ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

তাহসিফের বন্ধু দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে পিবিআই


তাহসিফের বন্ধু দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনা সংক্রান্তে তার ‘ব্যবসায়িক পার্টনার’ এবং বন্ধু শাহরিয়ার রেজা দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত মধ্যরাতে দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরিবার এ ঘটনার প্রতি আগ্রহী না হওয়ায় নৌ পুলিশ অপমৃত্যু মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। পিবিআই সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই। শুক্রবার তাকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যায় পিবিআইয়ের তদন্ত দল। সেখানে তুরাগ নদসংলগ্ন ২৯ নম্বর সীমানা পিলার এলাকার মাঠে কী ঘটেছিল, তা জানতে দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির নম্বরপ্লেট ছিল না। সেটি তাহসিফের কি না, তা নিশ্চিত হতে কাগজপত্র ও অন্যান্য তথ্য যাচাই চলছে।

আরও পড়ুন: শাহজাদপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন; সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক রাসেল সরকার

পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ঘটনার রাতে তিনি ও তাহসিফ তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। সেখানে কথা বলার সময় কয়েকজন তাদের ধাওয়া করেন। দীপের ভাষ্য অনুযায়ী, ধাওয়াকারীদের দুজনের পরনে পুলিশের ইউনিফর্ম ছিল। তাদের দেখে তাহসিফ দৌড় দেন। একপর্যায়ে তিনি নদীতে ঝাঁপ দেন বলে দাবি করেন দীপ। আর দীপ নিজে বিআইডব্লিউটিএর ২৯ নম্বর সীমানা পিলারের আড়ালে লুকিয়ে পরে সেখান থেকে চলে যান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০২ এম


কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫৯ জন

কক্সবাজারের অপরাধ জগতের লাগাম টানার উদ্দেশ্যে সদর মডেল থানা পুলিশ একের পর এক অভিযান চালাচ্ছে। এই ধারাবাহিকতায় গত দুই মাসের মধ্যে পুলিশের অভিযানে ১ হাজার ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে চোর, ছিনতাইকারী, মাদক কারবারি ও মাদকসেবী অন্তর্ভুক্ত রয়েছে। একই সময়ে ১৯৬ জন কিশোর গ্যাং সদস্যকেও আটক করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৫৯ দিনের মধ্যে এসব অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৬০ জন চোর ও ছিনতাইকারী এবং ৮৬ জন মাদক কারবারি রয়েছেন। এছাড়া ৩৪০ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পেনাল কোডের ২৯০ ধারায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৮৪ জন এবং নিয়মিত মামলায় ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, "পর্যটন নগরী কক্সবাজারকে নিরাপদ রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষ ও পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।"

তিনি আরও বলেন, "পুলিশ জনগণের বন্ধু এই ধারণা বাস্তবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। কক্সবাজার সদর থানাকে দালালমুক্ত রাখা হয়েছে। মামলা, সাধারণ ডায়েরি (জিডি), পুলিশ ক্লিয়ারেন্সসহ যেকোনো সেবা পেতে পুলিশকে টাকা দিতে হচ্ছে না। সেবাপ্রার্থীরা সরাসরি ও নির্বিঘ্নে সেবা পাচ্ছেন।"

এদিকে, স্থানীয়দের মতে, সদর থানা পুলিশের নিয়মিত অভিযান ও টহলের ফলে শহরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বেড়েছে। বিশেষ করে হোটেল-মোটেল জোনে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান এবং দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কমাতে ভূমিকা রাখছে। পর্যটন স্পটগুলোতেও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা দৃশ্যমান হয়েছে।

সচেতন মহলের মতে, কক্সবাজারকে নিরাপদ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গাবালীতে যুবদল নেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০২ এম


রাঙ্গাবালীতে যুবদল নেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শিলা (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর বাজার এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনদের অভিযোগ রয়েছে যে, ফারহানার স্বামী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ তাকে হত্যার পর ঝুলিয়ে রেখেছে। তবে পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর আলামত পাওয়া গেছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে খবর পেয়ে বাহেরচর বাজার এলাকার বাসা থেকে শিলার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় দেড় বছর আগে রাসেল মাহমুদের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় শিলার। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সামান্য বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। একাধিকবার রাতে শিলাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তাদের।

স্বজনদের অভিযোগ, শিলার পৈতৃক সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নিতে চাপ দিতেন রাসেল। জমি বিক্রি করে পাওয়া অর্থও স্বামীর হাতে তুলে দিতেন শিলা। সেই টাকা দিয়ে রাসেল তার প্রথম স্ত্রীর সংসার চালাতেন। এসব বিষয় নিয়েও স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।

প্রতিবেশী কেয়া বেগম বলেন, শুক্রবার সকালে শিলার স্বামী রাসেল তাকে ডেকে নেন। এরপর ঘরে গিয়ে শিলাকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন তিনি।

শিলার ছোট ভাই রাইসুল ইসলাম কমল বলেন, আমার বোনের মৃত্যু স্বাভাবিক নয়। রাসেল তাকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ঝুলিয়ে রেখেছে বলে আমাদের ধারণা। বোনের সম্পত্তি দখল কিংবা জমিজমা বিক্রির টাকা আত্মসাতের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এদিকে ঘটনার পর থেকে শিলার স্বামী রাসেল মাহমুদকে লাকায় পাওয়া যাচ্ছে না। অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে এখন কিছু বলতে চান না। জানাজার সময় বক্তব্য দেবেন।

রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ধারণা পাওয়ায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ এম


আজ এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর ফলে পরীক্ষায় অংশগ্রহণকারী ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।

আজ বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে ফল জানার জন্য https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করতে হবে। এছাড়া, যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

আগামী ১ নভেম্বর থেকে ফল পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। শিক্ষার্থীরা অনলাইন পদ্ধতিতে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে, গত ২ জুলাই সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়। সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩১ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনার সংক্ষিপ্ত বিবরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৯ এম


৩১ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনার সংক্ষিপ্ত বিবরণ

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলি সময়ের সাথে ইতিহাসে রূপান্তরিত হয়। ইতিহাসের সাক্ষী হয়ে থাকে ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন এবং মানবসভ্যতার অভিশাপ ও আশীর্বাদ। ইতিহাস আমাদের নতুন নতুন দিগন্তের দিকে পথ দেখায়।

আজ ৩১ অক্টোবর (শনিবার), ২০২৬। ইতিহাসের দিক থেকে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।

ঘটনাবলি

৪৭৫ সালে রোমুলাস অগাস্টুলাস পশ্চিম রোমান সম্রাট হিসেবে ঘোষিত হন।

৬৮৩ সালে মক্কা অবরোধের সময় কাবা আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়।

৮০২ সালে সম্রাজ্ঞী ইরিন ক্ষমতাচ্যুত হন এবং লেসবসে নির্বাসিত হন। ষড়যন্ত্রকারীরা অর্থমন্ত্রী নিকেফোরোসকে বাইজেন্টাইন সিংহাসনে বসান।

৯৩২ সালে আব্বাসীয় খলিফা আল-মুকতাদির জেনারেল মু'নিস আল-মুজাফফরের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নিহত হন। তার ভাই আল-কাহির তার উত্তরসূরি নির্বাচিত হন।

১৫১৭ সালে প্রোটেস্ট্যান্ট সংস্কারের সময় মার্টিন লুথার উইটেনবার্গের ক্যাসল চার্চের দরজায় তার ৯৫টি থিসিস প্রকাশ করেন।

১৫৮৭ সালে লাইডেন বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ১৫৭৫ সালে প্রতিষ্ঠার পর দর্শকদের জন্য খুলে দেওয়া হয়।

১৮২২ সালে সম্রাট আগুস্তিন দে ইতুরবিদে মেক্সিকান সাম্রাজ্যের কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করেন।

১৮৩৭ সালে যুক্তরাষ্ট্রে ট্রেইল অফ টিয়ার্স চলাকালে মনমাউথ স্টিমবোট দুর্ঘটনায় প্রায় ৩০০ মাস্কোগি নিহত হন।

১৮৬৩ সালে নিউজিল্যান্ড যুদ্ধ পুনরায় শুরু হয়, জেনারেল ডানকান ক্যামেরনের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী ওয়াইকাটো আক্রমণ শুরু করে।

১৮৬৪ সালে নেভাডা ৩৬তম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত হয়।

১৮৯১ সালে জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি প্রাণহানি ঘটে।

১৮৯৫ সালে ১৮১২ সালের পর মধ্য-পশ্চিম যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প চার্লসটনের কাছে আঘাত হানে, এতে ক্ষয়ক্ষতি হয় এবং অন্তত দুজন নিহত হন।

১৯০৩ সালে ইন্ডিয়ানাপোলিসে পারডু ট্রেন দুর্ঘটনায় ১৭ জন নিহত হন, যার মধ্যে পারডু বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের ১৪ জন খেলোয়াড় ছিলেন।

১৯০৭ সালে ফিনল্যান্ডের সংসদ মদ নিষিদ্ধকরণ আইন অনুমোদন করে, কিন্তু জার দ্বিতীয় নিকোলাস অনুমোদন না করায় তা কার্যকর হয়নি।

১৯১৩ সালে যুক্তরাষ্ট্র জুড়ে প্রথম অটোমোবাইল মহাসড়ক লিঙ্কন হাইওয়ে উদ্বোধন করা হয়।

১৯১৩ সালে ইন্ডিয়ানাপোলিস ট্রাম ধর্মঘট এবং পরবর্তী দাঙ্গা শুরু হয়।

১৯১৪ সালে কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণ করে তুরস্ক।

১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় বিয়ারশেবার যুদ্ধ সংঘটিত হয়, যা ইতিহাসের ‘শেষ সফল অশ্বারোহী চার্জ’ হিসেবে পরিচিত।

১৯১৮ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় অ্যাস্টার বিপ্লব অস্ট্রো-হাঙ্গেরীয় সমঝোতার অবসান ঘটায় এবং হাঙ্গেরি পূর্ণ সার্বভৌমত্ব অর্জন করে।

১৯১৮ সালে যুক্তরাষ্ট্র আর জাপানের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে সে বছরে ব্যাপক ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে দুই লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে।

১৯১৮ সালে অষ্ট্রিয়ায় বিপ্লব শুরু হয়। অষ্ট্রিয়ার বিপ্লবী জনগণ অষ্ট্রিয়া প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিরাট মিছিলের আয়োজন করেন।

১৯২০ সালে ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।

১৯২২ সালে বেনিতো মুসোলিনি ইতালির প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

১৯২৩ সালে পশ্চিম অস্ট্রেলিয়ার মার্বেল বারে টানা ১৬০ দিন ১০০° ফারেনহাইট তাপমাত্রার প্রথম দিন।

১৯২৪ সালে ইতালির মিলানে প্রথম আন্তর্জাতিক সঞ্চয় ব্যাংক কংগ্রেসে বিশ্ব সঞ্চয় দিবস ঘোষণা করা হয়।

১৯৩৬ সালে কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়।

১৯৩৮ সালে মহামন্দা: বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বিনিয়োগকারীদের সুরক্ষায় পনেরো দফা কর্মসূচি প্রকাশ করে।

১৯৪০ সালে ব্রিটেনের যুদ্ধ শেষ হয়।

১৯৪১ সালে ১৪ বছর কাজের পর মাউন্ট রাশমোর নির্মাণ সম্পন্ন হয়।

১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ইউ-বোট আইসল্যান্ডের কাছে মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস রুবেন জেমস (ডিডি-২৪৫) টর্পেডো করে ডুবিয়ে দেয়, এতে শতাধিক মার্কিন নাবিক নিহত হন। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে শত্রুপক্ষের হাতে ডুবে যাওয়া প্রথম মার্কিন নৌযান।

১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি এফ৪ইউ করসেয়ার মার্কিন নৌবাহিনী বা মেরিন কর্পসের বিমানের প্রথম সফল রাডার-নির্দেশিত বাধাদান সম্পন্ন করে।

১৯৫৬ সালে সুয়েজ সংকটের সময় যুক্তরাজ্য ও ফ্রান্স সুয়েজ খাল পুনরায় খোলার জন্য মিশরে বোমাবর্ষণ শুরু করে।

১৯৫৬ সালে হাঙ্গেরীয় বিপ্লবে বিপ্লবী সদর দফতর প্রতিষ্ঠিত হয়। ইমরে নজের ঘোষণার পর নিষিদ্ধ অ-কমিউনিস্ট দলগুলো পুনর্গঠিত হয় এবং এমডিপি-র স্থলে এমএসজেডএমপি গঠিত হয়। ইয়োজেফ মিন্ডসেন্টি কারাগার থেকে মুক্তি পান। সোভিয়েত পলিটব্যুরো বিপ্লব দমনের সিদ্ধান্ত নেয়।

১৯৫৮ সালে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত লেখক বাস্ট্রেনাক নোবেল সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন।

১৯৬১ সালে সোভিয়েত ইউনিয়নে জোসেফ স্টালিনের মরদেহ লেনিনের সমাধি থেকে সরিয়ে ক্রেমলিন প্রাচীরের কাছে সমাহিত করা হয়।

১৯৬৩ সালে ইন্ডিয়ানা স্টেট ফেয়ারগ্রাউন্ডস কলিসিয়ামে গ্যাস বিস্ফোরণে ৮১ জন নিহত এবং প্রায় ৪০০ জন আহত হন।

১৯৬৬ সালে বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।

১৯৬৮ সালে ভিয়েতনাম যুদ্ধের সময় প্যারিস শান্তি আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন উত্তর ভিয়েতনামে সকল বিমান, নৌ ও কামান বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দেন।

১৯৬৮ সালে ১৯৬৮ সালের মহা খরার মধ্যে জলবিদ্যুৎ সংকটের কারণে চিলির প্রেসিডেন্ট এদুয়ার্দো ফ্রেই মোন্তালভা দিবালোক সংরক্ষণ সময় চালুর নির্দেশ দেন।

১৯৭২ সালে ঢাকায় মেজর (অবঃ) এম এ জলিল এবং আসম রবের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠিত হয়।

১৯৭৩ সালে অস্থায়ী আইরিশ রিপাবলিকান আর্মির তিন সদস্য ডাবলিনের মাউন্টজয় কারাগার থেকে অনুশীলন প্রাঙ্গণে অবতরণ করা একটি ছিনতাইকৃত হেলিকপ্টারে করে পালিয়ে যান।

১৯৭৯ সালে মেক্সিকো সিটিতে অবতরণের সময় ওয়েস্টার্ন এয়ারলাইন্স ফ্লাইট ২৬০৫ বিধ্বস্ত হয়, এতে ৭৩ জন নিহত হন।

১৯৮০ সালে লন্ডনের ইভনিং নিউজ পত্রিকায় ‘বিদায় লন্ডন’ শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। যার ফলে এই শতাধিক ইতিহাস সম্পন্ন পত্রিকার বন্ধ হয়ে যায়। অব্যবস্থাপনার কারণে এই পত্রিকা অভূতপূর্ব আর্থিক সংকটে পড়ে।

১৯৮৪ সালে নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

১৯৮৮ সালে চার বোনকে একত্রে বিয়ে করে ভুটানের রাজা ওয়াংচুক চাঞ্চল্য সৃষ্টি করেন।

১৯৯০ সালে ঢাকা শহরে সাম্প্রদায়িক দাঙ্গা-কারফিউ জারি হয়।

১৯৯৪ সালে চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেজিং-সিউল চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৪ সালে রোজলনের কাছে আমেরিকান ঈগল ফ্লাইট ৪১৮৪ বিধ্বস্ত হয়, এতে ৬৮ জন নিহত হন।

১৯৯৬ সালে ব্রাজিলের সাও পাওলোতে টিএএম ট্রান্সপোর্টেস এরেওস রিজিওনাইস ফ্লাইট ৪০২ বিধ্বস্ত হয়, এতে ৯৯ জন নিহত হন।

১৯৯৮ সালে ইরাক নিরস্ত্রীকরণ সংকট শুরু হয়: ইরাক জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের সঙ্গে আর সহযোগিতা করবে না বলে ঘোষণা দেয়।

১৯৯৯ সালে নাবিক জেসি মার্টিন ১১ মাস একা, অবিরাম ও সহায়তা ছাড়া পৃথিবী প্রদক্ষিণ করে মেলবোর্নে ফিরে আসেন।

১৯৯৯ সালে নানটাকেটের কাছে আটলান্টিক মহাসাগরে ইজিপ্টএয়ার ফ্লাইট ৯৯০ বিধ্বস্ত হয়, এতে ২১৭ জন নিহত হন।

২০০০ সালে সয়ুজ টিএম-৩১ উৎক্ষেপণ করা হয়, যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম স্থায়ী নভোচারী দলকে বহন করে। এরপর থেকে আইএসএস ক্রমাগত জনবসতিপূর্ণ রয়েছে।

২০০০ সালে তাইপেই থেকে উড্ডয়নের সময় সিঙ্গাপুর এয়ারলাইন্স ফ্লাইট ০০৬ বিধ্বস্ত হয়, এতে ৮৩ জন নিহত হন।

২০০২ সালে টেক্সাসের হিউস্টনে একটি ফেডারেল গ্র্যান্ড জুরি প্রাক্তন এনরনের প্রধান আর্থিক কর্মকর্তা অ্যান্ড্রু ফাস্টো-কে তার প্রাক্তন প্রতিষ্ঠানের পতনের সঙ্গে সম্পর্কিত ৭৮টি অভিযোগে অভিযুক্ত করে।

২০০৩ সালে মাহাথির বিন মোহাম্মদ স্বেচ্ছায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করেন।

২০১১ সালে বিশ্বের জনসংখ্যা সাতশ কোটিতে পৌঁছায়। এই দিনটি জাতিসংঘ কর্তৃক সাতশ কোটির দিন হিসেবে স্বীকৃত।

২০১৪ সালে রাজধানীর কারওয়ান বাজারের বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনে আমার দেশ এবং এনটিভি, আরটিভিসহ বেশ কয়েকটি মিডিয়া হাউজ ছিল।

২০১৪ সালে পরীক্ষামূলক উড্ডয়নের সময় ভার্জিন গ্যালাকটিকের মহাকাশযান ভিএসএস এন্টারপ্রাইজ মোহাভি মরুভূমিতে বিধ্বস্ত হয়।

২০১৫ সালে সিনাই উপদ্বীপের উত্তরাঞ্চলে মেট্রোজেট ফ্লাইট ৯২৬৮ বোমা হামলায় বিধ্বস্ত হয়, এতে ২২৪ জন নিহত হন।

২০১৭ সালে নিউ ইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনে একটি ট্রাক জনতার মধ্যে ঢুকে পড়ে, এতে আটজন নিহত হন।

২০১৯ সালে ভারতের জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি পৃথক রাজ্য হিসাবে পরিণত হয়।

২০২০ সালে প্রায় ১০ বছর বিলম্বের পর বার্লিন ব্রান্ডেনবুর্গ বিমানবন্দর উদ্বোধন করা হয়।

জন্ম

১৪৪৮ সালে জন অষ্টম পালাইওলগস, বাইজেন্টাইন সম্রাট।

১৭৯৫ সালে জন কিটস, ইংরেজি সাহিত্যের একজন রোম্যান্টিক কবি।

১৮২৮ সালে রসায়নবিদ ও বিদ্যুত বাতির উদ্ভাবক জোসেফ শোয়ান।

১৮৩৫ সালে এডলফ ভন বাইয়ের, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ।

১৮৭৫ সালে সর্দার বল্লভভাই পটেল, ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা।

১৮৮০ সালে বীরেন চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি কমিউনিস্ট বিপ্লবী।

১৮৮৭ সালে চিয়াং কাই-শেক, চীনের রাষ্ট্রনায়ক।

১৮৯৫ সালে সি. কে. নাইডু, ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৮৯৫ সালে বি. এইচ. লিডডেল্‌হার্ট, ইংরেজ সৈনিক, ইতিহাসবিদ ও তাত্তিক।

১৯২৫ সালে জন পোপলে, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।

১৯৩১ সালে জপমালা ঘোষ, বাংলা ছড়ার গানের জনপ্রিয় গায়িকা।

১৯৩৭ সালে পীযূষকান্তি সরকার, প্রখ‍্যাত ভারতীয় বাঙালি রবীন্দ্র সংগীতশিল্পী। (মৃ.২০০১)

১৯৪৩ সালে ওমেন চন্ডি, কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

১৯৪৪ সালে কিংকি ফ্রিড্‌ম্যান, মার্কিন সংগীত শিল্পী, গীতিকার, লেখক, রাজনীতিবিদ ও কলাম লেখক।

১৯৪৬ সালে স্টিফেন রেয়া, আইরিশ অভিনেতা।

১৯৬৩ সালে দুঙ্গা, ব্রাজিলীয় ফুটবলের সাবেক মধ্যমাঠের রক্ষণাত্মক খেলোয়াড়।

১৯৬৫ সালে যশোধরা রায়চৌধুরী, বাঙালি ভারতীয় কবি।

১৯৭৬ সালে গুটি, স্প্যানিশ ফুটবলার।

১৯৮২ সালে অর্জুন বিজলানী, ভারতীয় অভিনেতা।

১৯৮২ সালে জাস্টিন চ্যাটওয়িন, কানাডীয় অভিনেতা।

১৯৮৬ সালে পার্ণো মিত্র, বাঙালি ভারতীয় মডেল ও অভিনেত্রী।

২০০০ সালে ওয়িলও স্মিথ, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

মৃত্যু

১৭৪৪ সালে লিওনার্দো লিও, ইতালীয় সুরকার।

১৭৯৩ সালে জ্যাকুইম পিয়ে, ফরাসি উগ্রপন্থি নেতা।

১৯২৫ সালে মাক্স লিন্ডার, ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯২৬ সালে হ্যারি হুডিনি, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান ঐন্দ্রজালিক ও হুডিনি।

১৯৬০ সালে এইচ. এল. ডেভিস, মার্কিন ঔপন্যাসিক ও কবি।

১৯৭৫ সালে শচীন দেববর্মণ, বাঙালি সংগীত পরিচালক, সুরকার, লোকসংগীত শিল্পী।

১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী।

১৯৮৬ সালে রবার্ট সেন্ডারসন মুল্লিকেন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ।

১৯৮৭ সালে রাজচন্দ্র বসু প্রখ্যাত ভারতীয় গণিতবিদ ও পরিসংখ্যানবিদ ।

২০০২ সালে সিদ্ধার্থ ঘোষ, ভারতীয় বাঙালি কল্পবিজ্ঞান লেখক।

২০০৬ সালে অমৃতা প্রীতম, পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় লেখক ও কবি।

২০১৩ সালে জেরার্ড ডি ভিলিয়ার্স, ফরাসি সাংবাদিক ও লেখক।

২০১৬ সালে ফাদার পল দ্যতিয়েন, বেলজিয়ান লেখক ও যাজক, যিনি বাঙলা ভাষায় সাহিত্য রচনা করে সুখ্যাতি অর্জন করেন।

২০২০ সালে শন কনারি, স্কটিশ অভিনেতা, 'জেমস বন্ড' খ্যাত অভিনেতা।

২০২২ সালে জামশেদ জে ইরানি স্টিল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ভারতীয় শিল্পপতি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%