০৬:৫৮ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : দেশে এক কোটি উচ্চমূল্যের কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয়গুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি উল্লেখ করেন, দেশের বর্তমান অর্থনীতির আকার প্রায় ৫০০ বিলিয়ন ডলার। সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করা। এই লক্ষ্য অর্জনের জন্য মানসম্মত শিক্ষা, বাস্তবভিত্তিক গবেষণা এবং দক্ষ জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
আজ বুধবার ‘খুলনা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: চবি লেখক ফোরামের সভাপতি মাহফুজ, সাধারণ সম্পাদক নাঈম
অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষার্থীকে সনদ দেওয়া নয়। মানসম্মত শিক্ষার পাশাপাশি গবেষণা ও দক্ষতা উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিতে পারেন। সবাইকে চাকরিপ্রার্থী হিসেবে তৈরি না করে উদ্যোক্তা, উদ্ভাবক ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবেও গড়ে তোলার পরিবেশ তৈরি করতে হবে।’
গবেষণার ধরন ও উদ্দেশ্যে পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গবেষণাকে শুধু জ্ঞানের জগৎ সমৃদ্ধ করার জন্য নয়, দেশের বাস্তব সমস্যার সমাধানেও কাজে লাগাতে হবে। শিল্পপ্রতিষ্ঠান, কৃষি, মৎস্য, গৃহস্থালি ও প্রত্যন্ত অঞ্চলের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যৌথ গবেষণা প্রকল্প নিতে হবে। গবেষণার প্রস্তাব জমা দিলে ইউজিসি ও সরকার প্রয়োজনীয় অর্থায়ন করবে। অর্থের অভাবে প্রয়োজনীয় গবেষণা যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সহযোগিতা দেওয়া হবে।
খুলনা অঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, সুন্দরবন, কৃষি, মৎস্য ও চিংড়ি চাষের মতো গুরুত্বপূর্ণ খাতের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগাতে হবে। মোংলা বন্দর ও বন্দর ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যার সমাধানেও বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখতে পারে। এ জন্য শিল্পপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও স্থানীয় সমাজের সঙ্গে কার্যকর সংযোগ গড়ে তুলতে হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ ও ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদনের তথ্য জানিয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য ক্যাম্পাসে উপকূলীয় অঞ্চলসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে একটি স্কুল এবং সমুদ্রবিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগেও সম্মতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জানুয়ারিতে শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহ করবে সরকার
এসব একাডেমিক ইউনিট পরিচালনায় প্রয়োজনীয় জনবল ও আর্থিক সহায়তা যথাসময়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা ও গবেষণার পরিবেশ শিক্ষার্থীদের জন্যই তৈরি করা হচ্ছে। এসবের যথাযথ ব্যবহার করে নিজেদের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের ক্লাব কার্যক্রম আরও সক্রিয় করতে ইউজিসি বিশেষ বরাদ্দ দেবে, যা তাদের নেতৃত্ব, সৃজনশীলতা ও সাংগঠনিক দক্ষতা বিকাশে সহায়তা করবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, খুবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশিদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং খুবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুন্নবী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. খুরশিদ আলম এবং খুবির ছাত্রবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন।
আরও পড়ুন: ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদলের সাক্ষাৎ
এর আগে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া কৃতী শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সক্রিয় ক্লাব ও সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন