ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

১ নভেম্বর সেন্টমার্টিন খুললেও পর্যটকরা যেতে পারছেন না


১ নভেম্বর সেন্টমার্টিন খুললেও পর্যটকরা যেতে পারছেন না

দীর্ঘ বিরতির পর আগামী রোববার (১ নভেম্বর) থেকে প্রবালদ্বীপ সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলছে। তবে, দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে না প্রথম দিন থেকেই। সরকারি অনুমোদন ও দাফতরিক প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে ৪ বা ৫ নভেম্বর থেকে জাহাজ চলাচল শুরু হতে পারে। তবে ১ নভেম্বর থেকেই সেন্টমার্টিন ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য অনলাইন নিবন্ধন শুরু হবে।

জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সেন্টমার্টিন রুটে চলাচলের জন্য তিনটি জাহাজ অনুমোদন পেয়েছে। এছাড়াও, আরও সাতটি জাহাজ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনটি অনুমোদিত জাহাজ চলাচলের জন্য প্রস্তুত থাকলেও, বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরও কয়েক দিন সময় লাগবে।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, ১২ অক্টোবর সেন্টমার্টিনে জাহাজ চলাচল ও পর্যটকের সংখ্যা নির্ধারণের বিষয়ে আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৫ অক্টোবর পরিবেশ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। পরে ২৭ অক্টোবর তা সংশোধন করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না। এর ধারাবাহিকতায় ২৯ অক্টোবর তিনটি জাহাজ পরিবেশগত ছাড়পত্র পেয়েছে।

আরও পড়ুন: ছাদে সোলার প্যানেল বসালে কর ছাড়ের ঘোষণা জ্বালানিমন্ত্রীর

তিনি আরও বলেন, জাহাজ চলাচলের জন্য নৌপরিবহন অধিদফতরের ভয়েজ লাইসেন্স, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) রুট পারমিট এবং জেলা পরিষদের অনুমতি প্রয়োজন। এসব অনুমোদন পাওয়া সাপেক্ষে জাহাজ চলাচল শুরু করা যাবে। বর্তমানে তিনটি জাহাজ প্রয়োজনীয় নিরাপত্তা ও অন্যান্য শর্ত পূরণ করে প্রস্তুত রয়েছে। অন্যদিকে, আরও সাতটি জাহাজ প্রস্তুত করার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে ৩ থেকে ৫ নভেম্বরের মধ্যে জাহাজ চলাচল শুরু করা সম্ভব হবে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) সাধারণ সম্পাদক আখতার নুরও একই ধরনের আশার কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ১ নভেম্বর থেকে জাহাজ চলাচলের অনুমোদন পাওয়ার কথা থাকলেও পরিবেশগত ছাড়পত্র পেতে দেরি হয়েছে। গতকাল সেই ছাড়পত্র পাওয়া গেছে। এখন ভয়েজ লাইসেন্স ও রুট পারমিটসহ আরও কিছু অনুমোদন নিতে হবে। শুক্র ও শনিবার থাকায় এসব প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে।

আখতার নুর জানান, আশা করা হচ্ছে, ৩ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় অনুমতি পাওয়া যাবে। এরপর ৩ থেকে ৫ নভেম্বরের মধ্যে জাহাজ চলাচল শুরু করা সম্ভব হবে।

দৈনিক যেতে পারবেন সাড়ে তিন হাজার পর্যটক।

আরও পড়ুন: প্রেমে ব্যর্থ হয়ে ইউটিউব দেখে ইয়াবা তৈরির পরিকল্পনা, যুবক গ্রেফতার

এবার সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দৈনিক সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপে যেতে পারবেন। এ জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটি ডিজিটাল ব্যবস্থা চালু করছে, যা অনলাইন নিবন্ধন, কিউআর কোড ও ট্রাভেল পাসের সমন্বয়ে গঠিত।

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানিয়েছেন, কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ ৩ হাজার ৫০০ জনের সীমা নির্ধারণ করা হয়েছে। এই সীমা কার্যকর করতে কিউআর কোড যুক্ত ট্রাভেল পাস দেওয়া হবে। এর ফলে নির্ধারিত সংখ্যার বেশি পর্যটক দ্বীপে যেতে পারবেন না।

তিনি বলেন, সেন্টমার্টিন পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। দ্বীপটির প্রতিবেশ ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই পর্যটকের সংখ্যা সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাহাজ পরিচালনার জন্য সংশ্লিষ্ট অপারেটরদের সরকারের অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নিতে হবে। এরপর পর্যটকদের ট্রাভেল পাস দেওয়ার দায়িত্ব পালন করবে পর্যটন বোর্ড।

মুতাসিম বিল্লাহ ফারুকী আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজন ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার পর নিরাপত্তার বিষয়ে সচেতনতা বেড়েছে। তবে এটি শুধুমাত্র সাময়িক উদ্যোগ নয়, স্থায়ী সমাধানের দিকেও যেতে হবে। প্রতিটি স্থানে অগ্নিনির্বাপণব্যবস্থা ও প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করতে হবে। এসব ব্যবস্থা বাস্তবায়নে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সরকারেরও দায়িত্ব রয়েছে। সরকার নিয়মিত এসব কার্যক্রম তদারক করবে।

আরও পড়ুন: তাহসিফের মৃত্যু: দীপকে গ্রেফতার, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের অনলাইন নিবন্ধন শুরু হওয়ার কথা রয়েছে। তবে, জাহাজ চলাচলের আনুষ্ঠানিক অনুমতি ও অন্যান্য প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেন্টমার্টিনের সমুদ্রযাত্রা শুরু হচ্ছে না। ফলে দ্বীপ ভ্রমণের জন্য নিবন্ধন শুরু হলেও, জাহাজে ওঠার জন্য পর্যটকদের আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাদুবাদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৭ এম


জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাদুবাদ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এনসিপির জামায়াত থেকে বের হয়ে আসার প্রাথমিক সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে তিনি তার ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, "জামায়াত থেকে বের হয়ে আসার প্রাথমিক সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ জানাই।" এনসিপির ভাই ব্রাদারদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, যদিও এখনই আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবে একপ্রকার পিসফুল ডিভোর্সের মতো শীঘ্রই জামায়াত জোট থেকে বের হয়ে আসবে এনসিপি। আজকের গণবিক্ষোভ কর্মসূচি এবং আসিফ মাহমুদের বক্তব্য শুনে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

গণবিক্ষোভ থেকে ৩১ অক্টোবরের লংমার্চের পক্ষে তেমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইতিবাচক দিক হলো, অনেক দিন পর এনসিপির আজকের গণবিক্ষোভে কয়েক হাজার লোকের সমাগম ঘটেছে। জামায়াতের সাথে জোট করার পর থেকে এনসিপির কর্মসূচিগুলোতে লোকের সংখ্যা খুব কম ছিল। দীর্ঘ সময় পর হাজারের উপরে লোকের উপস্থিতি এনসিপির স্বতন্ত্র রাজনীতির জন্য আশার সঞ্চার করেছে।

এভাবে যদি স্বতন্ত্র রাজনীতি পরিচালনা করা সম্ভব হয়, তাহলে আগামী এক বছরের মধ্যে এনসিপি একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। এবং আওয়ামী শূন্যতা পূরণে সক্ষম হবে।

এভাবে কাজ করতে থাকলে আগামী জাতীয় নির্বাচনে প্রধান বিরোধীদল হওয়ার সম্ভাবনাও তৈরি হবে। এনসিপি বারবার এই স্বপ্নের কথা বলছে। কিন্তু জামায়াতের পকেটে থেকে প্রধান বিরোধীদল হওয়া সম্ভব নয়। এই উপলব্ধি এনসিপির অনেকের মধ্যে প্রবল হয়ে উঠেছে, যার ফলে আজকের এই স্বতন্ত্র কর্মসূচি।

তবে এনসিপির স্বতন্ত্র রাজনীতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে এনসিপির ৮ জন এমপি। তারা আগামীবারও জামায়াতের ভোটে এমপি হতে জোটের রাজনীতি ধরে রাখতে মরিয়া। তবে এনসিপির অধিকাংশ সদস্য স্বতন্ত্র রাজনীতির পক্ষে। দেখা যাক, প্রাথমিক সিদ্ধান্তটি চূড়ান্ত হয়, নাকি জামায়াতের পকেট সংগঠন হিসেবে থেকে যায় এনসিপি। পরিশেষে, এনসিপির স্বতন্ত্র রাজনীতির প্রতি শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রশিদ খানের ৭০০ উইকেট, ইতিহাস গড়লেন আফগান তারকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৮ এম


রশিদ খানের ৭০০ উইকেট, ইতিহাস গড়লেন আফগান তারকা

রশিদ খান, আফগানিস্তানের একটি বড় তারকা হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। এই লেগ স্পিনার তার ক্রিকেট ক্যারিয়ারের ১২০তম ম্যাচে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে একমাত্র বোলার হিসেবে তিনি ৭০০ উইকেট শিকার করেছেন।

আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২৪ বছর বয়সী এই লেগ স্পিনার নতুন মাইলফলক অর্জন করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে তিনি ২০০ উইকেট নেন, যা তার জন্য একটি বিশেষ অর্জন।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে অংশগ্রহণের আগে রশিদ খানের ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে প্রয়োজন ছিল মাত্র একটি উইকেট। জিম্বাবুয়ের উইকেটকিপার-ব্যাটসম্যান তাদিওয়ানাশে মারুমানিকে আউট করে তিনি এই মাইলফলক অর্জন করেন।

বৃহস্পতিবার আফগানিস্তান প্রথমে ব্যাট করে ২২১ রান সংগ্রহ করে। ইনিংসের শুরুতে তারা মাত্র ৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবে আজমতুল্লাহ ওমরজাই ৫০ বলে ১১৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে খেলায় ফেরান। তিনি ইজাজ আহমেদজাইয়ের সঙ্গে ৫৯ বলে ১৪২ রানের পার্টনারশিপ গড়েন। রশিদ খান মাত্র ৬ বলে ২৫ রান করেন।

২২২ রানের টার্গেট তাড়া করতে নেমে জিম্বাবুয়ের ইনিংস ৫ উইকেট হারিয়ে ২০২ রানে শেষ হয়। আফগানিস্তান ১৯ রানে ম্যাচ জিতে ২-0 ব্যবধানে সিরিজ জয় করে। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ৫৬ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকা:

রশিদ খান (আফগানিস্তান) – ১২০ ম্যাচে ২০০ উইকেট।

আদিল রশিদ (ইংল্যান্ড) – ১৫৩ ম্যাচে ১৭১ উইকেট।

এহসান খান (হংকং) – ১১৯ ম্যাচে ১৬৫ উইকেট।

ইশ সোধি (নিউজিল্যান্ড) – ১৪২ ম্যাচে ১৬৫ উইকেট।

টিম সাউদি (নিউজিল্যান্ড) – ১২৬ ম্যাচে ১৬৫ উইকেট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৮ এম


কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়ন করার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে মো. শাহাব উদ্দিন নামক এক শ্রম পরিদর্শককে হাতেনাতে আটক করেছেন হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় তিনটি হোটেল থেকে মোট ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে কুয়াকাটা প্যালেস ও হোটেল শৈবালে লাইসেন্স নবায়নের জন্য ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে ওই শ্রম পরিদর্শকের বিরুদ্ধে। পরে রাত ৯টার দিকে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা তাকে হাতেনাতে আটক করেন।

অভিযোগ রয়েছে যে, শুক্রবার সারাদিন কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স করে দেওয়ার কথা বলে টাকা আদায় করেন মো. শাহাব উদ্দিন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হোটেল কর্তৃপক্ষকে মামলার ভয় দেখানো হতো।

হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের অভিযোগ, গত দুই বছর ধরে ওই শ্রম পরিদর্শক বিভিন্ন হোটেলে গোপনে মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি নিয়ে একাধিকবার তার সঙ্গে আলোচনা করা হলেও কোনো সমাধান হয়নি।

হোটেল সাউথ স্টারের পরিচালক মো. মিঠুন জানান, কয়েক দিন আগে ওই শ্রম পরিদর্শক তাদের হোটেলে গিয়ে ২৫ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হোটেলের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে আজ বিকেলে হোটেলে গিয়ে ৩০ হাজার টাকা দিলে মামলা তুলে নেওয়া এবং আর হয়রানি না করার কথা জানান। এরপর তারা টাকা দেন।

হোটেল সি-লেভেল এর মালিক মো. সবুজ বলেন, মামলা দেওয়ার ভয় দেখিয়ে কয়েক মাস আগে তার কাছ থেকে ৩৭ হাজার টাকা নেওয়া হয়েছিল। শুক্রবার আবার এসে ৮ হাজার টাকা দাবি করলে তিনি নগদে ৫ হাজার দেন এবং বাকি ৩ হাজার টাকা রাতে বিকাশে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

হোটেল রিয়াজ (আবাসিক) মালিক জুবায়ের আহম্মেদ রিয়াজ খান বলেন, ওই কর্মকর্তা তার পরিচয় দিয়ে প্রতিটি হোটেলের ভিজিটিং কার্ড এবং নাম নিয়ে একটি নোটিশ পাঠিয়ে দেন। এরপর ভয়ভীতি দেখিয়ে লাইসেন্স করতে হবে বলে কখনো ৩০ হাজার, কখনো ৪০ হাজার টাকা চাইতেন। লাইসেন্স না করলে তার নামে মামলা দিয়ে দেয়। এভাবে টেকনিক খাটিয়ে তিনি ঘুষ নেন।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া বলেন, গত দুই বছর ধরে ওই কর্মকর্তা এভাবে গোপনে হোটেল মালিকদের কাছ থেকে টাকা আদায় করছেন। এ বিষয়ে তাকে দুইবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। সরকারি কোষাগারে নির্ধারিত ফি জমা দিয়ে কীভাবে লাইসেন্স করা যায়, সে বিষয়ে আলোচনা করতে চাইলেও তিনি তা করেননি, বরং মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন। তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই কর্মকর্তাকে কুয়াকাটা থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শক নবীন হাওলাদার বলেন, সরকারিভাবে এ, বি ও সি ক্যাটাগরিতে লাইসেন্স নবায়ন ফি সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। এখানে নগদে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।

শাহাব উদ্দিন ব্যক্তিগত সফরে কুয়াকাটায় গিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, শ্রম পরিদর্শক মো. শাহাব উদ্দিন বিভিন্ন স্থানে গিয়ে টাকা নিচ্ছেন। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে প্রতিবেদন পাঠানো হবে, যাতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।

অভিযুক্ত মো. শাহাব উদ্দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক (সাধারণ) হিসেবে কর্মরত। তিনি ৩৮তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা এবং গত চার বছর ধরে বরিশালে কর্মরত রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জাপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৯ এম


মির্জাপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে উদ্ধার করা হয়েছে নিষিদ্ধ কার্যক্রমের আওতাধীন আওয়ামী লীগের এক নেতার মরদেহ।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে, পরিবারের সদস্যরা বাড়ির পাশের লৌহজং নদীর বক্সি বাড়ির ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত আওয়ামী লীগ নেতার নাম ইউনুস আল মোর্শেদ (৪৮)। তিনি মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কাঁঠালিয়া গ্রামের মৃত আমীর হোসেনের পুত্র।

মোর্শেদ নিয়মিতভাবে বাড়ির পাশের লৌহজং নদীর বক্সি বাড়ির ঘাটে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। শুক্রবার দুপুর থেকে মাছ ধরার কাজ শুরু করেন। বিকেল ৩টার দিকে তিনি কিছু মাছ পাশের গ্রাম পোষ্টকামুরী শ্বশুরবাড়িতে দিয়ে আসেন এবং পুনরায় মাছ ধরার কাজে লিপ্ত হন। সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার ফোনে একাধিকবার কল করেন। ফোন রিসিভ না হওয়ায় তারা ওই ঘাটে খুঁজতে যান।

সেখানে বাঁশের মধ্যে শার্ট এবং পকেটে মোবাইল ফোন দেখে তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে মোর্শেদের ভাই আজাদ নিজেই নদীতে ভাইকে খুঁজতে নামেন এবং তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয় শামীনুর জানান, মোর্শেদের দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল।

পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মোর্শেদের বাবা দুই যুগেরও বেশি সময় আগে একই ঘাটে গোসলে গিয়ে ডুব দিয়ে আর উঠতে পারেননি। পরে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়। একই স্থানে দুই সপ্তাহ আগে একটি শিশু ডুবে মারা গেছে। বুকসমান পানিতে ডুবে মোর্শেদের মৃত্যু এলাকায় ভীতি সৃষ্টি করেছে বলে জানান তিনি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%