ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে প্রতি বছর সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী


অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে প্রতি বছর সোয়া লাখ মানুষের মৃত্যু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উল্লেখ করেছেন যে, দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করে। এর চেয়ে বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয় এবং চিকিৎসার খরচ বৃদ্ধি পায়। সরকার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি এবং নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা সংক্রান্ত এই কর্মশালার আয়োজন করা হয়েছে। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এই কর্মশালাটি বাস্তবায়ন করছে।

আরও পড়ুন: বিমান বাহিনী মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা দিল

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, "চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন না আনলে শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে এই সংকট মোকাবিলা সম্ভব নয়।" তিনি বলেন, ব্যবস্থাপত্র ছাড়া বা 'ওভার দ্য কাউন্টার' অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়ন অপরিহার্য।

তিনি আরও জানান, অ্যান্টিবায়োটিকের অযথা ব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড এবং ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা থাকবে। ফলে সবকিছু ডিজিটাল নজরদারির আওতায় আসবে।

এছাড়াও তিনি জানান, দেশের সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত হবে। চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য ও আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকে তিনি স্বাগত জানান।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা নাজমুল হোসেন বলেন, "দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল থাকলেও আমাদের অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকরাই সে সম্পর্কে অবগত নন।" তিনি বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হলে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে এই ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণ করতে হবে।

আরও পড়ুন: ফরিদপুরে আগুনে বাবার মৃত্যু, পারিবারিক বিরোধের অভিযোগ

অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। এছাড়াও বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে স্বাগত বক্তব্য দেন সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম, ২৩ নভেম্বর, ২০২৬ : পরিবেশবান্ধব ও টেকসই বন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরকারের ‘গ্রিন পোর্ট ইনিশিয়েটিভ’-এর আওতায়, বন্দরের বিভিন্ন প্রশাসনিক ভবন এবং পণ্য রাখার শেডের অব্যবহৃত ছাদে ৮ দশমিক ৪২ মেগাওয়াট-পিক (এমডব্লিউপি) ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা করছে যে আগামী ২০ বছরে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয় হবে এবং কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে পরিণত হওয়ার পথ সুগম হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সচিব সৈয়দ রেফায়েত হামিম বাসস’কে জানিয়েছেন, গত ১৯ অক্টোবর সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বেসরকারি প্রতিষ্ঠান গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভস লিমিটেডের (জিজিআই) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামান এবং জিজিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নূরে আলম।

জিজিআই-এর সিইও মোহাম্মদ নূরে আলম বাসস’কে জানান, অক্টোবরে চুক্তি স্বাক্ষরের পর থেকে প্রকল্পটি প্রস্তুতিমূলক পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কারিগরি ডিজাইন, প্রকৌশল এবং যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহের কাজ চলছে। চট্টগ্রাম বন্দর একটি অত্যন্ত নিয়ন্ত্রিত, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা হওয়ায়, এ ধরনের বন্দরে যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বিষয় সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হয়।

তিনি বলেন, সৌরবিদ্যুৎ স্থাপন একটি কারিগরি প্রক্রিয়া এবং এর সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত। যেমন-ছাদের প্রস্তুতি, যন্ত্রপাতি স্থাপনের উপযোগী প্রবেশপথ, বিস্তারিত বৈদ্যুতিক নকশা ও সংযোগের পদ্ধতি নির্ধারণ, নেট মিটারিং ব্যবস্থা, সরঞ্জাম সংগ্রহ, সংরক্ষণ, প্রয়োজনীয় অনুমোদন, নির্মাণকাজের জন্য পৃথক প্রকল্পভিত্তিক বিদ্যুৎ সংযোগ ও মিটার স্থাপন এবং প্রয়োজনীয় জনবল ও অন্যান্য সম্পদ নিয়োগ।

বাংলাদেশের বেশিরভাগ আমদানি-রপ্তানি বাণিজ্য চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হয়। এই কাজগুলো পরিচালনার জন্য বন্দরের ১৮টি কি গ্যান্ট্রি ক্রেনসহ ১০ ধরনের প্রায় ১৬৯টি বিশেষায়িত ক্রেন রয়েছে। এছাড়া, জেটি ও কনটেইনার ইয়ার্ডে ব্যবহৃত ২২ ধরনের ২৭২টি যন্ত্রপাতি রয়েছে। পণ্য পরিবহন ও অভ্যন্তরীণ যাতায়াতে ৩০ হাজারের বেশি যানবাহন রয়েছে।

এসবের বেশিরভাগই জীবাশ্ম জ্বালানিনির্ভর। বর্তমানে বন্দরের দৈনিক বিদ্যুতের চাহিদা ৭ থেকে ১৩ মেগাওয়াট। এ জন্য প্রতি মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) ৫০ কোটি টাকার বেশি বিল দিতে হয়। এই প্রকল্পের আওতায় দিনে সর্বোচ্চ ৮.৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দিয়ে দিনের বেলায় বন্দরের গড় চাহিদা প্রায় সাত মেগাওয়াট হওয়ায় উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি আগামী ২০ বছর প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করবে। দিনে সৌরবিদ্যুৎ এবং রাতে জাতীয় গ্রিডের বিদ্যুতে বন্দরের কার্যক্রম চলবে।

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যের সঙ্গে সংগতি রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্দরে প্রতিবছর চার হাজারের বেশি আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ আসা-যাওয়া করে। ভবিষ্যতে উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ এসব জাহাজে সরবরাহ করা গেলে বন্দরে অবস্থানকালে ভারী তেলচালিত জেনারেটর বন্ধ রাখা সম্ভব হবে, যা বায়ুদূষণ কমাবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, চুক্তি অনুযায়ী, জিজিআই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে অপারেটিং এক্সপেনস (ওপেক্স) মডেলে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রতিষ্ঠানটি সৌরবিদ্যুৎকেন্দ্রের নকশা প্রণয়ন, সরঞ্জাম সংগ্রহ, নির্মাণ, পরীক্ষা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। ফলে প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে শুরুতে কোনো মূলধনি বিনিয়োগ করতে হবে না।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো জরুরি মন্তব্য করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. জাফর আলম বলেন, বন্দরের যন্ত্রপাতি ও জাহাজ থেকে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হয়। তা ছাড়া বর্তমানে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, তা মূলত জীবাশ্ম জ্বালানিনির্ভর উৎস থেকেই আসে। বন্দরের ছাদ ও ফাঁকা শেড কাজে লাগাতে পারলে ভবিষ্যতে উৎপাদনক্ষমতা ২০ থেকে ২৫ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব।

কার্বন নিঃসরণবিষয়ক গবেষক ড. মোহাম্মদ আল আমিন বলেন, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে আনার সবচেয়ে কার্যকর পথ হলো বন্দরকে দ্রুত সৌরবিদ্যুতের আওতায় আনা। জাহাজ বন্দরে অবস্থানের সময় সৌরবিদ্যুৎ দিয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালানো গেলে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে রূপান্তর করা সম্ভব।

বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এই প্রকল্প চালুর পর দিনে সোলার বিদ্যুৎ ব্যবহার করলে একদিকে যেমন দেশের জাতীয় গ্রিডের ওপর বন্দরের বিদ্যুতের চাপ কমবে, অন্যদিকে জীবাশ্ম জ্বালানির ওপর আমাদের নির্ভরশীলতাও উল্লেখযোগ্য হারে বাড়বে।

তিনি জানান, চুক্তি অনুযায়ী বাণিজ্যিক উৎপাদন শুরুর পরবর্তী ২০ বছর জিজিআই বন্দরকে সৌরবিদ্যুৎ সরবরাহ করবে। নির্ধারিত ট্যারিফে এ বিদ্যুৎ কিনবে বন্দর কর্তৃপক্ষ। প্রকল্পটির আওতায় প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য সরকারি নির্ধারিত সর্বোচ্চ সীমা ১০ টাকা ৫০ পয়সার মধ্যে রাখা হয়েছে।

বন্দর সূত্র জানায়, বর্তমানে বন্দরের বিদ্যুতের চাহিদা দৈনিক ৭ থেকে ১৩ মেগাওয়াটের মধ্যে ওঠানামা করে। সৌরবিদ্যুৎকেন্দ্রটি চালু হলে দিনের বেলায় বন্দরের বিদ্যুৎ চাহিদার একটি অংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণ করা সম্ভব হবে। উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ ভবিষ্যতে নেট মিটারিং ব্যবস্থায় জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনাও রয়েছে।

বন্দর কর্তৃপক্ষের আরও জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ হ্রাস এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুতের ব্যবহার কমানো সম্ভব হবে। এতে গ্রিনহাউস গ্যাস ও কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং টেকসই বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগটি সহায়ক হবে।

আগামী ফেব্রুয়ারি থেকে আংশিক সৌরবিদ্যুৎ সরবরাহের প্রত্যাশা করছে বন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে, বন্দর এলাকায় শেডগুলোর ছাদে প্রকল্পের প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ শুরুর মধ্য দিয়ে অর্থনৈতিক সাশ্রয়, জ্বালানি দক্ষতা ও পরিবেশ সুরক্ষার সমন্বয়ে চট্টগ্রাম বন্দরকে আরও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ এগিয়ে যাচ্ছে বলে জানান- বন্দর সচিব।

সংশ্লিষ্টরা মনে করছেন, বন্দরের অব্যবহৃত ছাদ ও স্থাপনাগুলোকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে কাজে লাগানোর এ উদ্যোগ দেশের অন্যান্য বন্দর ও শিল্পপ্রতিষ্ঠানের জন্যও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে।

তবে, চট্টগ্রাম বন্দরকে পূর্ণাঙ্গ গ্রিন পোর্টে রূপান্তর করতে সৌরবিদ্যুতের পাশাপাশি জাহাজ, ক্রেন, পণ্য ওঠানামার যন্ত্রপাতি ও অভ্যন্তরীণ পরিবহনে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারও বাড়াতে হবে বলেও মত দেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় ভুয়া এজেন্সির মালিকের ১৫ দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় ভুয়া এজেন্সির মালিকের ১৫ দিনের কারাদণ্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে এক ব্যক্তিকে। ওই ব্যক্তির নাম এইচ এম জসিম উদ্দিন চাঁদ।

এ অভিযানের সময় তার কাছ থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। পাশাপাশি, তার পরিচালিত প্রতিষ্ঠান ‘চাঁদ ট্রাভেলস’ সিলগালা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারে অভিযান পরিচালনা করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ এ দণ্ড প্রদান করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও তার কাছে বৈধ নিবন্ধন বা লাইসেন্স ছিল না। এছাড়া, তিনি ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামে একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি নানা ধরনের প্রতারণা করে আসছিলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী মন্তব্য করেন, বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা করলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। তিনি জানান, এ ধরনের প্রতারণা বন্ধে মন্ত্রণালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদেশগামী কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে নিতে হবে। তিনি সতর্ক করেন, কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন করে প্রতারিত হওয়া থেকে সাবধান থাকতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানোর নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানোর নতুন সিদ্ধান্ত

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি প্রকাশ করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের সময়সীমা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফিসহ ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ৬ ডিসেম্বর।

নির্ধারিত এই সময়ের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে আগুনে বাবার মৃত্যু, পারিবারিক বিরোধের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


ফরিদপুরে আগুনে বাবার মৃত্যু, পারিবারিক বিরোধের অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে একটি বসতঘরে আগুন লেগে ৫৫ বছর বয়সী আসমান হাওলাদার, যিনি আসমত নামেও পরিচিত, মারা গেছেন। নিহতের স্বজন ও স্থানীয়রা অভিযোগ করেছেন যে, বাবার ঘরে আগুন দেওয়ার কারণে তার ছেলে সুজন হাওলাদারকে (৩৩) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চর চান্দ্রা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আসমান হাওলাদার ওই গ্রামের মৃত বশিরউদ্দিন হাওলাদারের সন্তান ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আসমান হাওলাদারের বসতঘরে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ঘরের ভেতরে প্যারালাইজড রোগী আসমান শারীরিক অক্ষমতার কারণে বের হতে পারেননি। একপর্যায়ে আগুনে পুড়ে তার মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর থেকে ছেলে সুজন হাওলাদার বাড়িতে ছিলেন না। সকালে তিনি বাড়িতে ফিরলে স্বজন ও প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, সুজনের চতুর্থ বিয়ে নিয়ে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই রাতে বাবার ঘরে আগুন দিয়ে তিনি পালিয়ে যান বলে দাবি পরিবারের সদস্যদের।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, অগ্নিকাণ্ডে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে নিহতের স্বজনদের কাছে আসমান হাওলাদারের ছেলে সুজন হাওলাদারকে আটক করে রাখতে দেখেন। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে সদস্যরা রওনা হওয়ার আগেই আগুন নিভে যাওয়ার খবর পাওয়ায় তারা আর ঘটনাস্থলে যাননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%