প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মঞ্চে শিল্পী একা নন, দর্শকও তাদের সঙ্গে থাকে। পরিবেশনার সময় দর্শকের প্রতিক্রিয়া শিল্পীকে প্রভাবিত করে, আবার শিল্পীর প্রকাশ দর্শকের মনে নানা অনুভূতি তৈরি করে। ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক পেইন মনে করেন, এই পারস্পরিক যোগাযোগ ছাড়া পরিবেশনা পূর্ণতা পায় না। তার কাছে অপেরা কেবল কণ্ঠ ও সংগীতের কারুকাজ নয়; এটি মানুষের অনুভূতি প্রকাশের একটি মাধ্যমও। পিয়ানিস্ট ও সংগীত রচয়িতা ফ্যাব্রিস মেইত্রের কাছে সংগীত হচ্ছে নিজের ভেতরের কথা বলার ভাষা।
দুজনের কাজের ধরন আলাদা। একজন মঞ্চে চরিত্রের আবেগকে কণ্ঠে ধারণ করেন, অন্যজন সংগীতের মাধ্যমে অনুভূতির প্রকাশ ঘটান। প্রায় পাঁচ বছর ধরে তারা একসঙ্গে কাজ করছেন। এই সময়ে নিজেদের ভিন্ন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তাদের সৃজনশীল কাজে যেমন প্রভাব ফেলেছে, তেমনি নতুন ভাবনার পথও খুলেছে।
বাংলাদেশে ফরাসি ও বাংলা অপেরার সম্মিলিত পরিবেশনায় অংশ নিতে ঢাকায় এসেছেন এই দুই শিল্পী। তাদের সঙ্গে কথা হয়েছে অপেরার প্রচলিত ধারণা, সংগীতচর্চা, শিল্পীর প্রস্তুতি, দর্শকের ভূমিকা এবং বাংলা গানের বৈশিষ্ট্য নিয়ে।
প্রশ্ন: মঞ্চে পরিবেশনার সময় দর্শকের প্রতিক্রিয়া কী আপনার কাজের ধরন বদলে দেয়?
ভেরোনিক: দর্শক পরিবেশনার অপরিহার্য অংশ। তাদের সঙ্গে শিল্পীর এক ধরনের সরাসরি যোগাযোগ তৈরি হয়। আমরা মঞ্চে যা প্রকাশ করি, দর্শক তা অনুভব করেন। তাদের প্রতিক্রিয়াও আমাদের কাছে ফিরে আসে। এই আদান-প্রদান পরিবেশনাকে জীবন্ত করে তোলে। আমি অডিশন বা প্রতিযোগিতার চেয়ে মানুষের সঙ্গে এই সরাসরি সংযোগকে বেশি গুরুত্ব দিই।
প্রশ্ন: অপেরার গল্প ও সংগীতের জটিলতা নতুন দর্শকের জন্য বাধা হয়ে দাঁড়ায় কী?
ভেরোনিক: অপেরা নিয়ে অনেকের ধারণা, এটি বুঝতে হলে বিশেষ জ্ঞান বা অভিজাত পরিবেশের প্রয়োজন। অথচ এর গল্পগুলো মানুষের খুব পরিচিত জীবন থেকেই আসে। ভালোবাসা, ঈর্ষা, সম্পর্কের সংকট—এসবই অপেরার গল্পে থাকে। পার্থক্য হলো, সাধারণ এসব অনুভূতিকে সংগীতের অসাধারণ প্রকাশভঙ্গিতে তুলে ধরা হয়। অবশ্য আধুনিক দর্শকের কাছে বড় অর্কেস্ট্রা কিংবা অনেক শিল্পীর অংশগ্রহণের পরিবেশনা কিছুটা জটিল মনে হতে পারে। কিন্তু অপেরা উপভোগ করতে হলে আগে থেকে সবকিছু জানা জরুরি নয়। আমি চাই, আরও বেশি মানুষ এর সঙ্গে পরিচিত হোক।
প্রশ্ন: অপেরায় সুরকারের নির্দেশনা মেনে চলতে হয়। সেখানে পরিবেশকের নিজস্ব সৃজনশীলতার জায়গা কোথায়?
ফ্যাব্রিস: অপেরা একটি নির্দিষ্ট সংগীতরচনা। সুরকার যে ছন্দ, সূক্ষ্মতা ও ব্যাখ্যা রেখে গেছেন, সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। তবে শিল্পী নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি দিয়ে সেই রচনাকে প্রকাশ করেন। ফলে একই সংগীত ভিন্ন শিল্পীর কাছে ভিন্নভাবে ধরা দিতে পারে। গল্পের কাঠামো নির্ধারিত থাকলেও পরিবেশনার অভিজ্ঞতা একেকবার একেক রকম হয়।
প্রশ্ন: চরিত্রের সঙ্গে নিজেকে একাত্ম করার প্রক্রিয়াটি কেমন?
ভেরোনিক: কোনো চরিত্রের কাজ হাতে পেলে প্রথমে সংগীত ও গানের কথাগুলো শেখার চেষ্টা করি। এরপর চরিত্রটির অনুভূতি বোঝার জন্য সময় নিই। তার জায়গায় নিজেকে কল্পনা করি, সুরকার কীভাবে চরিত্রটিকে নির্মাণ করেছেন, সেটিও বুঝতে চাই। বড় কোনো চরিত্রের গান মনে রাখার জন্য অনেক সময় হাঁটতে হাঁটতে অনুশীলন করি। শুধু কণ্ঠের দক্ষতা দিয়ে চরিত্র ফুটিয়ে তোলা যায় না; তার অনুভূতিও ধারণ করতে হয়।
প্রশ্ন: সংগীতের সঙ্গে আপনার পথচলা শুরু হলো কীভাবে?
ভেরোনিক: মানুষের জন্য কিছু করার ইচ্ছা এবং অপেরার কণ্ঠপ্রযুক্তির প্রতি আগ্রহ আমাকে গানের দিকে নিয়ে এসেছে। সংগীতচর্চা করতে গিয়ে নিজের সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছি। ফ্রান্সে গান শেখার পদ্ধতি বেশ আনুষ্ঠানিক ও নিয়মের মধ্যে বাঁধা। লন্ডনে পড়াশোনা করতে গিয়ে তুলনামূলক খোলামেলা পরিবেশ পেয়েছি। সেই অভিজ্ঞতা আমার দৃষ্টিভঙ্গি প্রসারিত করেছে।
ফ্যাব্রিস: আমার কাছে সংগীত সব সময়ই একটি ভাষার মতো। শুরু থেকেই মনে হয়েছে, নিজের গভীর অনুভূতি প্রকাশের জন্য এটি আমার স্বাভাবিক মাধ্যম। জীবনের নানা অভিজ্ঞতা ও আবেগ আমার সংগীত রচনায় প্রভাব ফেলে।
প্রশ্ন: একজন পরিবেশক ও একজন সংগীত রচয়িতা হিসেবে আপনাদের কাজের মধ্যে পার্থক্য কী?
ভেরোনিক: আমি মূলত পরিবেশনার দিকে মনোযোগ দিই। গান রচনা করি না। কণ্ঠের কৌশল ব্যবহার করে চরিত্রের আবেগ প্রকাশ করাই আমার কাজ।
ফ্যাব্রিস: আমি সংগীত রচনা করি। নিজের জীবনের অভিজ্ঞতা ও অনুভূতি থেকে সৃষ্টির উপাদান পাই।
প্রশ্ন: একসঙ্গে কাজের ক্ষেত্রে ভিন্ন রুচি ও অভিজ্ঞতা কি কখনও সমস্যা তৈরি করে?
ভেরোনিক: আমাদের একসঙ্গে কাজের সময় প্রায় পাঁচ বছর। আমাদের অভিজ্ঞতা আলাদা, হাস্যরসের ধরনও এক নয়। তাই সব সময় সবকিছু সহজ হয় না। তবে এই পার্থক্য থেকেই নতুন কিছু তৈরি হওয়ার সুযোগ থাকে। একে অন্যের সঙ্গে কথা বলা, বোঝার চেষ্টা করা এবং পারস্পরিক স্নেহ আমাদের কাজ এগিয়ে নিতে সাহায্য করে।
প্রশ্ন: শিল্পের সঙ্গে ব্যক্তিগত জীবনের সম্পর্ক কতটা গভীর?
ভেরোনিক: আমার পরিবার ও মেয়েরা আমাকে স্থিরতা দেয়। খামারবাড়ি, পশুপাখির সঙ্গে সময় কাটানো এবং ছবি আঁকাও আমার ভালো লাগে। শিল্পচর্চায় গভীর মনোযোগের পাশাপাশি ধীরস্থির সময়ের প্রয়োজন হয়। ব্যক্তিগত জীবনের এসব অভিজ্ঞতা আমাকে সেই অবকাশ দেয়।
প্রশ্ন: জীবনের কঠিন অনুভূতিগুলো কি শিল্পের মধ্য দিয়ে প্রকাশ করা সম্ভব?
ভেরোনিক: আমি অন্যদের মতোই নানা কঠিন অনুভূতির মধ্য দিয়ে যাই। অন্ত্যেষ্টিক্রিয়ায় গান গাওয়ার অভিজ্ঞতা আছে। দেখেছি, শোকের মুহূর্তে সংগীত মানুষকে সান্ত্বনা দিতে পারে। আমার মা মারা যাওয়ার পরদিনই আমাকে দেড় ঘণ্টার একটি একক কমেডি পরিবেশনায় অংশ নিতে হয়েছিল। সেই অভিজ্ঞতা সহজ ছিল না। কিন্তু মঞ্চে পরিবেশনার মধ্য দিয়ে শোকের সঙ্গে অন্যভাবে যুক্ত হতে পেরেছিলাম। মনে হয়েছিল, সেটি মাকে স্মরণ করার পাশাপাশি তাঁর জীবন উদ্যাপনেরও একটি উপায়।
প্রশ্ন: বাংলাদেশে এসে বাংলা সংগীতের সঙ্গে পরিচয়ের অভিজ্ঞতা কেমন?
ভেরোনিক: এখানে এসেছি মাত্র তিন দিন হলো। এর মধ্যে কয়েকটি গান শোনার সুযোগ হয়েছে। তাই এখনই বিস্তারিত মূল্যায়ন করা কঠিন। তবে বাংলা গানের কণ্ঠের অলংকার, একটি স্বরের মধ্যে বিভিন্ন সুরের ব্যবহার এবং দীর্ঘ সময় ধরে স্বর ধরে রাখার বিষয়টি আমার ভালো লেগেছে। এই বৈশিষ্ট্যগুলো আমার শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রেও কাজে লাগতে পারে। বাংলা গানে আবেগের প্রকাশ ও লোকসংগীতের শিকড় আমাকে আকৃষ্ট করেছে। অপেরারও লোকগানের সঙ্গে সম্পর্ক রয়েছে। এ ছাড়া উঁচু স্বরের প্রতি আকর্ষণের বিষয়টিও দুই সংগীতধারায় লক্ষ করেছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন