শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:২৩ পি.এম
আদমদিঘী থানা পুলিশ সাইবার সুরক্ষা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিসরুল হামিদ ফুতু, যিনি আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক। এছাড়া, যুবলীগের সভাপতি শানিনুর ইসলাম মন্টি এবং সাবেক ছাত্রলীগ নেতা টিপু সুলতানও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।
স্থানীয় থানার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সান্তাহার শহরের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আদমদীঘী থানার ওসি মোঃ কামরুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সারাদেশে চলমান লকডাউনকে কেন্দ্র করে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, তারই মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের দ্বারা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই নাশকতার ফলে থানার ক্ষতি হয়। এ অবস্থায় উদ্ভূত ঝুঁকিপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় অসীম সাহসিকতা ও পেশাদারিত্ব প্রদর্শন করেছেন ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের প্রেক্ষাপটে অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি ও পাবলিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি হয়। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে একটি টিম দ্রুত ও সমন্বিত অভিযান পরিচালনা করে। তারা মুকসুদপুর থানার অস্ত্রাগার থেকে অস্ত্রসমূহ নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, কর্তব্যনিষ্ঠা এবং সাহসিকতার এই পদক্ষেপকে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার অঙ্গীকারের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এই দায়িত্বশীল ভূমিকা জেলার অন্যান্য পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও পেশাগত দায়বদ্ধতা বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করা হচ্ছে।
এমন গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান এবং তাঁর নেতৃত্বাধীন সকল অফিসার ও ফোর্সকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশ, জনগণ ও বাংলাদেশ পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে এই পেশাদারিত্ব ও সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে। একইসাথে, এ সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ওসি এবং তাঁর টিমকে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে, ওসি মো. বাবলুর রহমান খান ও তাঁর সাহসী টিমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়েছে, দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এই অনন্য দৃষ্টান্ত তাদের পুরো ব্যাচের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের জন্য দক্ষ প্রকৌশলী তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এই প্রতিষ্ঠানটি চারটি বিশেষায়িত বিভাগে উচ্চশিক্ষার সুযোগ, ব্যবহারিক প্রশিক্ষণ এবং আবাসিক সুবিধা প্রদান করে, যা বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য কারিগরি উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে।
গত ১৮ নভেম্বর, কলেজটির অবকাঠামোগত উন্নয়নের জন্য নতুন করে ৪১ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দিয়েছে বস্ত্র অধিদপ্তর। আগের বরাদ্দসহ, দুই ধাপে প্রতিষ্ঠানটির উন্নয়নে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৮৫ লাখ টাকায় পৌঁছেছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বস্ত্র অধিদপ্তর গত ১৮ নভেম্বর এ-সংক্রান্ত বরাদ্দ আদেশ জারি করেছে।
অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত আদেশে ২০২৬-২৭ অর্থবছরের ‘অন্যান্য ভবন ও স্থাপনা মেরামত’ খাতে এ অর্থ অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে একই প্রতিষ্ঠানের উন্নয়নে ৪৩ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
স্থানীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অবকাঠামোগত উন্নয়নে এই বরাদ্দ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'আকভানের' প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি ও হিমেল বাতাসের কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে বাকেরগঞ্জের তুলাতলি সেতু সংলগ্ন নদী তীরবর্তী বেদে পল্লীর বাসিন্দারা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে শুরু হওয়া টানা বৃষ্টির ফলে উপজেলা সদরের পার্শ্ববর্তী তুলাতলি সেতু সংলগ্ন নদীর তীরে অবস্থিত বেদে পল্লীর পলিথিন ও ত্রিপল টানানো ঝুপড়ি ঘরগুলোতে পানি ঢুকে পড়েছে, যার ফলে এখানকার বাসিন্দারা মানবেতর জীবন যাপন করছেন।
সরেজমিনে তুলাতলি নদীর তীরবর্তী এই বেদে পল্লীতে গিয়ে দেখা যায়, নদীর কিনারা ঘেঁষে সারি সারি কালো রঙের পলিথিনের ছাউনি দেওয়া অস্থায়ী ঘরগুলো বৃষ্টির পানিতে বসবাস অযোগ্য হয়ে পড়েছে। টানা দুই দিনের গুড়ি গুড়ি বৃষ্টির ফলে ঘরের ভিতরের মাটি নড়বড়ে হয়ে কর্দমাক্ত হয়ে গেছে এবং ছাউনি চুঁয়ে পানি পড়ে বিছানাপত্র ও কাপড় চোপড় ভিজে গেছে। অন্যদিকে, ভেজা মাটি ও স্যাতস্যাতে পরিবেশের কারণে অনেক পরিবার চুলা জ্বালাতে পারছে না।
বেদে পল্লীর বাসিন্দারা জানান, দুইদিন ধরে গুমোট আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে তাদের দৈনন্দিন আয় রোজগার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। বৈরী আবহাওয়ার ফলে হাতে কাজ না থাকায় তারা পরিবার পরিজন নিয়ে খাদ্য সমস্যায় পড়েছেন।
তুলাতলি তীরবর্তী বেদে পল্লীর বাসিন্দারা জানান, শীতের শুরুতে এমন দুর্যোগ কবলিত আবহাওয়ার কারণে তারা তাদের পল্লীর শিশু ও বৃদ্ধদের নিয়ে অধিক শঙ্কিত। কারণ ঠান্ডা আবহাওয়া ও স্যাতস্যাতে পরিবেশের কারণে রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১, সোনারগাঁ জোনাল অফিসের সোনারগাঁ-১ (৩০ এমভিএ) উপকেন্দ্রের জরুরি মেরামতের কারণে শনিবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্থানে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৮ নভেম্বর) নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজারের অফিস থেকে পাঠানো এক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, জরুরি কাজের জন্য শনিবার সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভা, মোগড়াপাড়া ইউনিয়ন, সনমান্দী ইউনিয়নের আংশিক (বাংলাবাজার, দড়িকান্দী, কান্দাপাড়া, ঈমানেরকান্দী, অলিপুরা বাজার, সাজালেরকান্দী, মগবাজার), বৈদ্যারবাজার ইউনিয়নের আংশিক (বৈদ্যেরবাজার, সাহাপুর, সাতভাই পাড়া), পিরোজপুর ইউনিয়নের আংশিক (জিয়ানগর, ভাটিবন্দর, রতনপুর) এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে।
এছাড়া, গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সোনারগাঁ জোনাল অফিস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
নোটিশে আরো জানানো হয়েছে, সংস্কার কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ