ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শ্রীপুরে ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা পিস্তলসহ গ্রেফতার


শ্রীপুরে ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা পিস্তলসহ গ্রেফতার

শ্রীপুরে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ০২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত ১টি খালি ম্যাগাজিন এবং ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নরসিংদী-মাওনাগামী আঞ্চলিক মহাসড়কে বিকাশের টাকা ডাকাতির ঘটনায় জড়িত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর জেলা ডিবি’র একটি চৌকশ টিম গত ১৯ নভেম্বর অভিযান চালিয়ে তাকে আটক করে।

একই টিমের সদস্যরা গত ২০ নভেম্বর অপর একটি অভিযানে শ্রীপুর থানা এলাকার কেওয়া পশ্চিম খণ্ড চন্না পাড়া আশ্রয়ন প্রকল্প থেকে একই ডাকাতির ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তল ও খালি ম্যাগজিনসহ মোঃ রবিন আহম্মেদ (২২) কে গ্রেফতার করে। রবিন কেওয়া চন্নাপাড়া এলাকার মোঃ মোস্তফার পুত্র। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় দি আর্মস্‌ অ্যাক্ট, ১৮৭৮ এর ১৯(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৩৭)।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

আসামি ইমরান শেখ (২৪) এর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি এবং ডাকাতির ঘটনার ০৭টি মামলা রয়েছে। অপরদিকে, আসামি রবিন আহম্মেদ (২২) এর বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের ০৩টি মামলা রয়েছে। তাদের ডাকাতি ও অস্ত্র মামলায় গাজীপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

বাগেরহাট, ২২ নভেম্বর, ২০২৬ : বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আসন্ন ইউপি নির্বাচন এবং সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।

শনিবার রাতে বাগেরহাট জেলা পরিষদের কনফারেন্স কক্ষে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

এ সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। সভায় জেলার নয়টি উপজেলা এবং বাগেরহাট, মংলা ও মোড়েলগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী কার্যক্রম মোকাবিলায় করণীয় এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য বিজয়ী একক প্রার্থী নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে যোগ্য, জনসম্পৃক্ত ও গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন জনগণের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই ব্যক্তিস্বার্থ বা দলীয় বিভেদ নয়, জনগণের প্রত্যাশা ও এলাকার উন্নয়নকে প্রাধান্য দিয়ে প্রার্থী মনোনয়ন ও নির্বাচনী কর্মকৌশল নির্ধারণ করতে হবে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, রাজনৈতিক সহিংসতা, ভয়ভীতি ও বিশৃঙ্খলা পরিহার করে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের আস্থা অর্জন করতে হলে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণের বিকল্প নেই।

সভায় উপস্থিত নেতারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক প্রস্তুতি ও সম্ভাব্য প্রার্থী নির্ধারণের বিষয়ে নিজ নিজ মতামত ও বক্তব্য তুলে ধরেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বচ্ছতা নিশ্চিতে ও মামলা-মোকদ্দমা কমাতে ভূমি নিবন্ধন অটোমেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


স্বচ্ছতা নিশ্চিতে ও মামলা-মোকদ্দমা কমাতে ভূমি নিবন্ধন অটোমেশন শুরু

॥ মাহমুদুল হাসান রাজু ॥

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : দেশের ভূমি নিবন্ধন কার্যক্রম দীর্ঘদিন ধরে চলা প্রক্রিয়াগত জটিলতা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং কাগজপত্র সংক্রান্ত সমস্যার কারণে সাধারণ মানুষের জন্য একটি জটিল সরকারি সেবায় পরিণত হয়েছে। এই পরিস্থিতি নাগরিকদের জন্য দীর্ঘসূত্রতা, হয়রানি এবং আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এক্ষেত্রে, দেশের অটোমেশন ল্যান্ড রেজিস্ট্রেশন বা স্বয়ংক্রিয় ভূমি নিবন্ধন ব্যবস্থার সরকারি উদ্যোগ বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। প্রচলিত কাগজনির্ভর পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ব্যবস্থা চালুর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা, সেবার গতি বৃদ্ধি এবং জনগণের হয়রানি কমানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের মাধ্যমে দেশব্যাপী দলিল নিবন্ধন সেবার আধুনিকায়নে ‘ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন বা স্বয়ংক্রিয়করণ প্রকল্প’ বাস্তবায়নের কাজ চলছে। প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হলে নাগরিকরা অনলাইনে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন এবং নিবন্ধনের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হবেন। এতে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীলতা কমবে এবং নিবন্ধন কার্যালয়ে বারবার যাতায়াতের প্রয়োজনও হ্রাস পাবে।

ডিজিটাল পদ্ধতিতে দলিল যাচাই এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ করার ফলে সম্পত্তি হস্তান্তরে স্বচ্ছতা বাড়বে, অনিয়মের সুযোগ কমবে এবং নিবন্ধন সম্পন্ন করতে প্রয়োজনীয় সময়ও সাশ্রয় হবে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এর আগে জানিয়েছিলেন, ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ অথবা ২০২৮ সালের প্রথমার্ধের মধ্যে অনলাইন দলিল নিবন্ধন চালুর লক্ষ্যে সরকার আইসিটি-ভিত্তিক অটোমেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এই উদ্যোগ দেশের বিচার ব্যবস্থার উপরও উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বিচার বিভাগের বিভিন্ন স্তরে বিচারাধীন মামলার একটি বড় অংশ ভূমি-সংক্রান্ত বিরোধ নিয়ে, যা আদালতের উপর বাড়তি চাপ সৃষ্টি করে এবং বিচারপ্রার্থীদের আর্থিক ও মানসিক দুর্ভোগ বাড়াচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, স্বচ্ছ ও ডিজিটালভাবে যাচাইকৃত নিবন্ধন ব্যবস্থা চালু হলে মালিকানা সংক্রান্ত নথির নির্ভুলতা বাড়বে এবং জালিয়াতির মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের সুযোগ কমবে। ফলে ভূমি সংক্রান্ত বিরোধের সূত্রপাত অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে, যা আদালতে এ ধরনের মামলার চাপ কমাতে সহায়ক হবে।

নিবন্ধন অধিদপ্তর জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখে। তারা বছরে প্রায় ২০,০০০ কোটি টাকা রাজস্ব আয় করে। জনপ্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে এই অধিদপ্তর সম্পত্তির মালিকানা স্বত্ব সুরক্ষা, আইনগত নথি সংরক্ষণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সুতরাং, ভূমি নিবন্ধন পরিষেবার আধুনিকীকরণ কেবল উন্নত জনসেবা প্রদানেই নয়, বরং প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদারে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নেও অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

তবে, এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সফল বাস্তবায়ন বেশ কিছু দীর্ঘস্থায়ী প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতা, বিশেষ করে মাঠ পর্যায়ের সীমাবদ্ধতাগুলো সমাধানের ওপর নির্ভর করবে।

সম্প্রতি রাজধানীতে একটি কর্মসূচির ফাঁকে আলোচনায় নিবন্ধন মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ সারাদেশে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে জনবল সংকট, দলিল ও নথি সংরক্ষণের অপর্যাপ্ত ব্যবস্থা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, অটোমেশন কার্যক্রম এগিয়ে চলার পাশাপাশি দেশব্যাপী অটোমেটেড চালান (এ-চালান) ব্যবস্থা চালুর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবুও অনেক উপ-রেজিস্ট্রি অফিসে এখনও কম্পিউটার অপারেটর এবং নৈশপ্রহরীসহ সাধারণ নিরাপত্তা কর্মীদের জন্য অনুমোদিত পদের অভাব রয়েছে।

শামীমা আফরোজ বলেন, ‘নিবন্ধন অধিদপ্তর নাগরিকদের গুরুত্বপূর্ণ সম্পত্তির দলিল সংরক্ষণ করে। কিন্তু প্রয়োজনের তুলনায় জনবল না থাকায় এসব গুরুত্বপূর্ণ দলিল ঝুঁকির মধ্যে রয়েছে।’ এ অবস্থায় অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, অটোমেশন প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ প্রশিক্ষণ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ এবং নির্ভরযোগ্য সার্ভার অবকাঠামো নিশ্চিত করতে হবে।

নতুন নিবন্ধন পদ্ধতি সম্পর্কে নাগরিকদের সচেতন করাও জরুরি উল্লেখ করে তিনি বলেন, নাগরিকরা যাতে নতুন নিবন্ধন পদ্ধতি বুঝতে পারেন এবং ব্যবস্থা ও বিদ্যমান নিবন্ধন বিধি সম্পর্কে জ্ঞানের অভাবে বিভ্রান্ত বা প্রতারিত না হন, তা নিশ্চিত করার জন্য জনসচেতনতাও অপরিহার্য।

প্রযুক্তিগত আধুনিকীকরণের পাশাপাশি অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রমের পরিধি বাড়াতেও উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৪৫টি নতুন সাব-রেজিস্ট্রি কার্যালয় স্থাপন করা হচ্ছে।

মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতা ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে নিবন্ধন অধিদপ্তরের কার্যক্রম আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘ভবিষ্যতের জন্য আমাদের অঙ্গীকার মূলত তিনটি প্রতিশ্রুতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত : স্বচ্ছতা, দ্রুত পরিষেবা প্রদান এবং জনসাধারণের হয়রানি সম্পূর্ণ অবসান করা।’

নিবন্ধন সেবাকে আরও দক্ষ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ব্যবস্থায় রূপান্তর করতে অধিদপ্তর প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধান নির্বাহীর পদত্যাগের পর সংকটে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


প্রধান নির্বাহীর পদত্যাগের পর সংকটে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদত্যাগের পর এখন হিসাবপদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার তদন্তের সম্মুখীন হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের রিপোর্টে এ তথ্য প্রকাশিত হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি’র মাধ্যমে এ খবর জানানো হয়েছে।

শনিবার নিউইয়র্ক টাইমস গোপন তদন্তের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এর আগে, চলতি সপ্তাহের শুরুতে ওয়াল স্ট্রিট জার্নালও এ তদন্তের বিষয়টি তুলে ধরেছিল। তবে, তদন্তের কেন্দ্রবিন্দু কি তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি। তদন্ত শেষে এনভিডিয়ার বিরুদ্ধে অভিযোগ ছাড়াই বিষয়টির নিষ্পত্তি হতে পারে।

এনভিডিয়ার সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাথে ব্যবসায়িক সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তদন্ত করছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চীনে নিষেধাজ্ঞার আওতায় থাকা এআই চিপ পাঠানোর সন্দেহ রয়েছে। এই প্রেক্ষাপটে এনভিডিয়ার আর্থিক তথ্য প্রকাশের পদ্ধতি নিয়েও নতুন প্রশ্ন উঠেছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বছর এনভিডিয়া বিভিন্ন দেশে বিক্রির হিসাব প্রকাশের পদ্ধতিতে পরিবর্তন এনেছে। পূর্বে গ্রাহকদের বিলিং ঠিকানা অনুযায়ী বিক্রির হিসাব দেখানো হতো। নতুন পদ্ধতিতে গ্রাহক প্রতিষ্ঠানের সদর দপ্তর যে দেশে, সেই দেশের হিসাবে বিক্রি দেখানো হচ্ছে।

এ পরিবর্তনের ফলে এনভিডিয়ার ভৌগোলিক বিক্রির হিসাব থেকে সিঙ্গাপুরের নাম বাদ পড়ে যায়, যদিও সেখানে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য ব্যবসা রয়েছে।

এসইসির তদন্তের সঙ্গে হিসাব প্রকাশের এ পরিবর্তনের সম্পর্ক রয়েছে কি না, কিংবা সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের সাথে এর যোগসূত্র আছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

চলতি মাসের শুরুতে বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হওয়ার পর পদত্যাগ করেন হুয়াং। এসব সম্পর্কের মধ্যে অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গেও তার সম্পর্কের বিষয়টি সামনে এসেছে। অ্যালিস মেগাস্পিডের সাবেক একজন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, তিনি বেইজিংয়ের হয়ে কাজ করতেন।

তবে গুপ্তচরবৃত্তির এসব অভিযোগ চীন অস্বীকার করেছে। অন্যদিকে, মেগাস্পিড জানিয়েছে, তারা আইন মেনেই ব্যবসা পরিচালনা করে।

হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে, হুয়াংয়ের পদত্যাগের পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পর্ষদ।

বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি এনভিডিয়াকে ঘিরে সাম্প্রতিক এ অস্থিরতা বিনিয়োগকারীদের আস্থায় বড় ধরনের প্রভাব ফেলেছে। প্রতিষ্ঠানটির তৈরি উন্নত সেমিকন্ডাক্টর চিপ বিশ্বজুড়ে এআই প্রযুক্তির দ্রুত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শুক্রবার এনভিডিয়ার শেয়ারের দাম ১৪ শতাংশ কমে যায়। এতে সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারের মোট দরপতন ২০ শতাংশ ছাড়িয়ে যায়।

তবে এসব ঘটনার মধ্যেও শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াংকে আবারও প্রধান নির্বাহীর পদে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, জেনসেনকে দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়া হলে আমি খুব খুশি হব।’

তবে এনভিডিয়ার চেয়ারম্যান হার্ভি জোনস হুয়াংয়ের ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, পরিচালনা পর্ষদের সব সদস্য সর্বসম্মতিক্রমে হুয়াংয়ের পদত্যাগ গ্রহণ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলায় বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলায় বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ :  অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে ইহুদিদের একটি ধর্মীয় উৎসবে বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়ে বহু মানুষের প্রাণ বাঁচানো আহমেদ আল আহমেদ জানিয়েছেন, তিনি এখনো তার শরীরের ক্ষতগুলোতে ব্যথা অনুভব করেন।

এটি খবর বার্তা সংস্থা এএফপি’র।

দেশটির ইতিহাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার প্রায় এক বছর পর আহমেদ অস্ট্রেলিয়ার জনগণের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ফল বিক্রেতা আহমেদ আল আহমেদের জন্ম সিরিয়ায়। তিনি ২০০৬ সালে অস্ট্রেলিয়ায় আসেন। গত বছরের ডিসেম্বরে এক রোববার বিকেলে, তিনি সিডনির বিখ্যাত বন্ডাই সৈকতে চাচাতো ভাইয়ের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনতে পান।

তিনি দেখতে পান, বন্দুকধারীরা নারী, পুরুষ ও শিশুদের লক্ষ্য করে একের পর এক গুলি চালাচ্ছে। মুহূর্তের মধ্যে তিনি এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে নিরস্ত্র করার চেষ্টা করেন।

এএফপিকে তিনি বলেন, ‘আমি তখন কিছুই ভাবিনি।’

তিনি আরও বলেন, ‘মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে ভাবার প্রয়োজন হয় না। যখন শিশু, নারী, বৃদ্ধ ও অন্য মানুষকে সাহায্যের জন্য চিৎকার করতে শুনবেন, তখন আর চিন্তা করার সময় থাকে না।’

আহমেদ বলেন, ‘প্রত্যেক মানুষের হৃদয়ে এক ধরনের সুপ্ত সাহস থাকে। প্রয়োজনের মুহূর্তে সেই সাহস জেগে ওঠে। আমি মানুষের সাহায্যের আকুতি শুনেছিলাম, তাই এগিয়ে গিয়েছিলাম।’

২০২৫ সালের ১৪ ডিসেম্বর, ইহুদিদের ধর্মীয় উৎসব হানুক্কা উদযাপনের সময় বিশ্ববিখ্যাত বন্ডাই সৈকতে মানুষের ভিড় জমেছিল। ওই দিন বন্দুক হামলায় ১৫ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। আহতদের মধ্যে একজন বৃদ্ধা চলতি মাসে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া আঘাতজনিত জটিলতায় মারা যান।

ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তির ধারণা করা ভিডিওতে আহমেদের সাহসিকতার দৃশ্য ছড়িয়ে পড়লে তাকে আরও অনেক মানুষের প্রাণ বাঁচানোর কৃতিত্ব দেওয়া হয়।

দুই সন্তানের বাবা আহমেদকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ‘প্রকৃত অস্ট্রেলীয় বীর’ হিসেবে অভিহিত করেন। তার চিকিৎসা ও সহায়তার জন্য পরিচালিত তহবিল সংগ্রহ অভিযানে কয়েক মিলিয়ন ডলার জমা পড়ে।

তবে আহমেদ জানান, শুরুতে পাওয়া ব্যাপক পরিচিতি ও খ্যাতির বিষয়টি তিনি খুব একটা উপভোগ করতে পারেননি। কারণ, হামলায় গুরুতর আহত হওয়ার পর সুস্থ হয়ে ওঠাই ছিল তার প্রধান লক্ষ্য।

বন্দুকধারীর মুখোমুখি

আহমেদ জানান, হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে রাইফেল কেড়ে নেওয়ার সময় তিনি সরাসরি ওই বন্দুকধারীর মুখোমুখি হন। সেই ভয়াবহ স্মৃতি এখনো তাকে প্রতিদিন, এমনকি রাতেও তাড়া করে বেড়ায়।

তিনি বলেন, ‘লোকটি ভাবছিল, সে যেন ঈশ্বর। কেউ তার কিছুই করতে পারবে না।’

ওই মুহূর্তে আহমেদের হাতে বন্দুকটি ছিল এবং তিনি সেটি হামলাকারীর দিকে তাক করে রেখেছিলেন।

আহমেদ বলেন, ‘আমি তাকে বলেছিলাম, চলে যাও, চলে যাও। আমি গুলি করতে চাই না।’

এরপর বন্দুকধারী সরে গেলে আহমেদ একটি গাছের আড়ালে আশ্রয় নেন। কিন্তু সেখানেও গুলির শিকার হন তিনি।

সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি অনুভব করছিলাম, আমার পুরো পোশাক ভিজে যাচ্ছে। মনে হচ্ছিল, কেউ যেন এক বালতি রক্ত আমার ওপর ঢেলে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এরপর মনে হলো, আমি হয়তো মারা যাচ্ছি। হে ঈশ্বর! আমার সন্তানদের কী হবে, আমার পরিবার, আমার স্ত্রী—তাদের কী হবে?’

আহমেদের ওপর হামলা চালানো বন্দুকধারী সাজিদ আকরামকে ঘটনাস্থলেই পুলিশ গুলি করে হত্যা করে।

তার ছেলে নাভিদ আকরাম এখনো পুলিশের হেফাজতে রয়েছেন। সন্ত্রাসবাদ ও হত্যাসহ মোট ৭৮টি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তবে এখনো তিনি এসব অভিযোগের বিষয়ে আদালতে নিজের অবস্থান জানাননি।

হামলার দিন আহমেদের শরীরে পাঁচটি গুলি লাগে। এর মধ্যে দুটি গুলি এখনো তার শরীরের ভেতরে রয়েছে।

স্নায়ুর ব্যথা কমানো ও ঘুমের জন্য তাকে নিয়মিত ওষুধ খেতে হয়। এ ছাড়া বাঁ হাতের স্বাভাবিক নড়াচড়াও এখনো সীমিত।

আহমেদ বলেন, ‘আমি এখনো ভুগছি।’

এ সময় তিনি নিজের লেখা ‘লাইট উইল উইন’ বইটির কথা জানান। চলতি মাসে বইটি প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি একটি ফাউন্ডেশন গড়ে তোলার কাজ করছেন, যার মাধ্যমে সহিংসতার শিকার নারী ও শিশুদের সহায়তা করতে চান।

সিরিয়ায় একজন পুলিশ কর্মকর্তার সন্তান হিসেবে তার নিজের কঠিন শৈশবের অভিজ্ঞতা থেকেই এ উদ্যোগ নেওয়ার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান তিনি।

আহমেদ বলেন, এত গুরুতর আহত হওয়ার পরও সেই দিনের ঘটনা আবার ঘটলে তিনি ভিন্ন কিছু করতেন না।

তিনি বলেন, ‘আমাকে বেছে নেওয়া হয়েছিল। ঈশ্বর আমাকে এ কাজের জন্য বেছে নিয়েছিলেন এবং আমাদের সমাজকে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার পথ দেখানোর দায়িত্ব দিয়েছেন।’

- আমরা সবাই মানুষ -

বন্ডাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

হামলার পর ক্ষমতাসীন লেবার পার্টি আগ্নেয়াস্ত্রের মালিকানা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ এবং উগ্রপন্থী রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ করার সুযোগ রেখে নতুন আইন প্রণয়নের ঘোষণা দেয়।

তবে এর পর থেকে অস্ট্রেলিয়ায় পলিন হ্যানসনের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশন পার্টির প্রতি সমর্থনও বেড়েছে। দলটি অভিবাসন, বিশেষ করে ‘উগ্রপন্থী ইসলামি দেশগুলো’ থেকে আসা অভিবাসীদের সংখ্যা ব্যাপকভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়েছে।

একজন মুসলিম ও অভিবাসী হিসেবে আহমেদ মনে করেন, তিনি যে দেশকে নিজের বাড়ি বলে মনে করেন, সেখানে এ ধরনের রাজনীতির কোনো জায়গা থাকা উচিত নয়।

তিনি বলেন, ‘আমি একজন গর্বিত অস্ট্রেলীয়।’

ওয়ান নেশন পার্টির অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘এটা ভুল, সম্পূর্ণ ভুল।’

আহমেদ বলেন, ‘আমাদের একে অপরকে সম্মান করতে হবে। একে অপরের পাশে দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই মানুষ। আপনি যেখান থেকেই আসুন, আপনার গায়ের রং, পরিচয় কিংবা ধর্ম যা-ই হোক না কেন, আমাদের একে অপরের প্রতি সম্মান দেখাতে হবে। কাউকে বিচার করা বা অন্যের ওপর দোষ চাপানো উচিত নয়।’

‘অস্ট্রেলিয়া একটি বহুজাতিক ও বহুসাংস্কৃতিক দেশ’—বলেন তিনি।

বন্ডাই সৈকতের দুই হামলাকারীর কর্মকাণ্ডের সঙ্গে নিজের ধর্ম ইসলামকে এক করে দেখার বিষয়টিও মেনে নিতে পারেন না আহমেদ। হামলার পর অনেকেই এমন তুলনা করেছেন।

তিনি বলেন, ‘এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আমিও একজন মুসলমান, অথচ আমি মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছি।’

তিনি আরও বলেন, ‘নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে—এমন কথা আমার ধর্মে কখনো শুনিনি। এটা ঠিক নয়।’

আহমেদ বলেন, ‘আমরা সবাই মানুষ। এটাই আমার পরিচয়—আমি আহমেদ আল আহমেদ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%