০৫:৩৮ পি.এম
বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের চাপায় মো. সাকামুদ্দীন (৫৫) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকালে আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়কের মাঠেরপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাকামুদ্দীন (৫৫) ছিলেন দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের মৃত তুনিশাহের পুত্র। আহত ব্যক্তি হলেন একই উপজেলার জলঙ্গি গ্রামের খলিল সরদার (৪৫)।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার সকালে সাকামুদ্দীন যাত্রী নিয়ে দুপচাঁচিয়া সিও অফিস এলাকা থেকে জিয়ানগর বাজারের দিকে যাচ্ছিলেন। মাঠেরপুকুর এলাকায় পৌঁছানোর পর আক্কেলপুর থেকে আসা একটি বাস অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করলে ইজিবাইকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ইজিবাইকের চালক এবং যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকামুদ্দীনকে মৃত ঘোষণা করেন।
আহত খলিল সরদারের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, ইজিবাইকের অন্যান্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন