০৬:৪৪ পি.এম
সৌদি আরব ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর ওপর অভ্যন্তরীণ ন্যূনতম টপ-আপ কর (ডিএমটিটি) চালু করতে যাচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে দেশটিতে যোগ্য বহুজাতিক গ্রুপগুলোর অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার অন্তত ১৫ শতাংশ নিশ্চিত করা হবে। দেশটির জাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ (জাটকা) জানিয়েছে, দেশের কর রাজস্ব সুরক্ষা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই কর কেবল সেই সব বহুজাতিক গ্রুপের প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে, যাদের বার্ষিক সমন্বিত রাজস্ব পূর্ববর্তী চার অর্থবছরের মধ্যে অন্তত দুটি বছরে ৭৫ কোটি ইউরো বা সমপরিমাণ সৌদি রিয়াল ছিল। তবে আন্তর্জাতিক কার্যক্রমহীন সম্পূর্ণ দেশীয় কোম্পানিগুলো এই করের আওতার বাইরে থাকবে। জাটকা স্পষ্ট করেছে, ১৫ শতাংশ করের হার কোম্পানির মোট রাজস্বের ওপর নয়, বরং মুনাফার কার্যকর করের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি কোনো প্রতিষ্ঠানের করহার এই হার থেকে কমে যায়, তাহলে অতিরিক্ত কর আদায় করা হবে।
ওইসিডি ও জি-২০-এর বৈশ্বিক কর চুক্তির ‘পিলার টু’-এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বহুজাতিক কোম্পানিগুলো কম করহারের দেশে মুনাফা সরিয়ে নিতে না পারে এবং সৌদি সরকার স্থানীয়ভাবে অর্জিত মুনাফার কর নিজেই সংগ্রহ করতে পারে। এ বিষয়ে ব্যাখ্যার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জাটকার দাপ্তরিক মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে।
আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের
সূত্র: গালফ নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন