বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং
০৩:৫৩ পি.এম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা লজ্জাজনক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটের মনিটরিং সেল পর্যবেক্ষণের পর তিনি এসব মন্তব্য করেন। মনিটরিং সেল পর্যবেক্ষণের সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
তিনি উল্লেখ করেন, "নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে আমাদের। বিদেশিরা যখন আমাদের দেশে আসে তখন দেখে আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে মাঠে নামছি। তাদের কাছে লজ্জা পেতে হয়। একটা নির্বাচন করতে সাড়ে ৯ লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন করতে হয়। এই লজ্জা আমরা ঘোচাতে চাই। মারামারি হানাহানি নয়, একটা উৎসব মুখর নির্বাচন করতে চাই।"
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের মতো অন্যান্য নির্বাচনকেও গুরুত্ব দিচ্ছে। শুধু ঠাকুরগাঁওয়ের নির্বাচন নয়, সব নির্বাচনেই ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কমিশন কাজ করছে।
সিইসি জানান, "ইসি স্বচ্ছতায় বিশ্বাস করে। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে কমিশন।"
তিনি বলেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে। পুলিশ, প্রশাসন, বিজিবি সহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে।
সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সবার সহযোগিতা কামনা করে সিইসি বলেন, "আমরা সংঘাতের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে উৎসবমুখর নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চাই। দেশে একটি সুন্দর ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।"
আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেগুলো নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার দিয়ে এই উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে।"
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় তার ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট শুরু হয়েছে সকাল ৮টায়, যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে পাঁচজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ ৩ উইকেটে ২১৩ রান নিয়ে শুরু করে। বিশাল সংগ্রহ গড়ার সম্ভাবনা ছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ব্যাটিং ধ্বসে আজ ৫৯ রান তুলতেই টাইগাররা বাকি ৭ উইকেট হারিয়ে ফেলে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে এক সেশনে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। জোমেল ওয়ারিক্যানের ঘূর্ণিতে ৯৭.৪ ওভারে ২৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ওয়ারিক্যান একাই ৫ উইকেট নিয়েছেন।
বাংলাদেশ চতুর্থ উইকেটটি ২২১ রানে হারায়। আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম আজ দিনের দ্বিতীয় বলেই সেঞ্চুরি তুলে নেন। কিন্তু ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকানোর পরপরই ১০৫ রানে বিদায় নেন তিনি। এরপরই বাংলাদেশের ইনিংসে ধ্বস নামে।
এক প্রান্তে লিটন দাস টিকে থাকলেও অন্য প্রান্তে ছিল আসা-যাওয়ার মিছিল। সাদমানের বিদায়ের পর মাঠে নামেন আগের দিনে চোট পেয়ে বের হয়ে যাওয়া তাওহীদ হৃদয়। কিন্তু খেলার নেশায় উইকেট বিসর্জন দেন। আগের দিনের ৪২ রানের সাথে এদিন কোনো রান যোগ না করেই বিশপের বলে বোল্ড হন তিনি।
হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজও উইকেটে সেট হওয়ার পর আউট হন। ৩৯ বলে ১৫ রান করে ওয়ারিক্যানের বলে বোল্ড হন মিরাজ।
পরপর দুই ওভারে শামার জোসেফ বিদায় করেন নাঈম হাসান (৫) ও হাসান মাহমুদকে। একই ওভারে পরপর দুই বলে তাইজুল ইসলাম (১) ও শরিফুল ইসলামকে (০) আউট করে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন ওয়ারিক্যান।
লিটন দাস অপরাজিত থাকেন ৮৮ বলে ৩৪ রানে।
ওয়ারিক্যান ৫ উইকেট, জোসেফ ও বিশপ ২টি করে এবং জেডন সিলস বাকি উইকেটটি শিকার করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কলকাতার সাবেক মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, প্রাক্তন তথ্য় সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী এবং গায়ক ইন্দ্রনীল সেনকে শারদীয় দুর্গাপূজায় কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাকে আদালতে পেশ করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভে র প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে জিজ্ঞাসাবাদের পর বের হওয়ার সময় গ্রেফতার হন ইন্দ্রনীল সেন। গত ৮ জুন বউবাজার থানায় জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গায়কের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে বড়সড় আর্থিক দুর্নীতি ঘটানোর। ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনের পরিচালনায় 'মাস আর্ট' নামে একটি সংস্থা এই দুর্নীতির সাথে জড়িত।
অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায় বলেন,
'মাস আর্ট' ইউনেস্কোর নাম ভাঙিয়ে কলকাতার ৮০০-৯০০ দুর্গাপুজোর মধ্যে ২৪টি পুজোকে বেছে নিয়েছে। এই ২৪টি পুজোয় প্রথম ৪ দিন মানুষকে টিকিট কেটে প্যান্ডেলে ঢুকতে হয়। এখান থেকে ইন্দ্রনীল সেন কয়েকশো কোটি টাকার দুর্নীতি করেছে, যা সরকারি কোষাগারে জমা পড়েনি। এছাড়া তথ্য সংস্কৃতি দফতর, মিনিস্ট্রি ও বিভিন্ন ব্র্যান্ডিং কোম্পানি থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তদন্ত করলে আরও তথ্য বের হবে।
সম্প্রতি, এ বিষয়ে ECIR দায়ের করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি ED। ইন্দ্রনীল সেনের বাড়ি ও আত্মীয়দের ঠিকানা সহ বহু স্থানে তল্লাশি চালানো হয়েছে। তাকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
গত বুধবার (২৮ অক্টোবর) এই মামলার কারণে ইন্দ্রনীল সেনকে তলব করা হয়েছিল। দুপুর ২টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেন। এর মধ্যেই সিজিও কমপ্লেক্সের বাইরে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায়, যা টানটান পরিস্থিতি তৈরি করে। বিকেল ৫টা নাগাদ ইডি দফতর থেকে বের হওয়ার পর কলকাতা পুলিশের গাড়িতে তোলা হয় ইন্দ্রনীল সেনকে।
গ্রেফতারের পর গায়ককে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাকে আদালতে তোলার পরিকল্পনা রয়েছে। আগামী ২ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়।
মন্ত্রী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণ কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর দেন। এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় চাকরি ফিরে পাওয়া ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ শেষে।
নিহত কে এম তাহসিফ সৌরি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন এবং তিনি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কারণ প্রাথমিক তদন্ত ও লাশের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। এগুলো সম্পন্ন হওয়ার পর সঠিক তথ্য জেনে বিস্তারিত জানানো সম্ভব হবে।” আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ব্যতিক্রম দু-একটি ছাড়া দেশে সংঘটিত যে কোনো অপরাধের ক্ষেত্রে অপরাধীদের শনাক্তকরণ, গ্রেফতার, তদন্ত ও বিচার কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
মন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে মৃত্যু বা বোমার মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, ফ্যাসিবাদের সময় ক্ষতিগ্রস্ত পুলিশ বাহিনীকে একটি ভঙ্গুর অবস্থা থেকে পুনর্গঠন করে ক্রমান্বয়ে সুসংগঠিত করা হচ্ছে। সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, মাদক ও মানব পাচারের মতো নতুন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সংবিধান এবং মৌলিক আইন অনুযায়ী নিরপেক্ষভাবে জনসেবা দিতে হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আওয়ামী লীগ হচ্ছে এখন একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল। তারা একটি স্বৈরতান্ত্রিক ও মাফিয়া শক্তি ছিল এবং অরাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রমাণিত করে গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা বাংলাদেশে ১৪০০-র বেশি (জাতিসংঘের হিসাবমতে) এবং আমাদের হিসাবমতে ২০০০-এরও বেশি মানুষ হত্যা ও গণহত্যা চালিয়েছে। তারা এখন পর্যন্ত কোনো ক্ষমা প্রার্থনা বা দুঃখ প্রকাশ করেনি। উল্টো তারা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে জঙ্গিবাদী তকমা দিতে চেয়েছিল। তারা যে আবার গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে আসতে চায়, এ দেশের জনগণ কখনও তা গ্রহণ করবে না এবং সে সুযোগ দেবে না।”
শেখ হাসিনার দেশে আসার ঘোষণা নিয়ে তিনি বলেন, কে কখন আসতে চাচ্ছে না চাচ্ছে, তা নিয়ে আমরা মোটেও বিচলিত নই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর; যে-ই আসুক না কেন, তাদেরকে আইন অনুযায়ী হেফাজতে নেয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি নৃশংস হামলার ঘটনা ঘটেছে, যেখানে বাবা-মেয়ের ওপর আক্রমণ চালানো হয়েছে। গোলাপ হোসেন গুরুতরভাবে আহত হয়েছেন এবং তার ৬ বছরের শিশুকন্যা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে, পুলিশ উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মোল্লা ব্রিকসের পাশে একটি পরিত্যক্ত জমি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে রামকৃষ্ণদী গ্রামের একটি ইটভাটার কাছে এই হামলার ঘটনা ঘটে। নিহত তওবার বাবা গোলাপ হোসেনের স্থায়ী বাড়ি রামকৃষ্ণদী গ্রামে, কিন্তু তিনি পরিবারসহ লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
তথ্য অনুযায়ী, তওবার দাদা জয়নাল মিয়া গত পাঁচ বছর ধরে রামকৃষ্ণদী এলাকার একটি ইটভাটায় কাজ করছেন। বুধবার বিকেলে দাদার সঙ্গে দেখা করার পর বাড়ি ফেরার পথে তওবা এবং তার বাবা গোলাপ হোসেন হামলার শিকার হন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গোলাপ হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে। একই সময়ে শিশু তওবাকে হত্যা করে তার মরদেহ ইটভাটার পাশে পরিত্যক্ত জমিতে ফেলে রাখে দুর্বৃত্তরা। বর্তমানে গুরুতর আহত গোলাপ হোসেন ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ