প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের অভ্যন্তরে গভীর রাতে সরকারি জায়গার মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ একজন যুবককে আটক করেছে। আটক হওয়া ব্যক্তির নাম আসিফ (৩০)। তিনি পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বারইপাড়া গ্রামের মৃত মহসিনের পুত্র।
পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ওই স্থানে চার লেন সড়কের নির্মাণকাজ চলমান থাকায়, এর ঠিকাদার বাদী হয়ে আসিফের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ছাত্রদলের নেতারা জানিয়েছেন, আসিফ এক সময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে গত ১০-১২ বছর ধরে তিনি দলে নিষ্ক্রিয়। প্রশাসন যদি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, তবে ছাত্রদল তাতে সহায়তা করবে। এদিকে, আসিফকে আটক করার পর ইউনিয়ন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা এলাকায় আনন্দ মিছিল করেছে।
গত শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আসিফের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি এক্সেভেটর (ভেকু মেশিন) দিয়ে মাটি কেটে ট্রাকে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, গভীর রাতে ভেকু মেশিন ব্যবহার করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনের মাঠ থেকে মাটি কেটে ট্রাকে ভর্তি করে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে সেখানে একটি বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। চার লেন সড়কের কাজ চলমান থাকায়, রাতের আঁধারে সরকারি মাটি কেটে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
পাঁচগাঁও ইউনিয়নের বাসিন্দা সাইফুর রহমান বলেন, "রাত আড়াইটার দিকে এভাবে সরকারি জায়গার মাটি কেটে নিয়ে যাওয়া অত্যন্ত নিন্দনীয় কাজ। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়ায় আমরা সন্তুষ্ট। তবে এর পেছনে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা উচিত।"
এ বিষয়ে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মোরশেদ আলম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয় এক ব্যক্তি ফোন করে তাকে জানান যে, আসিফ নামের এক ব্যক্তি ভেকু মেশিন দিয়ে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছেন। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিষদের মাঠ থেকে মাটি কেটে পুকুরের মতো গর্ত তৈরি করা হয়েছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, "সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি কেটে নেয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসিফকে আটক করেছে। এ ঘটনায় ফোর লেন সড়ক নির্মাণকাজের ঠিকাদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গতকাল রাতে আসামিকে আটক করা হয়েছে এবং আজ (রবিবার) তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন