ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ড্রোন হামলায় দুই পা হারানো কিশোর জাহেরের পাশে ভিনিসিউস


ড্রোন হামলায় দুই পা হারানো কিশোর জাহেরের পাশে ভিনিসিউস

ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিউস জুনিয়র, ১৩ বছর বয়সী সুদানি কিশোর জাহেরকে স্পেনে আমন্ত্রণ জানিয়েছেন, যে যুদ্ধের ড্রোন হামলায় দুই পা হারিয়েছে। কেবল রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখার জন্যই নয়, বরং কিশোরটির সঙ্গে সময় কাটানোর আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

বিবিসির প্রতিবেদনের ভিত্তিতে, রিয়াল মাদ্রিদের ২৫ বছর বয়সী ফরোয়ার্ড একটি ব্যক্তিগত ভিডিও বার্তায় জাহেরকে এই আমন্ত্রণ জানান। ভিডিও বার্তায় কিশোরটির কঠিন পরিস্থিতির কথা উল্লেখ করে ভিনিসিউস তাকে সাহসী হতে এবং নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।

জাহের, সুদানের রাজধানী খার্তুমে ২০২৪ সালে মায়ের সঙ্গে ডাল বিক্রি করার সময় ড্রোন হামলার শিকার হয়। হামলার সময় সে তার মা হাবিবার সঙ্গে আটকা পড়েছিল। সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘাতের মাঝে ওই হামলায় কিশোরটি দুই পা হারায়। এরপর হাঁটাচলা করতে না পেরে হাঁটুতে ভর দিয়ে ফুটবল খেলতে বাধ্য হয়। এতে নতুন আঘাত ও সংক্রমণের ঝুঁকি ছিল।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাহের কৃত্রিম পা লাগিয়ে আবারও বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার স্বপ্ন দেখছিল। তার চিকিৎসার জন্য যুক্তরাজ্যে বসবাসকারী সুদানি বংশোদ্ভূত আইনজীবী দেনা লতিফের নেতৃত্বে একটি আন্তর্জাতিক তহবিল সংগ্রহ অভিযান শুরু হয়। এই প্রচেষ্টায় ৪৫ হাজার পাউন্ড সংগ্রহ করা সম্ভব হয়। সেই অর্থে চিকিৎসার জন্য জাহেরকে মিসরের কায়রোতে নিয়ে যাওয়া হয়। সেখানে সে অস্ত্রোপচার, দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি ও মানসিক স্বাস্থ্য সহায়তা পায়।

প্রায় এক বছরের চিকিৎসা ও পুনর্বাসনের পর, বর্তমানে কৃত্রিম পায়ের সাহায্যে হাঁটতে সক্ষম জাহের। সে আবার ফুটবলেও লাথি মারতে পারছে। সম্প্রতি কায়রোতে সাংবাদিকদের সঙ্গে পুনর্মিলনের সময় তাকে ভিনিসিউসের ভিডিও বার্তা দেখানো হয়। প্রিয় ফুটবলারের বার্তা পেয়ে কিশোরটি আবেগাপ্লুত হয়ে পড়ে।

ভিডিও বার্তায় ভিনিসিউস বলেন, ‘তোমার গল্পটি আমার নজরে এসেছে। গত কয়েক মাস তোমার জন্য কতটা কঠিন ছিল, তা আমি বুঝতে পারছি। তুমি একজন পরিশ্রমী কৃষ্ণাঙ্গ তরুণ। আশা করি, নতুন কৃত্রিম পা ভালোভাবে কাজে লাগাবে, আবার ফুটবল খেলবে এবং জীবনে সুখ খুঁজে পাবে। তুমি সেটার যোগ্য।’

এরপর জাহেরকে রিয়াল মাদ্রিদের একটি ম্যাচ একসঙ্গে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ভিনিসিউস বলেন, ‘আমি তোমাকে মাদ্রিদের একটি ম্যাচ দেখতে আমন্ত্রণ জানাতে চাই। আমরা একসঙ্গে দিনটি কাটাতে পারি।’

আরও পড়ুন: লিবারম্যান নেতানিয়াহুকে সংসদের অনুমোদন ছাড়া যুদ্ধের সিদ্ধান্ত না নিতে সতর্ক করলেন

প্রিয় খেলোয়াড়ের কাছ থেকে এমন একটি বার্তা পেয়ে কিছুক্ষণের জন্য কক্ষ ছেড়ে বেরিয়ে যায় জাহের। পরে ভিনিসিউসের নাম লেখা নতুন জার্সি পরে ফিরে আসে সে। উচ্ছ্বাস প্রকাশ করে কিশোরটি জানায়, ‘ভিনিসিউসকে বলবেন, আমি তাকে ভালোবাসি। তাঁর বার্তাটি আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে।’

ছেলের প্রতি বিশ্বজুড়ে মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন মা হাবিবাও। তিনি বলেন, ‘আমার মনে হয়, পুরো বিশ্ব জাহেরের পাশে রয়েছে এবং তার সফলতা দেখতে চায়।’ চিকিৎসক বেনতেলমুনা এলতাইয়েবও জানিয়েছেন, চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে শারীরিক অবস্থার পাশাপাশি মানসিকভাবেও অনেক পরিবর্তন এসেছে জাহেরের। শুরুতে সে চুপচাপ ও হতাশ থাকলেও ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।

ফুটবলের বাইরেও জাহেরের ঘোড়ায় চড়া ও সাইকেল চালানোর প্রতি আগ্রহ তৈরি হয়েছে। ভবিষ্যতে বিমানচালক হওয়ার স্বপ্নও সে দেখে। তবে সুদানের চলমান সংঘাতের কারণে তার শিক্ষা, নিরাপত্তা ও চিকিৎসার ধারাবাহিকতা নিয়ে উদ্বিগ্ন মা হাবিবা। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের তথ্য অনুযায়ী, সুদানে ১ কোটি ৭০ লাখের বেশি শিশুর মানবিক সহায়তা প্রয়োজন। ২০২৩ সালে সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটিতে হাজারো শিশু নিহত বা আহত হয়েছে।

সুদানের সেনাবাহিনী খার্তুমের নিয়ন্ত্রণ ফিরে পেলেও শহরজুড়ে ধ্বংসযজ্ঞ ও নিরাপত্তার ঝুঁকি রয়ে গেছে। নিয়মিত চিকিৎসা এবং বয়স বাড়ার সঙ্গে কৃত্রিম পায়ের সমন্বয় করানোর আশায় জাহের ও তার মা আবার খার্তুমে ফিরেছেন। যুদ্ধবিধ্বস্ত সুদানে লাখো শিশুর দুর্ভোগের মধ্যে জাহেরের ঘুরে দাঁড়ানোর গল্প হয়ে উঠেছে আশার প্রতীক।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ১০ গুণ বেশি ভয়াবহ: ইরান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করতে উদ্যোগ পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করতে উদ্যোগ পাকিস্তানের

সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি কার্যকর করার উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সৌদি আরবের বিমানবন্দর, বিভিন্ন শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় আক্রমণ করা হয়েছে।

আহমেদ শরিফ চৌধুরী উল্লেখ করেন, এসব হামলা সৌদি আরবের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত। একই সঙ্গে তিনি বলেন, এসব ঘটনা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি।

তিনি আরও জানান, সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে পাকিস্তান কোনো ধরনের আপস করবে না বলে তিনি উল্লেখ করেন।

তবে তিনি চলমান উত্তেজনা কমানো, সংযম প্রদর্শন এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বানও জানান।

আহমেদ শরিফ চৌধুরী বলেন, নতুন করে যুদ্ধ বা সংঘাত শুরু হলে তা কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না।

তিনি জানান, পাকিস্তানের সেনাসদস্যরা ইতোমধ্যে সৌদি আরবে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

ইরানের সঙ্গে যোগাযোগ

ইরানের সঙ্গে যোগাযোগের বিষয়ে আহমেদ শরিফ চৌধুরী জানান, গত ২৬ অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বৈঠকের মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশগুলোর মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পথ তৈরি করা।

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গে সামরিক মুখপাত্র বলেন, গত বছর দুই দেশের মধ্যে একটি যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করা হয়। এর মাধ্যমে দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতার একটি কাঠামো তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, পাকিস্তান-সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোট—উভয়ই সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে গঠিত। কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ চালানো এ দুই উদ্যোগের লক্ষ্য নয়।

আহমেদ শরিফ চৌধুরীর মতে, ভবিষ্যতে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক নিজেদের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা, সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা আরও জোরদার করতে আগ্রহী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামে এক প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত খগেশ্বর রায় উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দাড়ারপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল ৫টার দিকে শিশুটি বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিল। এ সময় তার মা-বাবা ও ভাই বাড়িতে ছিলেন না। আবহাওয়া খারাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে প্রতিবেশী খগেশ্বর শিশুটির মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন। এই ঘটনার সময় বিষয়টি টের পেয়ে প্রতিবেশী এক নারী এগিয়ে গেলে অভিযুক্ত পালিয়ে যান। পরে ওই নারী শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ ঘটনার পর বুধবার রাতেই শিশুটির পরিবারের সদস্যরা মামলা করেন এবং শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের করা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন পণ্যসহ ট্রাক আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন পণ্যসহ ট্রাক আটক

বেনাপোল স্থলবন্দরে কেমিক্যাল পাচারের অভিযোগে একটি পণ্য চালানসহ ট্রাক আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার রাত ৮টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্য চালানটি বের করে নেওয়ার সময় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। জব্দ করা ট্রাকটিতে ২৫ টন পণ্য ছিল। পণ্যটির সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল এবং আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল।

কাস্টমস সূত্র জানায়, পণ্যটির কাগজপত্রে ঘোষণা দেওয়া হয়েছে টেলকম পাউডার; তবে চালানটি বন্দরে প্রবেশের পর অ্যাসেসমেন্ট ছাড়াই একই দিনে ট্রাকে লোড করে বের করে নেওয়ার প্রস্তুতি চলছিল। বিষয়টি সন্দেহজনক হওয়ায় কাস্টমস কর্মকর্তারা সেখানে অভিযান চালান। এ সময় আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়।

কাস্টমস কর্মকর্তাদের ধারণা, টেলকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য কোনো কেমিক্যাল পাচার এবং শুল্ক ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। তবে পণ্যটি প্রকৃতপক্ষে কী, পরীক্ষার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ কারণে চালানটি জব্দ করে পরীক্ষাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পণ্যের প্রকৃত পরিচয় ও সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হবে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, বন্দরের ৯ নম্বর শেডে একটি পণ্য চালান আনলোড হওয়ার পর একই দিন আবার বাংলাদেশি ট্রাকে লোড করে বের করে নেওয়া হচ্ছে। পরে কর্মকর্তারা শেডে গিয়ে আমদানির কাগজপত্র যাচাই করেন। সেখানে দেখা যায়, ৮ নভেম্বর আসা চালানটির বিপরীতেই গেটপাশ নেওয়ার চেষ্টা চলছিল। এতে পণ্যটি মিথ্যা ঘোষণায় বের করে নেওয়ার আশঙ্কা তৈরি হয়। কাগজপত্রে পণ্যটির ঘোষণা টেলকম পাউডার দেওয়া হলেও পরীক্ষাগারের প্রতিবেদন ছাড়া প্রকৃত পণ্য শনাক্ত করা সম্ভব নয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্যপ্রযুক্তি ও কৃষি উদ্যোক্তায় বিনিয়োগে আগ্রহী এডিবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


তথ্যপ্রযুক্তি ও কৃষি উদ্যোক্তায় বিনিয়োগে আগ্রহী এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগ ও অনুদান দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সংস্থাটি শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করতে চায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং।

বৈঠকে এডিবির প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির মানব ও সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক গি সুন সং, প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) ফাইজা আহাদ এবং প্রোগ্রাম অফিসার ফারিন ইসলাম।

চিংফেং ঝাং বৈঠকে জানান, কম্পিউটার সায়েন্স, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খাতে উচ্চশিক্ষার গবেষণা ও উন্নয়ন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ ও অনুদানের পরিকল্পনা রয়েছে এডিবির। শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

এছাড়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়নে ইন্টারেক্টিভ শিক্ষা উপকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথাও জানান চিংফেং ঝাং।

এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম যেন শুধুমাত্র একাডেমিক প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবভিত্তিক ও শিল্পখাতের সমস্যা সমাধানে ভূমিকা রাখে, সেটিই এ কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।

বৈঠকে মাহদী আমিন দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষাকে আনন্দময় ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে চতুর্থ শ্রেণিতে ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’ নামে দুটি বাধ্যতামূলক বিষয় চালু করা হচ্ছে। চলতি শিক্ষাবর্ষে শুধুমাত্র চতুর্থ শ্রেণিতে এ কার্যক্রম শুরু হলেও পরবর্তী শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণিতেও তা চালু হবে। পর্যায়ক্রমে সব শ্রেণিতে বিষয় দুটি বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।

নারী শিক্ষার প্রসারে সরকারের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার ঘোষণা দিয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় এ সুবিধা স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, দেশের ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে মাহদী আমিন বলেন, বিনামূল্যে স্কুল ড্রেস ও মিড-ডে মিল দেওয়ার পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রচলিত বেঞ্চের পরিবর্তে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের জন্য আলাদা চেয়ার ও টেবিলের ব্যবস্থা করা হচ্ছে।

এছাড়া শিশুদের মানসিক বিকাশ এবং আনন্দের সঙ্গে শিক্ষা নিশ্চিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘লার্নিং টয়’ যুক্ত করা হচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে স্লাইডারসহ বিভিন্ন ধরনের বহিরাঙ্গন ক্রীড়া সরঞ্জাম স্থাপন করার পরিকল্পনাও রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%