ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

ফেলনা প্লাস্টিক জমা দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা দেখবে শিক্ষার্থীরা, পুনর্ব্যবহার করবে ইপসা


ফেলনা প্লাস্টিক জমা দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা দেখবে শিক্ষার্থীরা, পুনর্ব্যবহার করবে ইপসা

চট্টগ্রাম, ৩১ অক্টোবর, ২০২৬ : ফেলনা প্লাস্টিক জমা দিয়ে বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জমা দেওয়া প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করবে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের জন্য হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের পরিবেশ সচেতন করে তোলার পাশাপাশি প্লাস্টিক দূষণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজ চট্টগ্রাম চিড়িয়াখানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সঙ্গে চিড়িয়াখানা ও সংলগ্ন পাহাড়ি ছড়ায় পরিচ্ছন্নতা এবং মশকনিধন কর্মসূচি পরিচালনা করা হয়। এর আগে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

আরও পড়ুন: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

এ কর্মসূচিতে সহযোগিতা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম চিড়িয়াখানায় ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে। যেখানে সাধারণ দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানার প্রবেশ টিকিটের মূল্য ৭০ টাকা। শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত এসব প্লাস্টিক বর্জ্য এতদিন সংরক্ষণ করা হচ্ছিল। এবার তা পুনর্ব্যবহারের আওতায় আনার কার্যক্রম শুরু হলো।

এজন্য ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আওতায় চিড়িয়াখানায় জমা হওয়া প্লাস্টিক বর্জ্য নিয়মিত সংগ্রহ, পৃথকীকরণ ও পরিবেশবান্ধব প্রক্রিয়ায় পুনর্ব্যবহারের দায়িত্ব পালন করবে সংস্থাটি। এই কার্যক্রমে জেলা প্রশাসন ও ইপসার মধ্যে কোনো অর্থ লেনদেন হবে না। প্রাথমিকভাবে এ সমঝোতার মেয়াদ এক বছর।

সমঝোতা স্মারকের আওতায় ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে প্লাস্টিক সংগ্রহ, পরিবহন ও রিসাইক্লিংয়ের ব্যবস্থা করবে। এছাড়া ইপসা চিড়িয়াখানায় বিনাসহ সুরক্ষা সামগ্রী সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, "একক কোনো সংস্থার পক্ষে পুরো নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জেলা প্রশাসন, সিটি করপোরেশন এবং নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।"

আরও পড়ুন: ফয়’স লেকে চসিকের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, "শিশু-কিশোরদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ গড়ে তুলতেই প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। সংগৃহীত প্লাস্টিক পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় এ উদ্যোগ আরও কার্যকর ভূমিকা রাখবে।"

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াৎ জামিল সৈকত, ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের প্রজেক্ট ম্যানেজার অপূর্ব দেব এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুলের সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়ানোর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


নজরুলের সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়ানোর আহ্বান

চুয়াডাঙ্গা, ৩১ অক্টোবর ২০২৬ : সপ্তাহব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বক্তাদের মতে, নজরুলের সাহিত্য চর্চার মাধ্যমে যুবসমাজ দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

আজ চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব বক্তব্য তুলে ধরেন।

‘জাগো নব সৃষ্টির মহানন্দে’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। পরে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়। এ সময় কবি কাজী নজরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা উল্লেখ করেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে চেতনা বিদ্যমান, তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাদের মতে, নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্মের চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ জামান, সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সি আবু সাইফ, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন।

আলোচনা সভা শেষে সপ্তাহব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে রাতে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী হিরণ উর রশিদ শান্ত, নুসরাত জাহান করবি ও মনোয়ারা খুশি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ও র‌্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


ফেনীতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ও র‌্যালি অনুষ্ঠিত

ফেনী, ৩১ অক্টোবর, ২০২৬ : আজ জেলা কর্তৃপক্ষের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে, যার উদ্দেশ্য বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেনের ব্যবহারকে বৃদ্ধি করা।

এ কনফারেন্স ও র‌্যালির মূল প্রতিপাদ্য ছিল ‘এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউআর’ এবং ‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’।

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এবং এনসিসি ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ফাইনান্সিয়াল ইনক্লুশন) দেবাশীষ রায়।

এনসিসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান মো. নুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান গিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিজিএম ও আঞ্চলিক প্রধান এ. এইচ. এম রেজাউল করিম, এনসিসি ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট ও ফাইনান্সিয়াল ইনক্লুশন সেলের প্রধান মো. আনিসুর রহমান মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইনক্লুশন বিভাগের উপ-পরিচালক মো: ফিরোজ আহমেদ।

দেবাশীষ রায় অনুষ্ঠানে বলেন, "আগামী দিনে ব্যাংকিং সেবা পুরোপুরি ডিজিটালাইজ হয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিতে শুরু করেছে।" তিনি আরও উল্লেখ করেন যে, স্টুডেন্ট ব্যাংকিংকে আরো কার্যকর ও গুরুত্বপূর্ণ করে তুলতে স্টুডেন্টদের জন্য একটি পৃথক ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, প্রযুক্তিগত ও আধুনিকভাবে ব্যাংকিং খাত এগিয়ে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ডিজিটাল ব্যাংক, ক্যাশলেস, মোবাইল ব্যাংকিং ইত্যাদি সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেল, এনসিসি ব্যাংক পিএলসি-এর দিকনির্দেশনায় এবং ফেনী শাখার সরাসরি ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

জেলায় মোট ৩৮টি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এই ব্যাংকিং কনফারেন্সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এছাড়া, জেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।

এছাড়া, চলতি বছরে জেলার সর্বাধিক সংখ্যক স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার জন্য বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংককে প্রথম, ডাচবাংলা ব্যাংককে দ্বিতীয় এবং বেসিক ব্যাংককে তৃতীয় স্থান অর্জনকারী ব্যাংক হিসেবে পুরস্কৃত করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষার ফলে ক্যাডেট কলেজগুলোর চমকপ্রদ সফলতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


এইচএসসি পরীক্ষার ফলে ক্যাডেট কলেজগুলোর চমকপ্রদ সফলতা

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : এবারের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোর শিক্ষার্থীরা চমকপ্রদ ফলাফল অর্জন করেছে। ১২টি ক্যাডেট কলেজের ৫৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৬ জন জিপিএ-৫ পেয়েছে, পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৪ দশমিক ২০ শতাংশ।

বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যা বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য শুধুমাত্র ভালো ফলাফল অর্জন নয়, বরং সুনাগরিক ও চৌকস ক্যাডেট গড়ে তোলা। এই উদ্দেশ্যে, ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন এবং সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছানোর লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত যুগোপযোগী শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে।

ক্যাডেট কলেজগুলোর ক্যাডেটদের ধারাবাহিক সফলতার পেছনে রয়েছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সু-শৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ অনুষদ সদস্যদের সার্বক্ষণিক পরিচর্যা ও তদারকি, ক্যাডেটদের অধ্যবসায়, নিয়মিত লেখাপড়া এবং আন্তরিক প্রচেষ্টা। এই সাফল্যজনক ফলাফল অর্জনের জন্য ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুষ্ঠু দিকনির্দেশনা, অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং প্রতিষ্ঠানে কর্মরত সকল পর্যায়ের ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই উদ্যোগের উদ্দেশ্য হলো তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনা। একই সাথে, জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন করে খেলাধুলার জন্য উপযোগী করা হবে, যা মানসম্মত খেলোয়াড় তৈরির প্রক্রিয়াকে সহজতর করবে।

শনিবার দুপুরে, নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় ইমপ্যাক্ট (ফেজ-৩) প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিমন্ত্রী খেলাধুলার ক্ষেত্রে বর্তমান সরকারের লক্ষ্য সম্পর্কে উল্লেখ করেন যে, খেলাধুলাকে পেশাদারী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার কাজ করছে। নতুন করে খেলাধুলার কার্যক্রম শুরু করার উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে খেলাধুলার জন্য একটি আলাদা অধ্যায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

জ্বালানি সংকট মোকাবিলার জন্য বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যেখানে গরুর খামার রয়েছে, সেসব এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা গেলে দেশের জ্বালানি সংকট অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তরুণেরা এই প্ল্যান্ট স্থাপন ও সংযোগের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হবেন।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার বাংলাদেশের উন্নয়ন ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তরুণ সমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য বিভিন্ন যুগোপযোগী কর্মসূচি গ্রহণ করেছে। ফ্রিল্যান্সিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি জেলার যুব উন্নয়ন অধিদপ্তর এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে প্রশিক্ষণপ্রাপ্তরা দেশে ও বিদেশে সমানভাবে কাজের সুযোগ পান এবং স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।

এর আগে, তিনি প্রধান অতিথি হিসেবে বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন করেন এবং পাঁচজন উদ্যোক্তার হাতে ঋণের চেক প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%