বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩৬ পি.এম
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামে এক প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খগেশ্বর রায় উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দাড়ারপাড় এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল ৫টার দিকে শিশুটি বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিল। এ সময় তার মা-বাবা ও ভাই বাড়িতে ছিলেন না। আবহাওয়া খারাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে প্রতিবেশী খগেশ্বর শিশুটির মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করেন। এই ঘটনার সময় বিষয়টি টের পেয়ে প্রতিবেশী এক নারী এগিয়ে গেলে অভিযুক্ত পালিয়ে যান। পরে ওই নারী শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ ঘটনার পর বুধবার রাতেই শিশুটির পরিবারের সদস্যরা মামলা করেন এবং শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের করা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বেনাপোল স্থলবন্দরে কেমিক্যাল পাচারের অভিযোগে একটি পণ্য চালানসহ ট্রাক আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার রাত ৮টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্য চালানটি বের করে নেওয়ার সময় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। জব্দ করা ট্রাকটিতে ২৫ টন পণ্য ছিল। পণ্যটির সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল এবং আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল।
কাস্টমস সূত্র জানায়, পণ্যটির কাগজপত্রে ঘোষণা দেওয়া হয়েছে টেলকম পাউডার; তবে চালানটি বন্দরে প্রবেশের পর অ্যাসেসমেন্ট ছাড়াই একই দিনে ট্রাকে লোড করে বের করে নেওয়ার প্রস্তুতি চলছিল। বিষয়টি সন্দেহজনক হওয়ায় কাস্টমস কর্মকর্তারা সেখানে অভিযান চালান। এ সময় আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়।
কাস্টমস কর্মকর্তাদের ধারণা, টেলকম পাউডারের ঘোষণা দিয়ে অন্য কোনো কেমিক্যাল পাচার এবং শুল্ক ফাঁকির চেষ্টা হয়ে থাকতে পারে। তবে পণ্যটি প্রকৃতপক্ষে কী, পরীক্ষার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ কারণে চালানটি জব্দ করে পরীক্ষাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পণ্যের প্রকৃত পরিচয় ও সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হবে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, বন্দরের ৯ নম্বর শেডে একটি পণ্য চালান আনলোড হওয়ার পর একই দিন আবার বাংলাদেশি ট্রাকে লোড করে বের করে নেওয়া হচ্ছে। পরে কর্মকর্তারা শেডে গিয়ে আমদানির কাগজপত্র যাচাই করেন। সেখানে দেখা যায়, ৮ নভেম্বর আসা চালানটির বিপরীতেই গেটপাশ নেওয়ার চেষ্টা চলছিল। এতে পণ্যটি মিথ্যা ঘোষণায় বের করে নেওয়ার আশঙ্কা তৈরি হয়। কাগজপত্রে পণ্যটির ঘোষণা টেলকম পাউডার দেওয়া হলেও পরীক্ষাগারের প্রতিবেদন ছাড়া প্রকৃত পণ্য শনাক্ত করা সম্ভব নয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগ ও অনুদান দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সংস্থাটি শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করতে চায়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং।
বৈঠকে এডিবির প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির মানব ও সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক গি সুন সং, প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) ফাইজা আহাদ এবং প্রোগ্রাম অফিসার ফারিন ইসলাম।
চিংফেং ঝাং বৈঠকে জানান, কম্পিউটার সায়েন্স, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খাতে উচ্চশিক্ষার গবেষণা ও উন্নয়ন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ ও অনুদানের পরিকল্পনা রয়েছে এডিবির। শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
এছাড়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়নে ইন্টারেক্টিভ শিক্ষা উপকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথাও জানান চিংফেং ঝাং।
এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম যেন শুধুমাত্র একাডেমিক প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবভিত্তিক ও শিল্পখাতের সমস্যা সমাধানে ভূমিকা রাখে, সেটিই এ কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।
বৈঠকে মাহদী আমিন দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষাকে আনন্দময় ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে চতুর্থ শ্রেণিতে ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’ নামে দুটি বাধ্যতামূলক বিষয় চালু করা হচ্ছে। চলতি শিক্ষাবর্ষে শুধুমাত্র চতুর্থ শ্রেণিতে এ কার্যক্রম শুরু হলেও পরবর্তী শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণিতেও তা চালু হবে। পর্যায়ক্রমে সব শ্রেণিতে বিষয় দুটি বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
নারী শিক্ষার প্রসারে সরকারের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার ঘোষণা দিয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় এ সুবিধা স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, দেশের ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে মাহদী আমিন বলেন, বিনামূল্যে স্কুল ড্রেস ও মিড-ডে মিল দেওয়ার পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রচলিত বেঞ্চের পরিবর্তে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের জন্য আলাদা চেয়ার ও টেবিলের ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়া শিশুদের মানসিক বিকাশ এবং আনন্দের সঙ্গে শিক্ষা নিশ্চিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘লার্নিং টয়’ যুক্ত করা হচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে স্লাইডারসহ বিভিন্ন ধরনের বহিরাঙ্গন ক্রীড়া সরঞ্জাম স্থাপন করার পরিকল্পনাও রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পটুয়াখালীর বাউফলে মনোয়ারা বেগম নামের এক নারী থানায় তিন ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
মনোয়ারা বেগম উপজেলার দাসপাড়া ইউনিয়নের পূর্ব খাজুরবাড়িয়া গ্রামের মৃত শামসুল হক আকনের স্ত্রী। তার পরিবারে ৫ ছেলে ও ৪ মেয়ে রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২ বছর আগে মনোয়ারা বেগমের স্বামী একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর অসুস্থতার সময় চিকিৎসার খরচ বহন করতে তিনি ধারকর্জ নেন। এর ফলে, স্বামীর মৃত্যুর সময় তার ওপর ৬ লাখ টাকার ঋণ হয়ে যায়। পরে মনোয়ারা বেগম জমি বিক্রি করে ওই ঋণ পরিশোধের চেষ্টা করেন, কিন্তু তার তিন ছেলে রুহুল আমিন, তানভীর ও মেহেদী জমি বিক্রিতে বাধা প্রদান করেন। এই বিষয়টি নিয়ে ভাই-বোন ও মায়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বড় ছেলে মাইনুল হাসান ও চার মেয়ে মায়ের পক্ষে থাকায় তিন ভাই তাদের প্রাণনাশের হুমকি দেয়।
মনোয়ারা বেগম অভিযোগ করেন, "আমার স্বামীর ঋণ পরিশোধ করা এবং ছেলেমেয়েদের মধ্যে সম্পত্তি বণ্টন করতে দিচ্ছে না ৩ ছেলে। তারা সব সম্পত্তি নিজেরা জবরদখল করতে চায়। আমি সম্পত্তি বণ্টন করার কথা বলায় আমাকেও মেরে ফেলার হুমকি দিয়েছে তারা। বর্তমানে আমি, আমার বড় ছেলে ও মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তিন ছেলের অত্যাচার ও হুমকির কারণে আমি বাড়ি ছেড়ে ভাড়া বাসায় আশ্রয় নিয়েছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।"
অন্যদিকে, অভিযুক্ত রুহুল আমিন, তানভীর ও মেহেদী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, "আমাদের ফাঁসানোর জন্য নানা কৌশল অবলম্বন করছেন মা, বড় ভাই ও বোনেরা।"
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নাটোরের সিংড়ায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করে থানা পুলিশ নগদ দেড় লাখ টাকা সহ দুই পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে জুয়া খেলার তাস, মোবাইল ফোন এবং অন্যান্য বিভিন্ন সামগ্রী।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে পৌর শহরের জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলায় বারান্দায় অবস্থানরত জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামের মৃত মহির উদ্দিন মাষ্টারের ছেলে নাজিম উদ্দিন (৪২) এবং একই ইউনিয়নের নয়া রাতাল কয়াখাস গ্রামের আমজাদ হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫)।
বৃহস্পতিবার দুপুরে সিংড়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার সিংড়া সার্কেল নূর মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে সিংড়া থানা পুলিশের একটি টহল দল চলনবিল গেটে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলায় বারান্দায় কিছু ব্যক্তি অবৈধভাবে জুয়ার আসর বসিয়ে টাকা দিয়ে জুয়া খেলছে। সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এবং নগদ টাকা ও জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়। এই ঘটনার পর সিংড়া থানার জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ