ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক


কুয়াকাটায় হোটেলের লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, শ্রম পরিদর্শক আটক

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়ন করার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে মো. শাহাব উদ্দিন নামক এক শ্রম পরিদর্শককে হাতেনাতে আটক করেছেন হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় তিনটি হোটেল থেকে মোট ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে কুয়াকাটা প্যালেস ও হোটেল শৈবালে লাইসেন্স নবায়নের জন্য ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে ওই শ্রম পরিদর্শকের বিরুদ্ধে। পরে রাত ৯টার দিকে হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা তাকে হাতেনাতে আটক করেন।

অভিযোগ রয়েছে যে, শুক্রবার সারাদিন কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স করে দেওয়ার কথা বলে টাকা আদায় করেন মো. শাহাব উদ্দিন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হোটেল কর্তৃপক্ষকে মামলার ভয় দেখানো হতো।

আরও পড়ুন: শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন; সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রাসেল সরকার

হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের অভিযোগ, গত দুই বছর ধরে ওই শ্রম পরিদর্শক বিভিন্ন হোটেলে গোপনে মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি নিয়ে একাধিকবার তার সঙ্গে আলোচনা করা হলেও কোনো সমাধান হয়নি।

হোটেল সাউথ স্টারের পরিচালক মো. মিঠুন জানান, কয়েক দিন আগে ওই শ্রম পরিদর্শক তাদের হোটেলে গিয়ে ২৫ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হোটেলের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে আজ বিকেলে হোটেলে গিয়ে ৩০ হাজার টাকা দিলে মামলা তুলে নেওয়া এবং আর হয়রানি না করার কথা জানান। এরপর তারা টাকা দেন।

হোটেল সি-লেভেল এর মালিক মো. সবুজ বলেন, মামলা দেওয়ার ভয় দেখিয়ে কয়েক মাস আগে তার কাছ থেকে ৩৭ হাজার টাকা নেওয়া হয়েছিল। শুক্রবার আবার এসে ৮ হাজার টাকা দাবি করলে তিনি নগদে ৫ হাজার দেন এবং বাকি ৩ হাজার টাকা রাতে বিকাশে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

হোটেল রিয়াজ (আবাসিক) মালিক জুবায়ের আহম্মেদ রিয়াজ খান বলেন, ওই কর্মকর্তা তার পরিচয় দিয়ে প্রতিটি হোটেলের ভিজিটিং কার্ড এবং নাম নিয়ে একটি নোটিশ পাঠিয়ে দেন। এরপর ভয়ভীতি দেখিয়ে লাইসেন্স করতে হবে বলে কখনো ৩০ হাজার, কখনো ৪০ হাজার টাকা চাইতেন। লাইসেন্স না করলে তার নামে মামলা দিয়ে দেয়। এভাবে টেকনিক খাটিয়ে তিনি ঘুষ নেন।

আরও পড়ুন: বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪.৮৪%, জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন বাবুল ভূঁইয়া বলেন, গত দুই বছর ধরে ওই কর্মকর্তা এভাবে গোপনে হোটেল মালিকদের কাছ থেকে টাকা আদায় করছেন। এ বিষয়ে তাকে দুইবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। সরকারি কোষাগারে নির্ধারিত ফি জমা দিয়ে কীভাবে লাইসেন্স করা যায়, সে বিষয়ে আলোচনা করতে চাইলেও তিনি তা করেননি, বরং মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন। তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওই কর্মকর্তাকে কুয়াকাটা থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শক নবীন হাওলাদার বলেন, সরকারিভাবে এ, বি ও সি ক্যাটাগরিতে লাইসেন্স নবায়ন ফি সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। এখানে নগদে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।

শাহাব উদ্দিন ব্যক্তিগত সফরে কুয়াকাটায় গিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, শ্রম পরিদর্শক মো. শাহাব উদ্দিন বিভিন্ন স্থানে গিয়ে টাকা নিচ্ছেন। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে প্রতিবেদন পাঠানো হবে, যাতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।

আরও পড়ুন: পিরোজপুরে আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

অভিযুক্ত মো. শাহাব উদ্দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক (সাধারণ) হিসেবে কর্মরত। তিনি ৩৮তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা এবং গত চার বছর ধরে বরিশালে কর্মরত রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জাপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৯ এম


মির্জাপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে উদ্ধার করা হয়েছে নিষিদ্ধ কার্যক্রমের আওতাধীন আওয়ামী লীগের এক নেতার মরদেহ।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে, পরিবারের সদস্যরা বাড়ির পাশের লৌহজং নদীর বক্সি বাড়ির ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত আওয়ামী লীগ নেতার নাম ইউনুস আল মোর্শেদ (৪৮)। তিনি মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কাঁঠালিয়া গ্রামের মৃত আমীর হোসেনের পুত্র।

মোর্শেদ নিয়মিতভাবে বাড়ির পাশের লৌহজং নদীর বক্সি বাড়ির ঘাটে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। শুক্রবার দুপুর থেকে মাছ ধরার কাজ শুরু করেন। বিকেল ৩টার দিকে তিনি কিছু মাছ পাশের গ্রাম পোষ্টকামুরী শ্বশুরবাড়িতে দিয়ে আসেন এবং পুনরায় মাছ ধরার কাজে লিপ্ত হন। সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার ফোনে একাধিকবার কল করেন। ফোন রিসিভ না হওয়ায় তারা ওই ঘাটে খুঁজতে যান।

সেখানে বাঁশের মধ্যে শার্ট এবং পকেটে মোবাইল ফোন দেখে তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে মোর্শেদের ভাই আজাদ নিজেই নদীতে ভাইকে খুঁজতে নামেন এবং তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয় শামীনুর জানান, মোর্শেদের দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল।

পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মোর্শেদের বাবা দুই যুগেরও বেশি সময় আগে একই ঘাটে গোসলে গিয়ে ডুব দিয়ে আর উঠতে পারেননি। পরে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়। একই স্থানে দুই সপ্তাহ আগে একটি শিশু ডুবে মারা গেছে। বুকসমান পানিতে ডুবে মোর্শেদের মৃত্যু এলাকায় ভীতি সৃষ্টি করেছে বলে জানান তিনি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৯ এম


৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

অভিনেত্রী তানিয়া বৃষ্টি, যিনি দীর্ঘ ৯ মাস ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে অভিনয় থেকে দূরে ছিলেন, অবশেষে সেই শঙ্কা কাটিয়ে ফিরেছেন তার পরিচিত ছন্দে।

তিনি ‘অংশীদার’ নামের একটি নতুন নাটকে অভিনয়ের মাধ্যমে কাজে ফিরে আসেন। নাটকটির শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ‘হ্যাপি কাউ’ নিবেদিত এই নাটকের গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। তানিয়া বৃষ্টির নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য তার ফেসবুক টাইমলাইনে দেখা গেছে।

ইকসান রনি তানিয়া বৃষ্টিকে স্বাগত জানিয়ে লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’।

‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি খুব শীঘ্রই কেএসআই এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়েও যেতে হয়। সেখানে তার আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জহিরুল ইসলাম নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০০ এম


গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জহিরুল ইসলাম নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে জহিরুল ইসলাম (২৭) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গফরগাঁও উপজেলার দুগাছিয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম শাখচূড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের পুত্র ছিলেন। তিনি স্থানীয় গলাকাটা বাজারে স'মিল ও ফার্নিচার ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে দুগাছিয়া এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে, যার ফলে চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে জহিরুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকায় তার মৃত্যু ঘটে।

অন্যদিকে, দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী ইলিয়াস এবং তার দুই বন্ধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গফরগাঁও থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মশিউর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমল ১৬৩৩ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০০ এম


২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমল ১৬৩৩ টাকা

দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা টানা দুই দফা বাড়ার পর বাস্তবায়িত হয়েছে।

নতুন দরে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। শুক্রবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে এবং রুপার দামও কমানো হয়েছে বলে জানানো হয়েছে বাজুসের পক্ষ থেকে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৯ হাজার ১২৫ টাকায়। এর ফলে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

পূর্বে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। ফলে এক দিনের ব্যবধানে দাম ১ হাজার ৬৩৩ টাকা কমেছে।

একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমেছে।

বাজুসের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%