০৬:৪৬ পি.এম
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতির অবনতির কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৮০টি তৈরি পোশাক কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সকালে জিরাবো-বিসমাইল সড়কের কাঠগড়া এলাকায় বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর সকাল পৌনে ১১টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন এবং সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের বাধার মুখে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
অবস্থার অবনতি দেখে নরসিংহপুর, জিরাবো, কাঠগড়া এলাকার শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ, ট্রাউজার লাইন, ভিনটেক্স ফ্যাশন, এ্যালায়ন্স নিট কম্পোজিট, রাতুল অ্যাপারেলস, অরুনিমা স্পোর্টস ওয়ার, রেডিয়ান্স গ্রুপ, সাউদার্ন গার্মেন্টস লিমিটেড, এবিসি লেদারসহ ৮০টি কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয়। দুপুরের দিকে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়। তিনি বলেন, শ্রমিকদের টানা কর্মবিরতি ও অসন্তোষের কারণে নিরাপত্তার স্বার্থে আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৮০টি কারখানা আজ (শনিবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়। যদি কাটা লাগে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারায় ১১টি কারখানা আজও বন্ধ রয়েছে। এছাড়া ছুটির মধ্যে রয়েছে আরও দুটি কারখানা।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েকদিন ধরে এই শিল্পাঞ্চলে আন্দোলন চলছে। চলমান এই অস্থিরতায় পুলিশের যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব সহিংসতার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় ইতোমধ্যে বেশ কয়েকজন শ্রমিক ও শ্রমিক ফেডারেশনের নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বর্তমানে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, আশুলিয়া পলাশবাড়ী এলাকায় পিজিসিএল নামে পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানা পরিদর্শন করেন নিম্নতম মজুরী বোর্ড চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেন। কিন্তু কাঠগড়া এলাকার কিছু কারখানার শ্রমিকরা বেরিয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে। অবস্থা খারাপ হলে জামগড়া, নরসিংহপুর, জিরাবো, কাঠগড়া এলাকার বেশ কিছু কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। তিনি বলেন, নিম্নতম মজুরী বোর্ড চেয়ারম্যান আশুলিয়া কারখানা পরিদর্শন করেছেন এবং শ্রমিকদের সঙ্গে কথাও বলেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন