সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৪:২২ পি.এম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত বিজয়ী নেতাদের দলে ফেরানোর বিষয়ে আলোচনা চলছে। নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা। এই নেত্রীকে দলে ফেরানোর আলোচনার মধ্যে রাখা হয়েছে। এ পরিস্থিতিতে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
রুমিন ফারহানা জানিয়েছেন, তিনি বিএনপিতে ফেরার জন্য কোনো আবেদন করেননি। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, "আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।"
প্রসঙ্গত, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির ৮০-৮৫ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। তাদের নির্বাচনে অংশ নেওয়ার কারণে বহিষ্কার করা হয়। এই সাতজনের মধ্যে রুমিন ফারহানা অন্যতম, যিনি বিএনপি থেকে বহিষ্কার হওয়ার আগ পর্যন্ত দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে দলটি। পরে তাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাজারে স্বর্ণের দাম গত দুই সপ্তাহ ধরে অব্যাহতভাবে কমছে। এ কারণে দেশটির স্বর্ণবাজারে ক্রেতাদের ভিড় ব্যাপকভাবে বেড়ে গেছে। বিয়ের পাশাপাশি বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানের জন্য গয়না কেনার উদ্দেশ্যে এবং সঞ্চয়ের জন্য অনেকে স্বর্ণের বার কিনছেন।
রোববার (২৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম এমিরেটস২৪/৭।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত স্বর্ণের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গত দুই সপ্তাহে প্রতি গ্রাম সোনার দাম সর্বোচ্চ ৬৪ দিরহাম কমেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরায় (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম প্রায় ৭ হাজার টাকা কমেছে।
দাম কমার খবর ছড়িয়ে পড়ার পর গত শুক্রবার থেকে স্বর্ণের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। সপ্তাহান্তে সেই ভিড় আরও তীব্র হয়ে ওঠে। দোকানের আশপাশের পার্কিং এলাকাতেও যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেক ক্রেতাকে দূরে গাড়ি রেখে হেঁটে দোকানে যেতে দেখা যায়। স্বর্ণ কেনার জন্য নগদ টাকা তুলতে এটিএম বুথের সামনে মানুষের ভিড়ও ছিল।
স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, চলতি বছরের শুরু থেকে গত দুই দিনের মতো এত বেশি ক্রেতার সমাগম আর দেখা যায়নি। দাম কমানোর ফলে গত দুই দিনে বিক্রি ২৫ শতাংশের বেশি বেড়ে গেছে। ক্রেতারা বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য গয়না কেনার পাশাপাশি বিনিয়োগ ও সঞ্চয়ের উদ্দেশ্যে স্বর্ণের বার কিনছেন।
ক্রেতা আকর্ষণে দোকানগুলোর মধ্যে প্রতিযোগিতাও বেড়ে গেছে। কোথাও গয়নার মজুরি সম্পূর্ণ মওকুফ করা হচ্ছে, আবার কোথাও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
স্বর্ণ ব্যবসায়ী খালেদ আল-জাশানি বলেন, "স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতনের কারণে বাজারে ক্রেতাদের আগ্রহ বেড়েছে। অনেকে সোনার বার কেনার পাশাপাশি বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য গয়না কিনছেন। সপ্তাহান্তে দাম কমায় কেনাকাটার প্রবণতা আরও বেড়েছে। পাশাপাশি বিভিন্ন দোকান মজুরি ছাড়ের মতো বিশেষ অফার দিচ্ছে।"
সালেম আল-শুয়াইবি জুয়েলারির ব্যবস্থাপক আলা আল-শাম্মারি জানান, "গত দুই দিনে ক্রেতাদের রেকর্ড উপস্থিতির মূল কারণ স্বর্ণের কম দাম। সামনে বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠান থাকায় অনেকে এই সুযোগ কাজে লাগিয়ে কেনাকাটা করছেন। আগের কয়েক সপ্তাহে দাম বেশি থাকায় যারা কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছিলেন, তারাও এখন বাজারে আসছেন।"
তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যা থেকে কেনাকাটা বৃদ্ধি পেতে শুরু করে। এরপর সপ্তাহান্তে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
আরেক স্বর্ণ ব্যবসায়ী জর্জ আদেল বলেন, "দাম কমায় পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে গয়না কেনার প্রবণতা বেড়েছে। একই সঙ্গে ক্রেতা আকর্ষণে দোকানগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়েছে। অনেক প্রতিষ্ঠান গয়নার মজুরি ছাড় দিয়ে বিক্রি করছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মোহাম্মদ সিরাজকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, এমনটি স্বীকার করেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তবে তিনি দাবি করেছেন যে, বর্তমান ফর্মের ভিত্তিতে সেরা বোলিং আক্রমণ নির্বাচন করা হয়েছে। একই সঙ্গে বলের মান এবং বল চকচকে করতে লালা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন গিল।
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে গিল বলেন, সিরাজ তাঁর খুব ভালো বন্ধু। ভারতের হয়ে অভিষেকের আগে থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। তাই সিরাজকে একাদশের বাইরে রাখা ব্যক্তিগতভাবেও কঠিন ছিল। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সিরাজের সঙ্গে কথা বলেছিলেন।
গিলের ভাষায়, ‘সিরাজ খুব ভালো খেলোয়াড় ও দারুণ বোলার। তাঁকে বাদ দেওয়া আমার জন্যও কঠিন সিদ্ধান্ত ছিল। তবে কখন কোন বোলার ভালো ছন্দে আছে, সেটিও দেখতে হয়। ম্যাচের আগে আমি তাঁর সঙ্গে কথা বলেছি। কেন তাঁকে খেলানো হচ্ছে না, সেটি বুঝিয়ে বলেছিলাম। সে বিষয়টি বুঝেছে।’
সিরাজের সাম্প্রতিক ফর্ম নিয়েও গিল আলোচনা করেছেন। তাঁর মতে, একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে এমন সময় আসতেই পারে, যখন তিনি নিজের সেরা অবস্থায় থাকেন না। তবে পরিশ্রম করে ঘুরে দাঁড়ানোর মানসিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সিরাজের পরিবর্তে ওয়েলিংটন টেস্টে ভারতের একাদশে জায়গা পান জাসপ্রিত বুমরা, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা ও আনশুল কাম্বোজ। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলেন ওয়াশিংটন সুন্দর। রবীন্দ্র জাদেজাকেও একাদশের বাইরে রাখা হয়।
শুধু সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নয়, ম্যাচে বলের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন গিল। তাঁর দাবি, ২৫ থেকে ৩০ ওভার খেলার পরেই বল অনেকটা নরম হয়ে যাচ্ছিল। এতে পেসারদের জন্য উইকেট নেওয়া কঠিন হয়ে পড়ে। বলের মান আরও ভালো হওয়া প্রয়োজন বলেও তিনি মনে করেন।
এছাড়া, বল চকচকে করতে লালা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ভারতীয় অধিনায়ক। কোভিড-১৯ মহামারির সময় সংক্রমণের ঝুঁকি কমাতে ২০২০ সালে সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা চালু করেছিল আইসিসি। ২০২২ সালে সেটি স্থায়ী করা হয়। বর্তমানে বলের এক পাশ চকচকে করতে ঘাম ব্যবহার করতে পারেন ক্রিকেটাররা, তবে লালা ব্যবহারের অনুমতি নেই।
গিলের প্রশ্ন, ‘কোভিডের সময় তো অনেক আগেই পেরিয়ে এসেছি। এখনো কেন লালা ব্যবহার করে বল চকচকে করার অনুমতি নেই, বুঝতে পারি না। আমার মনে হয়, এটিও বড় একটি বিষয়।’
ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে ৭০২ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৩৬৮ রান। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের দ্রুত অলআউট করতে না পারায় জয় পাওয়া হয়নি ভারতের।
শেষ দিনে ১১৯ রানে ২ উইকেট নিয়ে খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৩৯ রান, ৫ উইকেটে। ড্যারিল মিচেল ৪৯ রানে অপরাজিত থাকেন, গ্লেন ফিলিপস করেন অপরাজিত ২৬ রান। দুজনের প্রতিরোধেই ড্র নিশ্চিত করে নিউজিল্যান্ড।
টানা দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় হতাশা লুকাননি গিল। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে টেস্টে ড্রয়ের ঘটনা তুলনামূলক কম হওয়ায় এমন ফলের সঙ্গে অভ্যস্ত নয় ভারত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রোববার (২২ নভেম্বর) লা লিগার ১৩তম রাউন্ডে গেতাফের মাঠে ৩-০ গোলে জয়লাভের পর, লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতানোর রেকর্ড গড়তে সক্ষম হয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। এই আর্জেন্টাইন কোচ, যিনি ‘এল চোলো’ নামে পরিচিত, লুইস আরাগোনেসের পূর্ববর্তী রেকর্ড ভেঙেছেন।
২০১২ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর, এই রেকর্ড গড়া জয়টি অর্জনের সময় সিমিওনে অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে লা লিগায় ৫৬৭ ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে ৩৪৫টি জয়, ১২৩টি ড্র এবং ৯৯টি পরাজয় রয়েছে। তার নেতৃত্বে, অ্যাতলেটিকো ২০১৩-১৪ ও ২০২০-২১ মৌসুমে লিগ শিরোপা দুইবার জিতেছে।
এভাবে সিমিওনে লুইস আরাগোনেসকে ছাড়িয়ে গেছেন। আরাগোনেস, যিনি বিভিন্ন দলের হয়ে ৭৫৬ ম্যাচ পরিচালনা করে ৩৪৪টি জয় অর্জন করেছিলেন, স্পেনকে ইউরো জেতানোর জন্য পরিচিত। তার কোচিংয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার মতো ক্লাবগুলো ছিল। তালিকার পরবর্তী স্থানে রয়েছেন মিগেল মুনিওজ (৩২৩ জয়), এরনেস্তো ভালভার্দে (২৭৮) এবং ম্যানুয়েল পেলেগ্রিনি (২৭২)।
রেকর্ড গড়ার পর আবেগাপ্লুত সিমিওনে সংবাদ সম্মেলনে বলেন, "এই ৩৪৫ ম্যাচের পেছনে অনেক মানুষের অবদান রয়েছে। আমার ক্ষেত্রে, আমার স্ত্রী কারলা আমাকে এই জায়গায় পৌঁছাতে অনেক বড় শক্তি হিসেবে কাজ করেছেন। এরপর খেলোয়াড়রা, ক্লাব, সমর্থক এবং সারাদিন আমার পাশে থাকা, আমাকে সমর্থন ও উৎসাহ দেওয়া মানুষজন, আমার সন্তানরাও। বিষয়টি আমাকে আবেগাপ্লুত করে এবং আনন্দিত করে।"
ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদ শুরু থেকেই গেতাফেকে আধিপত্য দেখিয়ে সহজেই পরাজিত করে। শুরুর একাদশে ছিলেন হুলিয়ান আলভারেজ ও জুলিয়ানো সিমিওনে। প্রথমার্ধে আলভারেজের দুটি অ্যাসিস্টে গোল করেন অ্যালেক্স বায়েনা ও জনি কার্ডোসো। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন অ্যালেক্স গ্রিমালদো।
সিমিওনের এই রেকর্ডের পাশাপাশি জয়টি লা লিগার শিরোপা লড়াইয়ে অ্যাতলেটিকোকে টিকিয়ে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে ৩১ পয়েন্ট নিয়ে দলটি তৃতীয় স্থানে রয়েছে। তাদের ওপরে রিয়াল মাদ্রিদ ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং বার্সেলোনা ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ সদস্য আনোয়ার মোল্লাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত থাকার প্রমাণ মাদক কারবারি চক্রের সদস্যদের সম্পর্কে পেয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর আনোয়ার মোল্লার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।
পুলিশ জানায়, রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামির তথ্য সংগ্রহের জন্য ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় যান নারায়ণগঞ্জ সদর থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা। তারা দুজনই সাদা পোশাকে ছিলেন। এ সময় মাদক কারবারি চক্রের সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এএসআই আব্দুস সাত্তার পালাতে সক্ষম হলেও আনোয়ার মোল্লার বুকে একাধিক ছুরিকাঘাত করা হয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত করছে। সোমবার সকালে উভয় সংস্থার আলাদা দল ঘটনাস্থল পরিদর্শন করে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলার কার্যক্রমও চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ