প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই উদ্যোগের উদ্দেশ্য হলো তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনা। একই সাথে, জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন করে খেলাধুলার জন্য উপযোগী করা হবে, যা মানসম্মত খেলোয়াড় তৈরির প্রক্রিয়াকে সহজতর করবে।
শনিবার দুপুরে, নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় ইমপ্যাক্ট (ফেজ-৩) প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রতিমন্ত্রী খেলাধুলার ক্ষেত্রে বর্তমান সরকারের লক্ষ্য সম্পর্কে উল্লেখ করেন যে, খেলাধুলাকে পেশাদারী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার কাজ করছে। নতুন করে খেলাধুলার কার্যক্রম শুরু করার উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে খেলাধুলার জন্য একটি আলাদা অধ্যায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
জ্বালানি সংকট মোকাবিলার জন্য বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যেখানে গরুর খামার রয়েছে, সেসব এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা গেলে দেশের জ্বালানি সংকট অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তরুণেরা এই প্ল্যান্ট স্থাপন ও সংযোগের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হবেন।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার বাংলাদেশের উন্নয়ন ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তরুণ সমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শিক্ষিত ও বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য বিভিন্ন যুগোপযোগী কর্মসূচি গ্রহণ করেছে। ফ্রিল্যান্সিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি জেলার যুব উন্নয়ন অধিদপ্তর এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যাতে প্রশিক্ষণপ্রাপ্তরা দেশে ও বিদেশে সমানভাবে কাজের সুযোগ পান এবং স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।
এর আগে, তিনি প্রধান অতিথি হিসেবে বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন করেন এবং পাঁচজন উদ্যোক্তার হাতে ঋণের চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন