শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:১২ পি.এম
মঞ্চে শিল্পী একা নন, দর্শকও তাদের সঙ্গে থাকে। পরিবেশনার সময় দর্শকের প্রতিক্রিয়া শিল্পীকে প্রভাবিত করে, আবার শিল্পীর প্রকাশ দর্শকের মনে নানা অনুভূতি তৈরি করে। ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক পেইন মনে করেন, এই পারস্পরিক যোগাযোগ ছাড়া পরিবেশনা পূর্ণতা পায় না। তার কাছে অপেরা কেবল কণ্ঠ ও সংগীতের কারুকাজ নয়; এটি মানুষের অনুভূতি প্রকাশের একটি মাধ্যমও। পিয়ানিস্ট ও সংগীত রচয়িতা ফ্যাব্রিস মেইত্রের কাছে সংগীত হচ্ছে নিজের ভেতরের কথা বলার ভাষা।
দুজনের কাজের ধরন আলাদা। একজন মঞ্চে চরিত্রের আবেগকে কণ্ঠে ধারণ করেন, অন্যজন সংগীতের মাধ্যমে অনুভূতির প্রকাশ ঘটান। প্রায় পাঁচ বছর ধরে তারা একসঙ্গে কাজ করছেন। এই সময়ে নিজেদের ভিন্ন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তাদের সৃজনশীল কাজে যেমন প্রভাব ফেলেছে, তেমনি নতুন ভাবনার পথও খুলেছে।
বাংলাদেশে ফরাসি ও বাংলা অপেরার সম্মিলিত পরিবেশনায় অংশ নিতে ঢাকায় এসেছেন এই দুই শিল্পী। তাদের সঙ্গে কথা হয়েছে অপেরার প্রচলিত ধারণা, সংগীতচর্চা, শিল্পীর প্রস্তুতি, দর্শকের ভূমিকা এবং বাংলা গানের বৈশিষ্ট্য নিয়ে।
প্রশ্ন: মঞ্চে পরিবেশনার সময় দর্শকের প্রতিক্রিয়া কী আপনার কাজের ধরন বদলে দেয়?
ভেরোনিক: দর্শক পরিবেশনার অপরিহার্য অংশ। তাদের সঙ্গে শিল্পীর এক ধরনের সরাসরি যোগাযোগ তৈরি হয়। আমরা মঞ্চে যা প্রকাশ করি, দর্শক তা অনুভব করেন। তাদের প্রতিক্রিয়াও আমাদের কাছে ফিরে আসে। এই আদান-প্রদান পরিবেশনাকে জীবন্ত করে তোলে। আমি অডিশন বা প্রতিযোগিতার চেয়ে মানুষের সঙ্গে এই সরাসরি সংযোগকে বেশি গুরুত্ব দিই।
প্রশ্ন: অপেরার গল্প ও সংগীতের জটিলতা নতুন দর্শকের জন্য বাধা হয়ে দাঁড়ায় কী?
ভেরোনিক: অপেরা নিয়ে অনেকের ধারণা, এটি বুঝতে হলে বিশেষ জ্ঞান বা অভিজাত পরিবেশের প্রয়োজন। অথচ এর গল্পগুলো মানুষের খুব পরিচিত জীবন থেকেই আসে। ভালোবাসা, ঈর্ষা, সম্পর্কের সংকট—এসবই অপেরার গল্পে থাকে। পার্থক্য হলো, সাধারণ এসব অনুভূতিকে সংগীতের অসাধারণ প্রকাশভঙ্গিতে তুলে ধরা হয়। অবশ্য আধুনিক দর্শকের কাছে বড় অর্কেস্ট্রা কিংবা অনেক শিল্পীর অংশগ্রহণের পরিবেশনা কিছুটা জটিল মনে হতে পারে। কিন্তু অপেরা উপভোগ করতে হলে আগে থেকে সবকিছু জানা জরুরি নয়। আমি চাই, আরও বেশি মানুষ এর সঙ্গে পরিচিত হোক।
প্রশ্ন: অপেরায় সুরকারের নির্দেশনা মেনে চলতে হয়। সেখানে পরিবেশকের নিজস্ব সৃজনশীলতার জায়গা কোথায়?
ফ্যাব্রিস: অপেরা একটি নির্দিষ্ট সংগীতরচনা। সুরকার যে ছন্দ, সূক্ষ্মতা ও ব্যাখ্যা রেখে গেছেন, সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। তবে শিল্পী নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি দিয়ে সেই রচনাকে প্রকাশ করেন। ফলে একই সংগীত ভিন্ন শিল্পীর কাছে ভিন্নভাবে ধরা দিতে পারে। গল্পের কাঠামো নির্ধারিত থাকলেও পরিবেশনার অভিজ্ঞতা একেকবার একেক রকম হয়।
প্রশ্ন: চরিত্রের সঙ্গে নিজেকে একাত্ম করার প্রক্রিয়াটি কেমন?
ভেরোনিক: কোনো চরিত্রের কাজ হাতে পেলে প্রথমে সংগীত ও গানের কথাগুলো শেখার চেষ্টা করি। এরপর চরিত্রটির অনুভূতি বোঝার জন্য সময় নিই। তার জায়গায় নিজেকে কল্পনা করি, সুরকার কীভাবে চরিত্রটিকে নির্মাণ করেছেন, সেটিও বুঝতে চাই। বড় কোনো চরিত্রের গান মনে রাখার জন্য অনেক সময় হাঁটতে হাঁটতে অনুশীলন করি। শুধু কণ্ঠের দক্ষতা দিয়ে চরিত্র ফুটিয়ে তোলা যায় না; তার অনুভূতিও ধারণ করতে হয়।
প্রশ্ন: সংগীতের সঙ্গে আপনার পথচলা শুরু হলো কীভাবে?
ভেরোনিক: মানুষের জন্য কিছু করার ইচ্ছা এবং অপেরার কণ্ঠপ্রযুক্তির প্রতি আগ্রহ আমাকে গানের দিকে নিয়ে এসেছে। সংগীতচর্চা করতে গিয়ে নিজের সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছি। ফ্রান্সে গান শেখার পদ্ধতি বেশ আনুষ্ঠানিক ও নিয়মের মধ্যে বাঁধা। লন্ডনে পড়াশোনা করতে গিয়ে তুলনামূলক খোলামেলা পরিবেশ পেয়েছি। সেই অভিজ্ঞতা আমার দৃষ্টিভঙ্গি প্রসারিত করেছে।
ফ্যাব্রিস: আমার কাছে সংগীত সব সময়ই একটি ভাষার মতো। শুরু থেকেই মনে হয়েছে, নিজের গভীর অনুভূতি প্রকাশের জন্য এটি আমার স্বাভাবিক মাধ্যম। জীবনের নানা অভিজ্ঞতা ও আবেগ আমার সংগীত রচনায় প্রভাব ফেলে।
প্রশ্ন: একজন পরিবেশক ও একজন সংগীত রচয়িতা হিসেবে আপনাদের কাজের মধ্যে পার্থক্য কী?
ভেরোনিক: আমি মূলত পরিবেশনার দিকে মনোযোগ দিই। গান রচনা করি না। কণ্ঠের কৌশল ব্যবহার করে চরিত্রের আবেগ প্রকাশ করাই আমার কাজ।
ফ্যাব্রিস: আমি সংগীত রচনা করি। নিজের জীবনের অভিজ্ঞতা ও অনুভূতি থেকে সৃষ্টির উপাদান পাই।
প্রশ্ন: একসঙ্গে কাজের ক্ষেত্রে ভিন্ন রুচি ও অভিজ্ঞতা কি কখনও সমস্যা তৈরি করে?
ভেরোনিক: আমাদের একসঙ্গে কাজের সময় প্রায় পাঁচ বছর। আমাদের অভিজ্ঞতা আলাদা, হাস্যরসের ধরনও এক নয়। তাই সব সময় সবকিছু সহজ হয় না। তবে এই পার্থক্য থেকেই নতুন কিছু তৈরি হওয়ার সুযোগ থাকে। একে অন্যের সঙ্গে কথা বলা, বোঝার চেষ্টা করা এবং পারস্পরিক স্নেহ আমাদের কাজ এগিয়ে নিতে সাহায্য করে।
প্রশ্ন: শিল্পের সঙ্গে ব্যক্তিগত জীবনের সম্পর্ক কতটা গভীর?
ভেরোনিক: আমার পরিবার ও মেয়েরা আমাকে স্থিরতা দেয়। খামারবাড়ি, পশুপাখির সঙ্গে সময় কাটানো এবং ছবি আঁকাও আমার ভালো লাগে। শিল্পচর্চায় গভীর মনোযোগের পাশাপাশি ধীরস্থির সময়ের প্রয়োজন হয়। ব্যক্তিগত জীবনের এসব অভিজ্ঞতা আমাকে সেই অবকাশ দেয়।
প্রশ্ন: জীবনের কঠিন অনুভূতিগুলো কি শিল্পের মধ্য দিয়ে প্রকাশ করা সম্ভব?
ভেরোনিক: আমি অন্যদের মতোই নানা কঠিন অনুভূতির মধ্য দিয়ে যাই। অন্ত্যেষ্টিক্রিয়ায় গান গাওয়ার অভিজ্ঞতা আছে। দেখেছি, শোকের মুহূর্তে সংগীত মানুষকে সান্ত্বনা দিতে পারে। আমার মা মারা যাওয়ার পরদিনই আমাকে দেড় ঘণ্টার একটি একক কমেডি পরিবেশনায় অংশ নিতে হয়েছিল। সেই অভিজ্ঞতা সহজ ছিল না। কিন্তু মঞ্চে পরিবেশনার মধ্য দিয়ে শোকের সঙ্গে অন্যভাবে যুক্ত হতে পেরেছিলাম। মনে হয়েছিল, সেটি মাকে স্মরণ করার পাশাপাশি তাঁর জীবন উদ্যাপনেরও একটি উপায়।
প্রশ্ন: বাংলাদেশে এসে বাংলা সংগীতের সঙ্গে পরিচয়ের অভিজ্ঞতা কেমন?
ভেরোনিক: এখানে এসেছি মাত্র তিন দিন হলো। এর মধ্যে কয়েকটি গান শোনার সুযোগ হয়েছে। তাই এখনই বিস্তারিত মূল্যায়ন করা কঠিন। তবে বাংলা গানের কণ্ঠের অলংকার, একটি স্বরের মধ্যে বিভিন্ন সুরের ব্যবহার এবং দীর্ঘ সময় ধরে স্বর ধরে রাখার বিষয়টি আমার ভালো লেগেছে। এই বৈশিষ্ট্যগুলো আমার শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রেও কাজে লাগতে পারে। বাংলা গানে আবেগের প্রকাশ ও লোকসংগীতের শিকড় আমাকে আকৃষ্ট করেছে। অপেরারও লোকগানের সঙ্গে সম্পর্ক রয়েছে। এ ছাড়া উঁচু স্বরের প্রতি আকর্ষণের বিষয়টিও দুই সংগীতধারায় লক্ষ করেছি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
লিওনেল মেসির চারপাশে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের উন্মাদনা সবসময়ই লক্ষণীয়। কিন্তু, মেসি অনুপস্থিত থাকায় জাতীয় দলের ম্যাচগুলোতে দর্শকদের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। গ্যালারি আবারও সমর্থকদের দ্বারা পূর্ণ করতে টিকিটের দাম কমানোর পরামর্শ দিয়েছেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার।
সম্প্রতি আর্জেন্টিনার ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচগুলোতে দর্শক উপস্থিতি সন্তোষজনক ছিল না। গত মঙ্গলবার কর্ডোভায় কোস্টারিকার বিরুদ্ধে ৭-০ গোলের বিশাল জয় সত্ত্বেও গ্যালারির অনেক আসন ফাঁকা ছিল। ৫৭ হাজার দর্শক ধারণক্ষমতার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেসে উপস্থিত ছিলেন প্রায় ৪২ হাজার সমর্থক।
এর আগে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচেও দর্শকসংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। ৫৫ হাজার আসনের লা বোম্বোনেরা স্টেডিয়ামে সেদিন খেলা দেখেছিলেন মাত্র ২১ হাজার দর্শক। টিকিটের অতিরিক্ত দাম নিয়ে সমর্থকদের অসন্তোষও সেই ম্যাচের একটি আলোচিত বিষয় ছিল।
দর্শকদের মাঠে ফেরাতে টিকিটের মূল্য কমানোর পাশাপাশি শিশুদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন মার্তিনেজ। তিনি মনে করেন, আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি সমর্থকদের আগের মতো ভালোবাসা ও আবেগ ফিরিয়ে আনতে খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ফুটবল কর্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্তিনেজ বলেন, তিনি আরও পরিপূর্ণ গ্যালারির সামনে খেলতে চান। প্রয়োজনে দাতব্য উদ্যোগের মাধ্যমে সমর্থকদের মাঠে আনার ব্যবস্থা করা যেতে পারে বলেও মত প্রকাশ করেন এই গোলরক্ষক। মেসির অনুপস্থিতিতে দর্শকদের আগ্রহে প্রভাব পড়েছে, সেটিও তিনি স্বীকার করেছেন। তবে, তার মতে, আর্জেন্টিনা জাতীয় দল শুধুমাত্র একজন খেলোয়াড়কে কেন্দ্র করে নয়; পুরো দলই সমর্থকদের ভালোবাসা পাওয়ার দাবিদার।
টিকিটের দাম কমানোর বিষয়ে জোর দিয়ে মার্তিনেজ বলেন, সমর্থকদের প্রতি ভালোবাসা দেখানোর দায়িত্ব সংশ্লিষ্ট সবার। টিকিটের মূল্য কিছুটা কমিয়ে স্টেডিয়ামগুলো পূর্ণ করার ব্যবস্থা নিতে হবে। কারণ দলের জন্য সমর্থকদের উপস্থিতি ও আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
টেলিফেকে দেওয়া আরেক সাক্ষাৎকারে মার্তিনেজ জানান, মেসি ছাড়া মাঠে দর্শক টানাটা যে কঠিন, তা তারা বুঝতে পারছেন। তবে আর্জেন্টিনা দলে অনেক বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার রয়েছেন। পাশাপাশি নতুন প্রজন্মের বেশ কয়েকজন খেলোয়াড়ও দলে জায়গা করে নিচ্ছেন, যাদের প্রতি সমর্থকদের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্ল Claudio Tapia, কোচ লিওনেল স্কালোনি এবং দলের অধিনায়কদের সঙ্গে নিয়ে সমর্থকদের আবারও জাতীয় দলের প্রতি আকৃষ্ট করার আশাবাদ ব্যক্ত করেছেন মার্তিনেজ।
উরুগুয়ের কাছে হারের পর কোস্টারিকার বিরুদ্ধে বড় জয় দিয়ে আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়েছে। এখন মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নতুন খেলোয়াড়দের গড়ে তোলার দিকেও নজর দিচ্ছে স্কালোনির দল। তবে ঘরের মাঠে দর্শকসংখ্যা বাড়াতে পরবর্তী ম্যাচগুলোর আগে টিকিটের মূল্য ও বণ্টনব্যবস্থা পুনর্বিবেচনার চাপ বাড়ছে এএফএ কর্তাদের ওপর।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসর এবং গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় হয়ে উঠেছে।
তিনি শুক্রবার (২০ নভেম্বর) বিকালে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন।
রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, গণতন্ত্রবিরোধী ওই ব্যক্তি ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন। তিনি বলেন, তাদের অবৈধ টাকার অভাব নেই। টাকা পাচার করেও দেশের ভেতরে প্রচুর টাকা রয়েছে। ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা অবৈধ টাকা দিয়ে সন্ত্রাসী টোকাইদের দিয়ে বাড়ি-গাড়িতে আগুন লাগাচ্ছে। শুধু বিএনপির নেতাকর্মীদের নয়, গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেওয়া ভিন্ন দলের নেতাদের বাড়িতেও আগুন দেওয়া হচ্ছে। তিনি জানান, এই মদদ আসছে পার্শ্ববর্তী দেশ থেকে।
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার লাশ দরকার। তার দলের নেতাকর্মীর লাশ হলেই তার ভালো হয়। আন্দোলন বেগবান করার জন্যই তার লাশ প্রয়োজন।
রুহুল কবির রিজভী দাবি করেন, ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং পুলিশ প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে সক্রিয় রয়েছে। তিনি মন্তব্য করেন যে, তাদের সক্রিয়তার কারণে বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও গত তিন দিনে দলের তিন নেতাকে হত্যার শিকার হতে হয়েছে।
যশোর জেলা বিএনপির আয়োজনে এ স্মরণসভায় আরও বক্তব্য দেন বন-পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা, যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর ৬২ টি আলাদা ধরনের গাছের চারা রোপন করেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে এই পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করেন ছাত্রদলের এই নেতা। এসময় ৬২ রকমের ফল, ফুল ও বনজ গাছের চারা রোপন করেন নেতাকর্মীরা। উল্লেখযোগ্য গাছগুলোর মধ্যে রয়েছে: আমগাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, কাঠগোলাপ গাছ, নিমগাছ, বাগানবিলাস গাছ, বাদাম গাছ, রেইনট্রি গাছ, কৃষ্ণচূড়া গাছ, মেহগনি গাছ, রঙ্গন গাছ, নারিকেল গাছসহ অন্যান্য পরিবেশবান্ধব গাছের চারা।
ছাত্রদল সহ সভাপতি এইচ এম আবু জাফর বলেন, "প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংঠনিক অভিভাবক তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে আমরা ৬২ রকমের ৬২ টি ফল গাছ, ফুল গাছ, বনজ বৃক্ষ, ঔষুধি গাছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের চারপাশে রোপণ করেছি। আমাদের আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষময় সবুজ রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সেজন্য ৬২ টি ভিন্ন রকমের গাছ লাগানোর মাধ্যমে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।"
তিনি আরও বলেন, "তারেক রহমান গত ১৬ বছর লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন। জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ৫৬ হাজার বর্গমাইলের পথে প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন। করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানের মাধ্যমে একটি মর্যাদাপূর্ন সার্বভৌম বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন। তার এই স্লোগানের বাস্তবায়ন আজকের এই জন্মদিন গাছ লাগানোর মাধ্যমে পালন করা। তার জন্ম বাংলাদেশকে আলোকিত ও গৌগৌরবান্বিত করেছে।"
এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, ফারহান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু, জিয়াউল হক জিয়া, রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল খান রাহাত, তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য নাজমুল হাসান পাপন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাশেদ, রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমানসহ অন্যান্য নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
যেসব ৬২ রকমের গাছ লাগানো হয় - বাদাম, চাম্বল, মেহগনি, আকাশমনি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, রেইনট্রি, বট, অর্জুন, বয়েরা, হরতকি, সিজিয়াম, ক্রিসমাস, ঝাউ, আম, জাম, কাঠাল, লিচু, পেয়ারা, আমড়া, সফেদা, কামরাঙ্গা, আনার, জলপাই, আমলকি, কদবেল, করমজা, লেবু, বড়ই, কাঠগোলাপ, বাঁশ, নিম, নারিকেল, সুপারি, খেজুর, এরিকে পদ্ম, পিচুরি পাম, রাবিশ পাম, আম্ব্রেলা, তেজপাতা, দারুচিনি, দেবদারু, নাগাচুরা, রঙ্গন, জবা, হাসনাহেনা, নাকফুল, বাগানবিলাস, পেয়ারা, বকুল ফুল, চাঁদনী ফুল, আপেল পাতা, বোতল ব্রাকা ফুল, চায়না ডল, পোলাপাতা, চেরি ফুল, ক্যামেলিয়া ফুল, সোনালু কাঠ, মেহেদী গাছ, ডেরেসিনা শোভা, জাপানিক এশিয়া ফুল, নাগাসিয়া।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুর কবীর রিজভী মন্তব্য করেছেন, সম্মিলিত গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তিনি উল্লেখ করেন, "আমরা তার মতো আচরণ করতে পারি না।" রিজভী বলেন, তারা একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছেন, যাতে শেখ হাসিনার মতো ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে।
শুক্রবার (২০ নভেম্বর) যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, যা বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।
রিজভী আরও বলেন, দেশের জনগণ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ চায়। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেই লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, "শেখ হাসিনার মতো গুম-খুন ও ক্রস ফায়ার দিয়ে ভিন্ন মতকে দমন করতে হবে, এই বিশ্বাস তারেক রহমানের সরকার করছে না।"
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, গণতন্ত্রবিরোধী শক্তি দেশে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করছে। তিনি বলেন, "ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিটি বাইরে পালিয়ে থেকে দেশের অভ্যন্তরে মদদ দিচ্ছে।" তিনি অভিযোগ করেন, তার কাছে টাকার অভাব নেই, কারণ তিনি বিদেশে অনেক টাকা পাচার করেছেন এবং দেশের অভ্যন্তরেও তার প্রচুর অর্থ রয়েছে।
রিজভী বলেন, "তার অনেক অনুসারী দেশের মধ্যে ঘাপটি মেরে আছে। সন্ত্রাসী-টোকাইদের মাধ্যমে তারা মানুষের বাড়ি-গাড়িতে আগুন দিচ্ছে।"
তিনি তরিকুল ইসলামের রাজনৈতিক জীবনের প্রশংসা করে বলেন, তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ। রিজভী বলেন, "তিনি জীবনের শুরু থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে রাজনীতি করেছেন।" তিনি আন্দোলন-সংগ্রাম ও অভিজ্ঞতা সঞ্চয় করে সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক নেতা হিসেবে নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
রিজভী আরও বলেন, তরিকুল ইসলাম ছিলেন অসাধারণ নেতৃত্বের অধিকারী। তিনি ছাত্রজীবন থেকে সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছেন। রিজভী বলেন, "তরিকুল ইসলাম একজন প্রগতিশীল ছাত্ররাজনীতি করেছেন।" তিনি মাওলানা ভাসানীর শিষ্য ছিলেন এবং আজীবন কায়েমি স্বার্থবাদীদের বিপক্ষে কাজ করেছেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর। বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, যশোর -৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ