ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

মেসির পছন্দে জায়গা পেলেন ইব্রাহিম মাজা, যাঁকে উপেক্ষা করেছেন বাকিরা


মেসির পছন্দে জায়গা পেলেন ইব্রাহিম মাজা, যাঁকে উপেক্ষা করেছেন বাকিরা

কোপা ট্রফির ভোটের ক্ষেত্রে লিওনেল মেসির একটি ব্যতিক্রমী পছন্দের কথা সামনে এসেছে। অনূর্ধ্ব-২১ বছর বয়সিদের মধ্যে বর্ষসেরা ফুটবলার নির্বাচনের এই প্রতিযোগিতায় আর্জেন্টাইন মহাতারকা নিজের সেরা তিনে বেয়ার লেভারকুজেনের তরুণ ইব্রাহিম মাজাকে স্থান দিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, মেসি ছাড়া পুরো ভোটার তালিকায় আর কেউই মাজাকে সেরা তিনে অন্তর্ভুক্ত করেননি।

ব্যালন ডি’অর আয়োজক ফ্রান্স ফুটবল কোপা ট্রফির ভোটের বিস্তারিত প্রকাশ করেছে। এতে দেখা যায়, বেশিরভাগ ভোটারের পছন্দের তালিকায় বার্সেলোনার লামিন ইয়ামাল ও পাউ কুবার্সি এবং পিএসজির ওয়ারেন জাইর-এমেরি স্থান পেয়েছেন। মেসিও ইয়ামাল ও কুবার্সিকে বেছে নিয়েছেন। তবে তৃতীয় পছন্দ হিসেবে তিনি অন্যদের মত অনুসরণ না করে মাজাকে নির্বাচন করেছেন।

কোপা ট্রফির ভোট প্রদান শুধুমাত্র সাবেক ব্যালন ডি’অরজয়ীদের জন্য উন্মুক্ত। ভোটারদের তালিকায় মেসির সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো, উসমান দেম্বেলে, লোথার ম্যাথাউস, ম্যাটিয়াস জামার ও কার্ল-হাইনৎস রুমেনিগের মতো তারকারা রয়েছেন।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সিরিজের জন্য টনি ডি জর্জিকে ফিরিয়ে দল ঘোষণা

মেসির এই পছন্দের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচে মাজা খেলেছিলেন। ওই গ্রুপ পর্বের খেলায় আলজেরিয়া ৩-০ গোলে পরাজিত হয়েছিল। মাজা ৮২ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন, যখন মেসি মাঠ ছাড়েন ৮০ মিনিটে।

বিশ্বকাপে চার ম্যাচ খেলার পরও ২০ বছর বয়সী এই ফুটবলার গোল বা অ্যাসিস্ট করতে পারেননি। তবে ক্লাব ফুটবলে তার পারফরম্যান্স নজর কেড়েছে। বেয়ার লেভারকুজেনের হয়ে চলতি মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে তিন গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস হবে না: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস হবে না: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দিয়েছে যেখানে উন্নয়নের নামে পরিবেশের ক্ষতি করা হবে না।

তিনি রোববার (১ নভেম্বর) ব্লাক কার্বন-জলবায়ু দূষণ বিষয়ক সংলাপে অংশগ্রহণের সময় এই মন্তব্য করেন।

মাহদী আমিন উল্লেখ করেন, সরকার পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে এমন কিছু প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে।

তিনি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং বলেন, সরকার জলবায়ু বিষয়ক নীতিমালা প্রণয়ন করবে। যদি পরিবেশ নিয়ে ভালো গবেষণা, আইডিয়া বা স্টার্টআপ থাকে, তাহলে সরকার তাতে অর্থায়ন করতে আগ্রহী।

এ সময় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, পোড়া ইটের ব্যবহার কমানোর জন্য কংক্রিটের ইটের দাম কমানোর পরিকল্পনা সরকারের হাতে রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চালকদের চোখের সুস্থতা নিশ্চিত করতে ভিশনস্প্রিং-এর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


চালকদের চোখের সুস্থতা নিশ্চিত করতে ভিশনস্প্রিং-এর উদ্যোগ

ভিশনস্প্রিং বাংলাদেশ নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে চালকদের দৃষ্টিশক্তির গুরুত্ব তুলে ধরতে সরকারি প্রতিনিধি, পরিবহন খাতের নেতৃবৃন্দ ও উন্নয়ন সহযোগীদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে।

জাতীয় সড়ক নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নিরাপদে গাড়ি চালানোর জন্য ভালো দৃষ্টিশক্তির গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি, চালকদের নিয়মিত চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা পাওয়ার সুযোগ বাড়াতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ভিশনস্প্রিংয়ের ‘সি টু বি সেফ’ উদ্যোগের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চোখের সমস্যার কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে নিয়মিত চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। জাতীয় সড়ক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে পেশাদার চালকদের নিয়মিত চক্ষু পরীক্ষা করার বিষয় নিয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, ‘সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত অবকাঠামো, কার্যকর আইন প্রয়োগ ও ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি চালকদের সুস্বাস্থ্য ও ভালো দৃষ্টিশক্তি নিশ্চিত করাও জরুরি।’

তিনি আরও বলেন, ‘একজন চালক যখন স্টিয়ারিং হাতে বসেন, তখন তার ওপর শত শত যাত্রীর জীবন নির্ভর করে। তাই একজন চালকের দৃষ্টিশক্তি ঠিক রাখা মানে শুধু একজন মানুষকে সাহায্য করা নয়, অসংখ্য যাত্রীর জীবন সুরক্ষিত রাখার উদ্যোগ নেয়া। তাই ভিশনস্প্রিংয়ের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কারণ নিরাপদ সড়ক শুধু যোগাযোগ ব্যবস্থার বিষয় নয়, এটি মানুষের জীবন, জননিরাপত্তা ও দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আমি নিজেও এই উদ্যোগের মাধ্যমে চোখ পরীক্ষা করিয়েছি এবং চশমা পেয়েছি। চালকদের লাইসেন্স দেয়া ও নবায়নের সময় দৃষ্টিশক্তি পরীক্ষা এবং নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, চালকদের দক্ষতা বৃদ্ধি ও পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে হবে। নিরাপদ সড়ক গড়ে তুলতে সরকার, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।’

এছাড়া, অনুষ্ঠানে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে ভিশনস্প্রিংয়ের কার্যক্রম, লক্ষ্য ও প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়। নিরাপদে গাড়ি চালানোর ক্ষেত্রে ভালো দৃষ্টিশক্তির গুরুত্ব নিয়ে একটি সেশন এবং ‘প্রমোটিং রোড সেফটি থ্রু বেটার ভিশন’ শীর্ষক প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়।

প্যানেল ডিসকাশনে অংশ নেন ভিশনস্প্রিং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মিশা মাহজাবিন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান। প্যানেল ডিসকাশনটি সঞ্চালনা করেন ভিশনস্প্রিংয়ের প্রজেক্ট ডিরেক্টর শাহরোজ জলিল।

ভিশনস্প্রিং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মিশা মাহজাবীন বলেন, ‘বাংলাদেশে দুই কোটির বেশি মানুষ প্রয়োজনীয় চশমার অভাবে দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন, যাদের একটি বড় অংশ চালক। দৃষ্টিশক্তির সমস্যা সড়ক দুর্ঘটনার অন্যতম ঝুঁকির কারণ। তাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের নিয়মিত চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। ভিশনস্প্রিং ২০০৬ সাল থেকে বাংলাদেশে কাজ করছে এবং এ পর্যন্ত ৫০ লাখ মানুষের কাছে রিডিং গ্লাস পৌঁছে দিয়েছে। আমাদের লক্ষ্য শুধু মানুষের দৃষ্টিশক্তি উন্নত করা নয়, বরং চালকদের চোখের সেবা নিশ্চিত করার মাধ্যমে দেশের সড়কগুলোকে আরও নিরাপদ করে তোলা।’

ভিশনস্প্রিংয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৩০ হাজারের বেশি চালক ও পরিবহন শ্রমিকের চোখ পরীক্ষা করা হয়েছে। যাদের চশমার প্রয়োজন রয়েছে, এমন ২৪ হাজারের বেশি মানুষকে চশমা দেয়া হয়েছে। এসব কার্যক্রম ভিশনস্প্রিংয়ের ‘সি টু বি সেফ’ প্রোগ্রামের আওতায় পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য চালকদের চোখের সমস্যার কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমানো। বাংলাদেশে দুই বছরের মধ্যে ৫০ হাজার বাস ও ট্রাকচালকের চোখ পরীক্ষা এবং ৩০ হাজার চশমা বিতরণের লক্ষ্য নিয়ে এ প্রোগ্রাম চালু করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপি, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মশিউর রহমান; বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে ওপেন ডিসকাশন অনুষ্ঠিত হয় এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর অবদানের স্বীকৃতি দেয়া হয়। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের চোখের স্বাস্থ্যকে আরও গুরুত্ব দেয়া এবং এ বিষয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

ভিশনস্প্রিং একটি গ্লোবাল সোশ্যাল এন্টারপ্রাইজ, যা সাশ্রয়ী মূল্যে চশমার সহজলভ্যতা বাড়ানোর মাধ্যমে মানুষের চোখের সুস্থতা নিশ্চিত করতে কাজ করছে। প্রতিষ্ঠানটির ‘সি টু বি সেফ’ প্রোগ্রামের আওতায় চালক ও পরিবহন শ্রমিকদের চোখ পরীক্ষার পরিচালনা করা হয়, যাতে দৃষ্টিজনিত সমস্যার কারণে সড়কে সৃষ্ট দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে বিরোধীদের ১০ লাখ মানুষের বিক্ষোভে কড়া নিরাপত্তা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


দিল্লিতে বিরোধীদের ১০ লাখ মানুষের বিক্ষোভে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ভারতের বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে বিরোধী দলগুলোর বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিতে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া ব্লক’ এই কর্মসূচি আয়োজন করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবেশে ১০ লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে বিরোধী পক্ষের পক্ষ থেকে।

রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে এই কর্মসূচি শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন। এছাড়া, দিল্লির এই সমাবেশে বিভিন্ন রাজ্যের বর্তমান এবং সাবেক মুখ্যমন্ত্রীদেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

বিরোধী জোটের এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আইসার নেত্রী নেহা বোরাও রামলীলা ময়দানে সমর্থকদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন।

আয়োজকদের দাবি, সমাবেশে ১০ লাখ মানুষের জমায়েত ঘটতে পারে। তবে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রামলীলা ময়দানে সর্বোচ্চ ৫০ হাজার মানুষের সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব। যদি ভিড়ের সংখ্যা বাড়তে থাকে, তাহলে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই জমায়েত বন্ধ করে দেওয়া হবে।

ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে গত মাস থেকে প্রায় প্রতিদিনই বিরোধী দল, শিক্ষার্থী সংগঠন এবং তরুণদের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি বিক্ষোভ করে আসছে। আন্দোলনকারীরা অভিযোগ করছেন, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা দেওয়া হচ্ছে।

তবে নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতি বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। সংস্থাটির দাবি, ভুলভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা পুনরায় নিবন্ধন করতে পারবেন। অন্যদিকে বিজেপির অভিযোগ, বিরোধীরা বৈধ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে ভিত্তিহীন প্রশ্ন তুলে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্র্যাক ব্যাংক দেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


ব্র্যাক ব্যাংক দেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করলো

বাংলাদেশে প্রথমবারের মতো ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই সেবার মাধ্যমে গ্রাহকরা ব্যাংকের শাখা, কল সেন্টার, এজেন্ট ব্যাংকিং, মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের যে কোনো একটি মাধ্যম ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে পারবেন এবং অন্য মাধ্যমে তা সম্পন্ন করতে পারবেন। এর ফলে গ্রাহকদের একই তথ্য বারবার প্রদান করা কিংবা নতুন করে পুরো প্রক্রিয়া শুরু করার প্রয়োজন হবে না। ব্যাংকটির দাবি, এই সেবা গ্রাহকদের জন্য ব্যাংকিং কার্যক্রমকে আরও সহজ, দ্রুত, নিরবচ্ছিন্ন এবং ব্যক্তিকেন্দ্রিক করে তুলবে।

রোববার (১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে নতুন এই উদ্যোগকে ব্যাংকটির ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নতুন ব্যবস্থায় ব্যাংকের বিভিন্ন সেবা চ্যানেলকে একটি সমন্বিত ইকোসিস্টেমের আওতায় নিয়ে আসা হয়েছে। ফলে, যদি কোনো গ্রাহক ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার আবেদন শুরু করেন, তাহলে পরবর্তী সময়ে শাখা বা কল সেন্টারের মাধ্যমে তা সম্পন্ন করতে পারবেন। একইভাবে ঋণ বা ক্রেডিট কার্ডের আবেদনও এক চ্যানেলে শুরু করে অন্য চ্যানেলে চালিয়ে নেয়া যাবে। যদি কোনো কারণে আবেদন মাঝপথে বন্ধ হয়ে যায়, তাহলে যেখানে কাজ শেষ হয়েছিল, সেখান থেকেই আবার শুরু করা সম্ভব হবে।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এস হাসান বলেন, "ওমনিচ্যানেল ব্যাংকিং শুধু প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রূপান্তর। ডিজিটাল সুবিধা ও মানবিক সেবার সমন্বয়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।"

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের তথ্য বিভিন্ন চ্যানেলে সমন্বিতভাবে সংরক্ষিত থাকবে। এর ফলে চ্যানেল পরিবর্তন করলেও একই তথ্য বারবার দিতে হবে না। ব্যাংকের কর্মকর্তারা গ্রাহকের আগের যোগাযোগ ও লেনদেনের প্রাসঙ্গিক তথ্য জানতে পারবেন। এর ভিত্তিতে গ্রাহকের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক সেবা এবং বিশেষ অফার দেয়ার সুযোগ তৈরি হবে।

এ সুবিধা শুধু নতুন অ্যাকাউন্ট খোলার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি অ্যাকাউন্ট খোলা, ঋণ, ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। বিদ্যমান গ্রাহকদের পাশাপাশি নতুন গ্রাহকরাও এ অভিজ্ঞতার আওতায় আসবেন। এমনকি যারা এখনো ব্র্যাক ব্যাংকের গ্রাহক নন, তারাও অ্যাকাউন্ট, ঋণ কিংবা ক্রেডিট কার্ডের জন্য আবেদন শুরু ও সম্পন্ন করতে পারবেন।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, "আধুনিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিকস ও ব্যক্তিকেন্দ্রিক সহায়তার সমন্বয়ে গ্রাহকদের জন্য সমন্বিত ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করার পাশাপাশি গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে।"

ব্যাংকিং খাতে প্রযুক্তির ব্যবহার বাড়লেও বিভিন্ন মাধ্যমে সেবা নিতে গিয়ে গ্রাহকদের তথ্য পুনরায় দেয়া, একই কাজের জন্য একাধিকবার যোগাযোগ এবং আবেদনপ্রক্রিয়ার জটিলতা এখনো বড় চ্যালেঞ্জ। ব্র্যাক ব্যাংকের নতুন এই উদ্যোগ এসব সীমাবদ্ধতা কতটা কমাতে পারে, তা নির্ভর করবে সেবার বাস্তবায়ন, তথ্যের নিরাপত্তা এবং সব চ্যানেলে সমান মানের সেবা নিশ্চিত করার ওপর।

ব্যাংকটির চারটি প্রধান সেবা মাধ্যমের আওতায় রয়েছে ৩১২টি শাখা ও উপশাখা, ১ হাজার ১০০-এর বেশি এজেন্ট আউটলেট, কল সেন্টার এবং দুটি ডিজিটাল চ্যানেল-মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট। এসব চ্যানেলের যেকোনোটি ব্যবহার করেই গ্রাহকরা ওমনিচ্যানেল ব্যাংকিংয়ের সুবিধা নিতে পারবেন। এমনকি স্মার্টফোন ব্যবহার না করেও শাখা বা কল সেন্টারের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে।

এ সেবা ব্যবহারের জন্য আলাদা কোনো ওমনিচ্যানেল চার্জ দিতে হবে না বলে জানিয়েছে ব্যাংকটি। তবে সংশ্লিষ্ট ব্যাংকিং পণ্য বা সেবার প্রচলিত ফি ও চার্জ বহাল থাকবে। গ্রাহকদের সহায়তায় ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন (২৪/৭) ডেডিকেটেড সাপোর্টের ব্যবস্থাও রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%