সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:২৪ পি.এম
রোববার (২২ নভেম্বর) লা লিগার ১৩তম রাউন্ডে গেতাফের মাঠে ৩-০ গোলে জয়লাভের পর, লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতানোর রেকর্ড গড়তে সক্ষম হয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। এই আর্জেন্টাইন কোচ, যিনি ‘এল চোলো’ নামে পরিচিত, লুইস আরাগোনেসের পূর্ববর্তী রেকর্ড ভেঙেছেন।
২০১২ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর, এই রেকর্ড গড়া জয়টি অর্জনের সময় সিমিওনে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে লা লিগায় ৫৬৭ ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে ৩৪৫টি জয়, ১২৩টি ড্র এবং ৯৯টি পরাজয় রয়েছে। তার নেতৃত্বে, অ্যাতলেটিকো ২০১৩-১৪ ও ২০২০-২১ মৌসুমে লিগ শিরোপা দুইবার জিতেছে।
এভাবে সিমিওনে লুইস আরাগোনেসকে ছাড়িয়ে গেছেন। আরাগোনেস, যিনি বিভিন্ন দলের হয়ে ৭৫৬ ম্যাচ পরিচালনা করে ৩৪৪টি জয় অর্জন করেছিলেন, স্পেনকে ইউরো জেতানোর জন্য পরিচিত। তার কোচিংয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার মতো ক্লাবগুলো ছিল। তালিকার পরবর্তী স্থানে রয়েছেন মিগেল মুনিওজ (৩২৩ জয়), এরনেস্তো ভালভার্দে (২৭৮) এবং ম্যানুয়েল পেলেগ্রিনি (২৭২)।
রেকর্ড গড়ার পর আবেগাপ্লুত সিমিওনে সংবাদ সম্মেলনে বলেন, "এই ৩৪৫ ম্যাচের পেছনে অনেক মানুষের অবদান রয়েছে। আমার ক্ষেত্রে, আমার স্ত্রী কারলা আমাকে এই জায়গায় পৌঁছাতে অনেক বড় শক্তি হিসেবে কাজ করেছেন। এরপর খেলোয়াড়রা, ক্লাব, সমর্থক এবং সারাদিন আমার পাশে থাকা, আমাকে সমর্থন ও উৎসাহ দেওয়া মানুষজন, আমার সন্তানরাও। বিষয়টি আমাকে আবেগাপ্লুত করে এবং আনন্দিত করে।"
ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদ শুরু থেকেই গেতাফেকে আধিপত্য দেখিয়ে সহজেই পরাজিত করে। শুরুর একাদশে ছিলেন হুলিয়ান আলভারেজ ও জুলিয়ানো সিমিওনে। প্রথমার্ধে আলভারেজের দুটি অ্যাসিস্টে গোল করেন অ্যালেক্স বায়েনা ও জনি কার্ডোসো। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন অ্যালেক্স গ্রিমালদো।
সিমিওনের এই রেকর্ডের পাশাপাশি জয়টি লা লিগার শিরোপা লড়াইয়ে অ্যাতলেটিকোকে টিকিয়ে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে ৩১ পয়েন্ট নিয়ে দলটি তৃতীয় স্থানে রয়েছে। তাদের ওপরে রিয়াল মাদ্রিদ ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং বার্সেলোনা ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ সদস্য আনোয়ার মোল্লাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত থাকার প্রমাণ মাদক কারবারি চক্রের সদস্যদের সম্পর্কে পেয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আনোয়ার মোল্লার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।
পুলিশ জানায়, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামির তথ্য সংগ্রহের জন্য ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় যান নারায়ণগঞ্জ সদর থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। তারা দুজনই সাদা পোশাকে ছিলেন। এ সময় মাদক কারবারি চক্রের সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এএসআই আব্দুস সাত্তার পালাতে সক্ষম হলেও আনোয়ার মোল্লার বুকে একাধিক ছুরিকাঘাত করা হয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত করছে। সোমবার সকালে উভয় সংস্থার আলাদা দল ঘটনাস্থল পরিদর্শন করে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলার কার্যক্রমও চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
লিবিয়ার উপকূলে ইউক্রেনের নৌ-ড্রোন হামলায় রাশিয়ার একটি আধুনিক যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পাশাপাশি একটি মালবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (২৩ নভেম্বর) তিনি এই দাবি প্রকাশ করেন। অন্যদিকে, হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, ইউক্রেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাতটি নৌ-ড্রোন ব্যবহার করে রাশিয়ার নতুন যুদ্ধজাহাজ 'মারকারি' (Merkury) ডুবিয়ে দেওয়া হয়েছে। ২০২৩ সালে রুশ নৌবহরে যুক্ত হওয়া এই কর্ভেট শ্রেণির যুদ্ধজাহাজের পাশাপাশি একটি কেএ-২৭ (Ka-27) যুদ্ধ হেলিকপ্টারও ধ্বংস হয়েছে বলে তিনি দাবি করেন।
জেলেনস্কির তথ্যমতে, হামলার দ্বিতীয় লক্ষ্যবস্তু ছিল 'এমভি আঙ্গারা' (MV Angara) নামক একটি শুষ্ক পণ্যবাহী জাহাজ, যা রাশিয়া অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করত। তিনি সতর্ক করে বলেন, "নির্ধারিত জলসীমায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
রোববার পূর্ব লিবিয়ার বেনগাজি উপকূলে হামলার খবর পাওয়া যায়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলায় একটি রুশ জাহাজ এবং অপর একটি বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হয়েছে। তবে জাহাজ দুটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে এবং সামান্য আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
লিবিয়ায় নিযুক্ত জাতিসংঘের সহায়তা মিশন (UNSMIL) এই ঘটনায় 'গভীর উদ্বেগ' প্রকাশ করে অবিলম্বে একটি স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সংস্থাটি জানায়, "বিদেশি কোনো সংঘাতের যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার মতো সামর্থ্য লিবিয়ার নেই এবং এটি হতে দেওয়াও উচিত নয়।"
হামলা ও বিস্ফোরণের প্রকৃতি নিয়ে লিবিয়া কর্তৃপক্ষের প্রাথমিক বক্তব্যে কিছুটা ভিন্নতা দেখা গেছে। শুরুতে একটি নৌঘাঁটির গোলাবারুদের ডিপোতে অগ্নিকাণ্ডের কথা বলা হলেও পরবর্তীতে পূর্বাঞ্চলীয় প্রশাসন জানায়, বন্দরে নোঙর করা একটি রুশ জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ড্রোন হামলার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজটি রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য বেনগাজিতে বিরতি নিয়েছিল।
বাণিজ্যিক জাহাজেও হামলা
কর্মকর্তারা জানিয়েছেন, বেনগাজি উপকূলে বিস্ফোরকবোঝাই নৌ-ড্রোন দিয়ে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। লিবিয়া আলহাদাত টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশটির নৌ ও বিমানবাহিনী শহরটির উপকূলে বিস্ফোরকবোঝাই ১২টিরও বেশি নৌ-ড্রোন প্রতিহত করেছে। পরে আল-মাসার টিভি জানায়, একটি সামরিক স্থাপনায় লাগা আগুন নিয়ন্ত্রণে বেসামরিক প্রতিরক্ষা দল মোতায়েন করা হয়েছিল এবং আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন জানিয়েছে, তারা রাশিয়ার সাথে যৌথভাবে এই ঘটনার তদন্ত করবে। তারা স্পষ্ট করেছে যে, লিবিয়া 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনো পক্ষ নয়'। অন্যদিকে, ত্রিপোলিতে অবস্থিত জাতিসংঘ স্বীকৃত সরকার বেসামরিক বন্দর ও স্থাপনাগুলোকে বিদেশি সংঘাতে জড়ানোর ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে। তারা লিবিয়াকে আন্তর্জাতিক সংঘাতের রণক্ষেত্রে পরিণত করার বা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ কোনো সামরিক কর্মকাণ্ডে ভূখণ্ড ব্যবহারের চেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।
মূল যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অভিযান জোরদারের অংশ হিসেবেই এই হামলা চালানো হলো। এর আগে শনিবার ফিনল্যান্ডের জলসীমার কাছে পূর্ব বাল্টিক সাগরেও একটি রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়, যার পেছনে ইউক্রেন রয়েছে বলে দাবি করেছে ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী। এদিকে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার কিয়েভ অঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবন ও সুপারমার্কেটসহ বিভিন্ন স্থানে রুশ হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।
লিবিয়া উপকূলে রুশ জাহাজে হামলার ঘটনা এটিই প্রথম নয়। গত মার্চেও লিবিয়া উপকূলে হামলার পর রাশিয়ার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজ ডুবে গিয়েছিল, যার জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল ও গ্যাস পরিবহনকারী রাশিয়ার কথিত 'শ্যাডো ফ্লিট' বা ছায়া নৌবহরের অংশ ছিল জাহাজটি।
২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়ায় সহিংসতা ও অস্থিতিশীলতা বিরাজ করছে। বর্তমানে দেশটি প্রধানমন্ত্রী আব্দুলহামিদ দবেইবাহর নেতৃত্বাধীন ত্রিপোলিভিত্তিক সরকার এবং সামরিক কমান্ডার খলিফা হাফতার সমর্থিত পূর্বাঞ্চলীয় প্রশাসনের মধ্যে বিভক্ত হয়ে আছে। সূত্র: ডেইলি সাবাহ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে, যার মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা। মোট ২ হাজার ১৯৬ পিস কসমেটিকস পণ্য জব্দ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ৩৫ বিজিবির দাঁতভাঙ্গা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায় এবং এসব কসমেটিকস পণ্য উদ্ধার করে।
বিজিবি জানায়, সীমান্তের ১০৫৬ আন্তর্জাতিক পিলারের কাছে ছাটকড়াইবাড়ি নামক স্থানে চোরাচালান হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ১৯৬ পিস ভারতীয় কসমেটিকস উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য ১০ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, ভারতীয় কসমেটিকস পণ্য জব্দের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত উল্লেখ করেছেন যে, দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতি বছর সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করে। এর চেয়ে বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয় এবং চিকিৎসার খরচ বৃদ্ধি পায়। সরকার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি এবং নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা সংক্রান্ত এই কর্মশালার আয়োজন করা হয়েছে। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এই কর্মশালাটি বাস্তবায়ন করছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, "চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন না আনলে শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে এই সংকট মোকাবিলা সম্ভব নয়।" তিনি বলেন, ব্যবস্থাপত্র ছাড়া বা 'ওভার দ্য কাউন্টার' অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তার কঠোর বাস্তবায়ন অপরিহার্য।
তিনি আরও জানান, অ্যান্টিবায়োটিকের অযথা ব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড এবং ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা থাকবে। ফলে সবকিছু ডিজিটাল নজরদারির আওতায় আসবে।
এছাড়াও তিনি জানান, দেশের সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত হবে। চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য ও আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকে তিনি স্বাগত জানান।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা নাজমুল হোসেন বলেন, "দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল থাকলেও আমাদের অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকরাই সে সম্পর্কে অবগত নন।" তিনি বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হলে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে এই ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। এছাড়াও বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে স্বাগত বক্তব্য দেন সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ