ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পরিচালকের আচরণ নিয়ে বিতর্কে মুখ খুললেন কীর্তি সুরেশ


পরিচালকের আচরণ নিয়ে বিতর্কে মুখ খুললেন কীর্তি সুরেশ

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কীর্তি সুরেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক অনুষ্ঠানে অভিনেত্রীর প্রশংসা করার সময় পরিচালক মিসকিন তাঁর ঊরুর কাছাকাছি হাত রাখছেন। কীর্তির মুখভঙ্গি দেখে কিছু দর্শক ধারণা করেন, পরিচালকের আচরণে অভিনেত্রী অস্বস্তি বোধ করছিলেন। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে কীর্তি নিজেই প্রতিক্রিয়া জানান।

এই ঘটনা চেন্নাইয়ে নতুন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’র সংবাদ সম্মেলনে ঘটে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর একজন ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আপত্তি না থাকলেও বাস্তব জীবনে এমন স্পর্শে অস্বস্তি কেন? ওই মন্তব্যের জবাবে কীর্তি এক্সে নিজের অবস্থান পরিষ্কার করেন।

অভিনেত্রী জানান, মিসকিনের সঙ্গে তাঁর সম্পর্ক বাবার মতো। তাঁদের সম্পর্কের বিষয়টি না জেনে ভিডিওর কয়েক সেকেন্ড দেখে মন্তব্য করা ঠিক নয়। কীর্তির প্রশ্ন, তাঁর মুখে অস্বস্তির ছাপ কোথায় দেখা গেল? তিনি আরও বলেন, সিনেমায় অভিনয়ের প্রয়োজনে স্পর্শ করা হয়, তাই বাস্তব জীবনেও একই ধরনের আচরণে স্বচ্ছন্দ থাকতে হবে, এমন কোনো যুক্তি নেই।

আরও পড়ুন: দর্শক-শিল্পী সম্পর্ক অপেরার পরিবেশনাকে জীবন্ত করে তোলে

কীর্তির জবাবের পর ওই ব্যবহারকারী নিজের পোস্ট সরিয়ে নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, কাউকে আঘাত করার উদ্দেশ্যে মন্তব্যটি করেননি। পরে আরও কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীও অভিনেত্রীর ব্যাখ্যার প্রতি সমর্থন জানান।

এদিকে, ভাইরাল ভিডিওর পাশাপাশি সম্প্রতি সংস্কৃতিবিষয়ক একটি মন্তব্য নিয়ে কীর্তি সমালোচনার মুখে পড়েন। সহশিল্পী রাধিকা আপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে তামিল ও তেলেগু সংস্কৃতির বিয়ের একটি রীতি নিয়ে কথা বলেছিলেন তিনি। রাধিকা একটি সিনেমায় নিজের মামাকে বিয়ে করা চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরলে কীর্তি জানান, ওই দুই সংস্কৃতিতে এমন বিয়ের রীতি প্রচলিত। তাঁর মন্তব্যে আপত্তি জানান তেলেগুভাষী দর্শকদের একাংশ।

পরে সংবাদ সম্মেলনে কীর্তি ব্যাখ্যা করেন, তাঁর উদ্দেশ্য কোনো সংস্কৃতিকে ছোট করা ছিল না। বরং প্রচলিত একটি সামাজিক রীতির বিষয়ে কথা বলতে চেয়েছিলেন তিনি। সব সংস্কৃতির প্রতি তাঁর যথাযথ সম্মান রয়েছে বলেও জানান অভিনেত্রী।

উল্লেখ্য, কীর্তি সুরেশ ও মিসকিন অভিনীত ও পরিচালিত ‘সত্যবান সাবিত্রী’ মুক্তি পাচ্ছে ২০ নভেম্বর। আদালতকেন্দ্রিক নাটকীয়তা ও হত্যাকাণ্ডের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ রয়েছে।

আরও পড়ুন: প্রথম সন্তানের মা হলেন সামান্থা রুথ প্রভু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ. লীগের ৪ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ. লীগের ৪ নেতা গ্রেপ্তার

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার (২০ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার অভিযানটি বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত হয়।

গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন—ছোট বিলশলিয়া গ্রামের মো. সাইফুল ইসলাম, যিনি গোল্ডেন সাইফুল নামেও পরিচিত (৫০), গোপালপুর বাজার এলাকার মো. আনোয়ারুল আজিম, যিনি বাপ্পি নামেও পরিচিত (৫১), বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মো. শামীম আহমেদ (৫০) এবং বালিতিতা মহেশপুর গ্রামের মো. ইব্রাহিম সরদার, যিনি শুকুর নামেও পরিচিত (৫৬)।

পুলিশের সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম নাটোর জেলা যুবলীগের সাবেক সদস্য, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সক্রিয় সদস্য এবং আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে সাড়ে ৯টার দিকে গোপালপুর বাজারের বাড়ি থেকে গ্রেপ্তার হন পৌর যুবলীগের সাবেক সক্রিয় সদস্য আনোয়ারুল আজিম।

এই দুজনকে ১৮ নভেম্বর লালপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৬(২)(আ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।

১৭ নভেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য শামীম আহমেদ ও ইব্রাহিম সরদারকে গ্রেপ্তার করা হয়। শামীমকে রাত সাড়ে ৮টার দিকে এবং ইব্রাহিমকে রাত সাড়ে ৯টার দিকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি শফিকুল ইসলাম বলেন, পৃথক দুটি মামলায় পুলিশের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। মামলাগুলোর তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের জন্মদিনে বাগবাড়ীতে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


তারেক রহমানের জন্মদিনে বাগবাড়ীতে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বৃক্ষরোপণ

বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ীতে, জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের উদ্যোগে, ড্যাব বগুড়ার সহযোগিতায় শুক্রবার (২০ নভেম্বর) একটি দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই আয়োজনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে করা হয়। দুঃস্থ ও অসহায় রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণও করা হয়।

ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু।

এরপর বাদ জুম্মা, বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ ইউনুস আলী, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ নাজমুল হক, জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ মামুনুর রশিদ মিঠু, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, ড্যাব নেতা ডাঃ মুহাম্মদ আনিছুর রহমান, ডাঃ ন কে এম মঈনুল হাসান রাব্বি, ডাঃ আলমগীর কবির মুরাদ, ডাঃ আব্দুল আলিম, ডাঃ শফিকুল আলম বিটু, ডাঃ আরসোনা পারভীন, ডাঃ জাহিদ আকতার, ডাঃ এ কে আজাদ মিলন, ডাঃ সাজ্জাদ, বিএনপি নেতা মাহফুজার রহমান ফারুক, জহুরুল হক সজল, শফিকুল ইসলাম, হায়দার আলী, আমিনুল হক তালুকদার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান মজনু, ইউপি সদস্য আব্দুর রহিম রঞ্জু, ফরিদুল ইসলাম, যুবদল নেতা আঞ্জু মন্ডল, মিজানুর রহমান, আপেল মাহমুদ, শাহাদত হোসেন মিঠু, আল মামুন, স্বেচ্ছাসেবকদল নেতা জিন্নাত আলী, আল আমিন, ছাত্রদল নেতা মোহতাছিন বিল্লা মুন, আয়নাল হক, মাসুদ রানা, মিনহাজুল ইসলাম, তোহা, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম এবং আব্দুল লতিফসহ বিএনপির ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বাগবাড়ীসহ বিভিন্ন ইউনিয়নের প্রায় ১ হাজার দুঃস্থ ও অসহায় রোগীদের মাঝে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি: জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


রাষ্ট্রপতি: জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন যে, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব এবং জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি।

তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যগণ তাদের দায়িত্ব পালন করে যাবেন, এটাই জাতির প্রত্যাশা।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ একটি বাণীতে বলেন, আগামীকাল ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে তিনি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তিনি এই দিনে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সকল বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের আজকের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক ও সম্মিলিত অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে। সশস্ত্র বাহিনীর এই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের এই গৌরবময় দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যার নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের উন্নত সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা, পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সূচিত এই অগ্রযাত্রাকে বহুদূর এগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাহিনীর সম্প্রসারণ, প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন’।

তিনি বলেন, সেই প্রয়াসের ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠেছে। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে-‘সবার আগে বাংলাদেশ নীতি’।

রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে। তিনি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য এবং বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল, উপহার দিলেন ক্রীড়া সামগ্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


শিশুরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল, উপহার দিলেন ক্রীড়া সামগ্রী

আজ শুক্রবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তার জন্ম হয়। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম সন্তান। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে তিনি শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানতে চান, তাদের কোন খেলা পছন্দ। পরে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের হাতে ক্রীড়া সামগ্রী উপহার দেন। শিশুরা তখন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%