ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইডেন ছাত্রীকে হাফ ভাড়া নিয়ে হেনস্তা, প্রতিবাদে ৮ বাস আটকে রাখল শিক্ষার্থীরা


ইডেন ছাত্রীকে হাফ ভাড়া নিয়ে হেনস্তা, প্রতিবাদে ৮ বাস আটকে রাখল শিক্ষার্থীরা

ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে নীলাচল পরিবহণের এক বাসকর্মীর বিরুদ্ধে, যা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার বিষয়কে কেন্দ্র করে ঘটে। কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ হিসেবে পরিবহণটির ৭ থেকে ৮টি বাস আটকে রেখেছেন।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে ইডেন মহিলা কলেজের সামনে এই বাসগুলো আটকে দেওয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীও সেখানে যোগ দেন।

ভুক্তভোগী শিক্ষার্থী ফাল্গুনী জাহান বৃষ্টি, যিনি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, তিনি অভিযোগ করেছেন যে শুক্রবার (২০ নভেম্বর) সাভারে যাওয়ার সময় নীলাচল পরিবহণের একটি বাসে অর্ধেক ভাড়া দেওয়ার কারণে বাসটির এক কর্মী তার সঙ্গে অসদাচরণ করেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বাস আটকে বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন: কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত

বৃষ্টি জানান, বাসে ওঠার আগে বাসকর্মী তার গন্তব্য জানতে চান। তিনি সাভার যাওয়ার কথা জানালে তাকে বাসে উঠতে বলা হয়। পরে বাসে শিক্ষার্থীদের পরিচয় জানতে চাইলে তিনি হাত তুলে নিজের পরিচয় দেন এবং পরিচয়পত্র দেখান। এরপর নিয়মিত যাতায়াতের মতো ৩০ টাকা ভাড়া দেন তিনি। কিন্তু বাসকর্মী তার কাছে ৪৫ টাকা দাবি করেন।

বৃষ্টি বলেন, “আমি তাকে বলেছি, নিয়মিত ৩০ টাকা দিয়েই যাতায়াত করি।” তখন তিনি তার দিকে ১০ টাকা ছুড়ে দিয়ে গাবতলীতে নেমে যেতে বলেন। বৃষ্টি জানতে চান, “সাভার যাওয়ার কথা বলার পর আমাকে বাসে উঠিয়ে মাঝপথে নামতে বলছেন কেন?” তখন তিনি বলেন, “তুই নামবি না কেন, তোর বাপসহ নামবি।”

তিনি আরও অভিযোগ করেন, ওই বাসকর্মী অন্য এক শিক্ষার্থীর সঙ্গেও খারাপ ব্যবহার করেন। এ সময় বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ জানান। পরে ওই কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আসা-যাওয়া করলেও কিছু করতে পারেননি বলে তাকে হুমকিসূচক কথা বলেন।

বৃষ্টি আরও বলেন, “আমি নিজে থেকে বাসে উঠিনি। বাসের কর্মীই আমার গন্তব্য জেনে আমাকে উঠিয়েছেন। অথচ ভাড়া নিয়ে আপত্তি করায় আমার সঙ্গে এমন আচরণ করা হয়েছে।

আরও পড়ুন: মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ দেখতে সাধারণ মানুষের ভিড়

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন আদালতের অনুমোদনে রাউন্ডআপ আগাছানাশক নিয়ে ৭২৫ কোটি ডলারের ক্ষতিপূরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


মার্কিন আদালতের অনুমোদনে রাউন্ডআপ আগাছানাশক নিয়ে ৭২৫ কোটি ডলারের ক্ষতিপূরণ

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : ক্যানসার সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলাগুলোর নিষ্পত্তিতে আগাছানাশক ‘রাউন্ডআপ’-এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান বায়ারের ৭২৫ কোটি ডলারের ক্ষতিপূরণ প্রস্তাবে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। শুক্রবার দেওয়া এ রায়কে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বড় অঙ্কের যৌথ মামলা নিষ্পত্তির ঘটনাগুলোর অন্যতম হিসেবে গণ্য করা হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এ সিদ্ধান্তের ফলে রাউন্ডআপ আগাছানাশকের সংস্পর্শে এসে রক্তের ক্যানসার বা নন-হজকিন লিম্ফোমায় (এনএইচএল) আক্রান্ত হয়েছেন, এমন কয়েক হাজার মানুষ ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি, যারা অতীতে এই আগাছানাশকের সংস্পর্শে এসেছেন এবং ভবিষ্যতে এ রোগে আক্রান্ত হবেন, তারা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ক্ষতিপূরণ চাইতে পারবেন।

মিসৌরি অঙ্গরাজ্যের আদালতের বিচারক টিমোথি বায়ার তার রায়ে বলেন, আদালত ক্ষতিপূরণসংক্রান্ত চুক্তিটি সম্পূর্ণ ও চূড়ান্তভাবে অনুমোদন করেছেন।

এ মামলায় ক্যানসারে আক্রান্ত বাদীপক্ষের নিযুক্ত প্রধান আইনজীবী ক্রিস্টোফার সিগার এএফপিকে টেলিফোনে বলেন, ‘আজ সত্যিই একটি আনন্দের দিন।’

ইতোমধ্যে নন-হজকিন লিম্ফোমায় আক্রান্ত ব্যক্তিরা ক্ষতিপূরণ হিসেবে ১০ হাজার থেকে ১ লাখ ৬৫ হাজার ডলার পর্যন্ত পাবেন। রাউন্ডআপ আবাসিক কাজে, নাকি পেশাগত প্রয়োজনে ব্যবহার করা হয়েছে—যেমন বাগান বা ল্যান্ডস্কেপ পরিচর্যার কাজে—এমন বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হবে।

সিগার বলেন, রাউন্ডআপের কারণে ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে এই সমঝোতাই ছিল কার্যত একমাত্র বাস্তবসম্মত পথ।

এর কারণ হিসেবে তিনি বলেন, গত জুনে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটি মামলায় বায়ারের পক্ষে রায় দেন। এর ফলে পণ্যের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে যথাযথ সতর্কবার্তা না দেওয়ার অভিযোগে অঙ্গরাজ্যগুলোর আদালতে দায়ের করা মামলার সুযোগ আর থাকছে না।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) রাউন্ডআপকে ক্যানসার সৃষ্টিকারী নয় বলে যে অবস্থান নিয়েছে, তা অঙ্গরাজ্যগুলোর আদালতে পণ্যটির কারণে ক্যানসার হয়েছে—এমন অভিযোগের বিরুদ্ধে প্রাধান্য পাবে।

সিগার ব্যাখ্যা করেন, অধিকাংশ বাদীর জন্য ক্ষতিপূরণ পাওয়ার সবচেয়ে কার্যকর আইনি পথ ছিল এ ধরনের মামলা। সুপ্রিম কোর্টের রায়ের আগেই এই সমঝোতা হয়েছিল। তবে পরবর্তী সময়ে আদালতের সিদ্ধান্ত যা-ই হোক, চুক্তি মেনে চলতে উভয় পক্ষ সম্মত হয়েছিল।

যারা আগে কোনো মামলা করেননি, কিন্তু রাউন্ডআপের সংস্পর্শে এসেছিলেন, তারাও আগামী বছরগুলোতে নন-হজকিন লিম্ফোমায় আক্রান্ত হলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কৃষি রাসায়নিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান মনস্যান্টোকে অধিগ্রহণের পর থেকে রাউন্ডআপ-সংশ্লিষ্ট হাজার হাজার মামলা নিষ্পত্তিতে কয়েক শ কোটি ডলার ব্যয় করেছে বায়ার।

এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বায়ার জানায়, তারা আশা করছে, এই সমঝোতা এবং সুপ্রিম কোর্টের রায়—দুইয়ের সম্মিলিত প্রভাবে রাউন্ডআপ নিয়ে চলমান আইনি বিরোধের অবসান ঘটবে।

বায়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিল অ্যান্ডারসন বলেন, ‘আদালতের চূড়ান্ত অনুমোদন রাউন্ডআপ-সংক্রান্ত চলমান ও ভবিষ্যৎ আইনি ঝুঁকি কমানোর ক্ষেত্রে কোম্পানির কৌশলের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

‘সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী’ উপাদান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অধীন আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (আইএআরসি) ২০১৫ সালে রাউন্ডআপের প্রধান সক্রিয় উপাদান গ্লাইফোসেটকে মানুষের জন্য ‘সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী’ হিসেবে শ্রেণিবদ্ধ করে।

তবে বায়ারের দাবি, বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন প্রমাণ করে যে এই আগাছানাশক নিরাপদ।

গত বছর কয়েক দশক ধরে বহুল উদ্ধৃত একটি প্রভাবশালী গবেষণাপত্র প্রত্যাহার করা হয়। ওই গবেষণায় দাবি করা হয়েছিল, রাউন্ডআপ ব্যবহারে গুরুতর স্বাস্থ্যঝুঁকি নেই। গবেষণাপত্রটি প্রত্যাহারের মধ্য দিয়ে দীর্ঘদিনের বিতর্ক নতুন করে সামনে আসে। এতে উঠে আসে, কীভাবে করপোরেট স্বার্থ বৈজ্ঞানিক গবেষণার ফলাফলকে প্রভাবিত করতে পারে এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণেও প্রভাব ফেলতে পারে।

গবেষণাপত্রটি প্রকাশ করেছিল ‘রেগুলেটরি টক্সিকোলজি অ্যান্ড ফার্মাকোলজি’ সাময়িকী। এটি প্রত্যাহারের কারণ হিসেবে সাময়িকীটি বেশ কিছু গুরুতর ত্রুটির কথা উল্লেখ করে। এর মধ্যে ছিল, সে সময় হাতে থাকা ক্যানসার-সংক্রান্ত গবেষণার তথ্য বাদ দেওয়া এবং মনস্যান্টোর কর্মীদের গবেষণায় অবদানের বিষয়টি প্রকাশ না করা।

১৯৭০-এর দশকে আগাছানাশক হিসেবে বাজারে আসে গ্লাইফোসেট। শুরুতে ডিডিটির তুলনায় এটিকে কম বিষাক্ত বলে মনে করা হয়েছিল।

তবে ১৯৯০-এর দশকে এর ব্যবহার দ্রুত বাড়তে থাকায় উদ্বেগও বাড়তে শুরু করে। বিশেষ করে, মনস্যান্টো গ্লাইফোসেট-সহনশীল বীজ বাজারে আনার পর ফসলের জমিতে ব্যাপকভাবে এই রাসায়নিক ছিটানোর সুযোগ তৈরি হয়। ফলে এর স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।

এরপর বেশ কয়েকটি দেশ গ্লাইফোসেটের ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করার উদ্যোগ নেয়। এসব দেশের মধ্যে ফ্রান্সও রয়েছে। দেশটি বাড়ির আশপাশে ব্যবহারের ক্ষেত্রে এই রাসায়নিক নিষিদ্ধ করেছে।

অন্যদিকে, ক্রমবর্ধমান মামলার চাপের মুখে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের আবাসিক এলাকায় ব্যবহারের জন্য রাউন্ডআপের সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করার সিদ্ধান্ত নেয় বায়ার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় বিশেষ অভিযানে ৬৪ নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ২৮৮ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


কুমিল্লায় বিশেষ অভিযানে ৬৪ নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ২৮৮ জন আটক

কুমিল্লায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৮৮ জনকে আটক করা হয়েছে, এর মধ্যে ৬৪ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য। গত ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য প্রকাশ করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আর বাকি ৮১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় মুক্ত করা হয়েছে।

অভিযান চলাকালে জেলার অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের অভিযান চলতে থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুরের অন-সাইট জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় সমন্বয় জোরদারের সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


রূপপুরের অন-সাইট জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় সমন্বয় জোরদারের সুপারিশ

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ও অবকাঠামো আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) ১০ দিনব্যাপী Emergency Preparedness Review (EPREV) মিশনে কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, আইএইএর প্রকাশিত মূল্যায়নে রূপপুরের অন-সাইট জরুরি ব্যবস্থাপনায় কোনো নির্দিষ্ট ঘাটতি বা সংশোধনমূলক পদক্ষেপের সুপারিশ উল্লেখ করা হয়নি।

গত ৮ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে এ পর্যালোচনা অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে আইএইএ দেশের জরুরি প্রস্তুতির ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বয় আরও জোরদারের সুপারিশ করে।

আইএইএর বিশেষজ্ঞ দল বাংলাদেশের জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোর দুটি উল্লেখযোগ্য শক্তিশালী দিক চিহ্নিত করেছে। প্রথমত, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা ভিত্তিক সুপ্রতিষ্ঠিত ব্যবস্থা, যা পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত কার্যক্রমের ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

দ্বিতীয়ত, রূপপুরের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা। এ ক্ষেত্রে কেন্দ্রের চিকিৎসাসেবা ও মনস্তাত্ত্বিক সহায়তাসম্পন্ন চিকিৎসাকেন্দ্র এবং অগ্নিনির্বাপণ কর্মীদের বাস্তব পরিস্থিতিতে প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরকে ইতিবাচক ভাবে মূল্যায়ন করেছে বিশেষজ্ঞ দল। এসব অবকাঠামো জরুরি প্রস্তুতি, প্রশিক্ষণ ও নিয়মিত পুনঃপ্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান শনিবার (২১ নভেম্বর) বলেন, আইএইএর মূল্যায়ন বুঝতে অন-সাইট ও অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য বিবেচনা করা জরুরি। অন-সাইট ব্যবস্থাপনা কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, দুর্ঘটনা মোকাবিলা, অগ্নিনির্বাপণ, চিকিৎসাসেবা ও কর্মীদের সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত। অন্যদিকে অফ-সাইট ব্যবস্থাপনা জাতীয় ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উদ্ধারকারী সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপর নির্ভরশীল।

তিনি জানান, আইএইএর সুপারিশের মূল লক্ষ্য জাতীয় জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোকে আরও সমন্বিত করা। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ড. জাহেদুল হাসান বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়; কেন্দ্রের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সক্ষমতাও গুরুত্বপূর্ণ। রূপপুরের জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের মূল্যায়নে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত হওয়া তাৎপর্যপূর্ণ। জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না।

তিনি আরও বলেন, পারমাণবিক নিরাপত্তা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এনপিসিবিএল নিয়মিত প্রশিক্ষণ, জরুরি প্রস্তুতি যাচাই ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণের মাধ্যমে রূপপুরের সক্ষমতা আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পরমাণু বিশেষজ্ঞদের মতে সুপারিশ মানেই বিদ্যমান ব্যবস্থায় ঘাটতি নয়। আন্তর্জাতিক নিরাপত্তা চর্চায় নিয়মিত পর্যালোচনা, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সক্ষমতা উন্নত করা স্বাভাবিক প্রক্রিয়া। কোনো ব্যবস্থা আরও শক্তিশালী করার সুপারিশ মানেই সেটি অনুপস্থিত বা অকার্যকর-এমন নয়।

আইএইএর মূল্যায়নে জাতীয় পর্যায়ে জরুরি প্রস্তুতি জোরদারের পাশাপাশি পূর্ণাঙ্গ জরুরি মহড়া ও মূল্যায়ন কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রস্তুতি যাচাই এবং সমন্বিত সাড়াদান কার্যক্রম অনুশীলন করা। প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব সুপারিশকে রূপপুরের অন-সাইট ব্যবস্থাপনার নির্দিষ্ট ব্যর্থতা হিসেবে উল্লেখ করা হয়নি।

পর্যালোচনা দলের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার বলেন, বাংলাদেশ আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুসারে পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা শক্তিশালী করতে দৃঢ় অঙ্গীকার দেখিয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবও তিনি ইতিবাচক ভাবে উল্লেখ করেন।

বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর প্রাক্কালে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএর মিশন দেশের প্রস্তুতি মূল্যায়ন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের সুযোগ তৈরি করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব নির্ধারণ করে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

রূপপুরের কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে আইএইএর EPREV মিশন বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক মূল্যায়ন। এতে কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ সক্ষমতার ইতিবাচক দিক উঠে এসেছে। পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বয় আরও শক্তিশালী করার দিকনির্দেশনা পাওয়া গেছে।

আইএইএর সুপারিশকে রূপপুরের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা হিসেবে না দেখে বিদ্যমান সক্ষমতার ভিত্তিতে জাতীয় সমন্বয় আরও সুসংহত করার সুযোগ হিসেবে বিবেচনা করাই যুক্তিযুক্ত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় পতনের পর ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১০৯ টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


বড় পতনের পর ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১০৯ টাকায়

দেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। একদিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ১০ হাজার ৯২৪ টাকা হ্রাস পেয়ে বর্তমানে ২ লাখ ১ হাজার ১০৯ টাকায় পৌঁছেছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর করেছে। আজও দেশের বাজারে এই নির্ধারিত দামে স্বর্ণের কেনাবেচা অব্যাহত রয়েছে।

বাজুসের প্রকাশিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৭ হাজার ২৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি স্বর্ণের মূল্য ২ লাখ ১ হাজার ১০৯ টাকায় দাঁড়িয়েছে।

নতুন তালিকায় অন্যান্য মানের স্বর্ণের দামও উল্লেখ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৩৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৪ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৩৪ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। ফলে নতুন মূল্য কার্যকর হওয়ার ফলে একদিনের ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯২৪ টাকা কমেছে।

এদিকে, স্বর্ণের পাশাপাশি বাজুস দেশের বাজারে রুপার দামও হ্রাস করেছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে প্রতি গ্রাম রুপার দাম ছিল ২২ ক্যারেটে ২৯০ টাকা, ২১ ক্যারেটে ২৭৫ টাকা, ১৮ ক্যারেটে ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১৮০ টাকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%