প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালিয়াকৈরে গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখার লক্ষ্যে রাজপথে নেমেছেন শ্রমিক নেতারা। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন মিল-কারখানার ফটকে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন নেতা-কর্মীরা। এর ফলে উপজেলার সব শিল্পকারখানায় উৎপাদন চলছে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই।
চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অনুষ্ঠিত এক সমাবেশে শ্রমিক নেতারা প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়টি উল্লেখ করেন এবং তাঁরা প্রতিটি প্রতিষ্ঠানকে শান্তিপূর্ণভাবে সচল রাখার প্রতিশ্রুতি দেন।
সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, "ইতিমধ্যে প্রতিটি প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকেরা বুঝতে পেরেছেন, যাঁরা উসকানি দিয়ে কারখানা ও গাড়ি ভাঙচুর করিয়েছেন, তাঁরা শ্রমিকের বন্ধু নন, নাশকতাকারী। তাঁদের চিহ্নিত করা হয়েছে এবং প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে। শ্রমিকেরা এখন আর উসকানিতে পা দেবেন না, তাঁরা কাজ করে শান্তিতে বাঁচতে চান।"
তিনি আরও বলেন, "নিষিদ্ধ সংগঠনের আর ভাঙচুর করার কোনো সুযোগ নেই। শ্রমিকের নাম ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আমরা প্রতিদিন মাঠে থাকব এবং চব্বিশ ঘণ্টা কারখানা সচল রাখব। লকডাউনের নামে কেউ কারখানা বন্ধ করতে এলে তা প্রতিহত করা হবে। পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দায়িত্ব আমাদের; কেউ গাড়িতে হামলা করলে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হবে।" তাঁর এই বক্তব্যে উপস্থিত শ্রমিকেরা করতালি ও স্লোগানের মাধ্যমে সমর্থন জানান।
কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন বলেন, "এই পৌরসভার শ্রমিক, ব্যবসায়ী, চালক ও সাধারণ মানুষ আমার পরিবার। আজ কালিয়াকৈর সম্পূর্ণ শান্ত। প্রতিটি কারখানার ফটকে আমাদের কর্মীরা শান্তিপূর্ণভাবে পাহারা দিচ্ছেন যাতে কোনো নাশকতা না ঘটে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আমি নিজে রাজপথে থাকব। মালিকদের বলেছি শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে, আর শ্রমিকদের বলেছি শান্ত থেকে কাজ করতে।"
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, "শান্তিশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে উসকানিদাতাদের চিহ্নিত ও গ্রেপ্তার করা হচ্ছে। থানা-পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা চন্দ্রা, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ, সূত্রাপুর ও বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে টহল জোরদার করেছেন। নিষিদ্ধ সংগঠন বা শ্রমিক আন্দোলনের আড়ালে কেউ ভাঙচুর, অগ্নিসংযোগ বা অবরোধের চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
শনিবার সরেজমিনে চন্দ্রা, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও সূত্রাপুর এলাকার কারখানাগুলোর ফটকে শ্রমিক নেতা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের শান্তিপূর্ণ অবস্থান দেখা গেছে। শ্রমিকেরা নির্বিঘ্নে কারখানায় প্রবেশ করছেন এবং ভেতরে উৎপাদন চলছে। মহাসড়কে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও অটোরিকশা স্বাভাবিকভাবে চলাচল করছে।
সমাবেশে আসা এক শ্রমিক বলেন, "আমরা কাজ করতে চাই। যাঁরা আমাদের ভাঙচুর করতে বলেছিলেন, তাঁরা এখন পালিয়েছেন।" আরেক নারী শ্রমিক বলেন, "আমরা শান্তি চাই, আজ থেকে প্রতিদিন কাজ করব।"
প্রশাসন, মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের এই সম্মিলিত প্রচেষ্টায় কালিয়াকৈর শিল্পাঞ্চলে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং স্বাভাবিক কর্মচাঞ্চল্য বজায় রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন