১০:২১ পি.এম
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলের মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটিতে মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক এবং দক্ষিণ সিটিতে নায়েবে আমির মাওলানা মাহবুবুল হকের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা প্রদান করেন।
মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকী বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। অপরদিকে, মাওলানা মাহবুবুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির। তিনি মরহুম শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর সুযোগ্য সন্তান এবং মাওলানা মামুনুল হকের বড় ভাই।
আরও পড়ুন: প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব
প্রার্থী ঘোষণা করার সময় মাওলানা মামুনুল হক বলেন, "ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিদ্যমান সংকটগুলো সমাধানে দলের মনোনীত প্রার্থীরা যোগ্যতার পরিচয় দেবেন বলে আমরা আশাবাদী।" তিনি আশা প্রকাশ করেন যে মহানগরবাসী নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত প্রার্থীদের সার্বিক সহযোগিতা করবেন এবং ভোটের মাধ্যমে তাদের বিজয়ী করবেন।
প্রেস ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং জানান যে, পর্যায়ক্রমে সারা দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা করার প্রত্যাশা রয়েছে।
সংবাদ সম্মেলনের আগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
এছাড়াও উভয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন—সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা মাহবুবুল হক, মাওলানা কুরবান আলী, অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজীজ, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালসহ আরও অনেকে।
আরও পড়ুন: সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে এলিজা জামানের মনোনয়ন বৈধ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন