০৪:২২ পি.এম
ফরিদপুরের মধুখালীতে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ২৮ বছর বয়সী যুবক আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। আদালত একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে এবং জরিমানা না দিলে এক বছরের অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশও দিয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ১ অক্টোবর সকালে মধুখালীর চর লাউজানা গ্রামের আফরোজা বেগমের চার বছর বয়সী মেয়ে জামিলা তাবাসসুম বাড়িতে ছিল। শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এই সময় প্রতিবেশী আশরাফুল উকিল তাদের বাড়িতে এসে শিশুটির খোঁজ করেন এবং পরে ঘরে গিয়ে শিশুটির সঙ্গে খেলা শুরু করেন।
আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত
একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা ঘরে গিয়ে দেখেন মেয়ে বমি করছে এবং কাঁদছে। শিশুটি পরে তার মাকে জানায় যে, আশরাফুল তাকে মুখ চেপে ধরে যৌন নিপীড়ন করেছে এবং ধর্ষণের চেষ্টা করেছে। শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়, এজাহারে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার পর পরদিন শিশুটির মা আফরোজা বেগম বাদী হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারে অভিযুক্ত আশরাফুল উকিলের বাবার নাম মো. মজিবর খান উল্লেখ রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা, মধুখালী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. নয়ন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন। ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং সংশ্লিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করে পরে আশরাফুল উকিলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪) (খ) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।
আরও পড়ুন: কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বিষয়টি নিশ্চিত করে জানান, চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের নির্দেশও রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন