শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:১৩ পি.এম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসর এবং গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় হয়ে উঠেছে।
তিনি শুক্রবার (২০ নভেম্বর) বিকালে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন।
রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, গণতন্ত্রবিরোধী ওই ব্যক্তি ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন। তিনি বলেন, তাদের অবৈধ টাকার অভাব নেই। টাকা পাচার করেও দেশের ভেতরে প্রচুর টাকা রয়েছে। ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা অবৈধ টাকা দিয়ে সন্ত্রাসী টোকাইদের দিয়ে বাড়ি-গাড়িতে আগুন লাগাচ্ছে। শুধু বিএনপির নেতাকর্মীদের নয়, গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেওয়া ভিন্ন দলের নেতাদের বাড়িতেও আগুন দেওয়া হচ্ছে। তিনি জানান, এই মদদ আসছে পার্শ্ববর্তী দেশ থেকে।
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার লাশ দরকার। তার দলের নেতাকর্মীর লাশ হলেই তার ভালো হয়। আন্দোলন বেগবান করার জন্যই তার লাশ প্রয়োজন।
রুহুল কবির রিজভী দাবি করেন, ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং পুলিশ প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে সক্রিয় রয়েছে। তিনি মন্তব্য করেন যে, তাদের সক্রিয়তার কারণে বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও গত তিন দিনে দলের তিন নেতাকে হত্যার শিকার হতে হয়েছে।
যশোর জেলা বিএনপির আয়োজনে এ স্মরণসভায় আরও বক্তব্য দেন বন-পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা, যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এইচ এম আবু জাফর ৬২ টি আলাদা ধরনের গাছের চারা রোপন করেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে এই পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করেন ছাত্রদলের এই নেতা। এসময় ৬২ রকমের ফল, ফুল ও বনজ গাছের চারা রোপন করেন নেতাকর্মীরা। উল্লেখযোগ্য গাছগুলোর মধ্যে রয়েছে: আমগাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, কাঠগোলাপ গাছ, নিমগাছ, বাগানবিলাস গাছ, বাদাম গাছ, রেইনট্রি গাছ, কৃষ্ণচূড়া গাছ, মেহগনি গাছ, রঙ্গন গাছ, নারিকেল গাছসহ অন্যান্য পরিবেশবান্ধব গাছের চারা।
ছাত্রদল সহ সভাপতি এইচ এম আবু জাফর বলেন, "প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংঠনিক অভিভাবক তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে আমরা ৬২ রকমের ৬২ টি ফল গাছ, ফুল গাছ, বনজ বৃক্ষ, ঔষুধি গাছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের চারপাশে রোপণ করেছি। আমাদের আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষময় সবুজ রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। সেজন্য ৬২ টি ভিন্ন রকমের গাছ লাগানোর মাধ্যমে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।"
তিনি আরও বলেন, "তারেক রহমান গত ১৬ বছর লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন। জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ৫৬ হাজার বর্গমাইলের পথে প্রান্তরে ছুটে বেড়াচ্ছেন। করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানের মাধ্যমে একটি মর্যাদাপূর্ন সার্বভৌম বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন। তার এই স্লোগানের বাস্তবায়ন আজকের এই জন্মদিন গাছ লাগানোর মাধ্যমে পালন করা। তার জন্ম বাংলাদেশকে আলোকিত ও গৌগৌরবান্বিত করেছে।"
এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, ফারহান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু, জিয়াউল হক জিয়া, রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল খান রাহাত, তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য নাজমুল হাসান পাপন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাশেদ, রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমানসহ অন্যান্য নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
যেসব ৬২ রকমের গাছ লাগানো হয় - বাদাম, চাম্বল, মেহগনি, আকাশমনি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, রেইনট্রি, বট, অর্জুন, বয়েরা, হরতকি, সিজিয়াম, ক্রিসমাস, ঝাউ, আম, জাম, কাঠাল, লিচু, পেয়ারা, আমড়া, সফেদা, কামরাঙ্গা, আনার, জলপাই, আমলকি, কদবেল, করমজা, লেবু, বড়ই, কাঠগোলাপ, বাঁশ, নিম, নারিকেল, সুপারি, খেজুর, এরিকে পদ্ম, পিচুরি পাম, রাবিশ পাম, আম্ব্রেলা, তেজপাতা, দারুচিনি, দেবদারু, নাগাচুরা, রঙ্গন, জবা, হাসনাহেনা, নাকফুল, বাগানবিলাস, পেয়ারা, বকুল ফুল, চাঁদনী ফুল, আপেল পাতা, বোতল ব্রাকা ফুল, চায়না ডল, পোলাপাতা, চেরি ফুল, ক্যামেলিয়া ফুল, সোনালু কাঠ, মেহেদী গাছ, ডেরেসিনা শোভা, জাপানিক এশিয়া ফুল, নাগাসিয়া।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুর কবীর রিজভী মন্তব্য করেছেন, সম্মিলিত গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তিনি উল্লেখ করেন, "আমরা তার মতো আচরণ করতে পারি না।" রিজভী বলেন, তারা একটি স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছেন, যাতে শেখ হাসিনার মতো ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে।
শুক্রবার (২০ নভেম্বর) যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, যা বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়।
রিজভী আরও বলেন, দেশের জনগণ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ চায়। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেই লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, "শেখ হাসিনার মতো গুম-খুন ও ক্রস ফায়ার দিয়ে ভিন্ন মতকে দমন করতে হবে, এই বিশ্বাস তারেক রহমানের সরকার করছে না।"
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, গণতন্ত্রবিরোধী শক্তি দেশে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করছে। তিনি বলেন, "ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিটি বাইরে পালিয়ে থেকে দেশের অভ্যন্তরে মদদ দিচ্ছে।" তিনি অভিযোগ করেন, তার কাছে টাকার অভাব নেই, কারণ তিনি বিদেশে অনেক টাকা পাচার করেছেন এবং দেশের অভ্যন্তরেও তার প্রচুর অর্থ রয়েছে।
রিজভী বলেন, "তার অনেক অনুসারী দেশের মধ্যে ঘাপটি মেরে আছে। সন্ত্রাসী-টোকাইদের মাধ্যমে তারা মানুষের বাড়ি-গাড়িতে আগুন দিচ্ছে।"
তিনি তরিকুল ইসলামের রাজনৈতিক জীবনের প্রশংসা করে বলেন, তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ। রিজভী বলেন, "তিনি জীবনের শুরু থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে রাজনীতি করেছেন।" তিনি আন্দোলন-সংগ্রাম ও অভিজ্ঞতা সঞ্চয় করে সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক নেতা হিসেবে নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
রিজভী আরও বলেন, তরিকুল ইসলাম ছিলেন অসাধারণ নেতৃত্বের অধিকারী। তিনি ছাত্রজীবন থেকে সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছেন। রিজভী বলেন, "তরিকুল ইসলাম একজন প্রগতিশীল ছাত্ররাজনীতি করেছেন।" তিনি মাওলানা ভাসানীর শিষ্য ছিলেন এবং আজীবন কায়েমি স্বার্থবাদীদের বিপক্ষে কাজ করেছেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর। বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, যশোর -৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নড়াইলে বিএনপির দুই নেতার হত্যার জন্য সাবেক এমপি ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন তার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমজনতার দল’ এর উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে রাশেদ খাঁন এ দাবি তুলে ধরেন।
তিনি মন্তব্য করেন, "আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই। বরং এই দলটি এখন দেউলিয়া হয়ে হায়েনার মতো হিংস্র হয়ে উঠেছে।" তিনি আরও বলেন, জামায়াত এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।
রাশেদ খাঁন বলেন, "গোপালগঞ্জকে কয়েকটি জেলার মধ্যে ভাগ করে দেওয়ার বিষয়ে ওসমান হাদির ভবিষ্যৎবাণী সত্য মনে হচ্ছে।" তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস করছে। এই সন্ত্রাসীদের প্রতিহত করতে কোনও শর্ত থাকতে পারে না।
সমাবেশের সভাপতিত্ব করেন আমজনতার দলের সভাপতি তারেক রহমান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন করে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরে এসেছেন বিএনপির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে একটি বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। ১৫ নভেম্বর, সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার সময় বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পুনরায় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সন্ধ্যায় চিকিৎসা শেষে তিনি ঢাকায় ফিরেছেন। এই সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী বিলকিস আকতার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ