ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

হংকংয়ে বাংলাদেশের পোশাক খাতের সক্ষমতা তুলে ধরল এইচএসবিসি-বিজিএমইএ


হংকংয়ে বাংলাদেশের পোশাক খাতের সক্ষমতা তুলে ধরল এইচএসবিসি-বিজিএমইএ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য ও টেকসই উৎপাদন ব্যবস্থা তুলে ধরার উদ্দেশ্যে হংকংয়ে ‘বাংলাদেশ অ্যাপারেল রোডশো-২০২৬’ আয়োজন করেছে এইচএসবিসি বাংলাদেশ এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

২৮ অক্টোবর হংকংয়ের আইল্যান্ড শাংরি-লা হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনের অংশ হিসেবে ১৩০ জনের বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন, যারা আন্তর্জাতিক ক্রেতা, পণ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, পোশাক প্রস্তুতকারক এবং খাতসংশ্লিষ্ট ব্যক্তি।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় এই আয়োজনটি সম্পন্ন হয়।

আরও পড়ুন: ডিএসইতে সূচক কমলেও লেনদেন ৪৮২ কোটি টাকায় পৌঁছেছে

আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোডশোতে বাংলাদেশের পোশাকশিল্পের ক্রমবর্ধমান সক্ষমতা, নতুন বাজার ও পণ্য সংগ্রহের সম্ভাবনা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এছাড়া, পণ্যের বহুমুখীকরণ, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন এবং আন্তর্জাতিক ক্রেতাদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্পের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

এইচএসবিসির গ্লোবাল নেটওয়ার্ক ব্যাংকিং বিভাগের প্রধান অলিভার টি জোনসের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য রাখেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর।

অনুষ্ঠানে মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান ড. রুবানা হক ‘হোয়াই বাংলাদেশ: লেগ্যাসি অ্যান্ড দ্য ফিউচার’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এই প্রবন্ধে বাংলাদেশের পোশাকশিল্পের ধারাবাহিক পরিবর্তন, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়।

আরও পড়ুন: ব্র্যাক ব্যাংক বাংলাদেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করেছে

রোডশোতে ‘কেন বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ করবেন’ এবং ‘ক্রেতাদের দৃষ্টিকোণ থেকে’ শীর্ষক দুটি আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সেশনে এইচএসবিসি, বিজিএমইএ, আন্তর্জাতিক পণ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান ও শিল্প বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, ক্রেতাদের প্রত্যাশা, পরিবেশগত মানদণ্ড, পণ্য সংগ্রহের নতুন প্রবণতা এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে দেশীয় প্রস্তুতকারকদের অংশীদারিত্ব জোরদারের বিষয়গুলো উঠে আসে।

এছাড়া, ‘দ্য বাংলাদেশ কালেক্টিভ’ শীর্ষক বিশেষ প্রদর্শনীতে বাংলাদেশের পোশাকের বৈচিত্র্য, উদ্ভাবন ও আধুনিক উৎপাদন প্রযুক্তি প্রদর্শিত হয়। পরে, আন্তর্জাতিক ক্রেতা ও উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি করা হয়।

হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর মন্তব্য করেন, উৎপাদন সক্ষমতা, প্রতিযোগিতামূলক পরিবেশ, টেকসই উৎপাদনে অগ্রগতি এবং কৌশলগত বাণিজ্য সুবিধার কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। তিনি উল্লেখ করেন যে, প্রতিকূল পরিস্থিতিতেও বাংলাদেশের পোশাকশিল্প নিজেদের মানিয়ে নেওয়া, উদ্ভাবন ও অগ্রগতির সক্ষমতা প্রমাণ করেছে।

আরও পড়ুন: তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছেন

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্প এখন শুধু বৃহৎ পরিসরে উৎপাদনের ওপর নির্ভরশীল নয়, বরং উচ্চমূল্যের পণ্য, উদ্ভাবন, টেকসই উৎপাদন ও দক্ষতার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, পণ্যের বহুমুখীকরণ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক পোশাকশিল্পে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বাংলাদেশের উৎপাদন সক্ষমতা এখন আন্তর্জাতিক ক্রেতারা সরাসরি দেখতে ও যাচাই করতে পারছেন। তিনি আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর প্রতি আহ্বান জানান, যাতে মূল্য সংযোজন, পণ্যের বৈচিত্র্য ও টেকসই উৎপাদনের অগ্রযাত্রায় বাংলাদেশের পোশাকশিল্পের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলা হয়।

এইচএসবিসি তার বৈশ্বিক নেটওয়ার্ক, আন্তর্জাতিক বাণিজ্যে দীর্ঘ অভিজ্ঞতা এবং পোশাকশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করতে কাজ করছে।

আন্তর্জাতিক ক্রেতা, পোশাক প্রস্তুতকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পণ্য সংগ্রহের উৎস বহুমুখী করা এবং বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করাই এই যৌথ আয়োজনের মূল লক্ষ্য।

আরও পড়ুন: ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গঙ্গা চুক্তি নবায়নে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে, আশাবাদ শামা ওবায়েদের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


গঙ্গা চুক্তি নবায়নে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে, আশাবাদ শামা ওবায়েদের

বাংলাদেশের সাথে গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন সম্পর্কে ভারত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি সোমবার (২ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘গঙ্গা চুক্তির নবায়নের জন্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে দফতরি পর্যায়ে আলোচনা চলছে। উচ্চপর্যায়ের কমিটি এই বিষয়ে সমঝোতা করবে। আমি আশা করি, ভারত সঠিক সিদ্ধান্ত নেবে।’

তিনি আরও বলেন, ‘গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। একই সঙ্গে, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বিএনপি সরকার কার্যক্রম পরিচালনা করছে।’

শামা ওবায়েদ তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলন প্রসঙ্গে বলেন, ‘সম্মেলনে দুই দিনের উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরবেন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গত ছয় মাসে বিএনপি সরকার জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে পদক্ষেপগুলো গ্রহণ করেছে এবং সেগুলোর সাফল্য কী ছিল, তা তারেক রহমান তুলে ধরবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র থেকে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


যুক্তরাষ্ট্র থেকে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) আগামী সাড়ে চার থেকে পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্য পূরণে ৫ থেকে ৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ৩০তম ইউএস ট্রেড শো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংগঠনটির আশা।

আজ ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অ্যামচ্যাম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল জানান, গত ১৫ বছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। তিনি বলেন, আগামী সাড়ে চার থেকে পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার সম্ভাবনা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।

কামাল আরও বলেন, ‘পুরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগই অর্জিত হবে— এমন দাবি আমরা করছি না। তবে এই ট্রেড শো লক্ষ্য অর্জন সহজ করবে।’ তিনি উল্লেখ করেন, গত ১১ আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়ও বিষয়টি তুলে ধরা হয়েছিল অ্যামচ্যামের পক্ষ থেকে।

অ্যামচ্যাম সভাপতি জানান, বাংলাদেশে আরও বেশি মার্কিন বিনিয়োগ আসার সুযোগ রয়েছে। তবে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে অ্যামচ্যাম সরকারের সঙ্গে কাজ করছে এবং শিগগিরই একটি জ্বালানি রোডম্যাপ পাওয়ার প্রত্যাশা করছে। ট্রেড শোতে জ্বালানি খাত নিয়ে পৃথক সেমিনারের আয়োজনও করা হয়েছে।

কামাল বলেন, মার্কিন প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার যেখানে বেশি এবং বাংলাদেশে মূল্য সংযোজনের সুযোগ রয়েছে, সেসব খাতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ট্রেড শোতে বিভিন্ন দেশের আমেরিকান চেম্বার অব কমার্সের প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন। তাদের সঙ্গে বাংলাদেশে এখনও কার্যক্রম শুরু না করা কয়েকটি প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরাও আসবেন। নতুন ১০ থেকে ১২টি কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে পারাকে এ আয়োজনের বড় অর্জন হিসেবে দেখছে অ্যামচ্যাম।

ট্রেড শোতে ৩৬ প্রতিষ্ঠান ও সাত স্টার্টআপ :

আয়োজকদের তথ্যানুযায়ী, এবারের প্রদর্শনীতে ৩৬টি প্রতিষ্ঠান ও সাতটি স্টার্টআপ অংশগ্রহণ করবে। এতে মোট ৬৩টি বুথ থাকবে। অংশগ্রহণকারী মার্কিন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ক্যাটারপিলার, শেভরন, এক্সন মবিল, মেটলাইফ, সিটি গ্রুপ, মাস্টারকার্ড, ভিসা, কোলগেট-পামোলিভ, ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল, পেপসিকো, কস্টকো, পিপিজি, ইউপিএস ও কারগিল।

প্রদর্শনীতে বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, ভোগ্যপণ্য, উৎপাদন ও লজিস্টিকস, শিক্ষা এবং কৃষিভিত্তিক ব্যবসার জন্য পৃথক জোন থাকবে। এছাড়া স্টার্টআপ জোন, সরাসরি কেনাকাটার জন্য কার্নিভাল জোন এবং ট্রেড শোর ইতিহাস তুলে ধরতে হেরিটেজ কর্নার রাখা হয়েছে।

তিন দিনের এ আয়োজনে ছয়টি বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারগুলোর বিষয় হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি, নারী নেতৃত্ব, সিলেক্ট ইউএসএর মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক। এসব সেমিনারে সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ ব্যক্তিদের পাশাপাশি সরকারি প্রতিনিধিরাও অংশ নেবেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকরা জানান, ১৯৯২ সালে অ্যামচ্যামের উদ্যোগে বাংলাদেশে ইউএস ট্রেড শোর যাত্রা শুরু হয়। কয়েক বছর বন্ধ থাকার পর প্রায় আড়াই বছরের বিরতি শেষে এবার আবার এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে এ বছর সংগঠনটির ৩০ বছর পূর্তিও উদযাপন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের বাণিজ্য বিভাগের কমার্শিয়াল কাউন্সেলর পল জি ফ্রস্ট উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে বিএনপি আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


দিনাজপুরে বিএনপি আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুর, ২ নভেম্বর, ২০২৬ : জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জেলা ইউনিটের উদ্যোগে আজ সোমবার বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে আদালত এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা আইনজীবী সমিতির সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি অ্যাড. মো. আব্দুল হালিম।

এ সভায় বক্তব্য দেন সরকারি আইনজীবী-জিপি অ্যাড. মোল্লা মো. সাখাওয়াত হোসেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো. খয়রাত আলী, অ্যাড. আনিসুর রহমান চৌধুরী, অ্যাড. মো. আইনুল হক, এবং অ্যাড. মো. মাহফুজ আলী প্রমুখ।

সভা শেষে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণের জন্য বিশেষ মুনাজাত করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলের মধ্যে আরও বেশি ক্ষুধা ও জয়ের তাড়না দেখতে চাই: স্যামি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


দলের মধ্যে আরও বেশি ক্ষুধা ও জয়ের তাড়না দেখতে চাই: স্যামি

ঢাকায় অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্পিনের মাধ্যমে ক্যারিবীয়দের পরাজিত করার পরিকল্পনা করা হলেও, টাইগাররা নিজেদেরই ফাঁদে পড়েছে। সিলেটে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে দলের কাছ থেকে একই ধরনের লড়াকু মানসিকতা প্রত্যাশা করছেন ক্যারিবীয় প্রধান কোচ ড্যারেন স্যামি। তবে তিনি প্রথম টেস্টের তুলনায় আরও বেশি ক্ষুধা ও জয়ের তাড়না চান।

দুই টেস্টের মধ্যবর্তী সময়ে স্যামি মন্তব্য করেন, ‘আমি একই মানসিকতা চাই, তবে আরও একটু বেশি ক্ষুধা ও জয়ের তাড়না দেখতে চাই। আমরা এখানে আসার পর থেকেই অধিনায়ক রস্টন চেজ খেলোয়াড়দের সামনে দলের লক্ষ্য ও মিশন তুলে ধরেছে। বছরের শেষটা ভালোভাবে শেষ করাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ওয়েস্ট ইন্ডিজ তিনটি টেস্ট জিতেছে। এর মধ্যে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে একটি করে এবং ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি জয় পেয়েছে তারা। তবে ক্যারিবীয়রা এখনো কোনো সিরিজ জিততে পারেনি। এবার বাংলাদেশের মাটিতে সিরিজ জয় তাদের লক্ষ্য।

বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স সফরকারীদের জন্য কাজটি সহজ করবেন না, স্যামি এ বিষয়ে সচেতন।

তিনি বলেন, ‘ফিলকে আমি ভালো করেই চিনি। সে কখনোই প্রতিপক্ষের জন্য কাজটা সহজ করে দেবে না। সেও জিততে চায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদেরও নিজস্ব লক্ষ্য রয়েছে। তবে আমাদের খেলোয়াড়দের ক্ষুধা, দৃঢ়তা, পরিশ্রম করার মানসিকতা এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেখে আমি আত্মবিশ্বাসী। সিলেটে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হই না কেন, এই টেস্ট চক্রের শেষটা বাংলাদেশে অ্যাওয়ে জয় দিয়ে করতে আমরা প্রস্তুত থাকব। আর নিজেদের মাটিতে বাংলাদেশকে হারানো মোটেও সহজ নয়।’

স্যামি আরও বলেন, ‘এই সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ চারে ছিল। তাই এখানে কী ঝুঁকিতে রয়েছে, সে বিষয়ে আমরা পুরোপুরি সচেতন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরুতে বার্বাডোজে আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম, তা অর্জনে দলের সবাই মুখিয়ে আছে।’

বাংলাদেশ সিরিজের আগে চেন্নাইয়ে লাল বলের ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্পকে ঢাকার টেস্টে স্পিনের বিপক্ষে ব্যাটারদের ভালো করার অন্যতম কারণ হিসেবে দেখছেন স্যামি।

ক্যারিবীয় কোচ বলেন, ‘আমার মনে হয়, আমাদের স্পিনাররা বাংলাদেশের স্পিনারদের চেয়ে ভালো বোলিং করেছে। একই সঙ্গে আমাদের ব্যাটাররা তাদের ব্যাটারদের তুলনায় স্পিন অনেক ভালোভাবে সামলেছে। আমার এবং ব্যাটিং কোচ ফ্লয়েড রেইফারের কাছে এটাই ছিল সবচেয়ে সন্তোষজনক বিষয়।’

তিনি আরও বলেন, ‘আমরা যেভাবে লড়াই করেছি, ম্যাচে টিকে থেকেছি, সেটিও ছিল দারুণ। তবে এর পেছনে প্রস্তুতি ক্যাম্পের অবদান বিশেষভাবে উল্লেখ করতে হবে। চেন্নাইয়ে অনুশীলন ও প্রস্তুতির সুযোগ করে দেওয়ায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ। সুপার কিংস একাডেমি এবং শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে আমরা অনুশীলন করেছি।’

‘ব্যাটিং কোচ ফ্লয়েড রেইফার এবং একাডেমির হাই-পারফরম্যান্স কোচ শ্রী রামকৃষ্ণমূর্তি ব্যাটারদের নিয়ে যে কাজ করেছেন, তা এই কন্ডিশনে স্পিনের বিপক্ষে তাদের পারফরম্যান্সে প্রতিফলিত হয়েছে। এখানে আসার পরও আমরা প্রস্তুতি নিয়েছি। সেই প্রস্তুতির প্রতিফলন মাঠে দেখতে পাওয়াটা আমাদের জন্য আনন্দের,’–তিনি যোগ করেন।

টেস্ট দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজের উন্নতি নিয়েও সন্তুষ্ট স্যামি। তার মতে, খেলোয়াড়রা এখন নিজেদের নির্ধারিত দায়িত্ব ও ভূমিকায় ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছে।

তিনি বলেন, ‘টেস্ট দল হিসেবে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, তাতে মনে হচ্ছে দলটি এখন স্থিতিশীল হচ্ছে। প্রত্যেক খেলোয়াড়কে যে নির্দিষ্ট দায়িত্ব ও ভূমিকা দেওয়া হয়েছে, তারা সেগুলোর সঙ্গে মানিয়ে নিচ্ছে।’

ঢাকার প্রথম টেস্টে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দলের পারফরম্যান্সে মুগ্ধ স্যামি। তিনি বলেন, ‘আমাদের স্পিনাররা তাদের স্পিনারদের চেয়ে ভালো বোলিং করেছে। আমাদের ব্যাটাররাও স্পিনের বিপক্ষে ভালো সাড়া দিয়েছে। ফ্লয়েডের সঙ্গে আমার জন্য এটিই ছিল সবচেয়ে আনন্দের বিষয়। সে বলেছিল, বাংলাদেশ যে রানই করুক না কেন, আমরা তা তাড়া করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। মাঠে ছেলেদের সেই কাজ করতে দেখা দারুণ ছিল। চতুর্থ ইনিংসে ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত ৮১ রানের ইনিংসটি ছিল অসাধারণ।’

ঢাকা টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন জোমেল ওয়ারিকান। অন্যদিকে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন অধিনায়ক রস্টন চেজ।

মজার বিষয় হলো, প্রথম ইনিংসে বাংলাদেশের স্পিনাররা ১০ উইকেটের মধ্যে ৮টি নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ২৮.১ ওভার বোলিং করেও কোনো উইকেট পাননি তারা।

অধিনায়ক হিসেবে রস্টন চেজের নেতৃত্বেরও প্রশংসা করেছেন স্যামি। বিশেষ করে প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধরে দায়িত্ব পালন এবং নিজের পরিকল্পনায় অবিচল থাকার মানসিকতা মুগ্ধ করেছে তাকে।

স্যামি বলেন, ‘রস্টন চেজের নেতৃত্বের কথা আমাকে বলতেই হবে। টেস্ট অধিনায়ক হিসেবে তার প্রথম সেঞ্চুরির সময়ও আমরা তার নেতৃত্বের বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম বছর নানা কিছু ঘটলেও সে কখনো নিজের কণ্ঠস্বর হারায়নি, নেতৃত্বের জায়গা থেকে সরে যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা কাজ চালিয়ে গেছি। ফ্লয়েড রেইফারের সঙ্গে ব্যাটারদের ধারাবাহিক পরিশ্রমের ফল এখন দেখা যাচ্ছে। খেলোয়াড়রাও আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে আন্তরিকভাবে চেষ্টা করছে।’

‘রবি রামপালের সঙ্গে বোলিং বিভাগে কাজ, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরিকল্পনা তৈরি এবং সেই পরিকল্পনা মাঠে বাস্তবায়নের দায়িত্ব খেলোয়াড়দের ওপর ছেড়ে দেওয়া—সবকিছুতেই উন্নতি দেখা যাচ্ছে। খেলোয়াড়রা যেভাবে পরিপক্বতা ও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, সেটাই অগ্রগতি। আমার কাছে অগ্রগতিই সাফল্য। আমরা এভাবেই কাজ চালিয়ে যাব,’–স্যামি শেষ টানেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%