০৪:৪৭ পি.এম
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ঐতিহ্যবাহী টোক সরজুবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্র স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে ২১ নভেম্বর শনিবার বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ।
পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ের মনোরম পরিবেশ, শ্রেণিকক্ষ, নিরাপত্তাব্যবস্থা এবং অবকাঠামোগত প্রস্তুতি পরিদর্শন করেন। এই সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়দের প্রত্যাশা, যদি বিদ্যালয়টিতে এসএসসি পরীক্ষাকেন্দ্র স্থাপনের চূড়ান্ত অনুমোদন লাভ করা যায়, তবে টোক ইউনিয়নের শিক্ষার্থীদের দূরদূরান্তে গিয়ে পরীক্ষা দেওয়ার দীর্ঘদিনের ভোগান্তি কমে যাবে। একই সঙ্গে অভিভাবকদের দুশ্চিন্তাও অনেকটা লাঘব হবে।
স্থানীয়দের মতে, পরীক্ষাকেন্দ্রটি চালু হলে এলাকার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এটি টোক ইউনিয়নের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীদের দীর্ঘদিনের প্রত্যাশা।
আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত
তবে বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র স্থাপনের বিষয়ে শিক্ষা বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত ও অনুমোদনের জন্য স্থানীয়রা অপেক্ষা করছেন।
এ সময় উপস্থিত ছিলেন টোক ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মাহমুদুল হক বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুর সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন