ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাটখিলে সরকারি জায়গার মাটি লুটের অভিযোগে যুবক আটক


চাটখিলে সরকারি জায়গার মাটি লুটের অভিযোগে যুবক আটক

নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের অভ্যন্তরে গভীর রাতে সরকারি জায়গার মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ একজন যুবককে আটক করেছে। আটক হওয়া ব্যক্তির নাম আসিফ (৩০)। তিনি পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বারইপাড়া গ্রামের মৃত মহসিনের পুত্র।

পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ওই স্থানে চার লেন সড়কের নির্মাণকাজ চলমান থাকায়, এর ঠিকাদার বাদী হয়ে আসিফের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ছাত্রদলের নেতারা জানিয়েছেন, আসিফ এক সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে গত ১০-১২ বছর ধরে তিনি দলে নিষ্ক্রিয়। প্রশাসন যদি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, তবে ছাত্রদল তাতে সহায়তা করবে। এদিকে, আসিফকে আটক করার পর ইউনিয়ন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা এলাকায় আনন্দ মিছিল করেছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় ভুয়া এজেন্সির মালিকের ১৫ দিনের কারাদণ্ড

গত শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আসিফের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি এক্সেভেটর (ভেকু মেশিন) দিয়ে মাটি কেটে ট্রাকে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, গভীর রাতে ভেকু মেশিন ব্যবহার করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনের মাঠ থেকে মাটি কেটে ট্রাকে ভর্তি করে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে সেখানে একটি বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। চার লেন সড়কের কাজ চলমান থাকায়, রাতের আঁধারে সরকারি মাটি কেটে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

পাঁচগাঁও ইউনিয়নের বাসিন্দা সাইফুর রহমান বলেন, "রাত আড়াইটার দিকে এভাবে সরকারি জায়গার মাটি কেটে নিয়ে যাওয়া অত্যন্ত নিন্দনীয় কাজ। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়ায় আমরা সন্তুষ্ট। তবে এর পেছনে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা উচিত।"

এ বিষয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মোরশেদ আলম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয় এক ব্যক্তি ফোন করে তাকে জানান যে, আসিফ নামের এক ব্যক্তি ভেকু মেশিন দিয়ে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিষদের মাঠ থেকে মাটি কেটে পুকুরের মতো গর্ত তৈরি করা হয়েছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন।

আরও পড়ুন: অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে প্রতি বছর সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, "সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসিফকে আটক করেছে। এ ঘটনায় ফোর লেন সড়ক নির্মাণকাজের ঠিকাদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গতকাল রাতে আসামিকে আটক করা হয়েছে এবং আজ (রবিবার) তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশখালীতে জমি বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, ঘাতক আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


মহেশখালীতে জমি বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, ঘাতক আটক

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের কারণে ছোট ভাই নেছার উল্লাহর হাতে বড় ভাই হাজী মহিবুল্লাহ সরকার খুন হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক নেছার উল্লাহকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই সৎভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

রোববার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে নেছার উল্লাহ লাঠি দিয়ে হাজী মহিবুল্লাহ সরকারকে আঘাত করেন, যার ফলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে হাজী মহিবুল্লাহর মৃত্যু ঘটে।

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নেছার উল্লাহকে আটক করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, "ঘটনার সঙ্গে জড়িত ঘাতক নেছার উল্লাহকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত রয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


ফরিদপুরে ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ২৮ বছর বয়সী যুবক আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। আদালত একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে এবং জরিমানা না দিলে এক বছরের অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশও দিয়েছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ১ অক্টোবর সকালে মধুখালীর চর লাউজানা গ্রামের আফরোজা বেগমের চার বছর বয়সী মেয়ে জামিলা তাবাসসুম বাড়িতে ছিল। শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এই সময় প্রতিবেশী আশরাফুল উকিল তাদের বাড়িতে এসে শিশুটির খোঁজ করেন এবং পরে ঘরে গিয়ে শিশুটির সঙ্গে খেলা শুরু করেন।

একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা ঘরে গিয়ে দেখেন মেয়ে বমি করছে এবং কাঁদছে। শিশুটি পরে তার মাকে জানায় যে, আশরাফুল তাকে মুখ চেপে ধরে যৌন নিপীড়ন করেছে এবং ধর্ষণের চেষ্টা করেছে। শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়, এজাহারে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

এ ঘটনার পর পরদিন শিশুটির মা আফরোজা বেগম বাদী হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারে অভিযুক্ত আশরাফুল উকিলের বাবার নাম মো. মজিবর খান উল্লেখ রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা, মধুখালী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. নয়ন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন। ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং সংশ্লিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করে পরে আশরাফুল উকিলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪) (খ) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বিষয়টি নিশ্চিত করে জানান, চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের নির্দেশও রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়ার টোক সরজুবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


কাপাসিয়ার টোক সরজুবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্র স্থাপনের উদ্যোগ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ঐতিহ্যবাহী টোক সরজুবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্র স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে ২১ নভেম্বর শনিবার বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ।

পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ের মনোরম পরিবেশ, শ্রেণিকক্ষ, নিরাপত্তাব্যবস্থা এবং অবকাঠামোগত প্রস্তুতি পরিদর্শন করেন। এই সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়দের প্রত্যাশা, যদি বিদ্যালয়টিতে এসএসসি পরীক্ষাকেন্দ্র স্থাপনের চূড়ান্ত অনুমোদন লাভ করা যায়, তবে টোক ইউনিয়নের শিক্ষার্থীদের দূরদূরান্তে গিয়ে পরীক্ষা দেওয়ার দীর্ঘদিনের ভোগান্তি কমে যাবে। একই সঙ্গে অভিভাবকদের দুশ্চিন্তাও অনেকটা লাঘব হবে।

স্থানীয়দের মতে, পরীক্ষাকেন্দ্রটি চালু হলে এলাকার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এটি টোক ইউনিয়নের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীদের দীর্ঘদিনের প্রত্যাশা।

তবে বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র স্থাপনের বিষয়ে শিক্ষা বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত ও অনুমোদনের জন্য স্থানীয়রা অপেক্ষা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন টোক ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মাহমুদুল হক বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুর সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীপুরে ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা পিস্তলসহ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


শ্রীপুরে ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা পিস্তলসহ গ্রেফতার

শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ০২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত ১টি খালি ম্যাগাজিন এবং ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নরসিংদী-মাওনাগামী আঞ্চলিক মহাসড়কে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জড়িত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর জেলা ডিবি’র একটি চৌকশ টিম গত ১৯ নভেম্বর অভিযান চালিয়ে তাকে আটক করে।

একই টিমের সদস্যরা গত ২০ নভেম্বর অপর একটি অভিযানে শ্রীপুর থানা এলাকার কেওয়া পশ্চিম খণ্ড চন্না পাড়া আশ্রয়ন প্রকল্প থেকে একই ডাকাতির ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তল ও খালি ম্যাগজিনসহ মোঃ রবিন আহম্মেদ (২২) কে গ্রেফতার করে। রবিন কেওয়া চন্নাপাড়া এলাকার মোঃ মোস্তফার পুত্র। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় দি আর্মস্‌ অ্যাক্ট, ১৮৭৮ এর ১৯(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩৭)।

আসামি ইমরান শেখ (২৪) এর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি এবং ডাকাতির ঘটনার ০৭টি মামলা রয়েছে। অপরদিকে, আসামি রবিন আহম্মেদ (২২) এর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের ০৩টি মামলা রয়েছে। তাদের ডাকাতি ও অস্ত্র মামলায় গাজীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%