০৩:৪৩ পি.এম
দাপ্তরিক নথিতে রোহিঙ্গাদের সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক এই জনগণের আশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। তিনি উল্লেখ করেছেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হচ্ছে মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছায়, টেকসই ও সম্মানজনক প্রত্যাবাসন।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব মন্তব্য করেন।
বৈঠকের সময় মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়লো
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি হয়েছে। এ সংকটের স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল প্রচেষ্টা তাদের নিজ দেশে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করার দিকে কেন্দ্রীভূত হওয়া উচিত।
তিনি আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বৈঠকে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি বাংলাদেশের সরকারকে দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক আশ্রয় ও সেবা দেওয়ার জন্য প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা জনগণের ওপর সংঘটিত ঐতিহাসিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরেন।
কেলি ই. কারি জানান, জাতিসংঘ ও এর আন্তর্জাতিক সহযোগীরা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।
আরও পড়ুন: পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের টিকিট ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু
বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
এছাড়া চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিতে গিয়ে যুবক ফাহাদ আটক
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন