০৬:৫৬ পি.এম
॥ শরিফুল ইসলাম ॥
চাঁপাইনবাবগঞ্জ, ২৫ নভেম্বর, ২০২৬ : ঐতিহাসিক তেভাগা আন্দোলন ও সাঁওতাল বিদ্রোহের স্মৃতি নিয়ে গড়া জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের শুড়লা গ্রামে আজও একটি প্রাচীন তেঁতুল গাছ কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।
এই ৫০০ বছরের প্রাচীন তেঁতুল গাছটি বরেন্দ্র অঞ্চলের একটি সাধারণ বৃক্ষ নয়, বরং এটি এই অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি এবং জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত শুড়লা গ্রামে এই ঐতিহাসিক গাছটি রয়েছে।
গাছটির উচ্চতা প্রায় ১৫০ ফুট। দূর থেকে দেখলে মনে হয় যেন বরেন্দ্র ভূমির এক বিশাল সবুজ ছাতা মাটির বুক চিরে দাঁড়িয়ে আছে।
প্রায় ৩০ বছর আগে এক প্রলয়ংকরী ঝড়ে গাছটির একটি মূল বড় ডাল ভেঙে পড়লেও এর বিশালতায় তেমন কোনো হ্রাস হয়নি।
স্থানীয়দের মধ্যে বহু বছর ধরে ধারণা ছিল যে গাছটির বয়স ৭০০ থেকে ৮০০ বছর। তবে ২০০৩ সালের দিকে চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক নুরুল হক গাছটি পরিদর্শন করে এর সঠিক বয়স জানার জন্য উদ্ভিদ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পরীক্ষা করান।
আরও পড়ুন: নড়াইলে জনবল সংকটে জেলা হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত
বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করেন যে, গাছটির বয়স অন্তত ৫০০ বছরেরও বেশি।
শুড়লা গ্রামের বাসিন্দা শ্রী দয়াল চন্দ্র বর্মণ জানান, "আমরা ছোটবেলা থেকে বাপ-দাদাদের কাছে শুনেছি এই গাছের বয়স প্রায় ৫০০ বছরের বেশি।"
তিনি আরও বলেন, "আমরা শুড়লা গ্রামবাসী এই গাছের গোড়ায় কালী পূজা করি। এই গাছ আমাদের কাছে খুব পবিত্র এবং গৌরবের। তাই নিজের ঘর-বাড়ির মতোই এই গাছের নিচ পরম মমতায় প্রতিদিন পরিষ্কার করি।"
গাছের পাশেই বসবাসকারী স্কুলশিক্ষক বিরেন বর্মণ বাসসকে জানান, "জমিদার কুঞ্জু মোহন মৈত্রের কাছারি ও খামারবাড়ি ছিল এখানে। আর তেঁতুলগাছের নিচে ছিল বিরাট কালী মন্দির।"
আরও পড়ুন: নওগাঁর মাতাজীহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবার হত্যার অভিযোগ করেছে
তিনি বলেন, "কালী মন্দিরে বরেন্দ্র অঞ্চলসহ দেশের দূর-দূরান্ত থেকে আদিবাসীরা আসতেন পূজা-অর্চনা করতে। তেঁতুল গাছটি এখনও গ্রামের মানুষের সুখ-দুঃখের সাক্ষি হয়ে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।"
গাছটিকে ঘিরে শুড়লা গ্রামের প্রবীণদের সঙ্গে কথা বলে জানা গেছে নানান অবিশ্বাস্য গল্প। গ্রামের শতবর্ষী বৃদ্ধারাও তাদের পূর্বপুরুষদের উদ্ধৃতি দিয়ে বলেন যে, "তাদের দাদারাও গাছটিকে এই একই রূপে বিশাল দেখেছেন।"
তারা জানান, স্থানীয় হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের কাছে গাছটির গোড়ায় অবস্থিত প্রাচীন কালী মন্দির এবং এই বৃক্ষটি অত্যন্ত পবিত্র।
গ্রামবাসীরা জানান, গাছটিতে এখনও প্রচুর পরিমাণে মিষ্টি-টক স্বাদের তেঁতুল ধরে, যা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে।
আরও পড়ুন: যশোরের নওয়াপাড়ায় অর্ধকোটি টাকার সরকারি গম ও লাইটার জাহাজ জব্দ, ৫ আটক
শুড়লা গ্রামের ১০০ বছর বয়সী শ্রীমতী দানোবালা রানী জানান, "যুগযুগ ধরে আমরা প্রতি বছর বিভিন্ন ধর্মীয় তিথিতে এখানে মানত করি, পূজা-অর্চনা ও ধর্মীয় আচার পালন করি।"
তিনি এই ঐতিহাসিক পবিত্র গাছটি রক্ষার জন্য গাছটির চারদিক বাঁধানো, প্রাচীর নির্মাণ এবং গাছটির নিচে থাকা শুড়লা কালী মন্দির মেরামতের দাবি জানান।
কথা হয় শুড়লা গ্রামের স্থায়ী বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক সুভাষ মাষ্টারের সঙ্গে।
তিনি বাসসকে জানান, "৫০০ বছরের এই গাছে বছরের বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত দূর-দূরান্ত থেকে প্রচুর বক আসে। এছাড়াও বছরের অন্য সময় টিয়া, ঘুঘু, বক, পেঁচাসহ বিভিন্ন পাখি বাস করে।"
আরও পড়ুন: শ্যামাসুন্দরী খাল ও আলাইকুড়ি নদী পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগের আহ্বান
এসব প্রাকৃতিক বিস্ময় দেখতে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু শিক্ষার্থী, গবেষক ও পর্যটক শুড়লা গ্রামে ভিড় জমান।
তিনি বলেন, "প্রশাসনের পক্ষ থেকে একসময় এখানে একটি ইকো-পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল, এর মধ্যে রাস্তা সংস্কার ও এলাকাটির আধুনিকায়ন অন্তর্ভুক্ত ছিল। তবে এখনও দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি।"
সুভাষ মাষ্টার আরও জানান, বৈদ্যপুর থেকে শুড়লা গ্রাম পর্যন্ত পাকা রাস্তা না থাকায় বর্ষা মৌসুমে এই ঐতিহাসিক গাছটি দেখতে আসা পর্যটকরা সমস্যায় পড়েন।
এসময় তিনি এই জীবন্ত ঐতিহাসিক স্মারকটিকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধরতে দ্রুত একটি সরকারি পর্যটন কেন্দ্র গড়ে তোলা, এবং পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে বৈদ্যপুর থেকে শুড়লা গ্রাম পর্যন্ত ১ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের দাবি জানান।
আরও পড়ুন: সিলেট তামাবিল সড়কের ৪ লেনের কাজ দ্রুত সম্পন্নের তাগিদ দিলেন মন্ত্রী আরিফ
নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক বাসসকে জানান, "৫০০ বছরের প্রাচীন এই তেঁতুল গাছটি আমাদের নেজামপুরবাসীর ঐতিহ্য।"
২০০৩ সালের দিকে উদ্ভিদ বিশেষজ্ঞদের দিয়ে তেঁতুলগাছটি পরীক্ষা করান চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক নূরুল হক।
সেই সময় বিশেষজ্ঞরা পরীক্ষা করে গাছটির বয়স ৫০০ বছরেরও বেশি বলে নিশ্চিত করেন।
এরপর থেকেই স্থানীয় প্রশাসনের উদ্যোগে গাছটিকে প্রাচীনবৃক্ষ হিসেবে চিহ্নিত করা হয় এবং এর দেখভালের দায়িত্ব নেয় পাশাপাশি এর সুরক্ষায় সচেতনতামূলক সাইনবোর্ড টাঙানো হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন