০৫:৩৯ পি.এম
বইয়ের প্রতি ভালোবাসা থেকে শুরু হয়েছে ধীরেন হালদারের যাত্রা। সেই ভালোবাসা আজ সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। দীর্ঘ সময় ধরে পুরনো বই সংগ্রহ করে পাঠাগার গড়ে তোলা, শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দেওয়া এবং সুবিধাবঞ্চিত শিশুদের বইপড়ায় আগ্রহী করে তোলাই যেন তার জীবনের ব্রত।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের কামারকাঠি গ্রামের বাসিন্দা ধীরেন হালদার তার জীবনের একটি বড় অংশ উৎসর্গ করেছেন পাঠাভ্যাস গড়ে তোলার কাজে। মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার এই নিরলস প্রচেষ্টার জন্য তিনি স্থানীয়দের কাছে পরিচিত ‘পাঠক তৈরির ম্যাজিক ম্যান’; অনেকের কাছে আবার তিনি ‘আলোর মশাল’ হিসেবে পরিচিত।
গৌরহরি রেনু বালা স্মৃতিসংসদ ও পাঠাগার প্রতিষ্ঠা করে বাবা-মায়ের স্মৃতিকে অম্লান রাখার জন্য ধীরেন হালদার নিজ উদ্যোগে তাদের নামানুসারে এই পাঠাগার গড়ে তুলেছেন। বর্তমানে সেখানে প্রায় ৩০ হাজার বইয়ের সংগ্রহ রয়েছে। কেবল বই জমিয়ে রাখাই নয়, এসব বই মানুষের হাতে পৌঁছে দিতে তার নিরন্তর চেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
প্রায় ৬০ বছর আগে নিজের গ্রামে প্রতিষ্ঠিত ‘অরণি গ্রন্থাগার’ নামের প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। গ্রন্থাগারটিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বই পড়তে আসেন। সেখানে রয়েছে গল্প-উপন্যাস, ইতিহাস, বিজ্ঞানসহ নানা বিষয়ের বই।
ধীরেন হালদার প্রায়ই শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে নিজের হাতে বই পৌঁছে দেন। বিশেষ করে দরিদ্র পরিবারের সন্তানদের হাতে বই তুলে দিতে প্রতিবছরই তিনি উদ্যোগ নেন। ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়মুখী করতে তিনি পরিবার ও স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রাখেন।
কামারকাঠি গ্রামের গৌরহরি হালদারের ছেলে ধীরেন হালদার দীর্ঘদিন ধরে শিক্ষকতা শেষে ২০১৭ সালে অবসরে যান। এ সময় তিনি স্থানীয় আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তবে অবসর তার জ্ঞান বিতরণের পথ থামাতে পারেনি। বর্তমানে তিনি আদর্শ শিশু বিদ্যালয় নামের একটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
ধীরেন হালদার বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে জড়িত ছিলাম। চেষ্টা করেছি জ্ঞান আহরণ ও বিতরণের। বই পড়ার মধ্যেই অধিকাংশ সময় নিজেকে মগ্ন রেখেছি। আমার বিশ্বাস, জ্ঞান বিতরণ করলে জ্ঞানের পরিধি আরো বাড়ে।”
আরও পড়ুন: গাজীপুরে নারী শ্রমিক নিহতের গুজব, থানায় এসে জানালেন তিনি সুস্থ
তিনি আরো বলেন, “আধুনিকতার উৎকর্ষে বিভিন্ন ডিজিটাল প্লাটফর্ম গড়ে ওঠায় মানুষ বইয়ের প্রতি কিছুটা আগ্রহ হারিয়েছে। তবে ভালো বইয়ের গুরুত্ব থেকে যাবে। বই মানুষের চিন্তাশক্তি বাড়ায়, মননশীলতা তৈরি করে। তাই নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তোলা প্রয়োজন।”
পাঠক ও স্থানীয়দের মন্তব্য
পাঠাগারের নিয়মিত পাঠক শিক্ষার্থী শামীম খাঁন বলেন, “স্কুল ছুটির পর এবং অবসর সময়ে এখানে এসে বই পড়ি। মাঝেমধ্যে কিছু বই সংগ্রহও করি। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ধীরেন স্যার আমাদের বুঝিয়ে দেন।”
স্থানীয় আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, “ধীরেন স্যার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আমি তার ছাত্র। অন্য শিক্ষকদের তুলনায় তিনি সব সময়ই আলাদা ছিলেন। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে বই সংগ্রহ করে শিক্ষার্থীদের মধ্যে তা বিনামূল্যে বিতরণ করতেন। বই পড়া ও বই বিতরণ তার নেশায় পরিণত হয়েছে।”
আরও পড়ুন: নড়াইলে জনবল সংকটে জেলা হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত
জলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী সরোয়ার বলেন, “ধীরেন হালদার একজন জ্ঞানপিপাসু মানুষ। জ্ঞান বিতরণের মাধ্যমে তিনি এলাকায় আলোকবর্তিকা হিসেবে পরিচিতি পেয়েছেন। আমিও অবসর সময় তার লাইব্রেরিতে গিয়ে বই পড়ার চেষ্টা করি, তার খোঁজখবর নিই।”
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন