০৩:০৫ পি.এম
সউদী আরব বড় বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম সম্পূরক কর চালু করতে যাচ্ছে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই করের আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী বহুজাতিক গোষ্ঠীর প্রতিষ্ঠানগুলো আসবে। যদি এসব গোষ্ঠীর সউদী আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার ১৫ শতাংশের নিচে থাকে, তবে অতিরিক্ত কর আদায় করা হবে।
দেশটির জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জাটকা) বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ঘোষণা দেয়। কর্তৃপক্ষ জানায়, কর রাজস্ব সুরক্ষা এবং আন্তর্জাতিক করনীতির সঙ্গে দেশের করব্যবস্থার সামঞ্জস্য বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব বহুজাতিক গোষ্ঠীর সমন্বিত বার্ষিক আয় অন্তত ৭৫০ মিলিয়ন ইউরো বা সমপরিমাণ সউদী রিয়াল, তাদের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো এই করের জন্য বিবেচিত হবে। তবে সংশ্লিষ্ট গোষ্ঠীকে কর কার্যকর হওয়ার আগের চার অর্থবছরের অন্তত দুটিতে এই আয়সীমা পূরণ করতে হবে। গোষ্ঠীর চূড়ান্ত মূল প্রতিষ্ঠানের সমন্বিত আর্থিক বিবরণী এখানে বিবেচনায় নেওয়া হবে।
আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের
জাটকা স্পষ্ট করেছে যে, সউদী আরবে ব্যবসা পরিচালনাকারী সব প্রতিষ্ঠান নতুন করের আওতায় আসবে না। শুধুমাত্র নির্ধারিত আয়সীমা ও অন্যান্য শর্ত পূরণকারী বহুজাতিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এটি কার্যকর হবে। আন্তর্জাতিক কার্যক্রম নেই এবং আওতাভুক্ত কোনো বহুজাতিক গোষ্ঠীর অংশ নয়, এমন দেশীয় প্রতিষ্ঠানগুলো এই করের বাইরে থাকবে।
এই ব্যবস্থার নাম ‘ডোমেস্টিক মিনিমাম টপ-আপ ট্যাক্স’ (ডিএমটিটি) এবং এর উদ্দেশ্য হলো, যোগ্য বহুজাতিক গোষ্ঠীগুলোর সউদী আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার অন্তত ১৫ শতাংশ নিশ্চিত করা। যদি কোনো গোষ্ঠীর কার্যকর করের হার এই সীমার নিচে থাকে, তবে প্রযোজ্য বিধি অনুযায়ী ঘাটতি পূরণে অতিরিক্ত কর আদায় করা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ শতাংশের এই হার প্রতিষ্ঠানের মোট আয়ের ওপর নয়, বরং অর্জিত মুনাফার কার্যকর করের হারের ওপর প্রযোজ্য হবে। অন্যদিকে, ৭৫০ মিলিয়ন ইউরোর আয়সীমা দিয়ে নির্ধারণ করা হবে কোন বহুজাতিক গোষ্ঠী নতুন করের আওতায় পড়বে। এই আয়সীমার ওপর সম্পূরক কর হিসাব করা হবে না।
বড় বহুজাতিক কোম্পানির ওপর ন্যূনতম কর আরোপের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে সউদী আরব এই পদক্ষেপ গ্রহণ করছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং জি২০-এর উদ্যোগে প্রণীত বৈশ্বিক কর কাঠামোর দ্বিতীয় স্তম্ভ বা ‘পিলার টু’-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?
কম করের দেশে মুনাফা স্থানান্তরের মাধ্যমে বহুজাতিক কোম্পানিগুলোর কর এড়ানোর প্রবণতা নিরুৎসাহিত করাই এই কাঠামোর অন্যতম লক্ষ্য। ওইসিডির বৈশ্বিক করভিত্তি ক্ষয় ও মুনাফা স্থানান্তর প্রতিরোধসংক্রান্ত (গ্লোবাল অ্যান্টি-বেস ইরোশন বা গ্লোব) বিধি অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণকারী বহুজাতিক গোষ্ঠীর কোনো দেশে কার্যকর করের হার ১৫ শতাংশের নিচে থাকলে প্রযোজ্য নিয়মে অতিরিক্ত কর আদায়ের ব্যবস্থা রয়েছে।
দেশীয় ন্যূনতম সম্পূরক করের মাধ্যমে কোনো দেশ নিজ ভূখণ্ডে অর্জিত যোগ্য মুনাফার ওপর অতিরিক্ত কর আদায় করতে পারে। এতে ওই মুনাফার ওপর কর আদায়ের অধিকার নিজ দেশের হাতে থাকে এবং সরকারি রাজস্ব সুরক্ষায় সহায়তা করে। সউদী আরবের নতুন ব্যবস্থায় দেশটি নিজ ভূখণ্ডে বহুজাতিক গোষ্ঠীগুলোর অর্জিত মুনাফার ওপর প্রযোজ্য অতিরিক্ত কর আদায় করতে সক্ষম হবে।
যেসব প্রতিষ্ঠান নতুন করব্যবস্থার আওতায় পড়তে পারে, তাদের বিস্তারিত জানতে জাটকার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। এ জন্য ২৪ ঘণ্টার কল সেন্টার ১৯৯৯৩ নম্বরে ফোন করা যাবে। এছাড়া এক্সে @Zatca_care অ্যাকাউন্ট অথবা [email protected] ঠিকানায় ইমেইলের মাধ্যমে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে।
আরও পড়ুন: রোহিঙ্গাদের পক্ষে আইসিজের ঐতিহাসিক রায়, তবে মিয়ানমারে ফেরা এখনো কঠিন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন