা কার্যকর করা হয়।

এর আগে ২০১৮ সালে পোশাকশ্রমিকদের জন্য মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল, যেখানে সাতটি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছিল। সে সময় সর্বনিম্ন মাসিক মজুরি ছিল ৮ হাজার টাকা।

দেশে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হয় ১৯৯৪ সালে। ওই বছর প্রথম মজুরি বোর্ড শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৯৩০ টাকা নির্ধারণ করে। এরপর ২০০৬ ও ২০১০ সালে কয়েক দফায় মজুরি বাড়ানো হয়। ২০১৩ সালে সর্বনিম্ন মজুরি ৭৬ শতাংশ বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে, শ্রমিকদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে সরকার ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করেছে। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এই ঘোষণা দেন।

আরও পড়ুন: বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের ডক্টর রেড্ডিজের এইচআইভির নতুন ওষুধের অনুমোদন, ভাইরাস ধ্বংস করবে দুটি ইনজেকশনে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


ভারতের ডক্টর রেড্ডিজের এইচআইভির নতুন ওষুধের অনুমোদন, ভাইরাস ধ্বংস করবে দুটি ইনজেকশনে

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) লেনাকাপাভিরের জেনেরিক সংস্করণের জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছে, যা বছরে মাত্র দুবার প্রয়োগ করতে হয়। ভারতের ড. রেড্ডিজ ল্যাবরেটরিজ এই অনুমোদন লাভ করেছে। স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে এইচআইভি প্রতিরোধের ওষুধকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।

এই অনুমোদন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এইডস ত্রাণবিষয়ক জরুরি পরিকল্পনা (পিইপিএফএআর)-এর আওতায় দেওয়া হয়েছে। অন্তত ৩৫ কেজি ওজনের প্রাপ্তবয়স্ক ও কিশোর-কিশোরীদের জন্য এই জেনেরিক ইনজেকশনটি যৌন সংস্পর্শের মাধ্যমে এইচআইভি-১ সংক্রমণের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গিলিয়েড সায়েন্সেসের স্বেচ্ছা-লাইসেন্সের অধীনে ১২০টি দেশে প্রতি ব্যক্তির জন্য বছরে ৪০ ডলারে ইনজেকশনটি সরবরাহের পরিকল্পনা রয়েছে। ২০২৬ সালের শেষ নাগাদ প্রথম চালান বিভিন্ন দেশে পৌঁছানোর কথা রয়েছে। ২০২৭ সালে আরও বিস্তৃত পরিসরে ওষুধটি সরবরাহের পরিকল্পনা করা হয়েছে।

লেনাকাপাভির একটি দীর্ঘমেয়াদি অ্যান্টিভাইরাল ওষুধ, যা মূলত গিলিয়েড সায়েন্সেস দ্বারা তৈরি। এটি এইচআইভি-১ ক্যাপসিড ইনহিবিটর শ্রেণির অন্তর্ভুক্ত। শরীরে এইচআইভির বংশবিস্তার ও ছড়িয়ে পড়া ঠেকাতে ভাইরাসের জীবনচক্রের একাধিক পর্যায়ে কাজ করে লেনাকাপাভির। অন্যান্য অ্যান্টিভাইরাল ওষুধ সাধারণত ভাইরাসের জীবনচক্রের একটি নির্দিষ্ট পর্যায়কে লক্ষ্য করে কাজ করে।

এই ওষুধটি এইচআইভির চিকিৎসা ও প্রতিরোধ—দুই ক্ষেত্রেই ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। তবে ব্যবহারের উদ্দেশ্য অনুযায়ী এর প্রয়োগপদ্ধতি ও মাত্রা ভিন্ন। এইচআইভি প্রতিরোধে বছরে দুবার ইনজেকশন হিসেবে প্রয়োগ করা হয়, ফলে প্রতিদিন প্রতিরোধী ওষুধ খেতে অসুবিধা হয়—এমন ব্যক্তিদের জন্য এটি একটি সুবিধাজনক বিকল্প হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এইচআইভি প্রতিরোধের নির্দেশিকায় বছরে দুবার প্রয়োগযোগ্য লেনাকাপাভির ইনজেকশনের সুপারিশ করেছে। বৈজ্ঞানিক অগ্রগতির গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে সাময়িকী সায়েন্স ২০২৪ সালের ‘বছরের সেরা বৈজ্ঞানিক অগ্রগতি’ হিসেবে ওষুধটিকে স্বীকৃতি দিয়েছে।

এফডিএর অনুমোদন কেন গুরুত্বপূর্ণ?

এফডিএর প্রাথমিক অনুমোদনের ফলে যোগ্য দেশগুলোতে ড. রেড্ডিজের সাশ্রয়ী জেনেরিক সংস্করণ সরবরাহের পথ তৈরি হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে গিলিয়েড সায়েন্সেস ড. রেড্ডিজকে স্বেচ্ছা-লাইসেন্স দেওয়ার পর এ উদ্যোগ এগিয়ে যায়।

২০২৫ সালের সেপ্টেম্বরে পণ্য উন্নয়ন, নিয়ন্ত্রক প্রক্রিয়া এবং ওষুধটির বিস্তৃত প্রাপ্যতা নিশ্চিত করতে ইউনিটেইড, উইটস রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড এইচআইভি ইনস্টিটিউট (উইটস আরএইচআই) এবং ক্লিনটন হেলথ অ্যাকসেস ইনিশিয়েটিভের (সিএইচএআই) সঙ্গে চুক্তি করে ড. রেড্ডিজ।

সিএইচএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা নিল বাডি শাহ বলেছেন, এইচআইভি প্রতিরোধের পদ্ধতি সহজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, ‘এইচআইভির ঝুঁকিতে থাকা একজন ব্যক্তিকে এমন একটি রোগ প্রতিরোধের জন্য প্রতিদিন ওষুধ খেতে বলা কঠিন, যে রোগটি তার নেই। বছরে দুবার ইনজেকশন—যে ওষুধটি এইচআইভি প্রতিরোধে প্রায় ১০০ শতাংশ কার্যকর—এই বাস্তবতা পুরোপুরি বদলে দেয়।’

তিনি আরও জানান, আফ্রিকায় ইতোমধ্যে ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ লেনাকাপাভির ব্যবহার শুরু করেছেন। জেনেরিক সংস্করণের অনুমোদনের ফলে আরও লাখো মানুষের কাছে ওষুধটি পৌঁছানোর সুযোগ তৈরি হতে পারে।

বছরে দুবারের ইনজেকশন কীভাবে এইচআইভি প্রতিরোধে সহায়তা করবে? এইচআইভি প্রতিরোধের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিত প্রতিরোধী ওষুধ গ্রহণ নিশ্চিত করা। সম্ভাব্য সংস্পর্শের আগে এইচআইভি সংক্রমণের ঝুঁকি কমাতে ওষুধ গ্রহণের পদ্ধতিকে প্রি-এক্সপোজার প্রফিল্যাক্সিস বা প্রিইপি (PrEP) বলা হয়।

প্রতিদিন খাওয়ার প্রিইপি কার্যকর হলেও জীবনযাপন, ওষুধের প্রাপ্যতা, গোপনীয়তা কিংবা নিয়মিত ওষুধ গ্রহণের অভ্যাস বজায় রাখার অসুবিধার কারণে অনেকের জন্য তা কঠিন হতে পারে। বছরে দুবার ইনজেকশন এসব বাধা কমাতে সহায়তা করতে পারে।

কম মাত্রায় ওষুধ গ্রহণ: প্রতিদিন প্রতিরোধী ওষুধের বদলে বছরে দুবার ইনজেকশন নিলেই চলবে। এতে বারবার ওষুধ গ্রহণের প্রয়োজন কমবে।

সহজ ব্যবহার: প্রতিদিন ওষুধ খাওয়ার সময়সূচি মেনে চলতে অসুবিধা হয়—এমন ব্যক্তিদের জন্য দীর্ঘমেয়াদি ইনজেকশন সুবিধাজনক হতে পারে।

গোপনীয়তা: কেউ কেউ বাড়িতে প্রতিদিন এইচআইভি প্রতিরোধী ওষুধ রাখার পরিবর্তে বছরে দুবার ইনজেকশন নেওয়াকে বেশি পছন্দ করতে পারেন।

সহজলভ্যতা: বছরে ৪০ ডলারের পরিকল্পিত মূল্য সীমিত স্বাস্থ্যসেবা-সম্পদ থাকা দেশগুলোতে এ প্রতিরোধী পদ্ধতিকে আরও সহজলভ্য করতে পারে।

প্রতিরোধের বিকল্প: যারা প্রতিদিন খাওয়ার প্রিইপি নিতে চান না বা নিতে পারেন না, তাদের জন্য লেনাকাপাভির আরেকটি বিকল্প হতে পারে।

তবে লেনাকাপাভির শুরু করার আগে এবং প্রতিটি পরবর্তী ইনজেকশনের আগেও ব্যক্তির এইচআইভি-নেগেটিভ অবস্থা নিশ্চিত করতে হবে। ওষুধটি এইচআইভি প্রতিরোধের জন্য; যৌনবাহিত অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমানোর বিকল্প নয়।

ড. রেড্ডিজ ল্যাবরেটরিজের এপিআই ও সার্ভিসেস বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক সাপ্রা মন্তব্য করেন, ‘ড. রেড্ডিজের সবার জন্য এটি অত্যন্ত গর্বের মুহূর্ত। জরুরি প্রয়োজনের ওষুধকে সাশ্রয়ী মূল্যে মানুষের কাছে পৌঁছাতে লেনাকাপাভিরের মতো জটিল দীর্ঘমেয়াদি ইনজেকশন তৈরি ও উৎপাদনের জন্য শক্তিশালী বৈজ্ঞানিক সক্ষমতা এবং উৎপাদন-দক্ষতার প্রয়োজন হয়েছে। যুক্তরাষ্ট্রের এফডিএর অনুমোদন সেই কাজের স্বীকৃতি এবং স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর মানুষের কাছে বছরে দুবারের এইচআইভি প্রতিরোধী ওষুধ পৌঁছে দেওয়ার পথে আমাদের আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গালিবাফ: মার্কিন জনগণ যুদ্ধের বিরুদ্ধে রায় দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


গালিবাফ: মার্কিন জনগণ যুদ্ধের বিরুদ্ধে রায় দিয়েছে

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়কে যুদ্ধের বিরুদ্ধে মার্কিন জনগণের অবস্থান হিসেবে উল্লেখ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অথবা বিবেকের তাড়নায় মার্কিন ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, জনগণের মতামত উপেক্ষা করে যদি যুদ্ধ চালানো হয়, তাহলে ওয়াশিংটন ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে।

গালিবাফ বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এই মন্তব্য করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, "বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে, আমেরিকানরা যুদ্ধের বিরুদ্ধে না বলেছে। আমরা তাদের এই অবস্থানকে সমর্থন করি।"

ইরানের পার্লামেন্ট স্পিকার মার্কিন সরকারকে সতর্ক করে বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আন্তর্জাতিক অর্থদাতা ও ব্ল্যাকমেইলারদের স্বার্থ রক্ষার চেষ্টা করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে। তাঁর কথায়, ইরানের ‘না’ যুক্তরাষ্ট্রের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খেয়েছে। ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ায় ট্রাম্পের জন্য রাজনৈতিক চাপ আরও বেড়েছে।

এবারের নির্বাচনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের পাশাপাশি জ্বালানির মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের ফলাফল ট্রাম্প প্রশাসনের ইরাননীতি নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

গালিবাফের এই বক্তব্যকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং সামরিক সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের রাজনৈতিক অবস্থানের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


সাতক্ষীরায় আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার

সাতক্ষীরার দেবহাটায় এক ইউপি চেয়ারম্যানের সাবেক স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে দেবহাটার চণ্ডীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার প্রেক্ষিতে।

গ্রেপ্তারকৃত মামুন চণ্ডীপুর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক করিম উল্লাহ মাস্টারের পুত্র। মামলার এজাহারে তার বিরুদ্ধে ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, অর্থ আদায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও প্রকাশের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। গত ১ নভেম্বর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এবং বর্তমানে সাতক্ষীরা শহরের বাসিন্দা সাহেব আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান বাবুলকে প্রধান আসামি, আব্দুল্লাহ আল মামুনকে দ্বিতীয় এবং বাদীর দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীকে তৃতীয় আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, পারিবারিক কলহের কারণে প্রায় ছয়-সাত মাস আগে বাদী সাহেব আলী তার স্ত্রীকে তালাক দেন। এর পূর্বে তাদের দাম্পত্য জীবনের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করা হয়েছিল। পরবর্তী সময়ে অভিযুক্তরা সেই ছবি ও ভিডিও সংগ্রহ করে বাদীর হোয়াটসঅ্যাপে পাঠান। গত ১৫ অক্টোবর সন্ধ্যায় ওই ভিডিও দেখিয়ে বাদীকে ভয়ভীতি দেখানো হয় এবং ২০ অক্টোবর এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, প্রথমে পাঁচ লাখ টাকা দাবি করা হলেও পরবর্তীতে তা কমিয়ে এক লাখ এবং শেষ পর্যন্ত ৫০ হাজার টাকায় আপোষ করা হয়। তবে সমঝোতার পরও অভিযুক্তদের ব্ল্যাকমেইল বা চাঁদাবাজি বন্ধ হয়নি। গত ২৯ অক্টোবর ‘সখিপুর ইউনিয়ন ছাত্রদল’ নামের একটি ফেসবুক আইডি এবং ১ নভেম্বর মামুনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বাদীর ব্যক্তিগত ছবি ও ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এসব ঘটনার স্বপক্ষে পুলিশ ও বাদীর কাছে প্রয়োজনীয় ভিডিও, স্ক্রিনশট ও অডিও রেকর্ডিং সংরক্ষিত রয়েছে।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যক্তিগত ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতেও অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, কিছুই ভালো লাগেনি: রাধিকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, কিছুই ভালো লাগেনি: রাধিকা

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে দক্ষিণী সিনেমায় অভিনয় করার সময় অস্বস্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের সেই কঠিন অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, একটি তেলুগু সিনেমায় তাঁকে নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল। এর পাশাপাশি, বয়সে অনেক বড় এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছে তাঁকে।

রাধিকা সাক্ষাৎকারে উল্লেখ করেন, ওই সিনেমায় কাজ করা তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। সিনেমার গল্প এবং কাজের পরিবেশ, কোনোটিই তাঁর কাছে ভালো লাগেনি। বিশেষ করে, নিজের চেয়ে অনেক বেশি বয়সী একজন অভিনেতার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে তিনি অস্বস্তিতে পড়েছিলেন।

এ প্রসঙ্গে রাধিকা বলেন, সিনেমাটির পুরো পরিবেশে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রভাব ছিল। এমন পরিস্থিতিতে কাজ করাটা তাঁর কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে। সাক্ষাৎকারে উপস্থিত অভিনেত্রী কীর্তি সুরেশ জানান, তামিল ও তেলুগু সংস্কৃতির কিছু ক্ষেত্রে মামাকে বিয়ে করার প্রচলিত রীতি রয়েছে।

রাধিকা সিনেমাটির নাম উল্লেখ না করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, তিনি ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘লেজেন্ড’ সিনেমার কথা বলছেন। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা নন্দমুরি বালকৃষ্ণ। এই সিনেমায় দুজনের বয়সের ব্যবধানও ছিল উল্লেখযোগ্য।

রাধিকার মন্তব্য প্রকাশ্যে আসার পর বালকৃষ্ণের ভক্তদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের প্রশ্ন, সিনেমার গল্প বা সহশিল্পীর বয়স নিয়ে আপত্তি থাকলে অভিনয়ের সম্মতি দেওয়ার আগে বিষয়টি জানানো উচিত ছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি আলোচনা শুরু হয়েছে। তবে বিতর্কের বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি রাধিকা আপ্তে কিংবা নন্দমুরি বালকৃষ্ণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%