বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩৩ পি.এম
বাংলাদেশে কর্মরত এবং সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদি।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের পুলিশ ও নিরাপত্তা সংস্থার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ, ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট পুলিশিং সম্পর্কেও আলোচনা করেন তারা।
এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আইজিপি আন্তদেশীয় অপরাধ দমন এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার হিসাব পরিচালনা, আমদানি-রপ্তানি লেনদেন এবং বিদেশি বিনিয়োগকে সহজতর করতে নতুন সমন্বিত নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজারের পাশাপাশি ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য অনলাইনে নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট (এনআইটিএ) খোলার ব্যবস্থা করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশি পর্যটকদের আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পণ্য ও সেবা বিক্রির অর্থ থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ দেওয়া হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ (এফইপিডি-২) একটি সমন্বিত সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বিদেশি নাগরিক ও অনাবাসীদের বৈদেশিক মুদ্রা এবং টাকায় পরিচালিত বিভিন্ন হিসাব খোলা, পরিচালনা, অর্থ জমা, উত্তোলন ও বিদেশে পাঠানোর নিয়ম একত্রিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর আওতায় পূর্বে জারি করা বিভিন্ন নির্দেশনা সহজে অনুসরণের জন্য এক জায়গায় সংকলন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী কিছু পরিবর্তনও আনা হয়েছে। সার্কুলারটি জারির তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে। এই সময়ে জারি করা নতুন নির্দেশনাগুলোও এর সঙ্গে সমন্বয় করে পড়তে হবে।
নতুন নির্দেশনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, বিদেশি পর্যটকদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ড ও অনুমোদিত পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে পণ্য ও সেবা বিক্রির অর্থের একটি অংশ বৈদেশিক মুদ্রায় রাখার সুযোগ। হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মল, খুচরা বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এ সুবিধা পাবে।
সার্কুলার অনুযায়ী, এ ধরনের লেনদেন থেকে পাওয়া মোট বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রার হিসাবে রাখা যাবে। বাকি ৮৫ শতাংশ টাকা মুদ্রায় ভাঙাতে হবে। সংরক্ষিত অর্থ বৈধ চলতি হিসাবের বৈদেশিক মুদ্রার দায় পরিশোধে ব্যবহার করা যাবে। তবে এ ক্ষেত্রে প্রযোজ্য কর ও ভ্যাট পরিশোধ নিশ্চিত করতে হবে।
এ সুবিধা নিতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক কার্ড ও অনুমোদিত পেমেন্ট গ্রহণের উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে। একই সঙ্গে ব্যাংকগুলোকে গ্রাহকের পরিচিতি যাচাই (কেওয়াইসি), অর্থপাচার প্রতিরোধ এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত নিয়ম মানতে হবে।
প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ সহজ করতে ব্যাংকগুলোকে অনলাইনভিত্তিক ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্ম চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসীরা বাংলাদেশে না এসেই নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট বা এনআইটিএ খোলার আবেদন করতে পারবেন।
ব্যাংকের ওয়েবসাইটে হিসাব খোলার পদ্ধতি ও প্রয়োজনীয় তথ্য প্রকাশ করতে হবে। আবেদনকারীরা অনলাইনে ফরম পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি জমা দিতে পারবেন। ব্যাংক আবেদনকারীর তথ্য ও নথি যাচাই করে অর্থ জমা দেওয়ার পরামর্শ দেবে। আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে হিসাব খোলার জন্য অর্থ গ্রহণ করতে পারবে ব্যাংকগুলো। অর্থ জমা হওয়ার পর হিসাবধারীকে পিন কোড দিতে হবে, যাতে তিনি বিদেশে বসেই অনলাইন প্ল্যাটফর্মে নিজের হিসাব পরিচালনা করতে পারেন।
এনআইটিএ খোলার ক্ষেত্রে আবেদনকারীর বৈধ পাসপোর্ট, ছবি, ঠিকানার প্রমাণ, আয়ের নির্ভরযোগ্য উৎস এবং মনোনীত ব্যক্তি বা অনুমোদিত প্রতিনিধির পরিচয়সংক্রান্ত নথি নিতে হবে।
দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে এনআইটিএর অর্থ দিয়ে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার সুযোগ রাখা হয়েছে। এত দিন এ হিসাবের মাধ্যমে মূলত দেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার ও সিকিউরিটিজে বিনিয়োগের ব্যবস্থা ছিল। নতুন নির্দেশনায় বিনিয়োগের পরিধি বাড়ানো হয়েছে।
তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট মিউচুয়াল ফান্ডকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন থাকতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা কেবল বিএসইসি অনুমোদিত প্রসপেক্টাসের ফান্ডের ইউনিট কিনতে পারবেন। বিদেশি বিনিয়োগকারীদের নামে ইউনিট ইস্যুর ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগকে জানাতে হবে।
মিউচুয়াল ফান্ড থেকে পাওয়া লভ্যাংশ প্রযোজ্য কর পরিশোধের পর এনআইটিএ হিসাবে জমা করা যাবে। ইউনিট বিক্রির অর্থ এনআইটিএতে জমা করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। এ ক্ষেত্রে ফান্ডের নিট সম্পদ মূল্য (এনএভি) নিয়মিত প্রকাশ এবং তালিকাবহির্ভূত শেয়ার বা সিকিউরিটিজে বিনিয়োগের পরিমাণের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।
বিদেশে কর্মরত ও উপার্জনকারী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার হিসাব খোলার ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবাসীরা প্রাথমিক জমা ছাড়াই এ ধরনের হিসাব খুলতে পারবেন। নিজেরা হিসাব পরিচালনার পাশাপাশি বাংলাদেশে অন্য কাউকে মনোনীত করেও পরিচালনার সুযোগ পাবেন।
বিদেশে কর্মরত বাংলাদেশিরা দেশে সাময়িক সফরে এসে ১০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রা আনলে তা কাস্টমসে যথাযথভাবে ঘোষণা সাপেক্ষে বৈদেশিক মুদ্রার হিসাবে জমা করতে পারবেন। প্রবাসীদের বৈদেশিক মুদ্রার হিসাব থেকে বিদেশে অর্থ পাঠানো এবং দেশে টাকায় খরচ করার সুযোগও রাখা হয়েছে।
এ ছাড়া দেশে ফেরার সময় সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা দিয়ে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব পরিচালনার নিয়মও সংকলিত হয়েছে। এ হিসাবের অর্থ বিদেশে পাঠানো, ভ্রমণ, শিক্ষা ও চিকিৎসার মতো বৈধ চলতি ব্যয়ে ব্যবহার করা যাবে। শর্ত পূরণ সাপেক্ষে এ হিসাবের বিপরীতে আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড দেওয়ার সুযোগ রয়েছে।
অনুমোদিত বিদেশি ঋণের অর্থ ব্যবহারে সুবিধা দিতে নির্ধারিত ব্যাংকগুলোকে ঋণগ্রহীতার নামে বৈদেশিক মুদ্রার হিসাব খোলার অনুমতি দেওয়া হয়েছে। এসব হিসাবে বিদেশি ঋণের অর্থ জমা রাখা যাবে। তবে ঋণ অনুমোদনের শর্ত অনুযায়ী আমদানি, প্রকল্প বাস্তবায়নের বৈধ সেবা ব্যয় এবং অনুমোদিত স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে অর্থ ব্যবহার করতে হবে।
ঋণের অর্থ ব্যবহারের হিসাব নির্ধারিত ফরমে প্রতি তিন মাস পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে জমা দিতে হবে। ঋণের অর্থ উত্তোলন ও ব্যবহার শেষ হলে সাধারণত হিসাব বন্ধ করতে হবে। তবে ঋণচুক্তিতে কিস্তি পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রা ধরে রাখার শর্ত থাকলে নির্দিষ্ট সীমার মধ্যে হিসাব চালু রাখা যাবে।
সমন্বিত সার্কুলারে বিদেশি বিনিয়োগকারীদের মূলধনি বিনিয়োগের অর্থ, প্রবাসী বাংলাদেশিদের নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাব, বিদেশি ব্যাংকের ভস্ট্রো হিসাব এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রার হিসাব পরিচালনার নিয়মও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এনএফসিডি হিসাবে প্রবাসী বাংলাদেশিরা এক মাস, তিন মাস, ছয় মাস ও এক বছর মেয়াদি আমানত রাখতে পারবেন। এ হিসাবের প্রাথমিক জমার পরিমাণ কমপক্ষে এক হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। বিদেশি নাগরিক, বিদেশি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং শতভাগ বিদেশি মালিকানাধীন নির্দিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের আমানতের ন্যূনতম পরিমাণ ২৫ হাজার ডলার।
এ ছাড়া বিদেশি শেয়ারহোল্ডারদের প্রাপ্য লভ্যাংশ নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বাংলাদেশে পরিচালিত বৈদেশিক মুদ্রার হিসাবে জমা করার সুযোগ রাখা হয়েছে। বিদেশি বিনিয়োগের অর্থ গ্রহণ ও ব্যবহারের জন্য অস্থায়ী বৈদেশিক মুদ্রার হিসাব খোলার ব্যবস্থাও রয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, এসব হিসাব পরিচালনার ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে গ্রাহকের পরিচিতি যাচাই, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং প্রয়োজনীয় প্রতিবেদন দাখিলের নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিউস জুনিয়র, ১৩ বছর বয়সী সুদানি কিশোর জাহেরকে স্পেনে আমন্ত্রণ জানিয়েছেন, যে যুদ্ধের ড্রোন হামলায় দুই পা হারিয়েছে। কেবল রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখার জন্যই নয়, বরং কিশোরটির সঙ্গে সময় কাটানোর আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
বিবিসির প্রতিবেদনের ভিত্তিতে, রিয়াল মাদ্রিদের ২৫ বছর বয়সী ফরোয়ার্ড একটি ব্যক্তিগত ভিডিও বার্তায় জাহেরকে এই আমন্ত্রণ জানান। ভিডিও বার্তায় কিশোরটির কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে ভিনিসিউস তাকে সাহসী হতে এবং নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।
জাহের, সুদানের রাজধানী খার্তুমে ২০২৪ সালে মায়ের সঙ্গে ডাল বিক্রি করার সময় ড্রোন হামলার শিকার হয়। হামলার সময় সে তার মা হাবিবার সঙ্গে আটকা পড়েছিল। সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘাতের মাঝে ওই হামলায় কিশোরটি দুই পা হারায়। এরপর হাঁটাচলা করতে না পেরে হাঁটুতে ভর দিয়ে ফুটবল খেলতে বাধ্য হয়। এতে নতুন আঘাত ও সংক্রমণের ঝুঁকি ছিল।
জাহের কৃত্রিম পা লাগিয়ে আবারও বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার স্বপ্ন দেখছিল। তার চিকিৎসার জন্য যুক্তরাজ্যে বসবাসকারী সুদানি বংশোদ্ভূত আইনজীবী দেনা লতিফের নেতৃত্বে একটি আন্তর্জাতিক তহবিল সংগ্রহ অভিযান শুরু হয়। এই প্রচেষ্টায় ৪৫ হাজার পাউন্ড সংগ্রহ করা সম্ভব হয়। সেই অর্থে চিকিৎসার জন্য জাহেরকে মিসরের কায়রোতে নিয়ে যাওয়া হয়। সেখানে সে অস্ত্রোপচার, দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি ও মানসিক স্বাস্থ্য সহায়তা পায়।
প্রায় এক বছরের চিকিৎসা ও পুনর্বাসনের পর, বর্তমানে কৃত্রিম পায়ের সাহায্যে হাঁটতে সক্ষম জাহের। সে আবার ফুটবলেও লাথি মারতে পারছে। সম্প্রতি কায়রোতে সাংবাদিকদের সঙ্গে পুনর্মিলনের সময় তাকে ভিনিসিউসের ভিডিও বার্তা দেখানো হয়। প্রিয় ফুটবলারের বার্তা পেয়ে কিশোরটি আবেগাপ্লুত হয়ে পড়ে।
ভিডিও বার্তায় ভিনিসিউস বলেন, ‘তোমার গল্পটি আমার নজরে এসেছে। গত কয়েক মাস তোমার জন্য কতটা কঠিন ছিল, তা আমি বুঝতে পারছি। তুমি একজন পরিশ্রমী কৃষ্ণাঙ্গ তরুণ। আশা করি, নতুন কৃত্রিম পা ভালোভাবে কাজে লাগাবে, আবার ফুটবল খেলবে এবং জীবনে সুখ খুঁজে পাবে। তুমি সেটার যোগ্য।’
এরপর জাহেরকে রিয়াল মাদ্রিদের একটি ম্যাচ একসঙ্গে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিনিসিউস বলেন, ‘আমি তোমাকে মাদ্রিদের একটি ম্যাচ দেখতে আমন্ত্রণ জানাতে চাই। আমরা একসঙ্গে দিনটি কাটাতে পারি।’
প্রিয় খেলোয়াড়ের কাছ থেকে এমন একটি বার্তা পেয়ে কিছুক্ষণের জন্য কক্ষ ছেড়ে বেরিয়ে যায় জাহের। পরে ভিনিসিউসের নাম লেখা নতুন জার্সি পরে ফিরে আসে সে। উচ্ছ্বাস প্রকাশ করে কিশোরটি জানায়, ‘ভিনিসিউসকে বলবেন, আমি তাকে ভালোবাসি। তাঁর বার্তাটি আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে।’
ছেলের প্রতি বিশ্বজুড়ে মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন মা হাবিবাও। তিনি বলেন, ‘আমার মনে হয়, পুরো বিশ্ব জাহেরের পাশে রয়েছে এবং তার সফলতা দেখতে চায়।’ চিকিৎসক বেনতেলমুনা এলতাইয়েবও জানিয়েছেন, চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে শারীরিক অবস্থার পাশাপাশি মানসিকভাবেও অনেক পরিবর্তন এসেছে জাহেরের। শুরুতে সে চুপচাপ ও হতাশ থাকলেও ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।
ফুটবলের বাইরেও জাহেরের ঘোড়ায় চড়া ও সাইকেল চালানোর প্রতি আগ্রহ তৈরি হয়েছে। ভবিষ্যতে বিমানচালক হওয়ার স্বপ্নও সে দেখে। তবে সুদানের চলমান সংঘাতের কারণে তার শিক্ষা, নিরাপত্তা ও চিকিৎসার ধারাবাহিকতা নিয়ে উদ্বিগ্ন মা হাবিবা। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্য অনুযায়ী, সুদানে ১ কোটি ৭০ লাখের বেশি শিশুর মানবিক সহায়তা প্রয়োজন। ২০২৩ সালে সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটিতে হাজারো শিশু নিহত বা আহত হয়েছে।
সুদানের সেনাবাহিনী খার্তুমের নিয়ন্ত্রণ ফিরে পেলেও শহরজুড়ে ধ্বংসযজ্ঞ ও নিরাপত্তার ঝুঁকি রয়ে গেছে। নিয়মিত চিকিৎসা এবং বয়স বাড়ার সঙ্গে কৃত্রিম পায়ের সমন্বয় করানোর আশায় জাহের ও তার মা আবার খার্তুমে ফিরেছেন। যুদ্ধবিধ্বস্ত সুদানে লাখো শিশুর দুর্ভোগের মধ্যে জাহেরের ঘুরে দাঁড়ানোর গল্প হয়ে উঠেছে আশার প্রতীক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি কার্যকর করার উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।
তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সৌদি আরবের বিমানবন্দর, বিভিন্ন শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় আক্রমণ করা হয়েছে।
আহমেদ শরিফ চৌধুরী উল্লেখ করেন, এসব হামলা সৌদি আরবের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত। একই সঙ্গে তিনি বলেন, এসব ঘটনা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি।
তিনি আরও জানান, সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে পাকিস্তান কোনো ধরনের আপস করবে না বলে তিনি উল্লেখ করেন।
তবে তিনি চলমান উত্তেজনা কমানো, সংযম প্রদর্শন এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বানও জানান।
আহমেদ শরিফ চৌধুরী বলেন, নতুন করে যুদ্ধ বা সংঘাত শুরু হলে তা কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না।
তিনি জানান, পাকিস্তানের সেনাসদস্যরা ইতোমধ্যে সৌদি আরবে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
ইরানের সঙ্গে যোগাযোগ
ইরানের সঙ্গে যোগাযোগের বিষয়ে আহমেদ শরিফ চৌধুরী জানান, গত ২৬ অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশগুলোর মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পথ তৈরি করা।
পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি
পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গে সামরিক মুখপাত্র বলেন, গত বছর দুই দেশের মধ্যে একটি যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করা হয়। এর মাধ্যমে দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতার একটি কাঠামো তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, পাকিস্তান-সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোট—উভয়ই সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে গঠিত। কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ চালানো এ দুই উদ্যোগের লক্ষ্য নয়।
আহমেদ শরিফ চৌধুরীর মতে, ভবিষ্যতে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক নিজেদের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা, সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা আরও জোরদার করতে আগ্রহী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামে এক প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খগেশ্বর রায় উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দাড়ারপাড় এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল ৫টার দিকে শিশুটি বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিল। এ সময় তার মা-বাবা ও ভাই বাড়িতে ছিলেন না। আবহাওয়া খারাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে প্রতিবেশী খগেশ্বর শিশুটির মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন। এই ঘটনার সময় বিষয়টি টের পেয়ে প্রতিবেশী এক নারী এগিয়ে গেলে অভিযুক্ত পালিয়ে যান। পরে ওই নারী শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ ঘটনার পর বুধবার রাতেই শিশুটির পরিবারের সদস্যরা মামলা করেন এবং শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের করা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ