ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

বাবরকে ফর্মে ফেরাতে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় পাঠানোর পরামর্শ ইউসুফের


বাবরকে ফর্মে ফেরাতে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় পাঠানোর পরামর্শ ইউসুফের

পাকিস্তানের কিংবদন্তি মোহাম্মদ ইউসুফ বাবর আজমের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম এবং টেকনিক্যাল দুর্বলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই দুর্বলতা কাটিয়ে উঠতে বিশেষায়িত কোচিংয়ের জন্য ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ায় যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সাম্প্রতিক ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে, যেখানে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড অংশগ্রহণ করেছিল, বাবরের পারফরম্যান্স ছিল হতাশাজনক। পাঁচ ম্যাচে তার গড় ছিল ২৩.৬০ এবং স্ট্রাইক রেট ৭৪.২১, যেখানে তিনি মাত্র ১১৮ রান সংগ্রহ করেছেন। পুরো টুর্নামেন্টে তিনি কোনো হাফ সেঞ্চুরিও করতে পারেননি। তার ইনিংসগুলো ছিল যথাক্রমে ৪৫, ৩৪, ১০, ২৯ এবং ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানের।

দীর্ঘ সময় ধরে ধারাবাহিকতার অভাব বাবরের জন্য একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে নেপালের বিপক্ষে ১৫১ রানের ইনিংস খেলার পর থেকে তিনি ওয়ানডেতে মাত্র একটি সেঞ্চুরি করেছেন। ২০২৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে তার ২০তম ওয়ানডে সেঞ্চুরি ছিল, যা দুই বছরেরও বেশি সময়ের সেঞ্চুরির খরা কাটিয়েছিল।

আরও পড়ুন: ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপে খেলা মার্তিনেজ হাত মুঠো করতে পারছেন না

ওই সেঞ্চুরির পর ২০২৬ সালের মে মাসে রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি হাফ সেঞ্চুরি করেন বাবর। কিন্তু এরপর থেকে ওয়ানডে ফরম্যাটে আর ৫০ রানের গণ্ডি পেরোতে পারেননি এই ডানহাতি ব্যাটার।

এদিকে, আসন্ন ২০২৬-২৭ কায়েদে আজম ট্রফিতে লাহোর হোয়াইটসের হয়ে খেলতে যাচ্ছেন বাবর। আগামী ৩ নভেম্বর ইসলামাবাদের ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে তার দল শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন ফাটা দলের মুখোমুখি হবে।

এই পরিস্থিতিতে, বাবরের ফর্ম এবং টেকনিক্যাল সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউসুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের মতামত জানিয়েছেন।

আরও পড়ুন: পিএসজির কাছে ৫-১ গোলে হারের পর লে হাভরের কোচ বরখাস্ত

পাকিস্তানের সাবেক এই ব্যাটার পরামর্শ দিয়েছেন, টেকনিক্যাল দুর্বলতা কাটাতে বিশেষায়িত কোচিং নেওয়ার আগ পর্যন্ত বাবরের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত নয়। তার মতে, যদি বাবর ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকভাবে ব্যর্থ হন, তাহলে তা তার আত্মবিশ্বাস এবং ক্যারিয়ারের ওপর আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ইউসুফ বাবরকে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেট একাডেমিতে পাঠানোর পরামর্শও দিয়েছেন। তার বিশ্বাস, সঠিক দিকনির্দেশনা এবং পরিশ্রমে বাবর আবারও নিজের সেরা ফর্মে ফিরতে পারবেন।

ইউসুফ এক্সে লিখেছেন, 'আমার মনে হয় না, টেকনিক্যাল সমস্যাগুলো বিশেষায়িত কোচিংয়ের মাধ্যমে ঠিক না করা পর্যন্ত বাবর আজমের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত। ঘরোয়া ক্রিকেটে সংগ্রাম করতে থাকলে তার আত্মবিশ্বাস ও ক্যারিয়ার আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।'

তিনি আরও বলেন, 'তাকে ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেট একাডেমিতে পাঠানো উচিত। সে এখনো পাকিস্তানের সেরা খেলোয়াড়। সঠিক দিকনির্দেশনা ও সামান্য পরিশ্রম পেলে সে আবারও নিজের সেরা ফর্মে ফিরতে পারবে। চার বছর আগেও আমি একই কথা বলেছিলাম, কিন্তু কেউ শোনেনি। অনুগ্রহ করে এবার কথাটি শুনুন।

আরও পড়ুন: ভারতের কাছে ৫ উইকেটে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ার ৫০ কারখানায় শ্রমিক বিক্ষোভে ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


আশুলিয়ার ৫০ কারখানায় শ্রমিক বিক্ষোভে ছুটি ঘোষণা

সাভার ও আশুলিয়া সহ দেশের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলনের প্রভাবের কারণে, সাভারের শিল্পাঞ্চলে অন্তত ৫০টি পোশাক কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।

রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রের তথ্য অনুযায়ী, রোববার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কিছু পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে সড়কে অবস্থান নেন। এক পর্যায়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন।

এভাবে দুপুর ১২টার দিকে নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, তারা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার প্রথা বন্ধ এবং ছাঁটাই বন্ধের দাবি জানাচ্ছেন। তারা কর্তৃপক্ষের ইচ্ছামতো বিভিন্ন অজুহাতে শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধেও প্রতিবাদ করছেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, শ্রমিকদের তিনটি প্রধান দাবির মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ অন্যতম। এ দাবির বিষয়ে রোববার মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তবুও আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের দাবি আদায়ে রাজপথে নেমেছেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। পরিস্থিতির কারণে অন্তত ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে সর্বনিম্ন অ্যাকাডেমিক ফলধারী হিসেবে নিয়োগ পাচ্ছেন ফিরোজা নাজনীন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


ইবিতে সর্বনিম্ন অ্যাকাডেমিক ফলধারী হিসেবে নিয়োগ পাচ্ছেন ফিরোজা নাজনীন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার গুঞ্জন উঠেছে সর্বনিম্ন অ্যাকাডেমিক ফলধারী এক প্রার্থীর। নিয়োগ বোর্ডে অংশগ্রহণকারী ৭ প্রার্থীর মধ্যে সর্বনিম্ন ফলধারী প্রার্থী হচ্ছেন ফিরোজা নাজনীন। তিনি বিএনপিপন্থি শিক্ষক সংগঠন জিয়া পরিষদের সাহিত্য, সাংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক এবং একই বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রী।

ক্যাম্পাসের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আইসিটি বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির ভিত্তিতে ৭ জন প্রার্থী আবেদন করেন। পরে তারা সবাই নিয়োগ বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে ভাইভা থেকে বাদ দিয়ে সর্বনিম্ন ফলধারী প্রার্থী ফিরোজা নাজনীনকে ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেট সভায় নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর এক সিন্ডিকেট সদস্যের আপত্তির প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য ইবি ভিসি সিদ্ধান্ত নেন। এরপর প্রার্থীর বিতর্কিত নিয়োগ নিয়ে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বিষয়টি খতিয়ে দেখতে ওই প্রার্থীর পূর্ববর্তী অ্যাকাডেমিক ফলাফল যাচাইয়ের জন্য তিন সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেন। পরে কমিটি যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দেয়। তবে গুঞ্জন উঠেছে যে রোববার (১ নভেম্বর) সিন্ডিকেটে বিতর্কিত ও সর্বনিম্ন ফলধারী ওই প্রার্থী নিয়োগ পেতে চলেছেন।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, বিতর্কিত নিয়োগের প্রার্থী ফিরোজা নাজনীন ৭ প্রার্থীর মধ্যে সর্বনিম্ন ফলধারী। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ফিরোজা নাজনীন ১টি রিটেক ও ৩টি মানোন্নয়ন পরীক্ষার পর স্নাতকে ৩.৫৯ এবং স্নাতকোত্তরে ৩.৬৪ সিজিপিএ অর্জন করেছেন। তার এইচএসসিতে জিপিএ ৪.৮০ এবং এসএসসিতে জিপিএ ৫.০০ ছিল। অন্যদিকে, আবু রোম্মান রিফাত ইবির আইসিটি বিভাগ থেকে স্নাতকে ৩.৭৮ এবং স্নাতকোত্তরে ৩.৯১ সিজিপিএ অর্জন করেন। এছাড়া এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তিনি জিপিএ ৫ লাভ করেন।

এছাড়া, খন্দকার তাসনিয়া হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকে ৩.৯২ এবং স্নাতকোত্তরে ৪.০০ সিজিপিএ অর্জন করেছেন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তার ফলাফলও জিপিএ ৫। প্রার্থী রাকিবুল ইসলাম-(১) ইবির আইসিটি বিভাগ থেকে স্নাতকে ৩.৬৯ এবং স্নাতকোত্তরে ৩.৭৯ সিজিপিএ অর্জন করেছেন। তার এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ফলাফল জিপিএ ৫। অন্য প্রার্থী রাকিবুল ইসলাম-২ একই বিভাগ থেকে স্নাতকে ৩.৯৫ সিজিপিএ পেয়ে অনুষদে প্রথম স্থান অর্জন করেন। স্নাতকোত্তরে তার সিজিপিএ ৩.৮৮। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় তিনিও জিপিএ ৫ পেয়েছেন।

আইসিটি বিভাগের আরেক সাবেক শিক্ষার্থী শারমীন তাজরিয়া অনন্যা স্নাতকে ৩.৬৪ এবং স্নাতকোত্তরে ৩.৭৯ সিজিপিএ অর্জন করেছেন। তার এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ফলাফলও জিপিএ ৫। মাসুদ রানা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্নাতকে ৩.৭২ এবং স্নাতকোত্তরে ৩.৭৯ সিজিপিএ অর্জন করেছেন। তার এসএসসিতে জিপিএ ৪.৬৯ এবং এইচএসসিতে জিপিএ ৪.৫০।

৭ প্রার্থীর ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ফিরোজা নাজনীন অ্যাকাডেমিক ফলাফলে সবথেকে নিম্নে অবস্থান করছেন। এছাড়া, অন্য প্রার্থীদের থিসিস থাকলেও, ফিরোজা নাজনীন নন থিসিসের শিক্ষার্থী ছিলেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সময়ে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ফিরোজা নাজনীন। ওই পরীক্ষায় ১০ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তবে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের প্রশাসনের প্রথম নিয়োগপ্রক্রিয়ায় আইসিটি বিভাগে তিনি প্রথম স্থান অর্জন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভিন্ন দুটি বিভাগের নিয়োগ পরীক্ষায় তার ফলাফলের এই পার্থক্য নিয়েও প্রশ্ন উঠেছে। তবে রোববার (১ নভেম্বর) সিন্ডিকেট সভায় প্রায় সাড়ে ৪ মাস থেকে ঝুলন্ত থাকা নিয়োগের ফাইনাল সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে জানার জন্য ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রোকসানা মিলি সাংবাদিকদের বলেন, "আমরা ফ্যাক্টস ফাইন্ডিং করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। বাকিটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিবেন।"

এ বিষয়ে জানতে চাইতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত জুলাই মাসে বিএনপিপন্থি শিক্ষক সংগঠনের সাহিত্য, সাংস্কৃতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক ও আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রী ফিরোজা নাজনীনের বিতর্কিত নিয়োগ নিয়ে সংবাদ প্রকাশ হয়। এ সময় বিভাগে টেম্পারিং করে স্ত্রীর ফলাফল বৃদ্ধি, পরপর দুইবার পরীক্ষা কমিটির সভাপতি, নিয়োগ বোর্ডের আগে এক্সপার্টের সঙ্গে আবাসিক হোটেলে প্রার্থীর স্বামীর সাক্ষাৎ ও সাংবাদিক ম্যানেজসহ নানা অভিযোগ উঠে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপে আসছেন প্রতিমন্ত্রী সালাহউদ্দিন টুকু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপে আসছেন প্রতিমন্ত্রী সালাহউদ্দিন টুকু

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি নীতিনির্ধারণী সংলাপ, যার উদ্দেশ্য হলো মাদকমুক্ত ঢাকা গড়ে তোলা এবং মাদক নিয়ন্ত্রণে টেকসই নগর ব্যবস্থাপনার করণীয় নির্ধারণ করা। এই সংলাপে অংশগ্রহণ করবেন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষাবিদ এবং গণমাধ্যমের ব্যক্তিত্বরা।

সংলাপটি আগামী ৩ নভেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (এসটিসি) অনুষ্ঠিত হবে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি এই সংলাপের আয়োজন করছে, যার শিরোনাম হলো ‘মাদকমুক্ত ঢাকা গড়তে টেকসই নগর ব্যবস্থাপনা’।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, এমপি, সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও রেলওয়ে পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমানও উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল এবং ইউনাইটেড মেডিকেল কলেজ, গুলশানের সাইকিয়াট্রি অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ড. এম এস কবির জুয়েল উপস্থিত থাকবেন।

সংলাপের মূল প্রতিপাদ্য হলো ‘Policy Dialogue on Sustainable Urban Management for a Drug-free Dhaka’। এই আলোচনায় টেকসই নগর ব্যবস্থাপনার মাধ্যমে মাদকমুক্ত ঢাকা গড়ে তোলার লক্ষ্যে নীতিনির্ধারণী পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করা হবে।

এ আয়োজনে সাপোর্ট পার্টনার হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের ওপর হামলা ও ওসিকে হত্যার হুমকির ঘটনায় প্রিন্সসহ ৭ জন কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


পুলিশের ওপর হামলা ও ওসিকে হত্যার হুমকির ঘটনায় প্রিন্সসহ ৭ জন কারাগারে

পুলিশের ওপর হামলা (অ্যাসল্ট) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হত্যার হুমকির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স এবং তার পরিবার ও বন্ধুদেরসহ মোট ৭ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে, প্রিন্সের বোনের বয়স কম হওয়ায় আদালত তাকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কারাগারে প্রেরিত ব্যক্তির তালিকায় রয়েছে- দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স, তার মা শামী আক্তার পলি (৩৮), বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী (৪৫), প্রিন্সের বন্ধু ছাতক উপজেলার জালালপুর গ্রামের কাওছার আহমদ সোহাগ (২১), দিরাই উপজেলার চন্ডীপুর গ্রামের ইফাত আলম রাবিদ (২১), ধর্মপাশা উপজেলার সাদিপুর গ্রামের শাহরিয়ার সাদি (১৯) এবং সিলেটের ভাদেরশ্বর গ্রামের তাকরিব রহমান তানহির (২০)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতাল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরপর রোববার (১ নভেম্বর) দুপুরে প্রিন্সের ছোট বোন ছাড়া বাকী ৭ জনকে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মো. জসিম উদ্দিন তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে সুনামগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক অজয় চন্দ্র দেব নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ সদর থানার দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত ৭ জনকে আদালতে সোপর্দ করা হয়েছিল। বিচারক তাদের সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং বিকেলে তাদেরকে জেলা কারাগারে স্থানান্তর করা হয়।

এদিকে, প্রিন্সের বোনের বয়স কম থাকায় তাকে শিশু আদালতে পাঠানো হয়েছে। শিশু আদালতের বিচারক মাসুদুর রহমান স্কুল ছাত্রীর জামিন না মঞ্জুর করে সেফ হোমে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্সের আইনজীবী অ্যাডভোকেট ছায়াদুর রহমান তালুকদার।

পুলিশ জানায়, ২৯ অক্টোবর গভীর রাতে নাশকতার মামলার আসামি হিসেবে ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর কয়েক ঘণ্টার মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় তার মা-বাবা ও পরিবারের সদস্যরা মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা প্রদান করে এবং আসামি ছিনতাইয়ের চেষ্টা করেন। পরে তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু তার পরিবার এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পর পুলিশ সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে।

পুলিশের মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে ৩০ অক্টোবর হাসপাতালে নেওয়ার পর তিনি খিঁচুনির ভান করতে থাকেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী হাসপাতালের জরুরি বিভাগের রুমে প্রবেশ করে মব সৃষ্টি করে। প্রিন্সের বাবা শাহরুখ রাজা চৌধুরী ও তার মা, বোন গুজব ছড়িয়ে পুলিশ সদস্যদের ওপর মারমুখী আচরণ করতে থাকেন। পরে কর্তব্যরত ডাক্তার প্রিন্সকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। প্রিন্সের বাবা শাহরুখ রাজা চৌধুরী কান্নাকাটি করতে থাকেন এবং দাবি করেন যে তার ছেলে পুলিশি নির্যাতনে মারা গেছে।

এরপর প্রিন্সের ছোট ভাই ফাহিম রাজা চৌধুরীসহ অন্যান্য আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যমে সদর মডেল থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তাদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সিলেট থেকে প্রিন্সসহ সকলকে গ্রেপ্তার করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%