ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চলাচলের পথে বেড়া দিয়ে গাছ কাটতে বাধা, নারীদের ওপর হামলা


চলাচলের পথে বেড়া দিয়ে গাছ কাটতে বাধা, নারীদের ওপর হামলা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামে জমি নিয়ে বিরোধের কারণে আলী আশরাফ শিমুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি চলাচলের পথে কাঁটাতারের বেড়া দিয়ে একটি বাড়ির বাসিন্দাদের অবরুদ্ধ করেছেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে অভিযোগ করা হয়েছে যে, ওই বাড়ির বাগান থেকে অসংখ্য সুপারি গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটতে বাধা দিতে গেলে হামলার শিকার হয়েছেন রোকেয়া বেগম (৬৫) এবং আমেনা আক্তার শিউলী (৩৮) নামে দুই নারী, যাঁরা গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, জমি নিয়ে বিরোধের কারণে সম্প্রতি আলী আশরাফ শিমুল দায়চারা গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দাদের চলাচলের পথে কাঁটাতারের বেড়া স্থাপন করেন। তিনি প্রশাসন যাতে ওই বেড়া সরাতে না পারে, সে জন্য আদালতে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে মামলা করেছেন।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

শনিবার (২১ নভেম্বর) সকালে বাগান থেকে অসংখ্য সুপারি গাছ কেটে ফেলার সময় বাধা দিতে গেলে দুই নারী আহত হন। আমেনা আক্তার শিউলী জানান, দীর্ঘদিন ধরে চলাচলের পথে কোনো কারণ ছাড়াই গত ৬ সেপ্টেম্বর আলী আশরাফ শিমুল কাঁটাতারের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেন। এর ফলে তাঁদের এবং পুরো বাড়ির লোকজন অবরুদ্ধ হয়ে পড়েন।

প্রতিকার পাওয়ার জন্য তিনি সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে লিখিত আবেদন করেন। ভূমি অফিস কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করে তাঁদের পক্ষে রায় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আলী আশরাফ শিমুল চাঁদপুর আদালতে মামলা করেন, যাতে কাঁটাতারের বেড়া সরানো না যায়, এমন অভিযোগ ওঠে।

শিউলী আরও জানান, শনিবার তাঁদের সম্পত্তির বাগান থেকে সুপারি গাছ কেটে নেওয়ার সময় বাধা দিলে তাঁর ও তাঁর শাশুড়ির ওপর হামলা করা হয়। এ ঘটনায় তাঁর শাশুড়ি ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

এদিকে, ভূমি অফিস থেকে একাধিকবার শুনানির নোটিশ পাঠানো হলেও আলী আশরাফ শিমুল সেখানে উপস্থিত হননি। পরে গত ১১ নভেম্বর তিনি নিজেই চাঁদপুর দেওয়ানি আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেন।

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

এ বিষয়ে আলী আশরাফ শিমুল বলেন, "এই সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞা জারির জন্য মামলা করা হয়েছে।"

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় ৩০ হাজার টাকার মজুরি দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৮০ কারখানা ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


আশুলিয়ায় ৩০ হাজার টাকার মজুরি দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৮০ কারখানা ছুটি

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতির অবনতির কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৮০টি তৈরি পোশাক কারখানায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সকালে জিরাবো-বিসমাইল সড়কের কাঠগড়া এলাকায় বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর সকাল পৌনে ১১টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন এবং সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের বাধার মুখে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

অবস্থার অবনতি দেখে নরসিংহপুর, জিরাবো, কাঠগড়া এলাকার শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ, ট্রাউজার লাইন, ভিনটেক্স ফ্যাশন, এ্যালায়ন্স নিট কম্পোজিট, রাতুল অ্যাপারেলস, অরুনিমা স্পোর্টস ওয়ার, রেডিয়ান্স গ্রুপ, সাউদার্ন গার্মেন্টস লিমিটেড, এবিসি লেদারসহ ৮০টি কারখানা একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করতে বাধ্য হয়। দুপুরের দিকে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়। তিনি বলেন, শ্রমিকদের টানা কর্মবিরতি ও অসন্তোষের কারণে নিরাপত্তার স্বার্থে আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৮০টি কারখানা আজ (শনিবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়। যদি কাটা লাগে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারায় ১১টি কারখানা আজও বন্ধ রয়েছে। এছাড়া ছুটির মধ্যে রয়েছে আরও দুটি কারখানা।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েকদিন ধরে এই শিল্পাঞ্চলে আন্দোলন চলছে। চলমান এই অস্থিরতায় পুলিশের যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব সহিংসতার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় ইতোমধ্যে বেশ কয়েকজন শ্রমিক ও শ্রমিক ফেডারেশনের নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বর্তমানে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে, আশুলিয়া পলাশবাড়ী এলাকায় পিজিসিএল নামে পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানা পরিদর্শন করেন নিম্নতম মজুরী বোর্ড চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেন। কিন্তু কাঠগড়া এলাকার কিছু কারখানার শ্রমিকরা বেরিয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে। অবস্থা খারাপ হলে জামগড়া, নরসিংহপুর, জিরাবো, কাঠগড়া এলাকার বেশ কিছু কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। তিনি বলেন, নিম্নতম মজুরী বোর্ড চেয়ারম্যান আশুলিয়া কারখানা পরিদর্শন করেছেন এবং শ্রমিকদের সঙ্গে কথাও বলেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্যান্ডপেপার কাণ্ডে কামিন্সের পদত্যাগে হ্যাজেলউডও সরে দাঁড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


স্যান্ডপেপার কাণ্ডে কামিন্সের পদত্যাগে হ্যাজেলউডও সরে দাঁড়ানোর ইঙ্গিত

অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের ঘটনায় স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন। তিনি জানান, প্যাট কামিন্সকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলে নিজেও টেস্ট দল ছাড়ার বিষয়টি বিবেচনা করতে পারেন।

হ্যাজেলউড ২০১৮ সালের বল টেম্পারিং বিতর্ক নিয়ে প্রথমবারের মতো নিজের বক্তব্য তুলে ধরেছেন। নিউজ কর্প-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বোলারদের দীর্ঘদিনের অবস্থানেই অনড় থেকেছেন এবং বল টেম্পারিংয়ের পরিকল্পনায় তারা কখনোই যুক্ত ছিলেন না।

তিনি বলেন, “আমার কাছে বলা কথাগুলোর মধ্যে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের পরিকল্পনার অন্যতম উদ্যোক্তা কি আমি ছিলাম? আর মাঠে স্যান্ডপেপার বা অন্য কোনো বাইরের উপাদান ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে কি আমি জানতাম? উত্তর হলো, না।”

টেস্ট দল থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, “আমাকে এমন পরিস্থিতিতে পড়তে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। তবে হ্যাঁ, বিষয়টি নিয়ে ভাবতে হবে।”

উসমান খাজার আত্মজীবনী সাবর থেকে নতুন করে এই বিতর্কের সূত্রপাত হয়েছে। বইটিতে তিনি উল্লেখ করেছেন, দলের প্রত্যেক সদস্যই জানতেন যে স্যান্ডপেপার ব্যবহার করা হচ্ছে। কামিন্স ৬৮ মিনিটের এক সংবাদ সম্মেলনে খাজার এই দাবি উড়িয়ে দিয়ে একে ‘সম্পূর্ণ ও চরম অর্থহীন’ বলে অভিহিত করেন। এরপর ৪ হাজার শব্দের এক বিবৃতিতে ক্যামেরন ব্যানক্রফট খাজার বক্তব্যের পক্ষে অবস্থান নেন। এতে বল টেম্পারিংয়ের ঘটনায় বোলারদের দীর্ঘদিনের অস্বীকারের বিষয়টি আবারও আলোচনায় আসে।

হ্যাজেলউড বলেন, কেপটাউনের ঘটনার পরপরই তদন্তকারীদের কাছে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, সেটিকেই বেশি বিশ্বাস করেন। তিনি বলেন, “কেপটাউনের ঘটনার পরপরই আমাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দুই থেকে তিন ঘণ্টার সেই জিজ্ঞাসাবাদে আমি যা বলেছিলাম, সেটিই অন্য যেকোনো বক্তব্যের চেয়ে বেশি বিশ্বাস করি। কারণ, ঘটনাটি ঘটার এক-দুই দিনের মধ্যেই তা হয়েছিল। তখন সবকিছু আমার স্মৃতিতে তাজা ছিল। শেষ পর্যন্ত আমার মনে হয়, ওই দুটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই জানে, এমনটা ধরে নেওয়া আর সত্যিই সবাই জানে, এ দুটির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। ব্যবধানটা অনেক বড়।”

ব্যানক্রফটের বিবৃতির পর চাপের মুখে থাকা অধিনায়ক কামিন্সের পক্ষেও দৃঢ় অবস্থান নিয়েছেন হ্যাজেলউড। তিনি বলেন, “গত কয়েক দিনে বিভিন্ন পক্ষ থেকে যেন একের পর এক আক্রমণ এসেছে। আমি প্যাটের পাশে থাকতে চাই। গত সপ্তাহের সংবাদ সম্মেলনে সে যা বলেছে, বিশেষ করে গত পাঁচ-ছয় বছরে অধিনায়ক হিসেবে সে যা করেছে, সবকিছুর প্রতিই আমার সমর্থন রয়েছে। দলকে বর্তমান অবস্থানে নিয়ে আসা এবং এমন ঘটনা যেন আর কখনো না ঘটে, সেই পরিবেশ তৈরি করা সত্যিই অসাধারণ কাজ। সে দারুণ একজন নেতা। দলের প্রত্যেককে জিজ্ঞাসা করলে একই উত্তর পাওয়া যাবে। প্রথম টেস্টে যদি আমরা মাঠে গিয়ে দেখি সে অধিনায়ক নেই, অন্য কেউ দায়িত্বে আছে, তাহলে কী হবে, সত্যি বলতে আমি জানি না।”

ব্যানক্রফট তাঁর বিবৃতিতে দাবি করেন, পোর্ট এলিজাবেথে একের পর এক ওভারে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের সময় তিনি বোলারদের কাছে রিভার্স সুইংয়ের বিষয়ে জানতে চেয়েছিলেন। হ্যাজেলউড স্বীকার করেছেন, এমন প্রশ্ন করা হয়েছিল। তবে বর্তমানে এসব প্রশ্নের যে অর্থ দাঁড় করানো হচ্ছে, তা মানতে রাজি নন তিনি।

হ্যাজেলউড বলেন, “এটি অবশ্যই স্বাভাবিক কথোপকথন ছিল। ব্যানক্রফটের বিবৃতির ওই অংশ আমি পড়েছি। বল রিভার্স সুইং করছে কি না, সে বিষয়ে সে আমাদের প্রশ্ন করেছিল, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে তার বিবৃতির কোথাও সে বলেনি, ‘আমি স্যান্ডপেপার দিয়ে এটা করছি।”

তৃতীয় দিনের সকালে একটি বৈঠকের বিষয়েও কোনো বিশেষ অর্থ খুঁজে পাননি হ্যাজেলউড। ব্যানক্রফটের দাবি অনুযায়ী, ওই বৈঠকে বলের ওপর তাঁর কাজের প্রশংসা করা হয়েছিল।

হ্যাজেলউড বলেন, “বিশেষ করে ওই ধরনের কন্ডিশনে টেস্ট ক্রিকেটে বলের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সে স্যান্ডপেপারের কথা বলেনি, মাঠে কিছু নিয়ে যাওয়ার কথাও বলেনি। শুধু বলের যত্ন নেওয়ার জন্য ভালো কাজ করেছ, এমনটাই বলা হয়েছিল।”

বলটির অবস্থা নিয়ে তিনি বলেন, “বলটির দিকে তাকিয়ে কখনো আমার মনে হয়নি, ‘বাহ, এটির ক্ষয় তো স্বাভাবিক নয়।’ আম্পায়ারদেরও নিশ্চয়ই তেমন মনে হয়নি।”

খাজা ও ব্যানক্রফট দুজনেরই দাবি, পোর্ট এলিজাবেথে দ্বিতীয় দিনের চা-বিরতির সময় ড্রেসিংরুমে প্রথমবারের মতো বল টেম্পারিংয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। তবে সেই আলোচনা কতটা ছড়িয়ে পড়তে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হ্যাজেলউড।

তাঁর ভাষ্য অনুযায়ী, ড্রেসিংরুমটি ছিল ‘বেশ লম্বা ও সরু’। মাঠে ফেরার আগে সময় ছিল মাত্র ২০ মিনিট। তাই বোলাররা সম্ভবত নিজেদের প্রস্তুতির জন্য ড্রেসিংরুমের অন্য প্রান্তে ছিলেন। তাঁর মতে, দুই পক্ষের মধ্যে যোগাযোগ হয়নি, এমন ধারণা ছিল ‘স্বাভাবিক’।

কেপটাউনের ড্রেসিংরুমেও একটি বিভাজক দেয়াল ছিল, যা জায়গাটিকে ‘৭০-৩০’ অনুপাতে ভাগ করেছিল বলে জানান হ্যাজেলউড। তিনি ছিলেন ব্যানক্রফট ও খাজার বিপরীত পাশে।

তৎকালীন বোলিং কোচ ডেভিড সাকার তাঁকে বলের অবস্থা পরিবর্তনের কাজ চালিয়ে যেতে বলেছিলেন- ব্যানক্রফটের এমন দাবির বিষয়ে হ্যাজেলউড বলেন, “সত্যি বলতে, এমন কোনো কথোপকথন হয়েছিল কি না, সে বিষয়ে আমি মন্তব্য করতে পারব না। এ সম্পর্কে আমার কিছুই জানা ছিল না।”

ব্যানক্রফট, খাজা ও চ্যাড সেয়ার্সের স্মৃতিচারণ অনুযায়ী, কেপটাউনে খেলা শেষে এক বৈঠকে খেলোয়াড়েরা সম্মিলিতভাবে দায় নেওয়ার বিষয়ে একমত হয়েছিলেন। তবে হ্যাজেলউডের এমন কোনো বৈঠকের কথা মনে নেই। ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকেও তিনি ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন।

সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কেমোথেরাপিতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্যানসার থেকে বাঁচানো যাবে না’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


‘কেমোথেরাপিতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্যানসার থেকে বাঁচানো যাবে না’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নামক দল ক্যানসার আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে।

তিনি শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার না ফেরার জট খুলে দিয়েছেন শামীম ওসমান। শামীম ওসমান দাবি করেছেন, তিনি ক্যানসার আক্রান্ত, এ জন্য নেত্রী তাকে ডিসেম্বরে ফিরতে নিষেধ করেছেন। আবার অতীতে এটি চাউর হয়েছিল যে, শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত। শেষমেশ কী তাহলে এটি শোনা যাবে যে, শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে! হয়তো আর কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ বাকি পলাতক নেতারাও দাবি করবেন যে, নেত্রী তাদের দেশে ফিরতে নিষেধ করেছেন।

“সে ক্ষেত্রে আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে!”

তিনি আরও বলেন, “এতে অন্তত ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না এলেও ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, সেই স্টান্টবাজিটা অন্তত জিইয়ে রাখতে পারবে। আর যদি সত্যিই ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরেন এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চান, তবে সত্যিই এই ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে এবং কোনো কেমোথেরাপি দিয়ে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।”

এসকেডি/ আরটিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস যথাযথ মর্যাদায় পালিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস যথাযথ মর্যাদায় পালিত

বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের গতি ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণের সূচনা হয়েছিল হানাদার বাহিনীর বিরুদ্ধে। এর ফলস্বরূপ, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম দেশ বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। প্রতি বছরের মতো, এ বছরও ২১ নভেম্বর বগুড়া সেনানিবাসে একটি মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও অন্যান্য গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

জেনারেল অফিসার কমান্ডিং, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (প্রধান অতিথি) উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণে মুক্তিযুদ্ধের সময় বগুড়া অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি বগুড়া অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা এবং সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান। জেনারেল অফিসার কমান্ডিং, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।

তিনি জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অবদান উল্লেখ করেন। এছাড়া, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়েও আলোকপাত করেন। তিনি সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%