০৬:৪২ পি.এম
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে পরাজিত হয়েছে, যা দুই ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের ফলস্বরূপ। আজ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলায় এই পরাজয় স্বাগতিকদের জন্য বেদনাদায়ক হয়ে দাঁড়ায়।
চতুর্থ দিন বাংলাদেশ ৬ উইকেটে ৭৯ রান নিয়ে খেলতে শুরু করে। তারা শেষ পর্যন্ত ১৪২ রানে অলআউট হয়ে যায়। ফলে ওয়েস্ট ইন্ডিজের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৭০ রান, যা সফরকারীরা সহজেই অতিক্রম করে।
বাংলাদেশের ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে রক্ষণাত্মক কৌশল গ্রহণ করলেও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ক্রমাগত ভাঙতে থাকা উইকেটে টিকে থাকার পরিবর্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পথ বেছে নেয়।
আরও পড়ুন: কেইনের জয়ে খুশি মরিনহো, এমবাপ্পের জন্য আক্ষেপ
ওপেনার ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত ৮১ রানের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৩৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
আলোকস্বল্পতা, বজ্রপাত ও বৃষ্টির কারণে খেলা বারবার বন্ধ হলেও ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার বাংলাদেশের স্পিনারদের সামলে সাবলীলভাবে রান তুলতে থাকেন। উদ্বোধনী জুটিতে তাঁদের ১১২ রানই ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়।
৬৮ বলে নিজের ষষ্ঠ অর্ধশতক পূর্ণ করেন কিং। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে কাট শটে চার মেরে তিনি ফিফটির মাইলফলক স্পর্শ করেন। একই সঙ্গে উদ্বোধনী জুটির রান ১০০ ছাড়িয়ে গেলে বাংলাদেশের বোলারদের হতাশা আরও বাড়ে।
স্পিনাররা উইকেটের দেখা না পাওয়ায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পেসারদের আক্রমণে আনেন। এতে দ্রুত সাফল্য এলেও ততক্ষণে ম্যাচ বাংলাদেশের হাতের বাইরে চলে যায়।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে এ বছর অভিষেকের সর্বোচ্চ ১২৯ ছক্কা, বাংলাদেশিরা কোথায়
নিখুঁত ইনসুইঙ্গারে ক্যাম্পবেলের স্টাম্প ভেঙে দেন পেসার শরিফুল ইসলাম। প্রথম ইনিংসে ৫৪ রান করা ক্যাম্পবেল দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করেন।
এরপর হাসান মাহমুদ ত্যাগনারাইন চন্দরপলকে ১ রানে আউট করলে বাংলাদেশের জয়ের ক্ষীণ আশা জাগে।
তবে কেভাম হজ ও কিং ৫৮ বলে ৫০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। ৩১ বলে ২৭ রানে অপরাজিত থাকেন হজ। কিং ১১৫ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৮১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দুই ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
এর আগে চতুর্থ দিন ৬ উইকেটে ৭৯ রান নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৩ রান যোগ করতে সক্ষম হয়। এর বেশির ভাগ রান এসেছে নাঈম হাসানের ব্যাট থেকে।
আরও পড়ুন: মেসির পছন্দে জায়গা পেলেন ইব্রাহিম মাজা, যাঁকে উপেক্ষা করেছেন বাকিরা
টেস্ট ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতক তুলে নেওয়ার পর শেষ ব্যাটার হিসেবে আউট হন নাঈম। জোমেল ওয়ারিকান ও রোস্টন চেজের দুর্দান্ত স্পিন বোলিংয়ের বিপক্ষে নিচের সারির ব্যাটারদের নিয়ে দলকে টেনে নিয়ে যান তিনি। তাঁর প্রচেষ্টায় বাংলাদেশের লিড ১৫০ রান ছাড়িয়ে যায়।
২৯ রানে থাকার সময় চেজের বলে জীবন পান নাঈম। তবে কঠিন উইকেটে ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়ে ৮৭ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি পূর্ণ করেন তিনি। ওয়ারিকানের বলে মিডউইকেটে ঠেলে এক রান নিয়ে অর্ধশতক পূর্ণ করেন নাঈম।
পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট শিকারের পথে নাঈমকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন চেজ। লং-অনে ক্যাচ তুলে দিয়ে আউট হন নাঈম।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রানে অলআউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে গুটিয়ে দেয়। এতে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বিপর্যয়ে সেই লিড কোনো কাজে আসেনি।
আরও পড়ুন: ফাইনালে হারের পর শ্রীলঙ্কার জন্য আরেক দুঃসংবাদ, জরিমানা আইসিসির
আগামী ৪ নভেম্বর সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ১ম ইনিংস ২৭২ অলআউট (সাদমান ১০৫, তাওহিদ ৪২; ওয়ারিকান ৫-৩৫)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস ২৪৫ অলআউট (তেজনারায়ন ৫৬, গ্রিভস ৪৬, চেজ ৪৩; নাঈম ৪-৩৩)
আরও পড়ুন: বার্সেলোনায় ইতিহাস গড়লেন হ্যান্সি ফ্লিক
বাংলাদেশ ২য় ইনিংস ১৪২ অলআউট (নাঈম ৫২; চেজ ৫-৩৬, ওয়ারিকান ৪-৬৩)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস ২ উইকেটে ১৭০ (ব্র্যান্ডন কিং ৮১*, ক্যাম্পবেল ৪৯; হাসান মাহমুদ ১-১৪, শরীফুল ১-২০)
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী
সিরিজ : দুই ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১-০তে এগিয়ে
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে ভারতীয় দলে আকিব নবি
ম্যান অব দ্য ম্যাচ : জোমেল ওয়ারিকান (ওয়েস্ট ইন্ডিজ)
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন