ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় ৯২তম স্থানে শাহরুখ খান


বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় ৯২তম স্থানে শাহরুখ খান

বিশ্ব চলচ্চিত্রের সেরা ১০০ তারকার তালিকায় বলিউডের কিং শাহরুখ খান একটি মর্যাদাপূর্ণ স্থান অর্জন করেছেন। আন্তর্জাতিক বিনোদনবিষয়ক সাময়িকী ‘ভ্যারাইটি’ প্রকাশিত এই তালিকায় তিনি ৯২তম অবস্থানে রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয় অভিনেতা হলেন শাহরুখ।

শাহরুখ খান তালিকায় বেশ কিছু জনপ্রিয় হলিউড তারকারও ওপরে অবস্থান করছেন। তাঁর পেছনে রয়েছেন জোয়াকিন ফিনিক্স, এমা স্টোন, জেন্ডায়া, এডি মারফি, সিলভেস্টার স্ট্যালোন ও হেনরি ফন্ডার মতো বিশিষ্ট তারকারা। চলচ্চিত্রে অভিনয়, পর্দায় উপস্থিতি এবং বিশ্ব সংস্কৃতিতে প্রভাবের বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করেছে ভ্যারাইটির সমালোচক দল।

সাময়িকীটি শাহরুখের চার দশকের অভিনয়জীবন এবং ৯০টির বেশি চলচ্চিত্রে কাজের বিষয়টিকে বিশেষভাবে তুলে ধরেছে। রোমান্টিক চরিত্রের পাশাপাশি নাটকীয় অভিনয় ও সহজাত রসবোধের মাধ্যমে দর্শকদের কাছে তাঁর গ্রহণযোগ্যতার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: দর্শক-শিল্পী সম্পর্ক অপেরার পরিবেশনাকে জীবন্ত করে তোলে

এদিকে, শাহরুখের দীর্ঘ অভিনয়জীবনের প্রতিনিধিত্বকারী সিনেমা হিসেবে ভ্যারাইটি বেছে নিয়েছে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় ২০০২ সালে মুক্তি পাওয়া ‘দেবদাস’। এই সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ।

ভ্যারাইটির তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরো। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে হামফ্রে বোগার্ট ও চার্লি চ্যাপলিন রয়েছেন। সেরা দশে আরও অন্তর্ভুক্ত আছেন জ্যাক নিকলসন, ক্যাথরিন হেপবার্ন, সিডনি পোয়েটিয়ার, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড।

এছাড়া, শাহরুখ খানকে সামনে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায়। ছবিটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি ও অনিল কাপুরসহ আরও অনেকে।

আরও পড়ুন: পরিচালকের আচরণ নিয়ে বিতর্কে মুখ খুললেন কীর্তি সুরেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, জাতিসংঘের জলবায়ু সম্মেলন চুক্তি ছাড়াই শেষ হওয়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, জাতিসংঘের জলবায়ু সম্মেলন চুক্তি ছাড়াই শেষ হওয়ার শঙ্কা

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়টি নিয়ে দেশগুলোর মধ্যে তীব্র মতবিরোধের ফলস্বরূপ জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন চুক্তি ছাড়াই শেষ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার সম্মেলনের শেষ পর্যায়ের আলোচনা শুরু হলেও প্রস্তাবিত চুক্তির খসড়ায় জলবায়ু উষ্ণায়নের জন্য দায়ী তেল, গ্যাস ও কয়লার ব্যবহার কমানোর বিষয়ে কোনো উল্লেখ না থাকায় দেশগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে। ফলে নির্ধারিত সময়ের পরও আলোচনা চলতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আনতালিয়ায় টানা দুই সপ্তাহের আলোচনা শেষে প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য শেষ মুহূর্তের জোর প্রচেষ্টা চালাচ্ছেন। তবে পরিস্থিতি বিবেচনায় সম্মেলনের আলোচনা নির্ধারিত সময়ের বাইরে গড়িয়ে সপ্তাহান্ত পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা বিশ্বজুড়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে। ইউরোপের তীব্র তাপপ্রবাহ, নেপালের ভয়াবহ বন্যা এবং বিশ্বজুড়ে নতুন করে বিপর্যয় বাড়িয়ে তোলা রেকর্ড সৃষ্টিকারী এল নিনো পরিস্থিতি সেই বাস্তবতাই তুলে ধরছে।

এর মধ্যে ইরানের যুদ্ধ এবং তেলের দামের আকস্মিক উল্লম্ফন আলোচনাকে আরও জটিল করে তুলেছে। জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কতটা থাকবে, তা নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য আরও তীব্র হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত চুক্তির প্রাথমিক খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধাপে ধাপে বন্ধ করার উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

কিন্তু বৃহস্পতিবার কপ৩১-এর সহ-আয়োজক অস্ট্রেলিয়া প্রকাশিত নতুন খসড়ায় তেল, গ্যাস ও কয়লার বিষয়ে কোনো উল্লেখ রাখা হয়নি। জলবায়ু পরিবর্তনের জন্য এই তিনটি জ্বালানিই প্রধানত দায়ী।

ফ্রান্সের পরিবেশগত রূপান্তরবিষয়ক মন্ত্রী মনিক বারবু এ বিষয়টিকে খসড়া চুক্তির জন্য ‘একটি কালো দাগ’ বলে মন্তব্য করেছেন।

কপ৩১-এর আলোচনা পরিচালনার দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে ঐকমত্যের বিষয়টি পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা আলোচনা ও দর-কষাকষি চালিয়ে যাব।’

অর্থনীতিকে বিদ্যুৎনির্ভর করার উদ্যোগ

২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ২৮ সম্মেলনে দেশগুলো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়ে একমত হয়েছিল। তবে এ জন্য কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বা সময়সীমা নির্ধারণ করা হয়নি। এরপর থেকে তেল উৎপাদনকারী দেশগুলো বিষয়টি আবার আলোচনায় আনার প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে আসছে।

গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনও জীবাশ্ম জ্বালানির বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল। এরপর জাতিসংঘের আনুষ্ঠানিক প্রক্রিয়ার বাইরে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধে নিজস্ব উদ্যোগ নিতে শুরু করে বিভিন্ন দেশ।

ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্টসের জলবায়ু কর্মসূচির পরিচালক র‌্যাচেল ক্লিটাস বলেন, ‘জীবাশ্ম জ্বালানির স্বার্থে পরিচালিত দেশগুলো দ্রুত ও ন্যায়সংগতভাবে এই জ্বালানির ব্যবহার থেকে সরে আসার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে।’

এদিকে সম্মেলনের আয়োজক দেশ তুরস্ক ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি চাহিদার অন্তত ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে পূরণের একটি স্বেচ্ছামূলক অঙ্গীকারে দেশগুলোকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।

চুক্তির খসড়ায় তুরস্কের এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতিকে বিদ্যুৎনির্ভর করার পদক্ষেপ জ্বালানি নিরাপত্তা জোরদার এবং জলবায়ু উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

তবে কয়েকটি দেশ উদ্বেগ জানিয়েছেন, খসড়ায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের উৎস অবশ্যই পরিচ্ছন্ন জ্বালানি হতে হবে—এমন কোনো স্পষ্ট শর্ত নেই। ফলে কয়লা বা গ্যাস পুড়িয়েও এই বিদ্যুৎ উৎপাদন করা হতে পারে।

ফ্রান্সের মন্ত্রী বারবু বলেন, ‘আমরা পরিচ্ছন্ন বিদ্যুতায়নের পক্ষে লড়াই চালিয়ে যাব।’

এ ছাড়া কার্বন ধারণ, ব্যবহার ও সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানানো নিয়েও কয়েকটি দেশ আপত্তি তুলেছে। সমালোচকদের মতে, এই প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল এবং দূষণ কমানোর মূল উদ্যোগ থেকে মনোযোগ সরিয়ে দিতে পারে।

ভানুয়াতুর জলবায়ুমন্ত্রী রালফ রেগেনভানু এএফপিকে বলেন, সর্বশেষ খসড়া চুক্তিতে এই প্রযুক্তিকে এমনভাবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা পাওয়ার যোগ্য নয়।

জলবায়ুবিজ্ঞান নিয়েও মতবিরোধ

কপ৩১ সম্মেলনে জলবায়ুবিজ্ঞান নিয়েও নতুন করে বিরোধ দেখা দিয়েছে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি)-এর পরবর্তী মূল্যায়ন প্রতিবেদন প্রকাশের সময় নিয়ে দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য মতপার্থক্য তৈরি হয়েছে।

সর্বশেষ খসড়া চুক্তিতে আইপিসিসির গুরুত্বের বিষয়টি তুলে ধরা হয়েছে।

কয়েক ডজন দেশ চায়, ২০২৮ সালে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানোর অগ্রগতি পর্যালোচনার আগেই আইপিসিসির পরবর্তী মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করা হোক। তবে সৌদি আরব ও ভারতসহ অল্প কয়েকটি দেশ প্রতিবেদন প্রকাশ ২০২৯ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার পক্ষে।

খসড়া চুক্তিতে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য ভেঙে যাওয়ার আসন্ন আশঙ্কায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়নের বিষয়টিও এখনো অমীমাংসিত রয়ে গেছে।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও তার সঙ্গে খাপ খাইয়ে নিতে সংগ্রাম করা দেশগুলোকে আরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়ে আসছে উন্নয়নশীল দেশগুলো। তবে বাজেটের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ধনী দেশগুলো এই সহায়তা বাড়াতে অনীহা প্রকাশ করেছে।

তাদের যুক্তি, চীনের মতো বড় উদীয়মান অর্থনীতির দেশগুলোকেও জলবায়ু তহবিলে অবদান রাখতে হবে।

খসড়া চুক্তিতে ২০৩৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন তিন গুণ বাড়ানোর বিষয়ে আরও আলোচনার প্রস্তাব রাখা হয়েছে। তবে উন্নয়নশীল দেশগুলোর দাবি করা ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা খসড়া থেকে বাদ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার সামনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার সামনে আগুন

সিলেট নগরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার সামনে আগুন দেওয়ার একটি ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর নেই।

শুক্রবার ভোর ৫টার দিকে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় আগুনের এই ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের দাবি, আগুনের উৎস হিসেবে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে পুলিশ বলছে, কাপড় বা কাগজ জাতীয় কিছুতে আগুন দেওয়া হয়েছে।

উপ-পুলিশ কমিশনার আফজাল হোসেন জানিয়েছেন, ‘বাসায় আগুন না, যেটা হলো বাসার সামনে গলির গেইট আছে। গেইট পার হলে অনেকগুলো বাসা, তার মধ্যে উনার একটি বাসা। গেইটের সামনে একটু অগ্নিসংযোগ করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘কাপড় বা কাগজ জাতীয় কোনো কিছুতে আগুন দেওয়া হয়েছিল। পেট্রল বোমা জাতীয় কিছু না।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট মুশফিকের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট মুশফিকের

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি আবেগঘন পোস্ট প্রকাশ করেছেন।

তিনি প্রধানমন্ত্রীকে সুস্বাস্থ্য কামনা করে লিখেছেন, ‘আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মহান রাব্বুল আলামিনের অপার অনুগ্রহ কামনা করি। প্রধানমন্ত্রী তারেক রহমান একজন বিনয়ী ও নিরহঙ্কারী মানুষ, যিনি তার উদার ও সাবলীল স্বভাবের জন্য পরিচিত। যদিও কিছু মানুষ তার এই গুণের সুযোগ নেয়ার চেষ্টা করেন, তবে তিনি শেষ পর্যন্ত মানুষের প্রকৃত চিন্তা বুঝতে সক্ষম। ব্যক্তিগত আলাপচারিতায় যুক্তি ও বিচক্ষণতার পাশাপাশি, তার আন্তরিকতা ও সৌহার্দ্য অনুভব করি। আমি বিভিন্ন বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি নিঃসংকোচে শেয়ার করার সুযোগ পেয়েছি।

শেষে তিনি উল্লেখ করেছেন, ‘ম্যাডাম খালেদা জিয়ার মতো তিনিও আমার ব্যক্তিগত অর্জনে খুশি হন বলেই জানি। যেমন তিনি তৃপ্ত হয়েছিলেন ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক রাষ্ট্রদূত হিসেবে আমার নিয়োগে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেনে নিন, জ্বর হলে গোসল করবেন কিনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


জেনে নিন, জ্বর হলে গোসল করবেন কিনা

জ্বর হলে গোসল করা সম্পূর্ণ নিরাপদ এবং এটি শরীরের তাপমাত্রা কমাতে সহায়ক। তবে গোসলের সময় স্বাভাবিক অথবা হালকা কুসুম কুসুম গরম পানি ব্যবহার করা উচিত। হালকা কুসুম কুসুম গরম পানিতে গোসল করলে ত্বকের মাধ্যমে শরীরের অতিরিক্ত তাপ বেরিয়ে যায়। এটি জ্বরের তীব্রতা কমাতে সহায়তা করে।

জ্বরের সময় ঘাম ও জীবাণু জমে শরীর অস্বস্তিকর হয়ে ওঠে। গোসল করলে ত্বক পরিষ্কার থাকে এবং শরীর অনেকটা ঝরঝরে অনুভব করে। কুসুম গরম পানি শরীরের জড়তা এবং হাত-পায়ের ব্যথা কমাতে সাহায্য করে। জ্বর সারাতে শুধুমাত্র ওষুধ গ্রহণই যথেষ্ট নয়। শরীরকে সুস্থ হয়ে ওঠার জন্য পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশের প্রয়োজন হয়। রোগপ্রতিরোধ ক্ষমতাকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সুযোগ দিতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন।

অনেকে মনে করেন— জ্বর কমানোর জন্য বরফঠান্ডা পানি দিয়ে গোসল করা উপকারী। কিন্তু এটি সঠিক নয়; বরং অতিরিক্ত ঠান্ডা পানি শরীরে কাঁপুনি সৃষ্টি করতে পারে। ফলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। তাই জ্বরের সময় ঠান্ডা পানির পরিবর্তে হালকা গরম বা কুসুম কুসুম গরম পানিতে গোসল করা উত্তম। প্রয়োজনে কুসুম কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছেও নেওয়া যেতে পারে। বরফশীতল বা অতিরিক্ত ঠান্ডা পানিতে কখনোই গোসল করবেন না।

ঠান্ডা পানিতে গোসল করলে কাঁপুনি শুরু হতে পারে এবং শরীরের ভেতরের তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। অতিরিক্ত গরম পানিও ব্যবহার করা উচিত নয়। ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস বা শরীরের তাপমাত্রার চেয়ে সামান্য কম তাপমাত্রার কুসুম কুসুম গরম পানি ব্যবহার করুন।

বর্তমানে ঘরে ঘরে জ্বর হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাবার গ্রহণ করলে জ্বর ধীরে ধীরে সেরে যায়। কিন্তু জ্বরের সময় কিছু সাধারণ ভুল সুস্থতার পথে বাধা হয়ে দাঁড়ায়।

জ্বর হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং ঘামের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। ফলে শরীরে ডিহাইড্রেশন বা পানির ঘাটতি দেখা দিতে পারে। তাই জ্বরের সময় নিয়মিত অল্প অল্প করে পানি খাওয়া জরুরি। এর পাশাপাশি খাবার স্যালাইন, ডাবের পানি, হালকা স্যুপ অথবা তাজা ফলের রস খেলে উপকার পাওয়া যায়। এতে মাথা ঘোরা, মাথাব্যথা ও দুর্বলতার মতো সমস্যা এড়ানো সম্ভব।

যদিও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সময় শরীরের বেশিরভাগ শক্তি রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় রাখতে ব্যয় হয়, ফলে হজমের প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যেতে পারে। এ কারণে জ্বরের সময় ভাজাভুজি, অতিরিক্ত মসলাদার বা ভারি খাবার এড়িয়ে চলা উচিত। তার পরিবর্তে ভাত, খিচুড়ি, ডাল, পায়েস বা জাউয়ের মতো হালকা ও সহজপাচ্য খাবার গ্রহণ করা উচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%