০৮:২৩ পি.এম
২০১৭ সালে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পরও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকাকে জীবিত অবস্থায় দেশে ফিরতে দেয়নি, এমন অভিযোগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে ইশরাক হোসেন উল্লেখ করেন, ‘২০১৭ সালে আমার বাবা প্রয়াত সাদেক হোসেন খোকার পাসপোর্টের মেয়াদ শেষ হলে তিনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। কিন্তু খুনি হাসিনা ও তার সরকার তাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি।’
তিনি তার পোস্টে আরও দাবি করেন, ‘আমরা গণহত্যাকারী হাসিনাকে জীবিত ফেরত চাই। আমরা তাকে বিচারের মুখোমুখি করতে চাই।’
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
উল্লেখ্য, সাদেক হোসেন খোকা বিএনপির ভাইস চেয়ারম্যান এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর আগে তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। দেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদন করলেও আওয়ামী লীগ সরকার তা নাকচ করে।
এদিকে, রক্তস্নাত জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আসন্ন ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি সোমবার (৯ নভেম্বর) এ আবেদন করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিনিধি কৃষ্ণা এন. দাসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন সংক্রান্ত একটি চিঠি তাদের হাতে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটি হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তবে এই আবেদনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাৎক্ষণিকভাবে বলেছেন, শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না বাংলাদেশ থেকে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, চিঠিটি পাঠিয়েছেন লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে। বাংলাদেশী নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে আইনজীবীদের পক্ষ থেকে।
চিঠিটি ই-মেইলে পাওয়ার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। দিল্লির প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান যুগান্তরকে জানিয়েছেন, শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে একটি ই-মেইল পেয়েছে বাংলাদেশ হাইকমিশন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে ই-মেইলটি পাঠানো হয়েছে। বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে হাইকমিশনের পক্ষ থেকে।
সাইদুর রহমান আরও বলেন, তবে এটি নিশ্চিত হওয়া যায়নি যে, এই আবেদন শেখ হাসিনার পক্ষ থেকে এসেছে এবং ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনার অথোরাইজড করা কোনো প্রতিষ্ঠান।
আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর
এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের খবর টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। বিশেষ করে গত বেশ কয়েকদিন ধরে ডিসেম্বরে হাসিনা দেশে আসছেন এমন গুঞ্জন থাকায় বিষয়টি আলোচনায় নতুন মাত্রা পেয়েছে। তবে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে যে, একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী হিসাবে হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। তাকে কোনোভাবেই নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না।
শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি যে ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর একটি ইস্যু হয়ে উঠেছে, এটি কোনো গোপন বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতকে শুনতে হচ্ছে যে গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে।
ভারতের জন্য সম্ভবত সবচেয়ে ভালো সমাধান হবে যদি তিনি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারেন। কিন্তু অতীতে বারবার নানা দেশের সঙ্গে দিল্লির এ নিয়ে কথাবার্তা হলেও নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি।
ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করা এবং সে দেশে বিচারের মুখোমুখি হওয়াটাই একমাত্র বাস্তবসম্মত অপশন।
আরও পড়ুন: সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ, মূল্য ৪ লাখ ৯৮ হাজার ৬৭০ টাকা
বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতেও শেখ হাসিনার নিজের দেশে ফেরার ছাড়া আর কোনো বিকল্প নেই – সেটি নিয়েও দিল্লিতে নীতি-নির্ধারকরা একমত।
দিল্লিতে সরকারি কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটি—
প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে – তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটিও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। অর্থাৎ বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনো পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে।
আরও পড়ুন: বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ উপযোগী পরিবেশ করতে হবে: আইনমন্ত্রী
এর জন্য দিল্লির পক্ষে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটি করার জন্যও প্রস্তুত রয়েছে।
দ্বিতীয় শর্তটি হচ্ছে— শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয় – বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
তবে এই দাবিটি যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্যও করছে না।
দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কথায়, আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।
আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যাবর্তনে টুঙ্গিপাড়ায় আ.লীগের মিছিল, বিএনপি অফিসে ভাঙচুর
সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে তিনি জানাচ্ছেন।
এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন