ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী


১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন।

তিনি উল্লেখ করেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুল নীতিগত সিদ্ধান্তের কারণে দেশের দীর্ঘ চার-পাঁচ দশকের সফল পরিবার পরিকল্পনা এবং টিকাদান কর্মসূচি ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে এবং আগামী ১৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু করার পরিকল্পনা করছে।

আজ বুধবার সকালে দৈনিক সমকাল সভাকক্ষে ‘পরিবার পরিকল্পনা সেবার সংকট : দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীর জীবনে বহুমাত্রিক প্রভাব, সমস্যা উত্তরণে নীতিগত করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেরি স্টোপস বাংলাদেশ ও সমকাল যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির যৌথ টহল অব্যাহত

এম এ মুহিত বলেন, অন্তর্বর্তী সরকার বিকল্প কোনো দিকনির্দেশনা ছাড়াই সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার ফলে মাঠপর্যায়ের কর্মীদের বেতন এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। মাঝে-মধ্যে ভুল নীতি দুর্নীতির চেয়েও ভয়াবহ পরিণতি ডেকে আনে। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর জরুরি ভিত্তিতে দরপত্র আহ্বান করা হয়েছে এবং ইতোমধ্যে সাতটি বিভাগের ডিপোতে পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছে গেছে। আগামী ১৩ ডিসেম্বর রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী এই নিবিড় প্রচারণার উদ্বোধন করবেন।

স্বাস্থ্যখাতের জনবল ও প্রযুক্তির ব্যবহারের বিষয়েও তিনি বলেন, ‘সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি বর্তমানে মাঠপর্যায়ে কর্মরত প্রায় ৪০ হাজার কর্মীকে নিয়ে একটি সমন্বিত কর্মীবাহিনী গড়ে তোলা হবে।

দুর্গম এলাকার নারীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরে আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এম এ মুহিত বলেন, ‘হাওর, চর, পাহাড় ও উপকূলীয় অঞ্চলের চ্যালেঞ্জ ভিন্ন। বন্যার সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন দুর্গম এলাকার দরিদ্র ও প্রতিবন্ধী নারীরা। জাতীয় গড় হিসাব দিয়ে এই প্রান্তিক জনগোষ্ঠীর প্রকৃত সংকট বোঝা সম্ভব নয়। মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে নীতি-নির্ধারকদের এসব মানুষের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে হবে।

বৈঠকে গবেষণার মূল বিষয়বস্তু ও ফলাফল উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুন নাহার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিনাত আরা, মেরি স্টোপস বাংলাদেশের চেয়ারপারসন ডা. ইয়াসমিন আহমেদ, আইপাস’র কান্ট্রি ডিরেক্টর ডা. রুবাইয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার।

আরও পড়ুন: মেহেদী হাসান পলাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ পেলেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, কোন জেলায় কে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, কোন জেলায় কে

সরকার সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনেছে। এই জেলাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে- সুনামগঞ্জ, ফেনী, লালমনিরহাট, গাইবান্ধা, নওগাঁ, নড়াইল এবং খুলনা।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখা থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির মোহাম্মদ হারুন অর রশিদ। নড়াইলের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ। খুলনার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন এপিবিএন-এর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

এছাড়া, ফেনীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার জসিক উদ্দীন। গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন এসআরইউ এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম। নওগাঁর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। এ ছাড়া পুলিশের আরও সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাজা: কামিন্স ‘ব্যক্তিগত আক্রমণ’ করবেন তা আশা করিনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


খাজা: কামিন্স ‘ব্যক্তিগত আক্রমণ’ করবেন তা আশা করিনি

উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর ২০১৮ সালের অস্ট্রেলিয়া ক্রিকেটের বল টেম্পারিং কেলেঙ্কারি, যা ‘স্যান্ডপেপার গেট’ নামে পরিচিত, নতুন করে আলোচনায় এসেছে। খাজা বইয়ে দাবি করেছেন, কেপটাউনের পাশাপাশি পোর্ট এলিজাবেথ টেস্টেও বল বিকৃতির ঘটনা ঘটেছিল এবং দলের অনেকেই এ বিষয়ে অবগত ছিলেন।

তবে, সেই সময় দলের বোলিং আক্রমণে থাকা বর্তমান অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স এই অভিযোগকে সরাসরি নাকচ করেছেন। কামিন্সের এমন বক্তব্যে সাবেক অস্ট্রেলীয় ওপেনার খাজা হতাশ হয়েছেন।

এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে কামিন্স খাজার অভিযোগকে ‘ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন ও মানহানিকর’ বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, দলের সবাই বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানতেন—এমন খাজার বক্তব্য সত্য নয়।

এ প্রসঙ্গে কামিন্স বলেন, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি তারা সবাই জানতেন, এমন ধারণা সম্পূর্ণ ভুল হবে। গত আট বছর ধরে তিনি বলে আসছেন, এমন কোনো ঘটনার বিষয়ে তার জানা ছিল না।

এদিকে, কামিন্সের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার পূর্ণ সমর্থন রয়েছে। ফলে অধিনায়কত্ব নিয়ে আপাতত কোনো অনিশ্চয়তা তৈরি হয়নি। তবে খাজা জানিয়েছেন, তিনি কখনোই কামিন্সের নেতৃত্ব হারানো চাননি। এক পডকাস্টে তিনি বলেন, সবসময়ই কামিন্সকে অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন এবং কখনো তার পদ হারানোর পক্ষে ছিলেন না।

খাজার ভাষ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনের আগে কামিন্সের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তিনি চেয়েছিলেন, ২০১৮ সালের ঘটনার দায় দলগতভাবে স্বীকার করা হোক। কিন্তু কামিন্স বল টেম্পারিং সম্পর্কে জানার বিষয়টি অস্বীকার করার পাশাপাশি তার বক্তব্যকে ‘মানহানিকর’ বলে আখ্যা দেন।

কামিন্সের এমন প্রতিক্রিয়ায় খাজা নিজের বিস্ময় ও হতাশার কথা জানিয়েছেন। তিনি বলেন, কামিন্স তার বিরুদ্ধে এভাবে ব্যক্তিগত আক্রমণ করবেন, তা কখনো ভাবেননি। বিশেষ করে ব্যক্তিগতভাবে যেভাবে তাকে আক্রমণ করা হয়েছে এবং এখনো হচ্ছে, তা তাকে ব্যথিত করেছে। সাবেক এই ওপেনার জানান, কামিন্সের এমন আচরণ আগে কখনো দেখেননি।

তবে খাজার দাবির পক্ষে কথা বলেছেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। তারা জানিয়েছেন, খাজার বক্তব্য পুরোপুরি সত্য। খাজা নিজের অবস্থানেও অনড় রয়েছেন। তার দাবি, তিনি যা বলেছেন, তা সত্য বলেই বলেছেন। এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই এবং সত্য প্রকাশ করায় রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬: আজ বুধবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিনিধিদল, যা নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন।

প্রতিনিধিদলটি সৈয়দ আবু নাসের বখতিয়ার-এর নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দের বিষয়ে একটি আবেদন পেশ করে।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

কলেজটির প্রশংসা করে রাষ্ট্রপতি উল্লেখ করেন, "কলেজটির পরিবেশ, শিক্ষা ব্যবস্থাপনা, ছাত্র-শিক্ষক সম্পর্ক, পাঠদান পদ্ধতি ও প্রশাসন প্রশংসনীয়।" তিনি আরও বলেন, এ কারণেই কলেজটি কয়েক যুগ ধরে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছে, যা অন্যান্য কলেজের জন্য দৃষ্টান্তস্বরূপ।

প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে ক্লাবের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করে। এ সময় তারা ক্লাবের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কার্যক্রম এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন।

রাষ্ট্রপতি ক্লাবের কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু খাদ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়: খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু খাদ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়: খাদ্যমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধুমাত্র খাদ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়। খাদ্যমন্ত্রী আফরোজা খানম মন্তব্য করেছেন যে, এ জন্য কৃষি, বাণিজ্য এবং অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি উল্লেখ করেন, "খাদ্য নিরাপদ না হলে স্বাস্থ্য নিরাপদ থাকবে না, আর মানুষ সুস্থ না থাকলে ব্যবসা, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনা টেকসই হবে না।"

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরীক্ষাগার সমিতি (এটিএলবি) আয়োজিত ‘বাংলাদেশে উৎপাদিত পণ্য, আন্তর্জাতিক মানে পরীক্ষিত : রপ্তানি প্রবৃদ্ধিতে স্বীকৃত পরীক্ষাগারের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি জানান, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম ২০১৩ সালে শুরু হলেও মাঝখানে নানা সীমাবদ্ধতায় প্রতিষ্ঠানটির প্রত্যাশিত বিকাশ হয়নি। বর্তমান সরকার প্রতিষ্ঠানটিকে আরও সক্ষম ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, রপ্তানিমুখী পণ্যের মান নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ করতে হবে। তিনি উল্লেখ করেন, "রপ্তানির জন্য মানসম্মত পণ্য উৎপাদন করে দেশের বাজারে নিম্নমানের পণ্য সরবরাহ গ্রহণযোগ্য নয়।" বিশেষ করে শিশুদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সততা, সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরীক্ষার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন। তিনি জানান, ফাইল প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হন। এসব জটিলতা নিরসনে সরকার কাজ করছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ধারাবাহিক আলোচনা ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বাণিজ্য, কৃষিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

মন্ত্রী বলেন, তাঁদের প্রস্তাব যাচাই করে দেশের স্বার্থে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, ঢাকার পরীক্ষাগারটি আশুলিয়ায় এবং চট্টগ্রামেরটি হালিশহরে স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী তিন বছরের মধ্যে পরীক্ষাগারগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে, খাদ্য পরীক্ষার ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমবে এবং দ্রুত পরীক্ষার ফলাফল পাওয়া সম্ভব হবে।

আফরোজা খানম বলেন, বিদ্যমান পরীক্ষাগারগুলোর সক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি রপ্তানি বাজারের চাহিদা অনুযায়ী কীটনাশকের অবশিষ্টাংশ, রাসায়নিক উপাদান, ভারী ধাতু, ছত্রাকজাত বিষাক্ত উপাদান ও অণুজীব পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে।

সরকারি ও বেসরকারি পরীক্ষাগার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একই পণ্য বিভিন্ন প্রতিষ্ঠানে বারবার পরীক্ষা করার ফলে ব্যবসায়ীদের সময় ও অর্থ ব্যয় হয়। তিনি জানান, এ ধরনের পুনরাবৃত্তি ও জটিলতা কমিয়ে সমন্বিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সততা, জবাবদিহি ও নৈতিকতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরীক্ষার প্রতিবেদন অর্থের বিনিময়ে প্রভাবিত করা কিংবা অনৈতিকভাবে সনদ প্রদান গ্রহণযোগ্য নয়। খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগ এবং অপরাধের জন্য কঠোর ও বাস্তবসম্মত শাস্তির বিধান প্রয়োজন। ব্যবসায়ীদের বিবেক, নৈতিকতা ও দায়িত্ববোধ থেকেই খাদ্যের মান নিশ্চিত করতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক নোমান ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন আহসান হাবীব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%