প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : কর্মসংস্থান ব্যাংক নতুন উদ্যোক্তা তৈরি, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে।
প্রথম ধাপে এই কর্মসূচির আওতায় ২০০ কোটি টাকা বিতরণ করা হচ্ছে। এতে প্রায় দেড় লাখ মানুষের জন্য কর্মসৃজন সম্ভব হবে।
আজ কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয়ে ১ হাজার ৬০০ জন গ্রাহকের মধ্যে ৩৩ কোটি টাকার ঋণ বিতরণ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকটির চেয়ারম্যান ড. এএফএম মতিউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালক ও এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন, কর্মসংস্থান ব্যাংকের পরিচালক তালুকদার সালাহউদ্দীন আহমাদ, ব্যাংকের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক অরুণ চৌধুরী কর্মকার এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পারভিন আক্তার।
ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, "প্রাণিসম্পদ খাতে অর্থায়ন বাড়ানোর পাশাপাশি সঠিক সময়ে ঋণ পৌঁছে দেওয়া জরুরি।" তিনি উল্লেখ করেন, বিশেষ করে কোরবানির বাজার সামনে রেখে পশু পালন ও মোটাতাজাকরণে উদ্যোক্তাদের প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
তিনি আরও বলেন, "যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের ঋণ কর্মসূচির আওতায় আনা হলে উদ্যোক্তা তৈরির উদ্যোগ আরও কার্যকর হবে।" তিনি জানান, ঋণ বিতরণের পাশাপাশি উদ্যোক্তাদের উৎপাদন, ব্যবস্থাপনা ও বাজারসংযোগের ক্ষেত্রেও সহযোগিতা প্রয়োজন।
আরিফ হোসেন বলেন, "বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের অর্থনৈতিক উন্নয়নের বড় সম্পদ।" তিনি সতর্ক করেন, এ জনশক্তিকে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করতে না পারলে জনসংখ্যাগত সুবিধা কাজে লাগানো কঠিন হবে। তাই দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ বাড়াতে হবে।
বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "শুধু অদক্ষ শ্রমিক নয়, দক্ষ কর্মী, কারিগরি পেশাজীবী ও সুপারভাইজার হিসেবে জনশক্তি পাঠানোর সক্ষমতা বাড়াতে হবে।" এতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ, শ্রমিকদের আয় ও রেমিট্যান্স প্রবাহ বাড়বে।
কর্মসংস্থান ব্যাংকের পরিচালক তালুকদার সালাহউদ্দীন আহমাদ ঋণের সুদহার কমানোর প্রস্তাব দিয়ে বলেন, "বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ করা হলে ব্যাংকের হাতে ৫ শতাংশ থাকে।" তিনি মনে করেন, এই সুদহার উদ্যোক্তাদের জন্য বেশি। বাংলাদেশ ব্যাংক তহবিলের সুদ ২ শতাংশ নির্ধারণ করলে গ্রাহক পর্যায়ে ঋণ ৫ থেকে সাড়ে ৫ শতাংশের মধ্যে বিতরণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, "কর্মসংস্থান ব্যাংক দেশের দরিদ্র ও প্রান্তিক জনগণের ঋণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে।" ব্যাংকটির মূলধন তুলনামূলক কম হলেও এর কার্যক্রম গুরুত্বপূর্ণ।
ব্যাংককে শুধু মুনাফার প্রতিষ্ঠান হিসেবে নয়, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যম হিসেবে বিবেচনা করা উচিত।
প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে গবাদিপশু পালন, চামড়া প্রক্রিয়াজাতকরণ ও জুতা শিল্পে দেশীয় উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। এসব খাতে পরিকল্পিত বিনিয়োগ হলে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ সম্ভব।
দেশে চামড়াশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে বিভাগীয় পর্যায়ে ট্যানারি ও চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার প্রস্তাব দিয়ে তিনি বলেন, "দেশীয় চামড়া ব্যবহার করে জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদন বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমবে এবং শিল্পে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।"
অরুণ চৌধুরী কর্মকার প্রাণিসম্পদ খাতে ঋণ বিতরণে প্রকৃত উপকারভোগী ও নতুন উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ঋণের যথাযথ ব্যবহার ও আদায় নিশ্চিত করার পরামর্শ দেন। তিনি বলেন, "কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে দেশের সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে ঋণ কার্যক্রম আরও অন্তর্ভুক্তিমূলক করতে হবে।"
পোল্ট্রি খাতের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, "দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পোল্ট্রি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।" তবে পশু ও পোল্ট্রি খাদ্যের উচ্চমূল্য, উৎপাদন ব্যয় এবং বাজারের অনিশ্চয়তায় খামারিরা চাপের মধ্যে রয়েছেন। এ পরিস্থিতিতে সহজ শর্তে ঋণ ও কার্যকর আর্থিক সহায়তা দেওয়া প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন