শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:২২ পি.এম
সরকার দেশজুড়ে অভিন্ন টোল কালেকশন ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যবস্থার মাধ্যমে একটি অ্যাপ, সফটওয়্যার অথবা অ্যাকাউন্ট ব্যবহার করে দেশের বিভিন্ন সেতু, ফ্লাইওভার ও টোল প্লাজায় টোল পরিশোধ করা সম্ভব হবে। সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ আশা প্রকাশ করেছেন যে, আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই এই সেবা চালু করা সম্ভব হবে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত একটি কর্মশালায় তিনি এসব কথা বলেন। এই কর্মশালার আয়োজন করা হয়েছিল যোগাযোগ বিটের পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড’ (আরআরআর)-এর সদস্যদের তিন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করার জন্য।
মোহাম্মদ আবদুর রউফ উল্লেখ করেন, ইউনিফায়েড ন্যাশনাল ইটিসি (ইউওএনএফ) ফ্রেমওয়ার্কের আওতায় সারা দেশে একই টোল সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটি টোল সিস্টেমে যেন একই অ্যাপস, সফটওয়্যার অথবা একটি অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করা যায়, সে লক্ষ্যে কাজ চলছে।
তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার, চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভার, পদ্মা, যমুনা, কর্ণফুলী ও মুক্তারপুর সেতুর টোল প্লাজাগুলো এপিআইয়ের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত করা হবে। এপিআই এমন একটি প্রযুক্তি, যা দুটি ভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মধ্যে তথ্য আদান-প্রদান ও যোগাযোগের সুবিধা প্রদান করে।
সেতু বিভাগের সচিব জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কেন্দ্রীয়ভাবে সফটওয়্যার ও অ্যাপ তৈরি করছে। পরে দরপত্রের মাধ্যমে দুটি পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) নিয়োগ দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে সফটওয়্যার পাওয়া গেলে আগামী রোজার ঈদের আগেই এই সেবা চালু করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।
নতুন ব্যবস্থায় টোলের অর্থ স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট সংস্থার হিসাবে জমা হবে। তিনি বলেন, এপিআই যুক্ত থাকলে যে যানবাহন যেখানে যাবে, সে বিভাগ সে টাকা পাবে। যেমন—সেতুর টাকা সেতুর অ্যাকাউন্টে, সড়কের টাকা সড়কের অ্যাকাউন্টে স্বচ্ছতা ও রিয়েল-টাইম ডেটাসহ জমা হবে।
তবে এই ব্যবস্থা কার্যকর করতে সব টোল প্লাজায় একই স্পেসিফিকেশনের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) রিডার, অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন ক্যামেরাসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করতে হবে। এ জন্য একটি টেকনিক্যাল কমিটি অভিন্ন স্পেসিফিকেশন নির্ধারণ করেছে বলেও তিনি জানান।
বর্তমানে সড়কপথে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দিতে বিভিন্ন সংস্থার আলাদা নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। তবে নতুন ব্যবস্থায় এ ধরনের ভোগান্তি থাকবে না বলে সেতু বিভাগের সচিব নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাড়ির মালিকরা ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের মূল তথ্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার থেকে সংগ্রহ করা হবে। পাশাপাশি আরএফআইডি ট্যাগ ও রিড ক্যাপাসিটিসংক্রান্ত সমস্যাগুলো সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে।
যেসব টোল প্লাজা এই ব্যবস্থার আওতায় আসবে, সেখানে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারবে। বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক কিংবা ভিসা কার্ডের মতো বাংলাদেশ ব্যাংক স্বীকৃত বিভিন্ন পেমেন্ট মাধ্যম যুক্ত করে একটি ওয়ালেটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যাবে।
এতে যানবাহন ঘণ্টায় ৪০ থেকে ৮০ কিলোমিটার গতিতে চললেও টোল দেওয়ার জন্য থামতে হবে না। গাড়ি টোল প্লাজা অতিক্রম করার সময় স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ওয়ালেট থেকে নির্ধারিত টাকা কেটে নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আদমদিঘী থানা পুলিশ সাইবার সুরক্ষা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিসরুল হামিদ ফুতু, যিনি আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক। এছাড়া, যুবলীগের সভাপতি শানিনুর ইসলাম মন্টি এবং সাবেক ছাত্রলীগ নেতা টিপু সুলতানও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।
স্থানীয় থানার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সান্তাহার শহরের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আদমদীঘী থানার ওসি মোঃ কামরুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সারাদেশে চলমান লকডাউনকে কেন্দ্র করে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, তারই মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের দ্বারা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই নাশকতার ফলে থানার ক্ষতি হয়। এ অবস্থায় উদ্ভূত ঝুঁকিপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় অসীম সাহসিকতা ও পেশাদারিত্ব প্রদর্শন করেছেন ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের প্রেক্ষাপটে অস্ত্রাগারে সংরক্ষিত সরকারি ও পাবলিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি হয়। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে একটি টিম দ্রুত ও সমন্বিত অভিযান পরিচালনা করে। তারা মুকসুদপুর থানার অস্ত্রাগার থেকে অস্ত্রসমূহ নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, কর্তব্যনিষ্ঠা এবং সাহসিকতার এই পদক্ষেপকে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষার অঙ্গীকারের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এই দায়িত্বশীল ভূমিকা জেলার অন্যান্য পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও পেশাগত দায়বদ্ধতা বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করা হচ্ছে।
এমন গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান এবং তাঁর নেতৃত্বাধীন সকল অফিসার ও ফোর্সকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশ, জনগণ ও বাংলাদেশ পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে এই পেশাদারিত্ব ও সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে। একইসাথে, এ সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ওসি এবং তাঁর টিমকে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে, ওসি মো. বাবলুর রহমান খান ও তাঁর সাহসী টিমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়েছে, দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এই অনন্য দৃষ্টান্ত তাদের পুরো ব্যাচের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের জন্য দক্ষ প্রকৌশলী তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এই প্রতিষ্ঠানটি চারটি বিশেষায়িত বিভাগে উচ্চশিক্ষার সুযোগ, ব্যবহারিক প্রশিক্ষণ এবং আবাসিক সুবিধা প্রদান করে, যা বৃহত্তর নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য কারিগরি উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে।
গত ১৮ নভেম্বর, কলেজটির অবকাঠামোগত উন্নয়নের জন্য নতুন করে ৪১ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দিয়েছে বস্ত্র অধিদপ্তর। আগের বরাদ্দসহ, দুই ধাপে প্রতিষ্ঠানটির উন্নয়নে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৮৫ লাখ টাকায় পৌঁছেছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বস্ত্র অধিদপ্তর গত ১৮ নভেম্বর এ-সংক্রান্ত বরাদ্দ আদেশ জারি করেছে।
অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত আদেশে ২০২৬-২৭ অর্থবছরের ‘অন্যান্য ভবন ও স্থাপনা মেরামত’ খাতে এ অর্থ অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে একই প্রতিষ্ঠানের উন্নয়নে ৪৩ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।
স্থানীয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অবকাঠামোগত উন্নয়নে এই বরাদ্দ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'আকভানের' প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি ও হিমেল বাতাসের কারণে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে বাকেরগঞ্জের তুলাতলি সেতু সংলগ্ন নদী তীরবর্তী বেদে পল্লীর বাসিন্দারা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে শুরু হওয়া টানা বৃষ্টির ফলে উপজেলা সদরের পার্শ্ববর্তী তুলাতলি সেতু সংলগ্ন নদীর তীরে অবস্থিত বেদে পল্লীর পলিথিন ও ত্রিপল টানানো ঝুপড়ি ঘরগুলোতে পানি ঢুকে পড়েছে, যার ফলে এখানকার বাসিন্দারা মানবেতর জীবন যাপন করছেন।
সরেজমিনে তুলাতলি নদীর তীরবর্তী এই বেদে পল্লীতে গিয়ে দেখা যায়, নদীর কিনারা ঘেঁষে সারি সারি কালো রঙের পলিথিনের ছাউনি দেওয়া অস্থায়ী ঘরগুলো বৃষ্টির পানিতে বসবাস অযোগ্য হয়ে পড়েছে। টানা দুই দিনের গুড়ি গুড়ি বৃষ্টির ফলে ঘরের ভিতরের মাটি নড়বড়ে হয়ে কর্দমাক্ত হয়ে গেছে এবং ছাউনি চুঁয়ে পানি পড়ে বিছানাপত্র ও কাপড় চোপড় ভিজে গেছে। অন্যদিকে, ভেজা মাটি ও স্যাতস্যাতে পরিবেশের কারণে অনেক পরিবার চুলা জ্বালাতে পারছে না।
বেদে পল্লীর বাসিন্দারা জানান, দুইদিন ধরে গুমোট আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে তাদের দৈনন্দিন আয় রোজগার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। বৈরী আবহাওয়ার ফলে হাতে কাজ না থাকায় তারা পরিবার পরিজন নিয়ে খাদ্য সমস্যায় পড়েছেন।
তুলাতলি তীরবর্তী বেদে পল্লীর বাসিন্দারা জানান, শীতের শুরুতে এমন দুর্যোগ কবলিত আবহাওয়ার কারণে তারা তাদের পল্লীর শিশু ও বৃদ্ধদের নিয়ে অধিক শঙ্কিত। কারণ ঠান্ডা আবহাওয়া ও স্যাতস্যাতে পরিবেশের কারণে রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ