শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:২৪ পি.এম
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের জন্য দক্ষ প্রকৌশলী তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এই প্রতিষ্ঠানটি চারটি বিশেষায়িত বিভাগে উচ্চশিক্ষার সুযোগ, ব্যবহারিক প্রশিক্ষণ এবং আবাসিক সুবিধা প্রদান করে, যা বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য কারিগরি উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে।
গত ১৮ নভেম্বর, কলেজটির অবকাঠামোগত উন্নয়নের জন্য নতুন করে ৪১ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দিয়েছে বস্ত্র অধিদপ্তর। আগের বরাদ্দসহ, দুই ধাপে প্রতিষ্ঠানটির উন্নয়নে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৮৫ লাখ টাকায় পৌঁছেছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বস্ত্র অধিদপ্তর গত ১৮ নভেম্বর এ-সংক্রান্ত বরাদ্দ আদেশ জারি করেছে।
অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত আদেশে ২০২৬-২৭ অর্থবছরের ‘অন্যান্য ভবন ও স্থাপনা মেরামত’ খাতে এ অর্থ অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে একই প্রতিষ্ঠানের উন্নয়নে ৪৩ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
স্থানীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অবকাঠামোগত উন্নয়নে এই বরাদ্দ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'আকভানের' প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি ও হিমেল বাতাসের কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে বাকেরগঞ্জের তুলাতলি সেতু সংলগ্ন নদী তীরবর্তী বেদে পল্লীর বাসিন্দারা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে শুরু হওয়া টানা বৃষ্টির ফলে উপজেলা সদরের পার্শ্ববর্তী তুলাতলি সেতু সংলগ্ন নদীর তীরে অবস্থিত বেদে পল্লীর পলিথিন ও ত্রিপল টানানো ঝুপড়ি ঘরগুলোতে পানি ঢুকে পড়েছে, যার ফলে এখানকার বাসিন্দারা মানবেতর জীবন যাপন করছেন।
সরেজমিনে তুলাতলি নদীর তীরবর্তী এই বেদে পল্লীতে গিয়ে দেখা যায়, নদীর কিনারা ঘেঁষে সারি সারি কালো রঙের পলিথিনের ছাউনি দেওয়া অস্থায়ী ঘরগুলো বৃষ্টির পানিতে বসবাস অযোগ্য হয়ে পড়েছে। টানা দুই দিনের গুড়ি গুড়ি বৃষ্টির ফলে ঘরের ভিতরের মাটি নড়বড়ে হয়ে কর্দমাক্ত হয়ে গেছে এবং ছাউনি চুঁয়ে পানি পড়ে বিছানাপত্র ও কাপড় চোপড় ভিজে গেছে। অন্যদিকে, ভেজা মাটি ও স্যাতস্যাতে পরিবেশের কারণে অনেক পরিবার চুলা জ্বালাতে পারছে না।
বেদে পল্লীর বাসিন্দারা জানান, দুইদিন ধরে গুমোট আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে তাদের দৈনন্দিন আয় রোজগার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। বৈরী আবহাওয়ার ফলে হাতে কাজ না থাকায় তারা পরিবার পরিজন নিয়ে খাদ্য সমস্যায় পড়েছেন।
তুলাতলি তীরবর্তী বেদে পল্লীর বাসিন্দারা জানান, শীতের শুরুতে এমন দুর্যোগ কবলিত আবহাওয়ার কারণে তারা তাদের পল্লীর শিশু ও বৃদ্ধদের নিয়ে অধিক শঙ্কিত। কারণ ঠান্ডা আবহাওয়া ও স্যাতস্যাতে পরিবেশের কারণে রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১, সোনারগাঁ জোনাল অফিসের সোনারগাঁ-১ (৩০ এমভিএ) উপকেন্দ্রের জরুরি মেরামতের কারণে শনিবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৮ নভেম্বর) নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজারের অফিস থেকে পাঠানো এক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, জরুরি কাজের জন্য শনিবার সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভা, মোগড়াপাড়া ইউনিয়ন, সনমান্দী ইউনিয়নের আংশিক (বাংলাবাজার, দড়িকান্দী, কান্দাপাড়া, ঈমানেরকান্দী, অলিপুরা বাজার, সাজালেরকান্দী, মগবাজার), বৈদ্যারবাজার ইউনিয়নের আংশিক (বৈদ্যেরবাজার, সাহাপুর, সাতভাই পাড়া), পিরোজপুর ইউনিয়নের আংশিক (জিয়ানগর, ভাটিবন্দর, রতনপুর) এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে।
এছাড়া, গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সোনারগাঁ জোনাল অফিস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
নোটিশে আরো জানানো হয়েছে, সংস্কার কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশব্যাপী পতিত ফ্যাসিস্টদের অগ্নি সন্ত্রাস, জ্বালাও পোড়াও, নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর শুক্রবার বিকালে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে 'ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিশাল বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা এ সময় বলেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামীলীগ নেত্রী পালিয়ে গিয়ে নিরাপদে বসে এদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও পোড়াও করে অশান্তি সৃষ্টি করছে। বক্তারা উল্লেখ করেন, "তাদের সেই আশা গুড়েবালি। এদেশের গণতন্ত্রকামী হাজার হাজার নিরীহ ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে।" বক্তারা আরও বলেন, "শেষপর্যন্ত তাঁর পরিবারের সকল সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়ে তাঁবেদারি রাস্ট্রের সহযোগিতায় পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে।"
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ফ্যাসিবাদীদের মনের আশা কখনো পূর্ণ হবে না। বিগত ফ্যাসিবাদী সরকারের ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের উপর চালানো মামলা-হামলা ও জুলুমের কথা আমরা সহজে ভুলে যাইনি। বক্তারা ডিসেম্বরে ফ্যাসিবাদীদের আগমনের ধোয়া তুলে অপপ্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে সমাজের শান্তির বিঘ্নিত না করার আহ্বান জানান। উপজেলা ব্যাপী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হচ্ছে। বক্তারা বলেন, পাড়া মহল্লায় ঘাপটি মেরে থাকা কোন ফ্যাসিবাদী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজনগর উপজেলা বিএনপি মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে, যা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি রাজনগর বাজার অতিক্রম করে কলেজ পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। তিনি বলেন, "দেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছে। সারা দেশে ককটেল বোমা বিস্ফোরণ ও নৈরাজ্য সৃষ্টি করে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না।" তিনি আরও উল্লেখ করেন, "শেখ হাসিনা দেশে ফিরলে এক মাসের মধ্যেই তাঁর ফাঁসির কার্যক্রম বাস্তবায়িত হবে।"
নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মী আওয়ামী লীগের কারও সঙ্গে যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। "এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।" ডিসেম্বর মাসজুড়ে নেতাকর্মীদের সতর্ক থেকে দলীয় কর্মসূচি পালনের নির্দেশ দেন তিনি।
রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূর, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুকিত, মো. ফখরুল ইসলাম, বকশী মিছবাহুর রহমান ও হেলু মিয়া, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. এ. মুহিত, রাজনগর উপজেলা বিএনপির সহ সভাপতি কবির আহমদ, এম এ হাকিম বক্স সুন্দর জুবায়ের আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রুপক দেবসহ রাজনগর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ