ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

কেইন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন


কেইন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নেশন্স লিগের ম্যাচে অংশগ্রহণের মাধ্যমে নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। থ্রি লায়ন্সদের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড নিজের নামে করার অপেক্ষায় রয়েছেন এই তারকা স্ট্রাইকার।

ওয়েম্বলিতে ইংল্যান্ডের হয়ে ১২৬তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন কেইন। এটির মাধ্যমে ১৯৯০ সাল থেকে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের দখলে থাকা রেকর্ডটি ছাড়িয়ে যাবেন তিনি।

বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারের জন্য গত ১২ মাস ছিল অসাধারণ সাফল্যে ভরা। গত অক্টোবরে ২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতার গৌরব অর্জন করেন তিনি। স্মরণীয় আরেকটি অর্জনের মাধ্যমে ৩৩ বছর বয়সী কেইন স্বপ্নের বছরটি আরও বর্ণিল করে তুলতে যাচ্ছেন।

আরও পড়ুন: প্রথম একাদশে থাকা অর্ধেকের বেশি ক্রিকেটার ‘আনফিট’: প্রধান কোচের মন্তব্য

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এককভাবে নিজের করে নেওয়া হবে তার স্মরণীয় বছরের আরেকটি বড় অর্জন। এটি তার অসাধারণ ধারাবাহিকতা এবং দীর্ঘদিন ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলার সক্ষমতারও স্বীকৃতি।

কেইনের দখলে রয়েছে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৯১ গোলের রেকর্ড। টটেনহ্যামের ইতিহাসে তিনি সর্বাধিক ২৮০ গোল করেছেন।

শৈশবের ক্লাব টটেনহ্যাম ছেড়ে ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর নিজের খেলাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কেইন। জার্মান ক্লাবটির হয়ে তিনি এখন পর্যন্ত ১৫৬ গোল করেছেন। ২০২৫ ও ২০২৬ সালে বুন্দেসলিগা শিরোপা জিতে ক্যারিয়ারের প্রথম বড় ট্রফির স্বাদও পেয়েছেন।

নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কেইন আরও পরিণত হয়েছেন। গত জুলাইয়ে আর্জেন্টিনার কাছে বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর ইংল্যান্ড কোচ থমাস টাচেলের রক্ষণাত্মক কৌশল নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন বলে খবর পাওয়া যায়।

আরও পড়ুন: নুরুল হাসান সোহানের আহ্বান, 'দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন'

১-০ গোলের লিড ধরে রাখতে টাচেল ইংল্যান্ডের রক্ষণভাগে বেশি খেলোয়াড় রেখেছিলেন। তবে শেষ দিকে সেই সুযোগ কাজে লাগিয়ে দুই গোল করে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন অপূর্ণ থেকে যায় কেইনের।

সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতির আগে টাচেলের সঙ্গে কৌশল নিয়ে আলোচনায় দলের নেতৃত্ব দেন কেইন। সেখানে তিনি নিজের মতামত জোরালোভাবে তুলে ধরেছিলেন।

ইংল্যান্ড দলে কেইনের সতীর্থ এবং বুন্দেসলিগায় প্রতিপক্ষ হিসেবে খেলার অভিজ্ঞতা রয়েছে বায়ার লেভারকুসেনের ডিফেন্ডার জ্যারেল কুয়ানসারের। তাই এই স্ট্রাইকারের প্রতি তার বিশেষ শ্রদ্ধা রয়েছে।

১৯৯৬ সালে ম্যাথিয়াস সামারের পর প্রথম বুন্দেসলিগার খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন কেইন।

আরও পড়ুন: অনুশীলনের মাঠে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন ২২ বছরের হোনসোর

বিবিসিকে কুয়ানসা বলেন, ‘সত্যি বলতে, পুরো বুন্দেসলিগাই দারুণ খুশি। অনেক দিন ধরে এখানকার কোনো খেলোয়াড় এই পুরস্কার জেতেননি। সবাই তাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং তার সামর্থ্য সম্পর্কে সবারই ধারণা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘তার বিপক্ষে খেলাটা ভীতিকর। কেউই তার মুখোমুখি হতে চায় না। প্রায় প্রতি সপ্তাহেই তার গোল করার সম্ভাবনা থাকে। তার সামর্থ্য সম্পর্কে সবাই জানে। বিভিন্ন দলের সমর্থকদের কাছ থেকেও সে বেশ ভালো অভ্যর্থনা পেয়েছে, যা সব সময়ই আনন্দের।’

২০১৫ সালে লিথুয়ানিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে মাত্র ৭৯ সেকেন্ডের মধ্যে গোল করেছিলেন কেইন। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল কেইনের। সেই শুরু থেকেই জাতীয় দলের হয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন তিনি।

ইংল্যান্ডের প্রথম পুরুষ অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক কোনো শিরোপা জিততে চান কেইন। ১৯৬৬ সালে ববি মুরের পর আর কোনো ইংলিশ অধিনায়কের হাতে আন্তর্জাতিক ট্রফি ওঠেনি।

আরও পড়ুন: ক্যারিকের বিদায় আসন্ন, ম্যানইউর কোচ হতে আলোচনা চলছে পচেত্তিনোর সাথে

তবে এরই মধ্যে ২০২১ ও ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের হতাশা তার সঙ্গী হয়েছে।

শিরোপা জয়ের স্বপ্নের বাইরেও দলের সঙ্গে কেইনের আচরণ ও নেতৃত্বের ধরন মুগ্ধ করেছে কুয়ানসাকে। ইংল্যান্ডের কিংবদন্তি হিসেবে কেইনের অবস্থান নিয়ে তার কোনো সংশয় নেই।

কুয়ানসার ভাষায়, ‘তিনি একজন খাঁটি পেশাদার। সবকিছুই করেছেন। মাঠের বাইরেও তিনি যে মানদন্ড তৈরি করেছেন, সেটিই গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘দলীয় মিটিংয়ে সবার আগে তিনিই উপস্থিত হন। দলের সবাই একসঙ্গে হওয়ার অপেক্ষায় থাকেন। কখনোই সতীর্থদের কোনো কিছু একা করতে দেন না। সব মিলিয়ে তিনি সত্যিকারের একজন মহান অধিনায়ক।’

আরও পড়ুন: আইপিএলে বিনিময় চুক্তিতে পান্ডিয়া পাঞ্জাবে, আর্শদীপ মুম্বাইয়ে যাচ্ছেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদীতে বিয়ে ছাড়া সন্তান জন্ম: নারী গৃহকর্মীকে ১০০ দোররা মারার আদেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


সউদীতে বিয়ে ছাড়া সন্তান জন্ম: নারী গৃহকর্মীকে ১০০ দোররা মারার আদেশ

সউদী আরবের একটি আদালত ৩৫ বছর বয়সী কেনীয় গৃহকর্মী এথার ওয়ানজা মুথোনিকে ১০০ দোররা মারার শাস্তি প্রদান করেছে। এই শাস্তি তাকে দেওয়া হয়েছে ব্যভিচারের অভিযোগে, যা বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের জন্য প্রযোজ্য। গত অক্টোবরে কয়েক দফা শুনানি শেষে আদালত এই রায় ঘোষণা করে। মুথোনি এখন আতঙ্কিত হয়ে তাঁর এক বছর বয়সী শিশুপুত্রকে নিয়ে কেনিয়ায় ফিরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, কারণ তিনি এই শাস্তির মুখোমুখি হতে চান না।

দ্য নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, মুথোনি এক বছরেরও বেশি সময় ধরে সউদী আরব ছাড়ার চেষ্টা করছেন তাঁর সন্তানকে নিয়ে। তবে চলমান ফৌজদারি মামলার কারণে তিনি দেশ ছাড়তে ব্যর্থ হয়েছেন।

গত মাসে একটি টেলিফোন সাক্ষাৎকারে মুথোনি পত্রিকাটিকে জানান, ‘আমি খুব ভয়ে আছি। আমার মনে হয় না আমি দোররা মারার এই কষ্ট সহ্য করতে পারব।’ পাঁচ সন্তানের জননী মুথোনি সউদী নিয়োগকারী প্রতিষ্ঠান 'মাহারা হিউম্যান রিসোর্সেস'-এর মাধ্যমে বৈধভাবে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। কাজের সময় 'মাহমুদ' নামে এক মিশরীয় ব্যক্তির সাথে ক্ষণস্থায়ী সম্পর্কের ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন।

২০২৫ সালের আগস্টে কর্মীদের জন্য নির্ধারিত থাকার জায়গায় তিনি এক সন্তানের জন্ম দেন। আদালতের নথি পর্যালোচনা করে পত্রিকাটি জানায়, একজন সুপারভাইজার বিষয়টি জানতে পেরে তাঁকে ও সদ্যজাত শিশুকে হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে পুলিশ এসে মুথোনিকে গর্ভাবস্থা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

জিজ্ঞাসাবাদে মুথোনি পুলিশকে জানান যে সন্তানের বাবা ইতিমধ্যেই সউদী আরব ত্যাগ করেছেন। তবে আদালতের নথিতে লোকটির পুরো নাম বা পদবি প্রকাশ করা হয়নি। পুলিশি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পরও তাঁকে কর্মীদের থাকার জায়গা কিংবা কোনো আশ্রয়কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বাধ্য হয়ে তিনি রিয়াদের একটি পেট্রোল পাম্পে আশ্রয় নেন। এই স্থানটি সউদী আরব ছাড়তে ইচ্ছুক প্রবাসী মায়েদের জন্য একটি অস্থায়ী মিলনস্থলে পরিণত হয়েছে।

গত অক্টোবরে তিন বিচারকের একটি প্যানেল মুথোনিকে বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কের দায়ে দোষী সাব্যস্ত করে ইসলামি আইন অনুযায়ী ১০০ দোররা মারার নির্দেশ দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু, সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু, সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার

সংসদ ভবন, ১১ নভেম্বর, ২০২৬ : আজ বুধবার বিকেল ৪টা ২২ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পুনরায় শুরু হয়েছে।

অধিবেশনটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, কেবল মুখস্থবিদ্যা দিয়ে পরীক্ষায় পাস করা অথবা ডিগ্রির সনদ অর্জন প্রকৃত শিক্ষা নয়। তিনি উল্লেখ করেছেন যে, শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয় ঘটলে তা প্রকৃত জ্ঞানে পরিণত হয়। প্রকৃত শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এবং প্রতিটি শিক্ষার্থীর হৃদয় ও গৃহে আনন্দের প্রদীপ জ্বালায়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের ‘নবীনবরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূরদৃষ্টি বা ‘ভিশন’ তৈরি করে। এই ভিশন হলো এমন এক শিল্পকলা, যা সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরে গিয়ে অনেক দূর পর্যন্ত দেখার ক্ষমতা তৈরি করে। চাকরি ও আর্থিক উপার্জনের জন্য আমাদের ডিগ্রির প্রয়োজন রয়েছে। কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষার অন্তর্নিহিত তাগিদ হৃদয়ে ধারণ করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীর মনে আনন্দ তৈরি করতে পারে না, তা কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না।

তিনি বলেন, ছাত্রজীবনে প্রতিযোগিতায় ভালো করার জন্য কিছুটা ‘ইগো’ বা জেদ থাকা ভালো, তবে তা স্থায়ী করা যাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হওয়ার পর সেই ইগো হালকা করে নিজেকে ‘সেলফ-রেসপেক্ট’ বা আত্মসম্মানের দিকে নিয়ে যেতে হবে।

রুহুল কবির রিজভী আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূগোল বিভাগে ভর্তির সময় আমাদেরও এভাবে নবীনবরণ করা হয়েছিল। সময়ের স্রোতে পদ্মা-বুড়িগঙ্গায় অনেক জল গড়িয়েছে, কিন্তু আমাদের সংস্কৃতির চিরায়ত ধারা থেমে থাকেনি। ইন্টারমিডিয়েটে পড়ার সময় আমাদের শিক্ষক রুহুল আমিন স্যার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাস এত চমৎকার ও আনন্দদায়কভাবে পড়াতেন যে আজও সেই সংলাপগুলো কানে বাজে।

পাঠদানকে আনন্দময় করে তোলার ওপর গুরুত্বারোপ করে রিজভী বলেন, শিক্ষকদের এমনভাবে পাঠদান করতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় আনন্দ পায় এবং ক্লাসের প্রতি আকৃষ্ট হয়।

দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনার ডানা লুকিয়ে থাকে। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সেই ডানা প্রসারিত করে আকাশে ওড়ার কৌশল আয়ত্ত করতে হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফরহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অক্টোবর মাসে এপিবিএনের অভিযানে ৬৫৫ মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ১০০ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


অক্টোবর মাসে এপিবিএনের অভিযানে ৬৫৫ মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ১০০ জন

তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার, গোয়েন্দা কার্যক্রম এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অক্টোবর মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মাসজুড়ে দেশের বিভিন্ন ইউনিটের অভিযানে ৬৫৫টি হারানো মোবাইল ফোন, ১ কোটি ১২ লাখ টাকার বেশি প্রতারণার অর্থ, ১ দশমিক ৮৪৪ কেজি স্বর্ণ এবং বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানের পণ্য উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ চার শিশুসহ ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

এপিবিএন সূত্রে জানা গেছে, অক্টোবর মাসে হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার প্রদত্ত তথ্যপ্রযুক্তিগত সহায়তার মাধ্যমে বিভিন্ন ইউনিট এসব সাফল্য অর্জন করেছে। এ সময় চারটি হ্যাকড ফেসবুক আইডি, দুটি হ্যাকড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং একটি ইমু অ্যাকাউন্ট উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ৫৬৪ জনকে সহায়তা প্রদান করা হয়েছে। বিকাশ ও নগদ প্রতারণার ঘটনায় ৪ লাখ ৪২ হাজার ৯৭০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচটি মোবাইল ফোন, ১৫টি সিম কার্ড ও ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

অস্ত্র উদ্ধারের অভিযানে তিনটি ওয়ান শুটার গান, একটি একনলা বন্দুক, ছয় রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, ছয়টি ছুরি ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৬২ হাজার ৪৬৭টি ইয়াবা বড়ি, ১ দশমিক ০৪ কেজি গাঁজা, ২৫ লিটার মদ, ৭৪০ কার্টন সিগারেট ও মাদক বিক্রির ৮ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ছয়টি মামলা দায়ের করে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় ৪১৫টি মামলা দায়ের করে ১২ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিএসটিআই, কাস্টমস ও ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ১৬ লাখ ৩৯ হাজার ৮৮১ টাকা জরিমানা আদায় এবং বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এসব কার্যক্রমে ৫০টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অক্টোবর মাসে বিভিন্ন অভিযানে ৩২ জন ওয়ারেন্টভুক্ত এবং সাতজন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মানব পাচারের একটি মামলায় তিনজন, তিনটি হত্যা মামলায় তিনজন এবং বিভিন্ন অপরাধে সন্দেহভাজন আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির একটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় এফডিএমএন সদস্য সাতজনকে আটক করা হয়েছে।

চোরাচালানবিরোধী অভিযানে ১ দশমিক ৮৪৪ কেজি স্বর্ণের বার ও অলংকার উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় ১৩টি মামলা দায়ের করে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ৭৬০ কেজি নিষিদ্ধ সামুদ্রিক কাঁকড়া, ৩৯৬ কেজি প্রসাধনী, দুটি এয়ারবার্ডস, নয়টি ঘড়ি, ৬৩টি শাড়ি ও থ্রি-পিস, ২১৩ কেজি খাদ্যদ্রব্য, ৪১৫ কেজি কাপড়ের ফেব্রিক্স, দুই কেজি ওষুধ, এক কেজি ইমিটেশন গয়না, ১৭টি পানির কল, দুটি সোলার প্যানেল, ১১টি বৈদ্যুতিক ব্যাটারি এবং সাতটি অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দুটি হারানো ব্যাগেজও। এ সময় ১ লাখ ১২ হাজার ৩৩০ টাকা এবং ৩০ কুয়েতি দিনারও জব্দ করা হয়েছে।

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে চারটি নিখোঁজ শিশুসহ ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে এপিবিএন। এ ঘটনায় একটি মামলা দায়ের করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১০২টি যানবাহন আটক করে শাহপরীর হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। ক্যাম্প এলাকা থেকে ৬০ হাজার ৬৫০ টাকা ও ছয়টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

এপিবিএনের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে ৮, ১৪ ও ১৬ তারিখে এপিবিএনের মাধ্যমে মোট ২৮টি জিআর ও সিআর মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি বর্তমানে মামলাগুলো তদন্তাধীন রয়েছে।

এপিবিএন জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিক সেবা নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%