ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নারী ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শুরুর আগে থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী নারী ভোটারদের উপস্থিতি ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। তারা নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ছিলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বুড়িহাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়। যদিও ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল সকাল ৮টায়, তবুও তার আগেই ভোট দিতে আসা নারীরা সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন।

ভোট দিতে আসা বৃদ্ধা শান্তি বালা বলেন, "সকালে ঘুম থেকে উঠে প্রথমে বাড়ির কাজ শেষ করেছি। এরপর রান্নাবান্না ও খাওয়াদাওয়া সেরে ভোট দিতে এসেছি। সময়মতো কেন্দ্রে পৌঁছাতে সকাল সকাল বাড়ি থেকে বের হয়েছি। কেন্দ্রে এসে দেখি, আরও অনেকে ভোট দিতে এসেছেন। ভোটগ্রহণ শুরু না হওয়ায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি। ভোট শুরু হলে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।"

আরও পড়ুন: নির্বাচনে ৯ লাখ ৫৮ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন লজ্জাজনক: সিইসি

আরেক ভোটার প্রতিমা রানী জানান, "সকালে ভিড় কম থাকে বলে আগেভাগেই ভোট দিতে কেন্দ্রে এসেছি। ভোটগ্রহণ শুরুর আগেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।"

বুড়িহাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রেজওয়ানুল ইসলাম বলেন, "এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৬৮৭ জন। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে ব্যবস্থাও রাখা হয়েছে।"

ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, "ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, সে জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই দায়িত্ব পালন করছেন।"

ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আফতাব উজ্জামান জানান, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ১৮৫টি কেন্দ্রে ৩৬ শতাংশ ভোট পড়েছে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ৩৬ শতাংশ

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ভোটকেন্দ্র ১৮৫টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন।

গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমীন ও মো. ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন পাঁচজন। তাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন এবং জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেনকে ঘিরে মূল প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে।

গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: অন্যের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে জসিম-অমেলা

এর আগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জয়ী হয়েছিলেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্যের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে জসিম-অমেলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


অন্যের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে জসিম-অমেলা

শরীরের বয়সের ভারে নুয়ে পড়েছে। চলাফেরার জন্য লাঠি অথবা অন্যের সহায়তা প্রয়োজন। তবে ভোট দেয়ার আগ্রহে কোনো কমতি নেই। ৯৮ বছর বয়সী মো. জসিম উদ্দিন ও ৮৯ বছর বয়সী অমেলা বেওয়া ভোট দিতে লাঠি ও অন্যের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে এসেছেন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তাদের উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে তারা ভোট দিতে আসেন।

কেন্দ্রে প্রবেশের সময় দেখা যায়, ৯৮ বছর বয়সী জসিম উদ্দিন এক আনসার সদস্যের সহায়তায় ভোটকেন্দ্রে প্রবেশ করছেন। বয়সের কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে কষ্ট হলেও ভোট দেয়ার জন্য তিনি কেন্দ্রে এসেছেন।

অন্যদিকে, ৮৯ বছর বয়সী অমেলা বেওয়া তার ভাগনে আব্দুল রশিদের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে আসেন। শারীরিক সীমাবদ্ধতা উপেক্ষা করে ভোট দিতে তাদের এই আগ্রহ ভোটাধিকারের গুরুত্বকে তুলে ধরে।

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. আরিফ হোসেন জানান, সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। ভোটাররা ধীরে ধীরে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৬ জন।

ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভুল্লী এলাকায় মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন।

গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন ও মো. ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজন রয়েছেন। তাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন ও জামায়াতের দেলাওয়ার হোসেনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জয়ী হয়েছিলেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিটন চোটে ফিল্ডিংয়ে নামেননি, উইকেটকিপিং করছেন জাকের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


লিটন চোটে ফিল্ডিংয়ে নামেননি, উইকেটকিপিং করছেন জাকের

দ্বিতীয় দিনের সকালের সেশনে চোট পেয়ে গেলেও লিটন দাস ব্যাটিং চালিয়ে গেছেন। তবে টাইগারদের ফিল্ডিংয়ের সময় গ্লাভস হাতে তাকে আর দেখা যায়নি। বদলি উইকেটকিপার হিসেবে স্কোয়াডে থাকা জাকের আলী অনিক মাঠে নেমেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, লিটনের চোট কি গুরুতর?

বর্তমানে উইকেটের পেছনে লিটন দাস বিশ্বসেরাদের মধ্যে অন্যতম। ব্যাটিংয়ের ধ্বসের পর ফিল্ডিংয়ের সময় দলকে উজ্জীবিত করতে তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই টেস্টের বাকি অংশে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চোটের কারণে উইকেটকিপিং করছেন না লিটন। তার বদলে উইকেটের পেছনে দাঁড়িয়ে আছেন জাকের আলী।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানিয়েছেন, প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় পাওয়া আঘাতে লিটনের কনুই থেঁতলে গেছে। ফলে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছে। আগের দিন ৩ উইকেটে ২১৩ রান তোলা বাংলাদেশ আজ এক সেশনে ৫৯ রান তুলতেই হারিয়েছে বাকি ৭ উইকেট। সেঞ্চুরি হাঁকিয়ে সাদমান ইসলাম (১০৫) ফিরে যাওয়ার পর বাংলাদেশের ইনিংসে ধ্বস নামে। লিটন এক প্রান্তে টিকে থাকলেও তার সঙ্গ দিতে পারেননি কেউ।

সাদমানের বিদায়ের পর ক্রিজে এসেছিলেন আগের দিন ৪২ রানে চোট নিয়ে মাঠ ছাড়া তাওহীদ হৃদয়। কিন্তু আজ তিনি আর কোনো রান যোগ করার আগেই বিদায় নেন। লিটন শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজিত ছিলেন।

জোমেল ওয়ারিক্যান একাই ৫ উইকেট শিকার করেন। ২টি করে উইকেট শিকার করেন শামর জোসেফ ও বিশপ। বাকি উইকেটটি যায় জেডন সিলসের দখলে।

লাঞ্চের পর ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ এই প্রতিবেদন লেখার সময় ১ উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে। তারা এখনও ২২৭ রানে পিছিয়ে রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ৩৬ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ৩৬ শতাংশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের প্রথম চার ঘণ্টায় প্রায় ৩৬ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আফতাব উজ্জামান জানালেন, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ১৮৫টি কেন্দ্রে ৩৬ শতাংশ ভোট পড়েছে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি ভোটকেন্দ্র রয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। বিএনপির মির্জা ফয়সল আমীন ও জামায়াতের দেলাওয়ার হোসেনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় বর্তমানে পাঁচজন রয়েছেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে এ আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ, পুলিশের অনুরোধে পোশাক শ্রমিকরা সড়ক ছাড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ, পুলিশের অনুরোধে পোশাক শ্রমিকরা সড়ক ছাড়লেন

মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকেরা রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেন। দুই ঘণ্টা পর, তারা সেখান থেকে সরে যান। শ্রমিকদের সড়ক ছাড়ার ফলে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক ত্যাগ করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, শ্রমিকেরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে নেমেছিলেন। পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। এরপর তারা সড়ক থেকে সরে যান।

এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে, কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এই বিক্ষোভের ফলে মিরপুর-১০ এবং আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%