ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ভোলায় ডিবির অভিযানে ২১ লাখ টাকার স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১


ভোলায় ডিবির অভিযানে ২১ লাখ টাকার স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১

ভোলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ২১ লাখ টাকার সমমূল্যের ৯ ভরি ১৫ আনা ১ রতি স্বর্ণালংকার এবং নগদ ৫ লাখ টাকা। এই ঘটনায় পুলিশ মোঃ আঃ আলী (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এসব তথ্য তুলে ধরেন। তিনি অভিযানের বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানাতে উপস্থিত ছিলেন।

পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর রোডের নূর জুয়েলার্স নামক দোকানে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। ওই দোকানে এক ব্যক্তি স্বর্ণালংকার বিক্রির চেষ্টা করছেন এমন খবরের ভিত্তিতে ডিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে থাকা কালো রঙের হাতব্যাগটি তল্লাশি করেন।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে ৪.৫৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

তল্লাশির সময় ব্যাগ থেকে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার এবং নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারের বৈধ মালিকানা কিংবা ক্রয়ের কোনো কাগজপত্র ওই ব্যক্তি প্রদর্শন করতে পারেননি। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নূর জুয়েলার্সের মালিকের মাধ্যমে স্বর্ণালংকার পরীক্ষা করে মোট ৯ ভরি ১৫ আনা ১ রতি পাওয়া যায়। এছাড়া তার হেফাজত থেকে উদ্ধার হয় দুই জোড়া ব্রোঞ্জের রুলি, দুই জোড়া সিটি গোল্ডের চুড়ি, একটি তামার ব্রেসলেট এবং নগদ ৫ লাখ টাকা।

পরবর্তীতে গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং তার ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, ঢাকার মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার জনৈক সাম্মা তাছলিমের বাসা থেকে এসব স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে ভোলায় নিয়ে আসেন তিনি। পরে সেগুলো বিক্রির চেষ্টা করছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিরা মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশকে জানিয়েছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি মোঃ আঃ আলী (৩৯) মুন্সীগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা। ভোলা জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন: বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ উপযোগী পরিবেশ করতে হবে: আইনমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালে রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


২০২৭ সালে রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

পবিত্র রমজান, শবে কদর এবং ঈদুল ফিতর মুসলমানদের ধর্মীয় জীবনের তিনটি বিশেষ উপলক্ষ। এই সময়টি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে রমজানের এক মাসের সিয়াম সাধনা, শবে কদরের মহিমান্বিত রাত এবং মাসের শেষে ঈদুল ফিতর উদ্‌যাপন অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৭ সালের জন্য এসব ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখ ও ছুটির দিন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হতে পারে। শবে কদর পালিত হবে ৫ মার্চ দিবাগত রাতে। আর ৯ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে।

ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে ১৪৪৮ হিজরির রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসব্যাপী সিয়াম সাধনার পর ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদর বা শবে কদর ৫ মার্চ দিবাগত রাতে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি ঢাকায় রোজার প্রথম দিনে সেহরির শেষ সময় হতে পারে ভোর ৫টা ১৯ মিনিট। ইফতারের সম্ভাব্য সময় বিকেল ৫টা ৪৯ মিনিট।

১৪৪৮ হিজরির রমজান মাস উপলক্ষে প্রকাশিত প্রাথমিক নামাজের সময়সূচিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে। আলাদান ডটকমের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ওই দিন ঢাকায় মাগরিবের ওয়াক্ত শুরু হবে বিকেল ৫টা ৪৯ মিনিটে। মানারাত আল-ইসলামের প্রকাশিত রমজানের সময়সূচিতেও একই সময় উল্লেখ করা হয়েছে। মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রোজাদাররা ইফতার করবেন।

এদিকে, ২০২৭ সালে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ ১৬ থেকে ১৮ মে পর্যন্ত উদযাপিত হতে পারে। এর আগের দিন ১৫ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন।

ক্যালেন্ডারে হিজরি সনের অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের সম্ভাব্য তারিখও উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী, ৪ ও ৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২ ও ২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হতে পারে। এছাড়া ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪ ও ১৫ আগস্ট মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। একই ক্যালেন্ডারে ২৪ ও ২৫ ডিসেম্বর দিবাগত রাতে শবে মেরাজের আরেকটি সম্ভাব্য তারিখও উল্লেখ রয়েছে।

তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। বিশেষ করে রমজান এবং ঈদুল ফিতরের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে বাংলাদেশে রমজান শুরু এবং ঈদ উদযাপনের তারিখ এক দিন আগে বা পরে হতে পারে। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামী উৎসব ও ধর্মীয় দিবসগুলোর তারিখে পরিবর্তন আসতে পারে। এছাড়া রমজানের প্রথম দিনে ইফতারের সময়ও ভৌগোলিক অবস্থানের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা ভিন্ন হবে। তাই ঢাকার জন্য নির্ধারিত সময় দেশের সব অঞ্চলের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, চলতি ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। মাসব্যাপী রোজা শেষে ২০ মার্চ বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলার পর্যটন শিল্প অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


ভোলার পর্যটন শিল্প অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে

বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পর্যটন শিল্প একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করে। দেশের কৃষ্টি, প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাসকে বিশ্বের সামনে তুলে ধরতে এ খাতের বিকল্প নেই, যা ইতিবাচক ভাবমূর্তি বা ‘কান্ট্রি ব্র্যান্ডিং’ গড়তে সহায়তা করে।

বাংলাদেশের প্রেক্ষাপটে সমৃদ্ধ অর্থনীতি গঠনের জন্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ইতিবাচক পরিচয় তুলে ধরতে পর্যটন খাতের পরিকল্পনাভিত্তিক বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের দক্ষিণ জনপদের অনন্য সৌন্দর্যের একটি দৃষ্টান্ত হলো চরফ্যাশন উপজেলার চর কুকরি মুকরি ও তারুয়া দ্বীপ। ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনার ঢালচরের দক্ষিণে অবস্থিত এই ছোট্ট দ্বীপটি প্রকৃতির নিখুঁত সৃষ্টি।

বঙ্গোপসাগরের কোলে প্রায় চার দশক আগে জেগে ওঠা এ দ্বীপের মনোমুগ্ধকর দৃশ্য ভ্রমণপিয়াসু পর্যটকদের প্রতি মুহূর্তে মুগ্ধ করে। সবুজ বনভূমি, সোনালী সৈকত, বালুর ঝলকানি এবং লাল কাঁকড়ার বিচরণ—সব মিলিয়ে এ দ্বীপটি প্রকৃতির এক অনন্য উপহার।

বঙ্গোপসাগরের মোহনায় প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা দ্বীপ জেলা ভোলার দক্ষিণাঞ্চলের জনপদ চরফ্যাশনের চর কুকরি মুকরি পর্যটন শিল্পের অপার সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে। একদিকে মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিশাল জলরাশি, অন্যদিকে বঙ্গোপসাগরের মোহনা, বিস্তীর্ণ চরাঞ্চল, সবুজ ম্যানগ্রোভ বন, নির্জন সমুদ্র সৈকত এবং পাখির কলকাকলি—সব মিলিয়ে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে এই জনপদে।

বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, সাগরের জলরাশি, নদী, খাল, দীর্ঘ সমুদ্র সৈকত এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি। কোলাহলমুক্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দ্বীপে প্রকৃতির সান্নিধ্য পেতে দিন দিন পর্যটকের আগমন বৃদ্ধি পাচ্ছে। পরিকল্পিত এবং পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে চর কুকরি-মুকরি দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ভোলা জেলা সদর থেকে প্রায় ১৪৫ কিমি দক্ষিণে চরফ্যাশন উপজেলা সদর থেকে প্রায় ৫০ কিমি দক্ষিণে বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত চর কুকরি-মুকরি। তারও পরে সাগরের কোল ঘেঁষে অবস্থিত তারুয়া দ্বীপ।

স্থানীয়দের কাছে ‘দ্বীপকন্যা’ হিসেবে পরিচিত এ এলাকায় বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, নদী-খাল, সমুদ্র সৈকত এবং সমৃদ্ধ জীববৈচিত্র্য রয়েছে। সবুজ প্রকৃতি এবং নিরিবিলি পরিবেশের কারণে প্রকৃতিপ্রেমীদের কাছে স্থানটি ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে। চর কুকরি-মুকরির ম্যানগ্রোভ বনাঞ্চলে সুন্দরী, গেওয়া, পশুর এবং কেওড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। বন এবং আশপাশের এলাকায় চিত্রা হরিণ, বানর, উদবিড়াল, শিয়াল, বনবিড়াল এবং বনমোরগসহ বিভিন্ন বন্যপ্রাণীর দেখা মেলে। শীত মৌসুমে অতিথি পাখির আগমন এ অঞ্চলের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করে। এখানকার অন্যতম আকর্ষণ নারকেল বাগান। ম্যানগ্রোভ বন পেরিয়ে নারকেল বাগানে পৌঁছালে চোখে পড়ে বিস্তৃত জলরাশি এবং খোলা আকাশ। প্রকৃতির মাঝে সময় কাটানো, ছবি তোলা এবং ক্যাম্পিংয়ের জন্য স্থানটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

চর কুকরি-মুকরির আরেকটি বড় আকর্ষণ প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ তারুয়া সৈকত। দিগন্তবিস্তৃত সমুদ্র, নির্জন সৈকত এবং সবুজ বন একসঙ্গে উপভোগের সুযোগ থাকায় দিন দিন দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। সূর্যোদয় এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্যও পর্যটকদের আকৃষ্ট করছে।

পর্যটকদের জন্য একটি উঁচু ওয়াচ টাওয়ার রয়েছে। সেখান থেকে চারপাশের বন, নদী এবং বিস্তীর্ণ চরাঞ্চলের সৌন্দর্য উপভোগ করা যায়। পাশাপাশি কালিরচর, তারুয়া এবং ঢালচরের প্রাকৃতিক সৌন্দর্যও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। অনেকে রাত কাটাতে সাগরপাড়ে তাঁবু টানিয়ে ক্যাম্পিংও করেন।

পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের ২৫ জানুয়ারি চর কুকরি-মুকরিতে ইকোপার্ক স্থাপন করা হয়। তবে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এখনও পর্যাপ্ত নয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ নৌযান, আবাসন, খাবারের ব্যবস্থা, পর্যটনবান্ধব অবকাঠামো এবং বিনোদন সুবিধার ঘাটতি রয়েছে। এসব সুবিধা নিশ্চিত করা গেলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী এবং পর্যটন সংশ্লিষ্টরা।

ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক আল আমিন বলেন, "চর কুকরি-মুকরির প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। চারদিকে সবুজ বন, নদী এবং সাগর। সব মিলিয়ে জায়গাটি অসাধারণ। তবে পর্যটকদের জন্য যাতায়াত এবং থাকার ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন।"

বরিশাল থেকে আসা পর্যটক মোজাম্মেল হক বলেন, "অনেক পর্যটনকেন্দ্রে ঘুরেছি। কিন্তু চর কুকরি-মুকরির সৌন্দর্য আলাদা। বিশেষ করে ম্যানগ্রোভ বন এবং তারুয়া সৈকতের পরিবেশ খুবই ভালো লেগেছে। সুযোগ পেলে আবারও এখানে আসতে চাই।"

চট্টগ্রাম থেকে আসা পর্যটক ফরিদ উদ্দিন বলেন, "এখানে এসে মনে হয়েছে শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে প্রকৃতির কাছে চলে এসেছি। সূর্যাস্ত, সৈকত এবং বনের পরিবেশ উপভোগ করার মতো। নিরাপদ নৌযান এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করা গেলে আরও বেশি পর্যটক আসবেন।"

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আধুনিক স্থাপনা, দৃষ্টিনন্দন পার্ক এবং বিনোদন কেন্দ্র গড়ে ওঠায় চরফ্যাশন এখন ভোলার অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে।

পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবার বেতুয়া প্রশান্তি পার্কে যুক্ত হয়েছে নতুন নান্দনিক স্থাপনা ‘ভালোবাসার চরফ্যাশন’। আলোকসজ্জিত ‘আই লাভ সাইন’ বা সেলফি পয়েন্টটি গত ৩০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। আধুনিক নকশা, ঝলমলে এলইডি লাইট এবং হৃদয়াকৃতির লাল প্রতীকে সাজানো স্থাপনাটি উদ্বোধনের পর থেকেই স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। বিশেষ করে সন্ধ্যার পর আলোকসজ্জায় স্থাপনাটি নতুন রূপ ধারণ করে। এর সামনে ছবি এবং ভিডিও ধারণ করতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে চরফ্যাশনের সৌন্দর্য তুলে ধরতে অনেক কনটেন্ট ক্রিয়েটরদেরও উপস্থিতি দেখা যাচ্ছে।

নান্দনিক এ সেলফি পয়েন্টের উদ্যোক্তা ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন। স্থাপনাটির সার্বিক পরিকল্পনায় রয়েছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমান আফরোজ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এ আয়োজন বেতুয়া প্রশান্তি পার্কের আকর্ষণ বাড়ানোর পাশাপাশি চরফ্যাশনের পর্যটন পরিচিতি ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। নদীর তীরে প্রশান্তির ঠিকানা বেতুয়া চরফ্যাশনের পর্যটন আকর্ষণের অন্যতম স্থান বেতুয়া প্রশান্তি পার্ক। মেঘনা নদীর তীরঘেঁষে বেতুয়া লঞ্চঘাটের পাশে গড়ে ওঠা এ পার্কে প্রতিদিনই ঘুরতে আসেন স্থানীয় মানুষ এবং বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা। নদীর বিশাল জলরাশি, নির্মল বাতাস, নৌযানের চলাচল এবং সূর্যাস্তের মনোরম দৃশ্য এখানে বাড়তি আকর্ষণ তৈরি করে।

বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক এলাকায় দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে। নদীর পাড়ে বসে সময় কাটানো, পরিবার-পরিজন নিয়ে ঘোরাঘুরি এবং ছবি তোলার জন্য জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে। এর সঙ্গে ‘ভালোবাসার চরফ্যাশন’ সেলফি পয়েন্ট যুক্ত হওয়ায় পার্কটি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে।

বেতুয়া লঞ্চঘাট চরফ্যাশনের যোগাযোগব্যবস্থারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। ঢাকা-চরফ্যাশন নৌপথে লঞ্চ চলাচলের কারণে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের জন্য এ এলাকা পরিচিত প্রবেশদ্বার। ফলে পর্যটন কেন্দ্র হিসেবে বেতুয়ার গুরুত্ব আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

চরফ্যাশন টাওয়ারে দাঁড়িয়ে দেখা যায় নদী-চরের সৌন্দর্য। চরফ্যাশনের পর্যটন পরিচিতির অন্যতম প্রতীক জ্যাকব টাওয়ার (চরফ্যাশন টাওয়ার)। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এ দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ার স্থানীয় পর্যটনের নতুন মাত্রা যোগ করেছে। উঁচু টাওয়ার থেকে আশপাশের বিস্তীর্ণ জনপদ, নদী এবং সবুজ প্রকৃতির দৃশ্য উপভোগ করতে আসেন দর্শনার্থীরা। বিশেষ করে পর্যটকদের কাছে এটি ছবি তোলা এবং চরফ্যাশনের সৌন্দর্য অবলোকনের অন্যতম আকর্ষণ।

চরফ্যাশন টাওয়ারের পাশাপাশি চরফ্যাশন শহরের ফ্যাশন স্কয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং শহীদ মিনার চত্বরও দর্শনার্থীদের বিনোদনের সুযোগ তৈরি করেছে। শিশুদের জন্য পার্কের বিভিন্ন বিনোদনব্যবস্থা এবং শহরের নান্দনিক স্থাপনাগুলো স্থানীয় পর্যায়ে পর্যটন এবং অবসর বিনোদনের পরিসর বাড়িয়েছে। কুকরি-মুকরি যেন প্রকৃতির এক সবুজ রাজ্য।

চরফ্যাশন দীর বুক চিরে বিলাসবহুল জাহাজে যাত্রা, চারপাশে জলরাশি, সবুজ বনাঞ্চল, বিস্তীর্ণ বালুচর এবং সমুদ্রঘেঁষা প্রকৃতি—সব মিলিয়ে পর্যটকদের জন্য তৈরি হয়েছে ভিন্নধর্মী এক ভ্রমণ অভিজ্ঞতা। চর কুকরি-মুকরি ভোলার চরফ্যাশন উপজেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা। এখানকার সবুজ বনাঞ্চল, নদী-খাল, নারিকেল বাগান এবং প্রাকৃতিক পরিবেশ প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করে। পাশাপাশি তারুয়া সমুদ্র সৈকতের বিস্তীর্ণ বালুচর এবং নির্জন পরিবেশও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। পর্যটন সম্ভাবনার সবচেয়ে বড় সম্পদগুলোর একটি চর কুকরি-মুকরি। মেঘনা নদীর অববাহিকা এবং বঙ্গোপসাগরের উপকূলঘেঁষা এ দ্বীপে রয়েছে বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন, নদীর শাখা-প্রশাখা, সবুজ বৃক্ষরাজি, নির্জন চর এবং প্রাকৃতিক বন্যপ্রাণীর আবাসস্থল। স্থানীয়ভাবে এটি ‘মিনি সুন্দরবন’ নামেও পরিচিত।

কুকরি-মুকরির বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া খাল, নদীর পাড়ের সারি সারি গাছ, মাছ ধরার নৌকা, জেলেদের জীবনযাত্রা এবং শীত মৌসুমে অতিথি পাখির উপস্থিতি পর্যটকদের মুগ্ধ করে। প্রকৃতিপ্রেমীদের কাছে জায়গাটি বিশেষ আকর্ষণীয়। এখানে বন এবং নদীকে ঘিরে নৌভ্রমণ, প্রকৃতি পর্যবেক্ষণ এবং স্থানীয় জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে।

কুকরি-মুকরিতে পর্যটকদের জন্য সীমিত আবাসন এবং হোমস সুবিধা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। তবে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ, নিরাপদ নৌযান, মানসম্মত আবাসন, খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি চিকিৎসাসেবার চাহিদাও বাড়ছে।

তারুয়া সমুদ্র সৈকতে প্রকৃতি এবং সাগরের মিতালি। চরফ্যাশনের ঢালচর ইউনিয়নের তারুয়া সমুদ্র সৈকত পর্যটনের আরেক অনন্য আকর্ষণ। বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত এ সৈকতে রয়েছে বিস্তীর্ণ বালুকাবেলা, ম্যানগ্রোভ বন, নদী-সমুদ্রের মিলনস্থলের সৌন্দর্য এবং নির্জন প্রাকৃতিক পরিবেশ। সৈকতের একদিকে সমুদ্রের বিশাল জলরাশি, অন্যদিকে সবুজ বনভূমি—প্রকৃতির এমন বৈচিত্র্য পর্যটকদের মুগ্ধ করে।

তারুয়ার আশপাশের চরাঞ্চলে শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির বিচরণ দেখা যায়। বন্যপ্রাণী এবং পাখির উপস্থিতি এ এলাকাকে পরিবেশ এবং প্রকৃতিনির্ভর পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে দুর্গম যোগাযোগব্যবস্থা, পর্যাপ্ত আবাসন, নিরাপদ নৌযান এবং পর্যটকসেবার সীমাবদ্ধতা এ সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।

খেজুর গাছিয়া সৈকত এবং দক্ষিণাঞ্চলের নতুন পর্যটন সম্ভাবনা। চরফ্যাশনের দক্ষিণাঞ্চলে খেজুরগাছিয়া সৈকতসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয়ভাবে এসব স্থানকে ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত করার প্রচেষ্টা রয়েছে। বিস্তীর্ণ বালুচর, নদী এবং সাগরের জলরাশি, খোলা আকাশ এবং প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের আকর্ষণ করতে পারে।

এ ছাড়া ঢালচর, চর নিজাম, চর পাতিলা এবং আশপাশের বিচ্ছিন্ন চরাঞ্চলেও রয়েছে নদী, সমুদ্র, বনভূমি এবং জীববৈচিত্র্যকেন্দ্রিক পর্যটনের সুযোগ। এসব এলাকায় পরিকল্পিতভাবে পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে ভোলার চরফ্যাশনকে একাধিক গন্তব্যের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পর্যটন অঞ্চলে পরিণত করা সম্ভব।

পর্যটন ঘিরে বদলাতে পারে স্থানীয় এবং দেশের অর্থনীতি। চরফ্যাশনের পর্যটনশিল্পের বিকাশ শুধু বিনোদনের সুযোগ সৃষ্টি করবে না, স্থানীয় এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। পর্যটকের আগমন বাড়লে হোটেল-রেস্তোরাঁ, পরিবহন, নৌযান, স্থানীয় খাবার, হস্তশিল্প, ক্ষুদ্র ব্যবসা এবং আবাসন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

স্থানীয় জেলে, নৌযানচালক, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং তরুণদের জন্যও পর্যটন হতে পারে আয়ের নতুন উৎস। পর্যটকদের কাছে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য, খাবার এবং জীবনযাত্রা তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে কুকরি-মুকরি এবং তারুয়ার মতো প্রাকৃতিক পর্যটন কেন্দ্রে পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে উঠলে স্থানীয় জনগণের অংশগ্রহণে টেকসই অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ সম্ভব।

সম্ভাবনার পাশাপাশি রয়েছে নানা সীমাবদ্ধতা। প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন আকর্ষণ থাকলেও চরফ্যাশনের পর্যটনশিল্প এখনো পূর্ণাঙ্গভাবে বিকশিত হয়নি। অনেক দর্শনীয় স্থানে যাতায়াতের জন্য পর্যাপ্ত এবং নির্ভরযোগ্য পরিবহন নেই। কোথাও সড়ক যোগাযোগের সীমাবদ্ধতা, কোথাও নৌপথে যাতায়াতের অনিশ্চয়তা পর্যটকদের ভোগান্তিতে ফেলে।

এ ছাড়া পর্যটন কেন্দ্রগুলোতে মানসম্মত আবাসন, পরিচ্ছন্ন শৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, নিরাপদ খাবার, পর্যাপ্ত বসার স্থান, বর্জ্য ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা এবং পর্যটক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। দুর্গম দ্বীপ এবং সমুদ্র সৈকত এলাকায় আবহাওয়া, জোয়ার-ভাটা এবং নৌযান চলাচলের বিষয়ে পর্যটকদের প্রয়োজনীয় তথ্য এবং সতর্কতা দেওয়ার ব্যবস্থাও থাকা প্রয়োজন।

বিশেষ করে কুকরি-মুকরি এবং তারুয়ার মতো জীববৈচিত্র্যসমৃদ্ধ এলাকায় পর্যটন অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। বনভূমি, বন্যপ্রাণী এবং অতিথি পাখির আবাসস্থল ক্ষতিগ্রস্ত করে পর্যটন সম্প্রসারণ করলে দীর্ঘমেয়াদে এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদই হুমকির মুখে পড়বে।

প্রয়োজন সমন্বিত পর্যটন পরিকল্পনা

পর্যটন সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চরফ্যাশনের দর্শনীয় স্থানগুলোকে একটি সমন্বিত পর্যটন পরিকল্পনার আওতায় আনা প্রয়োজন। বেতুয়া প্রশান্তি পার্ক, জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার, শিশু পার্ক, কুকরি-মুকরি, তারুয়া এবং খেজুরগাছিয়া সৈকতকে কেন্দ্র করে পৃথক পর্যটন রুট তৈরি করা যেতে পারে।

একই সঙ্গে ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চল থেকে পর্যটকদের সহজ যাতায়াত নিশ্চিত করতে নৌ এবং সড়ক যোগাযোগের উন্নয়ন, নিরাপদ পরিবহন, পর্যাপ্ত আবাসন, পর্যটক তথ্যকেন্দ্র এবং প্রশিক্ষিত গাইডের ব্যবস্থা করা প্রয়োজন। স্থানীয় তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে পর্যটনসেবায় যুক্ত করা গেলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি পর্যটকদের সেবার মানও উন্নত হবে।

এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি বিনিয়োগ, স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সব মিলিয়ে নদী, সমুদ্র, বন, দ্বীপ এবং আধুনিক স্থাপনার অপূর্ব সমন্বয়ে ভোলার চরফ্যাশন হতে পারে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। ‘ভালোবাসার চরফ্যাশন’ সেলফি পয়েন্টের মতো নতুন উদ্যোগ পর্যটনের প্রচার এবং পরিচিতি বাড়ানোর পাশাপাশি এই সম্ভাবনাকে নতুন করে সামনে এনেছে। এখন প্রয়োজন পরিকল্পিত বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটকসেবার মান বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উন্নয়ন। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে চরফ্যাশনের পর্যটনশিল্প স্থানীয় এবং দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে চরফ্যাশনের চর কুকরি মুকরি শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সীমান্ত উপজেলা নয়, সঠিক ব্যবস্থাপনায় এটি বাংলাদেশের পর্যটন অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে। তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ দিতে উন্নয়নের সঙ্গে প্রকৃতি সংরক্ষণ, নিরাপত্তা এবং স্থানীয় মানুষের স্বার্থের ভারসাম্য বজায় রাখতে হবে।

পরিকল্পিত, দায়িত্বশীল এবং টেকসই উদ্যোগই পারে ভোলার চরফ্যাশন উপজেলা দেশীয় পর্যটনের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে সুপরিচিত করে তুলতে।

পর্যটন কেবল বিনোদন বা ভ্রমণের মাধ্যম নয়, এটি একটি দেশের অর্থনৈতিক রূপান্তর এবং বিশ্বমঞ্চে ইতিবাচক পরিচয় গড়ার শক্তিশালী হাতিয়ার। সরকারি এবং বেসরকারি উদ্যোগের সমন্বয়ে ভোলায় টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ভোলার পর্যটন শিল্পই হতে পারে আগামী বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।

পরিকল্পিত পর্যটন ব্যবস্থা গড়ে তোলা গেলে ভোলার চরফ্যাশন চর কুকরি-মুকরি, তারুয়া দ্বীপ হয়ে উঠতে পারে প্রকৃতিপ্রেমীদের জন্য একটি নিরাপদ, আকর্ষণীয় এবং টেকসই পর্যটন কেন্দ্র এবং অর্থনৈতিক অঞ্চল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ১৮ মুসলিম দেশের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ১৮ মুসলিম দেশের

নাসের মেডিকেল কমপ্লেক্স, যা ফিলিস্তিনের দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত, সেখানে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ১৮টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যার মধ্যে সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, তুরস্ক এবং পাকিস্তান অন্তর্ভুক্ত রয়েছে।

একটি যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উল্লেখ করেছেন যে, এই হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একজন চিকিৎসক (সার্জন) এবং একটি শিশু রয়েছে। হাসপাতালের মতো একটি চিকিৎসা কেন্দ্রের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের একটি গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হয় এবং এটি রোগী ও চিকিৎসাকর্মীদের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে।

বিবৃতিতে ইসরায়েলের অব্যাহত হামলার বিরুদ্ধে সতর্কতা জারি করে বলা হয়েছে যে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর এই ধরনের সামরিক অভিযান গাজায় চলমান যুদ্ধবিরতিকে নস্যাৎ করে দিচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীরা অভিযোগ করেছেন যে, ইসরায়েল গাজায় চিকিৎসা সরঞ্জাম ও শীতকালীন আশ্রয় সামগ্রীসহ জরুরি মানবিক সহায়তার প্রবেশে বাধা সৃষ্টি করছে। তারা সতর্ক করে দিয়েছেন যে, আসন্ন শীতের আগে পর্যাপ্ত আশ্রয়ের অভাব এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার চরম অবনতি গাজার শিশু ও নবজাতকদের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলবে।

যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রতি যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া হয় এবং যুদ্ধবিরতি চুক্তির অধীনে গৃহীত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হয়। একইসঙ্গে, গাজার ত্রাণ প্রবেশের ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র (ওয়াশিংটন) এবং 'বোর্ড অব পিস'-এর প্রতি চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন ১৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সূত্র: আল আরাবিয়া, ডন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবিপ্রবি উপাচার্য: পতিত ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক অগ্রযাত্রা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


পাবিপ্রবি উপাচার্য: পতিত ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক অগ্রযাত্রা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত

পতিত ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক অগ্রযাত্রা বিনষ্ট করার উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, এমন মন্তব্য করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষকবৃন্দের ব্যানারে ‘সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে' বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন।

উপাচার্য উল্লেখ করেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রা এবং স্বাধীনভাবে চলার এই যাত্রা বিনষ্ট করার জন্য পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে জেলা, উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিকল্পিতভাবে অপপ্রচার ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনগণের মধ্যে ভয়, আতঙ্ক ও ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।

তিনি আরও বলেন, বিগত ২০ বছর ধরে দেশে আইনের শাসন ও ভোটাধিকার ছিল না। জনগণ দীর্ঘ সময় ধরে অপশাসনের শিকার হয়ে এসেছে। পরবর্তী সময়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপাচার্য বলেন, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন। অতীতে সংগঠনটির শিক্ষকরা জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও বিভিন্ন অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পতিত সরকারের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হচ্ছে।

প্রতিবাদ সমাবেশে তিনি সকলের প্রতি আহ্বান জানান যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের অগ্রযাত্রা নির্বিঘ্ন করতে হবে। একই সঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%